১০:১৮ পি.এম
সংসদে তিনটি অধ্যাদেশ উত্থাপন করার পর, সেগুলো কোন কমিটিতে প্রদান করা হয়নি, এ নিয়ে প্রশ্ন তোলেন পাবনা-২ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর জবাবে বলেন, "সংসদ সদস্যরা আরেকটু হোমওয়ার্ক করে এলে ভালো হতো।"
এ ঘটনা সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে ঘটে। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অধিবেশনের শুরুতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৭), ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৮) এবং ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৯) সংসদে উত্থাপন করেন।
আরও পড়ুন: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান
এ সময় বক্তব্য দেওয়ার জন্য ফ্লোর চান ব্যারিস্টার নাজিবুর রহমান। তিনি বলেন, "অধ্যাদেশগুলো উত্থাপনের জন্য ধন্যবাদ জানালেও সেগুলো কোনো কমিটিতে পাঠানো হয়নি।" তিনি উল্লেখ করেন, এই অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা। ঈদের আগে অধ্যাদেশ উত্থাপনের পর সময়ের স্বল্পতার কথা বলে ঈদের পরে দুই-তিন দিনের মধ্যে বিলগুলো পাস করা হয়েছিল।
জবাবে ডেপুটি স্পিকার বলেন, "অধ্যাদেশগুলো যখন বিল আকারে উত্থাপিত হবে, তখন সম্ভবত কমিটিতে পাঠানো হবে।"
এরপর নাজিবুর রহমান বলেন, "অধ্যাদেশ উত্থাপনের পর ৩০ দিনের বাধ্যবাধকতা রয়েছে। এই সময়ের মধ্যে পাস না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস হয়ে যাবে।" তিনি জানান, আজ অধ্যাদেশগুলো উত্থাপন করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর সংসদ অধিবেশন মুলতবি হলে এবং পরবর্তী অধিবেশন ৩০ দিনের মধ্যে শুরু না হলে অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে। এই কারণে উত্থাপনের দিনই কমিটিতে পাঠানো হলে যাচাই-বাছাইয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যেত বলে মন্তব্য করেন তিনি।
পরে আবার ফ্লোর নিয়ে আইনমন্ত্রী বলেন, "মাননীয় স্পিকার, সংসদের প্রসিডিংয়ে এগুলো রেকর্ড হবে। তখন মনে হবে যে আমরা সংসদ সদস্যরা আরেকটু মনে হয় হোমওয়ার্ক করে আসলে বেটার হয়।"
আরও পড়ুন: ডেপুটি স্পিকার কায়সার কামালের সংসদে উষ্মা প্রকাশ
তিনি আরও বলেন, "সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা তার বাধ্যবাধকতা। অধ্যাদেশগুলো নতুন করে বিল আকারে সংসদে আনা হলে সংশ্লিষ্ট মন্ত্রীরা আগামী দুই-এক দিনের মধ্যে তা উত্থাপন করবেন। এরপর বিলগুলো সংসদীয় কমিটিতে পাঠানো হবে। কমিটি যাচাই-বাছাই করার পর সেগুলো আইনে রূপান্তরিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন