ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশের ঋণ কমানোর দাবি


জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশের ঋণ কমানোর দাবি

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা কমানোর পাশাপাশি সহজ শর্তে ও দ্রুত অর্থায়ন নিশ্চিত করার এবং জলবায়ু পরিকল্পনাকে বাস্তব বিনিয়োগে রূপ দেওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল জলবায়ু অর্থায়নের বিদ্যমান ব্যবস্থাকে আরও সহজ, ন্যায্য ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি অর্থায়ন যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগণের কাছে পৌঁছায়, সেই তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা।

শনিবার কপ৩১-এর ষষ্ঠ দিনে আন্তালিয়া এক্সপো সেন্টারের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে অর্থ ও বাণিজ্য দিবসের আলোচনায় সরকার, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন ব্যাংক ও বেসরকারি খাতের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়নের প্রতিবন্ধকতা দূর করে বাস্তব প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন।

ঋণ ও জলবায়ু দুর্যোগের দুষ্টচক্রে উন্নয়নশীল দেশগুলোর অবস্থান নিয়ে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল মন্তব্য করেন যে, অনেক উন্নয়নশীল দেশ ঋণ, জলবায়ু দুর্যোগ এবং বিপুল মূলধনী ব্যয়ের এক দুষ্টচক্রে আটকা পড়েছে। বন্যা, দাবানল, ঝড় ও খরার মতো দুর্যোগের আশঙ্কা এসব দেশের অর্থনীতির ওপর আগাম চাপ তৈরি করছে; ফলে দুর্যোগ আঘাত হানার আগেই ঋণের ব্যয় বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন: হরমুজে ফের ট্যাংকারে আগুন, নিষিদ্ধ এলাকায় ঢুকলেই ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের

তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়নের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণের পর এখন তা বাস্তবায়নের সময়। অর্থায়ন ব্যবস্থাকে আরও সহজ ও ন্যায্য করতে হবে, যাতে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলো দ্রুত এবং সাশ্রয়ী অর্থায়ন পেতে পারে। বিনিয়োগ বাড়লেও তা আরও বেশি দেশ ও মানুষের কাছে পৌঁছানো জরুরি।

বাস্তবায়নই এখন কপ৩১-এর বড় চ্যালেঞ্জ। কপ৩১-এর প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা ও বাস্তবায়নের মধ্যে যে বড় ব্যবধান রয়েছে, তা পূরণ করতে হবে। মেলবন্ধন তৈরির মাধ্যমে দেশগুলোর জাতীয় অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তর এবং প্রয়োজনীয় অর্থায়ন, সক্ষমতা ও অংশীদারত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সব মিলিয়ে কপ৩১-এর অর্থ ও বাণিজ্য দিবসের আলোচনায় একটি বিষয় স্পষ্ট হয়েছে—জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু নতুন প্রতিশ্রুতি যথেষ্ট নয়, প্রয়োজন প্রতিশ্রুতির বাস্তবায়ন। বিশেষ করে উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন, অনুদান বৃদ্ধি, ঋণের চাপ কমানো এবং বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এখন বৈশ্বিক জলবায়ু আলোচনার অন্যতম প্রধান দাবি।

জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নে নতুন উদ্যোগ হিসেবে কপ৩১ প্রেসিডেন্সির অন্যতম উদ্যোগ ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন সেতু’ প্ল্যাটফর্ম। নতুন করে চিলি, লেবানন, মেক্সিকো ও জাম্বিয়া এই উদ্যোগে যুক্ত হয়েছে। এর আগে ইথিওপিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও উজবেকিস্তান প্রথম দল হিসেবে এতে যুক্ত হয়েছিল।

আরও পড়ুন: লন্ডনের মেয়র সাদিক খান তুরস্কের ঐতিহাসিক মসজিদে নামাজ শেষে জুম্মা মোবারক জানালেন

উদ্যোগটির মূল লক্ষ্য হলো দেশগুলোর জাতীয় জলবায়ু অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তর করা এবং প্রয়োজনীয় অর্থায়ন, কারিগরি সহযোগিতা ও বাস্তবায়নকারী অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপন করা। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু বলেন, দেশগুলোর জলবায়ু পরিকল্পনা রয়েছে, বিনিয়োগকারীদের কাছেও অর্থ আছে। এই প্ল্যাটফর্ম বা সেতুটি এই দুইয়ের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করবে। ইউএনডিপি ১৭০টি দেশে তাদের মাঠপর্যায়ের উপস্থিতি ও টেকসই অর্থায়নসংক্রান্ত দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোগটি বাস্তবায়নে সহায়তা করবে। এর সফলতা পরিমাপ করা হবে নিরাপদ জনগোষ্ঠী, নির্ভরযোগ্য পরিচ্ছন্ন জ্বালানি এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে।

এদিকে মেলবন্ধনের উদ্যোগকে সহায়তা দিতে তুরস্কের অর্থ ও কোষাগার মন্ত্রণালয়, পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএনডিপির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্ল্যাটফর্মটি চালু করতে তুরস্ক ৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।

অভিযোজন ও নগর সহনশীলতায় বাড়ছে বিনিয়োগের তাগিদ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় শহরগুলোর সক্ষমতা বাড়াতে গুরুত্ব দেওয়া হয়েছে ‘সাসটেইনেবল আরবান রেজিলিয়েন্স ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ (SURFF) উদ্যোগে। এটি নতুন কোনো তহবিল নয়; বরং বিদ্যমান অর্থায়ন, কারিগরি দক্ষতা ও বাস্তবায়ন সহায়তাকে সমন্বিত করে শহরগুলোর জলবায়ু সহনশীলতা বাড়ানোর একটি কাঠামো।

তুরস্কের ইলব্যাংকের মহাপরিচালক আইয়ুপ কারাহান বলেন, তুরস্কে শুরু হওয়া এই মডেল ভবিষ্যতে অন্য দেশেও অনুসরণ করা সম্ভব হবে। পৌর অর্থায়ন ও অবকাঠামো উন্নয়নে ইলব্যাংকের দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের অর্থ ও প্রযুক্তিগত দক্ষতা যুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন: শর্ত না মানলে আইএইএকে পরমাণু স্থাপনায় প্রবেশের অনুমতি দেবে না ইরান

অন্যদিকে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলো অভিযোজন ও জলবায়ু সহনশীলতা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সরকারি ও বেসরকারি অর্থায়ন সংগ্রহে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।

কপ৩১ বিজনেস ফোরামে ৪ হাজার প্রতিনিধি

তুরস্কের চেম্বারস অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ ইউনিয়ন (টিওবিবি) আয়োজিত দুই দিনব্যাপী কপ৩১ বিজনেস ফোরামে জলবায়ু অর্থায়ন ও বেসরকারি খাতের ভূমিকা বিশেষ গুরুত্ব পেয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৩টি অধিবেশনে প্রায় চার হাজার অংশগ্রহণকারী এবং ১০০ জন বক্তা এতে অংশ নেন।

টিওবিবির সভাপতি রিফাত হিসারচিকলিওগ্লু বলেন, জলবায়ু বিনিয়োগের অর্থায়ন, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, পরিবহন ও শিল্প খাতে বিদ্যুতায়ন, টেকসই কৃষি এবং শহরের জলবায়ু সহনশীলতা শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ফোরামে ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিনিধিরা জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: আইজেনকটের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান

উন্নয়ন ব্যাংকগুলোর একযোগে কাজ করার অঙ্গীকার

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি): এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, কপ৩১ প্রেসিডেন্সির বাস্তবায়নকেন্দ্রিক উদ্যোগকে স্বাগত জানায় এডিবি। দেশগুলোর অগ্রাধিকার অনুযায়ী প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে জলবায়ু সহনশীলতা বাড়ানো, স্বল্প-কার্বন প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব।

ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (ইবিআরডি): ইবিআরডির প্রেসিডেন্ট ওদিল রেনো-বাসো বলেন, সবুজ রূপান্তর অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর বড় সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের গতি বাড়াতে হবে।

ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রে অভিযোজন অর্থায়ন মাত্র শূন্য দশমিক ২ শতাংশ

আরও পড়ুন: ইরান জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি ব্যবহার করছে

জলবায়ু অর্থায়নের অসম বণ্টন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে কপ৩১-এর আলোচনায়। অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী এবং কপ৩১-এর আলোচনা সভাপতি ক্রিস বোয়েন বলেন, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো জলবায়ু অর্থায়ন পেতে নানা বাধার মুখোমুখি হচ্ছে। বিশ্বের জলবায়ু অর্থায়নের মাত্র শূন্য দশমিক ২ শতাংশ ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর অভিযোজন খাতে যাচ্ছে। তিনি বলেন, জলবায়ু অর্থায়ন তখনই কার্যকর হবে, যখন এর সুফল সরাসরি ক্ষতিগ্রস্ত জনগণের কাছে পৌঁছাবে।

এদিকে উন্নয়নশীল দেশগুলোর গ্রিন ব্যাংকিং সক্ষমতা বাড়াতে ‘গ্রিন ব্যাংক অ্যাক্সিলারেটর’ চালু করেছে অস্ট্রেলিয়ার ক্লিন এনার্জি ফাইন্যান্স করপোরেশন (সিইএফসি), ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল এবং সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন।

কৃষি ও তরুণ উদ্যোক্তাদের অর্থায়নেও গুরুত্ব

জলবায়ু সহনশীল কৃষি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তরুণ কৃষকদের অর্থায়নের সুযোগ বাড়ানোর বিষয়টিও আলোচনায় এসেছে। কপ৩১-এ ‘ব্যাক ফিউচার ফার্মার্স’ উদ্যোগের উদ্বোধনী আয়োজনে তরুণ, নীতিনির্ধারক, অর্থায়নকারী ও শিল্পপ্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় কৃষিভিত্তিক উদ্ভাবনী ধারণাকে বাণিজ্যিক উদ্যোগে রূপ দেওয়া এবং কৃষকদের মূলধন ও অর্থায়নের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।

আরও পড়ুন: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২ সেনা ও ১৬ সন্ত্রাসী নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিমবাহের বরফ গলারোধে বৈশ্বিক উদ্যোগে যুক্ত হলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


হিমবাহের বরফ গলারোধে বৈশ্বিক উদ্যোগে যুক্ত হলো বাংলাদেশ

বাংলাদেশ যুক্ত হয়েছে বৈশ্বিক উদ্যোগ ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ (এএমআই)-এ, যা হিমবাহের বরফ গলারোধে কাজ করছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ২৬তম দেশ হিসেবে এ উদ্যোগের ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ভেন্যুতে এই ঘোষণা দেওয়া হয়।

২০২২ সালে মিসরে অনুষ্ঠিত কপ-২৭ সম্মেলনে চিলি ও আইসল্যান্ডের নেতৃত্বে এএমআই-এর যাত্রা শুরু হয়। এই উদ্যোগের লক্ষ্য হলো হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলার গতি কমানো, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ করা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক অঙ্গীকারকে শক্তিশালী করা।

এসময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মন্তব্য করেন, "এ উদ্যোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে।" তিনি আরও বলেন, "এছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় প্লাবন, লবণাক্ততা ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতির মতো সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরা সম্ভব হবে।"

বাংলাদেশে উল্লেখযোগ্য হিমবাহ না থাকলেও, হিমালয়সহ বিভিন্ন অঞ্চলের বরফ গলার এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবের ঝুঁকিতে রয়েছে দেশটি। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা বাড়তে পারে। সুপেয় পানির উৎস, সুন্দরবনের জীববৈচিত্র্য এবং কৃষি ও মৎস্যনির্ভর মানুষের জীবিকা ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ জলবায়ু অভিযোজনের জন্য আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধি, ঋণের পরিবর্তে অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর সহযোগিতা চেয়েছে।

তবে, এএমআইতে যুক্ত হওয়ার ফলে বাংলাদেশ সরাসরি কোনো অর্থায়ন বা প্রকল্প সুবিধা পাবে, এমন নিশ্চয়তা নেই। বরং, হিমবাহ গলার বৈশ্বিক প্রভাব ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক নীতিনির্ধারণ এবং সহযোগিতায় অংশ নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউমোনিয়ায় মারা গেলেন মার্কিন অভিনেতা অ্যান্থনি ক্লার্ক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


নিউমোনিয়ায় মারা গেলেন মার্কিন অভিনেতা অ্যান্থনি ক্লার্ক

মার্কিন অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান অ্যান্থনি ক্লার্ক মঙ্গলবার (১০ নভেম্বর) মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬২ বছর। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, নিউমোনিয়াজনিত জটিলতার কারণে তার মৃত্যু ঘটেছে।

‘ইয়েস, ডিয়ার’ সিরিজের সহ-অভিনেতা ও বন্ধু মাইক ও’ম্যালি ১১ নভেম্বর তার মৃত্যুর খবর প্রকাশ করেন। তিনি জনপ্রিয় টেলিভিশন সিটকম ‘ইয়েস, ডিয়ার’-এ গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিতি অর্জন করেছিলেন।

মাইক ও’ম্যালি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে বন্ধুকে স্মরণ করেন এবং ক্লার্কের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বন্ধুর স্মৃতিচারণায় মাইক ও’ম্যালি লেখেন, ‘তিন সপ্তাহ আগে আমাদের ফোনে কথা হয়েছিল। বরাবরের মতোই তিনি আমাদের অনেক হাসিয়েছিলেন। নিজের উপার্জিত অর্থ ভালোভাবে বিনিয়োগ করেছিলেন এবং আমাদের শো শেষ হওয়ার পরই মূলত অবসর নিয়ে নিয়েছিলেন। শান্তিতে ঘুমান, টনি।’

অ্যান্থনি ক্লার্ক ১৯৬৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লিঞ্চবার্গে জন্মগ্রহণ করেন। তিনি বোস্টনের এমারসন কলেজ থেকে ১৯৮৬ সালে গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজে পড়ার সময়ই তার মধ্যে কমেডির প্রতি আগ্রহ তৈরি হয়। সেই সময় ‘আমেরিকান কলেজিয়েট ট্যালেন্ট শোকেস’-এ ‘টপ কলেজ কমেডিয়ান’ পুরস্কারও তিনি জিতেছিলেন।

ক্লার্ক এক সাক্ষাৎকারে স্ট্যান্ড-আপ কমেডির প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেছিলেন। ২০০৬ সালে ‘দ্য কমিকস কমিক’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, স্ট্যান্ড-আপ কমেডি তার কাছে বিশেষ, কারণ এতে দর্শকদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। এখানে কোনো পরিচালক থাকেন না।

অ্যান্থনি ক্লার্কের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ সিবিএসের জনপ্রিয় সিটকম ‘ইয়েস, ডিয়ার’। এই সিরিজে গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। সিরিজটির মূল উপজীব্য ছিল দুই দম্পতির একই বাড়িতে বসবাস, পারিবারিক সম্পর্ক এবং সন্তান লালন-পালন নিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি।

টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করেছেন ক্লার্ক। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ডগফাইট’, ‘দ্য থিং কলড লাভ’ ও ‘দ্য রক’। এছাড়া ‘বোস্টন কমন’, ‘সোল ম্যান’ এবং ‘লাস্ট কমিক স্ট্যান্ডিং’-এর মতো টেলিভিশন অনুষ্ঠানে তাকে দেখা গেছে।

১৯৯৫ সালে এইচবিওর ‘ইয়াং কমেডিয়ানস স্পেশাল’-এর চতুর্থ আসরের উপস্থাপনার দায়িত্বও পালন করেন তিনি। অভিনয় ও স্ট্যান্ড-আপ কমেডির মাধ্যমে দর্শকদের হাসিয়ে যাওয়া এই শিল্পীর মৃত্যুতে বিনোদনজগতে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ফের ট্যাংকারে আগুন, নিষিদ্ধ এলাকায় ঢুকলেই ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


হরমুজে ফের ট্যাংকারে আগুন, নিষিদ্ধ এলাকায় ঢুকলেই ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নৌমাইনে আঘাতের ফলে আরেকটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। ইরানের নৌবাহিনী শনিবার সকালে এই ঘটনার তথ্য প্রকাশ করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। খবরটি এসেছে আলজাজিরা থেকে।

ইরানের সূত্র অনুযায়ী, আজ সকালে এটি দ্বিতীয়বারের মতো ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে ইরানের হামলা অথবা নৌমাইনে আঘাতের কারণে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় মোট পাঁচটি ট্যাংকারে আগুন লেগেছে।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের উদ্ধৃতি দিয়ে ইরানের নৌবাহিনী জানিয়েছে, অবৈধ কর্মকাণ্ডে জড়িত ট্যাঙ্কারগুলো, যারা তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করছে, তাদের পরিণতি হচ্ছে আগুন ও বিস্ফোরণ।

তবে, ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম, মালিকানা বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে মাদকবিরোধী সাইকেল র‌্যালিতে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


নীলফামারীতে মাদকবিরোধী সাইকেল র‌্যালিতে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী

নীলফামারী, ১৪ নভেম্বর, ২০২৬ : জেলায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী সাইকেল র‌্যালিতে পাঁচ শতাধিক আরোহী অংশগ্রহণ করেছেন।

মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগান নিয়ে আজ শনিবার দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর সচেতন নাগরিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে।

এর আগে, মেলা পাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কসহ ডোমার-জলঢাকা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের ব্যক্তি র‌্যালিতে অংশ নেন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ বিন আমিন সুমন উপস্থিত ছিলেন। স্থানীয় যুবসমাজ এবং গণ্যমান্য ব্যক্তিরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, সর্বস্তরের মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করাও কর্মসূচির অন্যতম লক্ষ্য।

এ সময়, উপস্থিত শিক্ষার্থী, তরুণ সমাজ এবং সচেতন নাগরিকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%