শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:১৪ পি.এম
জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির ঘোষণা করেছে। এই কর্মসূচি রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’。
এই অভিযানের অংশ হিসেবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মশার প্রজননস্থল ধ্বংস করা, সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির আওতায় আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর (রোববার ও সোমবার) সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কেন্দ্র করে আবারও বিয়ের আলোচনা শুরু হয়েছে। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী নাকি আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিয়ের জন্য পাহাড়ঘেরা কালিম্পংকে বেছে নেওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, মিমির বিয়ের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার ঘনিষ্ঠজনদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণের কাজও চলছে। তবে, মিমি চক্রবর্তী কিংবা তার হবু বর এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের খবরটি নিশ্চিত করেননি। প্রশ্ন উঠেছে, কে সেই পাত্র?
মিমির হবু জীবনসঙ্গী বিনোদন জগতের কেউ নন। তিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা। তার নাম সিদ্ধার্থ। অভিনয়জগতের বাইরের এই ব্যক্তির সঙ্গেই নাকি নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছেন মিমি।
মিমির বিয়ে নিয়ে এর আগে বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেছে। তবে, সম্প্রতি অভিনেত্রীর কিছু মন্তব্যের কারণে সেই আলোচনা নতুন মাত্রা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্নের জবাবে তার কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য নতুন করে বিয়ের জল্পনা সৃষ্টি করেছে।
যদিও মিমির ঘনিষ্ঠ সহকারী জানিয়েছেন, বিয়ের বিষয়ে তার কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। ফলে ডিসেম্বর মাসে মিমির বিয়ে হচ্ছে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। অভিনয়ের পাশাপাশি বর্তমানে মিমি বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সহ একাধিক নতুন কাজের শুটিং চলছে তার। পেশাগত ব্যস্ততার মধ্যেই ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরুর প্রস্তুতি নিচ্ছেন কি না, সেটিই এখন টালিউডে কৌতূহলের বিষয়।
মিমি নিজে মুখ না খোলা পর্যন্ত তাই বিয়ের খবরটিকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখছেন তার অনুরাগীরা। তবে, যদি সত্যিই ডিসেম্বরের বিয়ের খবরটি সঠিক হয়, তাহলে বছর শেষে টালিউডের অন্যতম আলোচিত তারকা-বিয়ের সাক্ষী হতে যাচ্ছে দর্শকেরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীর পুলিশ বিশেষ অভিযানে সেপ্টেম্বরের শুরু থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত ১৯৫ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত। এ পর্যন্ত থানায় ২৭টি মামলা দায়ের করা হয়েছে বিভিন্ন ঘটনায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মলম পার্টির সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন, এমনটি জানিয়েছেন ফেনী মডেল থানা পুলিশ।
পুলিশের সূত্রে জানা গেছে, ফেনী মডেল থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযানে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফেনী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে শহরের স্টারলাইন বাস কাউন্টার ও আশপাশের এলাকা থেকে মলম পার্টির সদস্য লিটন মিয়া প্রকাশ সুমনকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার দক্ষিণ এলাইচ ডোমবাড়িয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মলম পার্টির সদস্যরা স্টারলাইন বাসে বিদেশ থেকে আসা যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য ব্যবহার করে সর্বস্ব নিয়ে গাড়ি থেকে নেমে যায়। গ্রেপ্তার লিটন মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়া মহিপাল থেকে লেমুয়া যাওয়ার পথে সিএনজিচালিত রিকশায় (অটোরিকশা) নকল সোনার বার দেখিয়ে চেতনানাশক দ্রব্য ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযানে ফেনী রেলস্টেশন ব্রাহ্মণপুকুর পাড় ও সরকারি কলেজের পেছনের এলাকার সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-কুমিল্লার লাকসামের মো. শুকুর প্রকাশ কানা শুক্কুর (২৬), ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার মো. আব্দুল মমিন (৪৬) এবং নোয়াখালীর সোনাইমুড়ির কাউছার হোসেন আশিক (২৩)। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম থেকে গাজীপুরগামী একটি কাভার্ডভ্যান থেকে এক প্যাকেট অ্যালুমিনিয়াম ওয়্যার চুরির ঘটনায় করা মামলার তদন্তে জাহাঙ্গীর আলম (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এবং চোর-ডাকাত চক্রের সদস্যসহ মোট ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক, চুরি-ডাকাতিসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। শিগগিরই মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স কাজ করবে বলে জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগ দেওয়া হবে। ডিজিটাল পদ্ধতিতে এ নিয়োগের আবেদন আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।
দেশের সব জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আসন সংখ্যা সীমিত।
প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
পদের নাম: সিপাহী (জিডি)
ব্যাচ: ১০৬তম
প্রার্থী: পুরুষ ও মহিলা
পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা হয়নি; জনবল হ্রাস-বৃদ্ধির ভিত্তিতে আসন সংখ্যা কম-বেশি হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা: পুরুষ ও মহিলা উভয় প্রার্থীকেই এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১৭ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ ১৮ জানুয়ারি ২০০৪ থেকে ১৭ জানুয়ারি ২০০৯-এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে:
উচ্চতা: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।
বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
দৃষ্টিশক্তি: ৬/৬।
নারী প্রার্থীদের ক্ষেত্রে:
উচ্চতা: ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫ ফুট)।
ওজন: ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)।
বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।
দৃষ্টিশক্তি: ৬/৬।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থী গ্রহণযোগ্য নয়।
বেতন ও সুযোগ-সুবিধা: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সিপাহী (জিডি) পদে বেতন স্কেল ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা। এর সঙ্গে বাড়িভাড়া, বাসস্থান এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: যোগ্য আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের বিজিবির ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
আবেদন করতে মোট ছয়টি ধাপ অনুসরণ করতে হবে:
যোগ্যতা পরীক্ষা: নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদনের পদ্ধতিগুলো পড়ে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। এরপর যোগ্যতা পরীক্ষার সব প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।
রেজিস্ট্রেশন: যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দিতে হবে। মোবাইলে পাঠানো চার সংখ্যার ওটিপি কোড দিয়ে নম্বর যাচাই করতে হবে। এরপর সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড স্ক্রিনে দেখা যাবে এবং এসএমএসের মাধ্যমেও তা পাঠানো হবে।
আবেদন ফি জমা: ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফি প্রদান করুন অপশনে গিয়ে আবেদন ফি দিতে হবে। আবেদন ফি ৫৬ টাকা। ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে এই ফি পরিশোধ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা যাচাই: এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য যাচাই করতে হবে।
ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড: শিক্ষাগত তথ্য সঠিক হলে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। সব তথ্য যাচাই করে সাবমিট করতে হবে। একবার তথ্য জমা দেওয়ার পর তা আর পরিবর্তন করা যাবে না।
এডমিট কার্ড ডাউনলোড: পরীক্ষার আগে প্রার্থীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে এডমিট কার্ড ডাউনলোডের বিষয়ে জানানো হবে। এরপর ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এটি প্রিন্ট করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে।
টেকনিক্যাল বোর্ডের যেসব প্রার্থীর ফল অনলাইনে পাওয়া যায় না, তাদের আবেদনের সময় শিক্ষা বোর্ড হিসেবে অন্যান্য নির্বাচন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। শুধু নির্বাচিত প্রার্থীদের এইচবিএসএজি, অ্যান্টি-এইচসিভি, ফাস্টিং ব্লাড সুগার, এইচবিএ১সি, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন আর/ই, ডোপ টেস্ট করানো হবে।
ফাস্টিং ব্লাড সুগার, এইচবিএ১সি, সিরাম ক্রিয়েটিনিন ও ইউরিন আর/ই পরীক্ষায় যোগ্য, এইচবিএসএজি ও অ্যান্টি-এইচসিভি পরীক্ষায় নেগেটিভ এবং ডোপ টেস্টে ‘নট ডিটেক্টেড’ ফল পাওয়া প্রার্থীরাই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন। পরে সরকারের যথাযথ এজেন্সির মাধ্যমে ভেরিফিকেশন রিপোর্ট (ভিআর) সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে নিয়োগপত্র দেওয়া হবে।
নিয়োগের সময় যেসব কাগজপত্র লাগবে: নিয়োগের সময় প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল/প্রভিশনাল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষের দেওয়া প্রশংসাপত্র, অভিভাবকের অনুমতিপত্র, বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদের মূলকপিসহ সত্যায়িত ফটোকপি, নীল ব্যাকগ্রাউন্ডে ল্যাবে প্রিন্ট করা সদ্য তোলা ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি, অবিবাহিত সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
এ ছাড়া ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট থেকে বিজিবি কর্তৃক পাঠানো এডমিট কার্ড/প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে সঙ্গে আনতে হবে। বিজিবির ওয়েবসাইট থেকে বিজিবিতে ভর্তিচ্ছু প্রার্থীদের তথ্যাদির ফরম ডাউনলোড করে যথাযথ তথ্য পূরণ করেও নিয়োগের সময় সঙ্গে আনতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: আবেদন ফি জমা দেওয়ার পর তা ফেরত দেওয়া হবে না। চূড়ান্ত আবেদন করার পর তা সংশোধন বা পরিবর্তন করা যাবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৪ তারিখে জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।
আবেদনের সময় পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। বিজিবি কর্তৃক দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবেন।
স্থায়ী ঠিকানা গোপন করে নিয়োগ পেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াসহ চাকরি থেকে বরখাস্ত করা হবে। নিয়োগের সময় কোনো বিষয়ে মিথ্যা বিবৃতি বা তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিল করা হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি থেকে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় বহিষ্কৃত প্রার্থীও চাকরির জন্য অযোগ্য হবেন।

লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের ক্লিপবোর্ড ও কলম সঙ্গে আনতে হবে। পরীক্ষার সময় মোবাইল ফোন, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। নিয়োগ কার্যক্রমে আপলোড করা ছবিই সব নথিপত্রের সঙ্গে ব্যবহার করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সময় ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবেন।
নিয়োগের জন্য যাতায়াতের কোনো ভ্রমণ ভাতা দেওয়া হবে না। নিয়োগের সময় দাখিল করা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অন্যান্য কাগজপত্র বা ঠিকানা পরবর্তী সময়ে ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে বরখাস্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থায়ী ঠিকানা নিয়ে নির্দেশনা: আবেদনের ক্ষেত্রে নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা বা নিজ জেলা ব্যবহার করতে হবে। ভাড়া বাসা, বর্তমান বা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না।
হেল্প ডেস্ক: আবেদন সংক্রান্ত তথ্যের জন্য ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ০১৬৬৯৬০০৮০০ অথবা ০১৬৬৯৬০০৮৮৮ নম্বরে যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত সব তথ্য বিজিবির ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ