ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সুপ্রিম কোর্টের নির্দেশ, এলাহাবাদ হাইকোর্টের হিজাব রায়কে নজির মানতে নিষেধ


সুপ্রিম কোর্টের নির্দেশ, এলাহাবাদ হাইকোর্টের হিজাব রায়কে নজির মানতে নিষেধ

ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে, এলাহাবাদ হাইকোর্টের দ্বারা প্রদত্ত বিতর্কিত রায়, যেখানে বলা হয়েছে ‘হিজাব পরা ইসলামের কোনো অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়’, তা আইনি নজির হিসেবে গণ্য করা যাবে না। এই নির্দেশনা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে নোটিশ জারি করার সময় প্রদান করা হয়।

সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ, বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির সমন্বয়ে গঠিত, গত ২০ নভেম্বর এই আদেশ দেন। ‘মুসলিম উইমেন’স স্টাডি সার্কেল’ নামক একটি সংগঠন এলাহাবাদ হাইকোর্টের ২০২৬ সালের ২১ আগস্টের রায়কে চ্যালেঞ্জ করে এই পিটিশনটি দায়ের করেছিল। সুপ্রিম কোর্ট এই আবেদনের সাথে কর্ণাটকের হিজাব বিতর্ক-সংক্রান্ত বিচারাধীন আপিলগুলোর সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন।

আইনি সংবাদমাধ্যম ‘লাইভ ল’-এর রিপোর্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের বেঞ্চ বিশেষভাবে নির্দেশ দিয়েছে যে, এই মামলাটি ‘সিভিল আপিল নং ৭০৯৫/২০২২’-এর সাথে যুক্ত হবে এবং এলাহাবাদ হাইকোর্টের রায়টি কোনো নজির হিসেবে গণ্য হবে না। আদালত এই পিটিশনের বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের বক্তব্যও জানতে চেয়েছে।

আরও পড়ুন: বরিশালে মায়ের কাছে নেশার টাকা না পেয়ে পিটিয়ে হত্যা

মামলাটির সূত্রপাত ঘটে সুকাইনা রিজভী নামক এক মুসলিম ছাত্রীকে ঘিরে। প্রয়াগরাজের ‘টেগোর পাবলিক স্কুল’ কর্তৃপক্ষ স্কুল ইউনিফর্মের সাথে মাথায় স্কার্ফ বা হিজাব পরার কারণে তাকে একাদশ শ্রেণিতে ভর্তি নিতে অস্বীকৃতি জানালে তিনি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন।

গত ২১ আগস্ট বিচারপতি জে জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত এলাহাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সুকাইনার আবেদনটি খারিজ করে দেন। হাইকোর্ট তখন বলেছিলেন, হিজাব পরা যে ইসলামের একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন, তা প্রমাণিত হয়নি এবং কোনো মুসলিম নারী বা মেয়ে হিজাব না পরলে তিনি মুসলিম থাকবেন না—এমন কোনো তথ্য-প্রমাণও আদালতের সামনে উপস্থাপন করা হয়নি।

হাইকোর্ট আরও উল্লেখ করেছে, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও স্বকীয়তা বজায় রাখার উদ্দেশ্যে নির্ধারিত পোশাকবিধি (ড্রেস কোড) যদি অভিন্ন, সৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং বৈষম্যহীন হয়, তবে শিক্ষার্থীরা সেই নির্ধারিত ইউনিফর্মের সাথে অতিরিক্ত কোনো পোশাক যোগ করার জন্য জোর করতে পারে না।

পিটিশনে যা বলা হয়েছে

আরও পড়ুন: ইসরাইলি হামলায় হামাসের শিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা নিহত

হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে ‘মুসলিম উইমেন’স স্টাডি সার্কেল’ যুক্তি দিয়েছে যে, রায়টি স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক এবং এটি ভারতীয় সংবিধানের ১৪, ১৫, ১৯(১)(ক), ২১ এবং ২৫ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী।

পিটিশনে বলা হয়েছে, মুসলিম নারীদের হিজাব পরায় বাধা দেওয়া তাদের বিবেক ও ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ন করে এবং শিক্ষার সুযোগকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এছাড়া শিখদের পাগড়িসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের প্রতীকের ক্ষেত্রে যে ভিন্ন আচরণ করা হয়, পিটিশনে সে বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে।

আবেদনকারীরা যুক্তি দিয়েছেন যে, হিজাব পরার বিধানটি পবিত্র কোরআনের নির্দেশনার (বিশেষ করে সূরা আন-নূর, আয়াত ৩১ এবং সূরা আল-আহজাব, আয়াত ৫৯) ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। হাইকোর্ট ‘অপরিহার্য ধর্মীয় অনুশীলন’ নীতির যে প্রয়োগ ঘটিয়েছেন, পিটিশনে সেটিকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো ধর্মীয় সম্প্রদায়ের কিছু সদস্য কোনো একটি প্রথা পালন না করলেই সেটিকে ‘অপরিহার্য নয়’ বলে ঘোষণা করা যায় না।

আন্তরিক ধর্মীয় বিশ্বাস এবং ব্যক্তিগত বিবেকের প্রতি আদালতকে যথাযথ গুরুত্ব দিতে হবে—এই যুক্তির সপক্ষে পিটিশনে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী ‘শিরুর মঠ’ এবং ‘বিজো ইমানুয়েল বনাম কেরালা রাজ্য’ মামলার রায়ের উদ্ধৃতিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডেমরায় মাইক্রোবাসচালক হারুনকে হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের সুপ্রিম কোর্ট এই পিটিশনটিকে কর্ণাটক হিজাব বিতর্ক-সংক্রান্ত আপিলগুলোর সাথে যুক্ত করেছেন, যে মামলায় ২০২২ সালের অক্টোবরে শীর্ষ আদালত বিভক্ত রায় দিয়েছিলেন।

সে সময় বিচারপতি হেমন্ত গুপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলগুলো খারিজ করে দিয়েছিলেন। অন্যদিকে, বিচারপতি সুধাংশু ধুলিয়া আপিলগুলো মঞ্জুর করে রায় দিয়েছিলেন যে, স্কুল ও কলেজে হিজাব বা স্কার্ফ পরার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকা উচিত নয়।

পরবর্তীতে মামলাটি সুপ্রিম কোর্টের একটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয় এবং তা এখনো বিচারাধীন রয়েছে। এলাহাবাদের মামলাটিকে কর্ণাটকের আপিলগুলোর সাথে যুক্ত করার মাধ্যমে সুপ্রিম কোর্ট ধর্মীয় স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক পোশাকবিধি এবং শিক্ষার অধিকারের মতো বৃহত্তর সাংবিধানিক প্রশ্নগুলোকে একই সূত্রে গেঁথে দিলেন।

আরও পড়ুন: ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিমির বাগদান-রেজিস্ট্রিতে কারা থাকছেন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


মিমির বাগদান-রেজিস্ট্রিতে কারা থাকছেন?

বর্তমানে ‘টক অফ দ্য টাউন’ হিসেবে পরিচিত মিমি চক্রবর্তী। কারণ, টলিউডের জনপ্রিয় এই নায়িকা বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন। কিছুদিন আগে তার বিয়ের অভিনব কার্ড প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। এবার অভিনেত্রীর বিয়ের বিষয়ে মন্তব্য করেছেন তার মামা, জলপাইগুড়ির বাসিন্দা রাম চক্রবর্তীও। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা শেষ হচ্ছে। আইবুড়ো তকমা ঘুচিয়ে বাগদান এবং আইনি বিয়ে সম্পন্ন করতে যাচ্ছেন মিমি।

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার মিমি তার কসবার ফ্ল্যাটে আইনি বিয়ে সম্পন্ন করবেন। বাগদানের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ইন্ডাস্ট্রি থেকে মিমির ঘনিষ্ঠ বন্ধুরা। এই তালিকায় অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও শোনা যাচ্ছে।

জীবনসঙ্গী হিসেবে যাকে মিমি নির্বাচন করেছেন, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার, যিনি নৌসেনায় কর্মরত। তার নাম সিদ্ধার্থ দত্ত। টলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন।

আংটিবদল এবং রেজিস্ট্রি কলকাতায় অনুষ্ঠিত হলেও, শীতের আমেজে বিয়ের আসর বসবে শৈলশহরে। আগামী ৫ ডিসেম্বর পাহাড়ে কালিম্পংয়ে তিন দিনব্যাপী সিদ্ধার্থ-মিমির বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখান থেকে ফিরে ১১ ডিসেম্বর কলকাতায় একটি রিসেপশন অনুষ্ঠিত হবে, যেখানে টলিউডের বন্ধুবান্ধব ও বিশিষ্টজনরা নিমন্ত্রিত হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে ১০ সেকেন্ডে ১০ লাখ ডলারের ব্যাগ-গয়না খোয়ালেন আমিরাতি নারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


লন্ডনে ১০ সেকেন্ডে ১০ লাখ ডলারের ব্যাগ-গয়না খোয়ালেন আমিরাতি নারী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে, নিজ বাসার সামনে চুরির শিকার হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রসাধন বিশেষজ্ঞ ও ব্যবসায়ী ড. সুয়াদ লুতফি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে তার প্রায় ১০ লাখ ডলার (৩৬ লাখ ৭০ হাজার দিরহাম) মূল্যের বিলাসবহুল ব্যাগ, গয়না এবং ঘড়ি চুরি করে নেয় দুই দুর্বৃত্ত।

গাল্ফ নিউজের একটি প্রতিবেদনে এই চুরির ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। ভুক্তভোগী ড. সুয়াদের বক্তব্য অনুযায়ী, বাড়ি থেকে বের হওয়ার সময় ঘটে এ চুরির ঘটনা। দুই চোর পরিকল্পনা করে এ ঘটনা ঘটিয়েছে।

একজন চোর ছবি তোলার কথা বলে নিজেকে তার ভক্ত পরিচয় দিয়ে কথাবার্তায় ব্যস্ত রাখে। এ সুযোগে অন্যজন গাড়ির দরজা খুলে মূল্যবান জিনিসপত্র ভর্তি একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

পুরো ঘটনাটি ঘটে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে। বাড়ির নিরাপত্তা ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়েছে। আকস্মিক এ ঘটনায় কিছু বুঝে ওঠার আগেই চোরেরা ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে জানান সুয়াদ।

গাল্ফ নিউজকে তিনি বলেন, চুরি হওয়া জিনিসের মধ্যে ছিল বিলাসবহুল হার্মিস ব্র্যান্ডের কয়েকটি ব্যাগ, কার্টিয়ে এবং ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের গয়না, এছাড়া কার্টিয়ে প্যান্থের আজুরে ঘড়ি। সব মিলিয়ে এসব জিনিসের আনুমানিক মূল্য ১০ লাখ ডলার।

আগে থেকেই নজরদারিতে ছিলেন সুয়াদ?

চুরির ধরন দেখে প্রশ্ন উঠেছে, দুর্বৃত্তরা কি আগে থেকেই সুয়াদের চলাফেরার ওপর নজর রাখছিল? নাকি হঠাৎ সুযোগ পেয়ে এ ঘটনা ঘটিয়েছে?

একজনের কথাবার্তায় ব্যস্ত রাখার সুযোগে অন্যজনের গাড়ি থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা দেখে চুরিটিকে পরিকল্পিত বলে মনে করা হচ্ছে। তবে সুয়াদকে আগে থেকে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়ছে ঝুঁকি

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ও বিলাসবহুল জীবনযাপনের ছবি প্রকাশের নিরাপত্তাঝুঁকিও সামনে এনেছে।

বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের পরিকল্পনা, বাসার অবস্থান, দৈনন্দিন চলাফেরা কিংবা দামি ব্যাগ, গয়না ও ঘড়ির ছবি প্রকাশের মাধ্যমে অপরাধীরা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে।

ছবির সঙ্গে দেওয়া লোকেশন, ভ্রমণের আপডেট কিংবা নিয়মিত পোস্ট থেকে একজন ব্যক্তির অবস্থান, জীবনযাপন ও চলাফেরার সময়সূচি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

এমনকি বাড়ি কখন ফাঁকা থাকে, সে তথ্যও অপরাধীদের কাজে লাগতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন ও মূল্যবান সম্পদের তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি তেল স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থাইল্যান্ডের জ্বালানি কোম্পানি ব্যাংচাক করপোরেশন জানায়, অগ্নিকাণ্ডের পর ব্যাংককের ফ্রা খানং তেল শোধনাগারের সব উৎপাদন ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তেল স্থাপনাটি থেকে আকাশের দিকে উঁচু হয়ে আগুনের শিখা উঠছে। পাশাপাশি ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে ব্যাংককের আকাশ।

বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যাং না জেলা কার্যালয় বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ব্যাংচাক তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে স্থানটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’

ব্যাংককের পূর্বাঞ্চলে অবস্থিত বিস্তৃত এই শিল্প স্থাপনাটি পরিচালনা করে থাইল্যান্ডের জ্বালানি খাতের অন্যতম প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন।

চিয়াং মাই থেকে আল জাজিরার প্রতিবেদক টনি চেং জানান, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তিনি বলেন, তেল স্থাপনাটি ব্যাংককের নগরকেন্দ্রের বেশ কাছাকাছি হলেও এলাকাটি তুলনামূলক নির্জন। সেখানে অনেক শিল্পপ্রতিষ্ঠান, গুদাম এবং ব্যাংককের প্রধান সমুদ্রবন্দর অবস্থিত।

টনি চেং আরও জানান, কর্তৃপক্ষের দাবি অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ওই এলাকার মহাসড়ক ও অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তার মতে, আকাশে ছড়িয়ে পড়া ঘন কালো ধোঁয়ার কারণেই কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে।

তিনি বলেন, গত কয়েক বছরে ওই এলাকায় একাধিক শিল্প দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুসারে, তেল শোধনাগারটি শুধু ব্যাংকক নয়, থাইল্যান্ডের মধ্যাঞ্চলের একটি বড় অংশে জ্বালানি সরবরাহ করে। দেশটির এই অঞ্চলের জন্য আমদানি করা অধিকাংশ তেলও এ স্থাপনার মাধ্যমে সরবরাহ করা হয়।

বিস্ফোরণে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হতে পারে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমরায় মাইক্রোবাসচালক হারুনকে হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


ডেমরায় মাইক্রোবাসচালক হারুনকে হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে (৪৫) অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার।

আজ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু এই রায় ঘোষণা করেন। আদালতে উপস্থিত ছিলেন লিপি ও মাহবুব। তাদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, রাজন হাওলাদার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এছাড়া, হারুনর রশিদ হাওলাদারকে অপহরণের দায়ে আসামিদের সাত বছর কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খন্দকার শফি নেওয়াজ নাছির বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, নিহত হারুনর রশিদ হাওলাদার পেশায় হাইয়েস মাইক্রোবাসচালক ছিলেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন ২৪ নভেম্বর দুপুরে, তিনি নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীর বোনের স্বামী কলিম শিকদারকে ফোন করে বিপদের কথা জানান এবং বিকাশে টাকা পাঠাতে বলেন। তার নির্দেশ অনুযায়ী প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠানো হয়। দুইটি লেনদেনের পর তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।

এরপর ২৫ নভেম্বর রাতে, ডেমরা থানাধীন বামৈল বাঁশেরপুল এলাকার গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশে ডিএনডি খাল থেকে হারুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহ একটি খয়েরি রঙের ট্রলি ব্যাগের ভেতরে ছিল। এই ঘটনায় নিহতের স্ত্রী লিলি বেগম ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ মে তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০২৩ সালের ২৭ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটির বিচারকালে ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%