বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৯ পি.এম
নাটক ও চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের জন্য বিশেষ সম্মাননা লাভ করতে যাচ্ছেন নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরী। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর। এই অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
চয়নিকা চৌধুরী গত ২৫ বছর ধরে দেশের নাট্যাঙ্গনে কাজ করে আসছেন। এই দীর্ঘ সময়ে তিনি ৪৭৫টি একক নাটক, ১৮টি ধারাবাহিক নাটক এবং দুটি সিনেমা নির্মাণ করেছেন। তার এই কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।
সিজেএফবি, যা দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন, প্রতিবছর এ পুরস্কারের আয়োজন করে। এবারের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’৷
সম্মাননা প্রাপ্তির বিষয়ে চয়নিকা চৌধুরী বলেন, তিনি অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন। চলার পথে নানা বাধা-বিপত্তি এলেও কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে সরে না গিয়ে কাজকে প্রাধান্য দিয়েছেন। এভাবেই ২৫ বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। সিজেএফবির এই সম্মাননা পেয়ে তিনি গর্বিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পুরাতন ভবন ভাঙার সময় এক নারী শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহতের নাম হোসনেয়ারা বেগম (৪৮)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মুন্সিরহাট বাজারে ব্রাক অফিসসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি নেত্রকোনা সদর বারহাট্টা থানার রূপচন্দ্রপুর গ্রামের শ্রমিক সর্দার হাজী ইসমাইলের স্ত্রী।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রতিদিন নয় শ টাকা হারে চুক্তিতে পাঁচজন শ্রমিক, যার মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ, বৃহস্পতিবার সকালে মুন্সিরহাট পূর্ব বাজারের ব্র্যাক অফিসসংলগ্ন মুজিবুর রহমানের পুরাতন ভবন ভাঙার কাজ শুরু করেন। হঠাৎ করে অবসাবধনতাবশত একটি দেয়ালের কিছু অংশ ধ্বসে পড়ে নারী শ্রমিক হোসনেয়ারা বেগমের ওপর। এতে তিনি গুরুতর আহত হন। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক নারী শ্রমিক হোসনেয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হোসেন জানান, দেয়াল ধ্বসে পড়ে গুরুতর আহত শ্রমিক হোসনেয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
ভবন মালিক মজিবুর রহমান বলেন, ‘৮০ হাজার টাকা চুক্তিতে রাজমিস্ত্রি জাহাঙ্গীরকে ভবনটি ভাঙার জন্য দেওয়া হয়। তিনি বৃহস্পতিবার পাঁচজন পুরুষ ও নারী শ্রমিক নিয়ে ভাঙার সময় দেয়াল ধ্বসে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।’
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘শ্রমিকের মৃত্যু সম্পর্কে অবগত নই। তবে খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর কালুখালীতে আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। এর উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে দেশীয় সাহিত্য, বিজ্ঞান ও মনীষীদের অবদান তুলে ধরা এবং শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা। এই আয়োজনের মধ্যে জেলার দুই কৃতী ব্যক্তিত্ব বিশিষ্ট সাহিত্যিক মীর মোশাররফ হোসেন ও বিজ্ঞানী ড. কাজী মোতাহার হোসেনের জীবন, সাহিত্যকর্ম, গবেষণা ও অবদান নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কালুখালী নজির আলী মার্কেট চত্বরে বসুন্ধরা শুভসংঘ কালুখালী উপজেলা শাখা এই আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
আয়োজনটিতে সভাপতিত্ব করেন কালুখালীর হোগলাডাঙ্গী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হানিফ উদ্দিন খান। উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফকির উদ্দিন খান মামুন, অধ্যাপক মো. আসাদুল ইসলাম ও উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন।
আলোচনায় মীর মোশাররফ হোসেনের সাহিত্যজীবন, বাংলা সাহিত্যে তার অবদান এবং কালজয়ী সৃষ্টি ‘বিষাদ-সিন্ধু’ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করা হয়। অন্যদিকে, বিজ্ঞানী, গণিতবিদ ও পরিসংখ্যানবিদ ড. কাজী মোতাহার হোসেনের বিজ্ঞানচর্চা, গবেষণা, শিক্ষা ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তাঁর যুক্তিবাদী চিন্তা, মুক্তবুদ্ধির চর্চা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকার বিষয়েও আলোচনা হয়।
বক্তারা উল্লেখ করেন, "একটি জাতির প্রকৃত উন্নয়নে শিক্ষা, সাহিত্য ও বিজ্ঞানচর্চার বিকল্প নেই।" স্থানীয় কৃতী ব্যক্তিত্বদের জীবন ও কর্ম সম্পর্কে জানার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও শিকড় সম্পর্কে জানতে পারে। একই সঙ্গে তাদের জীবনসংগ্রাম, অধ্যবসায় ও জ্ঞানচর্চা শিক্ষার্থীদের সামনে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। এ ধরনের পাঠচক্র শিক্ষার্থীদের বই পড়া, জানার আগ্রহ এবং মননশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
আলোচনা শেষে কালুখালী সরকারি কলেজ ও কালুখালী মহিলা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মীর মোশাররফ হোসেন ও ড. কাজী মোতাহার হোসেনের জীবন, কর্ম ও অবদানভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ও মেধার পরিচয় দেয়।
প্রতিযোগিতায় সুমাইয়া আক্তার সাইমা প্রথম, পাভেল মাহমুদ দ্বিতীয় এবং মিনহাজুল শৈইমুর সিয়াম তৃতীয় স্থান অর্জন করেন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি এবং স্থানীয় ইতিহাস ও মনীষীদের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে বসুন্ধরা শুভসংঘ এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চায়। কালুখালীতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতেও সংগঠনটি কাজ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট মহানগরের মোগলাবাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করার অভিযোগে পুলিশ সাতজন নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি নোহা গাড়ি এবং পোড়া টায়ার।
আটককৃতদের মধ্যে রয়েছেন—সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের মো. সেলিম আহমেদ (৩১), সিলেটের কোতোয়ালি এলাকার লিটন আহমেদ (৩৩), আশিক আহমদ (২৮), মো. সুমন মিয়া (২৮), নবীর হোসেন (২২), বাদল আহমদ (২৫) এবং শাহপরান থানা এলাকার মো. তাজুল ইসলাম (৩৭)।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে প্যারাইচক-শ্রীরামপুর বাইপাস সড়কে টায়ার জ্বালানোর সময় তাদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা এমদাদ রহমানের নির্দেশে একটি নোহা গাড়ি ও মোটরসাইকেলযোগে কয়েকজন সেখানে আসেন। তারা পাকা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আগুনে পোড়ানো টায়ারসহ সাতজনকে আটক করে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ