মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪:৪৬ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূঁইয়া পারভেজকে দল থেকে বহিষ্কারের একটি চিঠি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য, এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক কে এম বশির (তুহিন)-এর নাম উল্লেখ রয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিগত সময়ে ফয়েজ উদ্দিন ভূঁইয়াকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে দেখা গেছে। বিশেষ করে সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রামের সঙ্গে তাঁর বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন তাঁরা।
স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এসব বিষয় নিয়েও এলাকায় আলোচনা রয়েছে।
প্রাপ্ত বহিষ্কারপত্রে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের কথা উল্লেখ করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হয়েছে।
একজন সাবেক জনপ্রতিনিধি ও উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতার বহিষ্কারের চিঠি, অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে নাসিরনগরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বৈজ্ঞানিক সেমিনার ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ নানা আয়োজনে নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা শহর মাইজদীর হাসপাতাল সড়কে নোয়াখালী ডায়াবেটিক সমিতির কার্যালয় ও হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাসপাতাল সড়ক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমিতির হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহসভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। সমিতির সাধারণ সম্পাদক এ টি এম ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন চিকিৎসক মো. আনোয়ার হোসেন, নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন সমিতির আজীবন সদস্য প্রবীণ শিক্ষাবিদ মুহাম্মদ কাজী রফিক উল্যাহ ও চিকিৎসক আবদুল হাই।
আলোচনা সভা শেষে নোয়াখালী ডায়াবেটিক সমিতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের যৌথ উদ্যোগে ডায়াবেটিস সচেতনতামূলক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রজেক্টরের মাধ্যমে ডায়াবেটিসের বিভিন্ন দিক তুলে ধরেন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. কামরুল হোসেন। এ পর্বে আরও বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. হাসান উদ্দিন ও শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক মো. সেলিম।
দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সমিতির হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। এতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিদের খাদ্যাভ্যাস ও হাঁটাচলাসহ রোগ নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিভিন্ন কথা ও প্রত্যাশার কথা শুনছেন।
আল মামুন জুয়েলকে ঘিরে তার সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। গণসংযোগকালে তিনি পোরজনা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং নাগরিক সেবা সহজলভ্য করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
জুয়েল আরও বলেন, রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান। পোরজনা ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সেই সাথে তিনি আরো বলেন নির্বাচিত হতে পারলে প্রতিটা ওয়ার্ডে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার এবং দলীয় প্রতিনিধি ও সেই ওয়ার্ডের গণ্যমান্য শিক্ষিত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি ওয়ার্ড উন্নয়ন কমিটি ও ওয়ার্ড উন্নয়ন পরামর্শক কমিটি গঠন করে ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।
এদিকে, চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন জুয়েলের গণসংযোগকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার অনুসারী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করছেন।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, পোরজনা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতাও তত বাড়ছে। এরই ধারাবাহিকতায় আল মামুন জুয়েলও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। এখন ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে আসন্ন নির্বাচনে পোরজনা ইউনিয়নের নেতৃত্ব কার হাতে যায়।
মোঃ রাসেল সরকার
শাহজাদপুর, সিরাজগঞ্জ
মোবা:০১৭২৯-১৪৮৮৮৪
তারিখ: ১৪.১১.২৬ইং
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একটি বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ৫৪৯ জনকে আটক করা হয়।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, পূর্ববর্তী মামলায় ১২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জন, বিভিন্ন পরোয়ানামূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া, মাদক মামলায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন মাদক বহনকারী এবং ৫৭ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৬১ জন মাদক ব্যবসায়ীও গ্রেফতার হয়েছেন। অভিযানের ফলে মোট ১২২ জনকে আটক করা হয়।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মোট ৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে ১১ হাজার ৩৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশি মদ এবং ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।
এছাড়া, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেপ্তারের মধ্যে চট্টগ্রামে ২৫ জন, কক্সবাজারে ৫ জন, কুমিল্লায় ২১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জন, চাঁদপুরে ১০ জন, নোয়াখালীতে ৩ জন, ফেনীতে ৩ জন, লক্ষ্মীপুরে ৯ জন, খাগড়াছড়িতে ২ জন এবং বান্দরবানে ১ জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৯ জনের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের মধ্যে চট্টগ্রামে ৭৬ জন, কক্সবাজারে ৩০ জন, কুমিল্লায় ২২৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ জন, চাঁদপুরে ২৫ জন, নোয়াখালীতে ২০ জন, ফেনীতে ৫২ জন, লক্ষ্মীপুরে ৫৩ জন, রাঙামাটিতে ১৩ জন, খাগড়াছড়িতে ১০ জন এবং বান্দরবানে ৮ জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ