০৪:৫৫ পি.এম
চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একটি বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ৫৪৯ জনকে আটক করা হয়।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, পূর্ববর্তী মামলায় ১২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জন, বিভিন্ন পরোয়ানামূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: নীলফামারীতে মাদকবিরোধী সাইকেল র্যালিতে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী
এছাড়া, মাদক মামলায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন মাদক বহনকারী এবং ৫৭ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৬১ জন মাদক ব্যবসায়ীও গ্রেফতার হয়েছেন। অভিযানের ফলে মোট ১২২ জনকে আটক করা হয়।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মোট ৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে ১১ হাজার ৩৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশি মদ এবং ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।
এছাড়া, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেপ্তারের মধ্যে চট্টগ্রামে ২৫ জন, কক্সবাজারে ৫ জন, কুমিল্লায় ২১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জন, চাঁদপুরে ১০ জন, নোয়াখালীতে ৩ জন, ফেনীতে ৩ জন, লক্ষ্মীপুরে ৯ জন, খাগড়াছড়িতে ২ জন এবং বান্দরবানে ১ জন রয়েছেন।
আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক না হলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ সভাপতির
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৯ জনের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের মধ্যে চট্টগ্রামে ৭৬ জন, কক্সবাজারে ৩০ জন, কুমিল্লায় ২২৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ জন, চাঁদপুরে ২৫ জন, নোয়াখালীতে ২০ জন, ফেনীতে ৫২ জন, লক্ষ্মীপুরে ৫৩ জন, রাঙামাটিতে ১৩ জন, খাগড়াছড়িতে ১০ জন এবং বান্দরবানে ৮ জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: আইজেনকটের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন