০২:৫৭ এম
দক্ষিণ আফ্রিকার ফুটবলে একটি দুঃখজনক শোকের ছায়া নেমে এসেছে। দেশের জাতীয় দলের মিডফিল্ডার জেইডেন অ্যাডামস মারা গেছেন, যিনি বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর বিশ্বকাপ খেলে দেশে ফেরার কয়েক সপ্তাহের মাথায় মৃত্যুবরণ করেছেন। তার এই অপমৃত্যুতে তার বয়স ছিল মাত্র ২৫ বছর।
শনিবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকার কেপটাউনের স্কটশেকলুফ এলাকায় একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে সেটি নিশ্চিত করা হয় জেইডেন অ্যাডামসের বলে। তবে এখনও তার মৃত্যুর কারণ জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
দেশটির ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি এক বিবৃতিতে বলেন, “জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবর আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারিয়েছে। আমরা তার পরিবার, সতীর্থ এবং সমর্থকদের সঙ্গে শোকাহত।”
আরও পড়ুন: কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ৬ জন আটক
তিনি আরও অনুরোধ করেন, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার আগে এ নিয়ে কোন ধরনের গালগল্প না করতে এবং অ্যাডামসের পরিবার ও ক্লাবকে এই কঠিন সময়ে ধৈর্য ধরার আহ্বান জানান।
২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি গ্রুপ ম্যাচেই খেলেছেন অ্যাডামস। এর মাধ্যমে তার দলটি ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে প্রবেশ করে। যদিও তারা শেষ ষোলোতে স্বাগতিক কানাডার কাছে হেরে বিদায় নেয়।
বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে অ্যাডামস তার দাদিকে হারান। ব্যক্তিগত দুঃখকে পেছনে রেখে তিনি দেশের হয়ে ফুটবল খেলতে মাঠে নামেন।
দক্ষিণ আফ্রিকা ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, “জেইডেন মাত্র কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তার মৃত্যু পরিবার, সতীর্থ, ক্লাব এবং পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে উঠেছে।”
আরও পড়ুন: শাহজালালের রানওয়ে-অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অবাধ চলাচল
ক্লাব ক্যারিয়ারে স্টেলেনবস এফসি দিয়ে যাত্রা শুরু করে অ্যাডামস। ২০২৫ সালের জানুয়ারিতে মামেলোদি সানডাউন্সে যোগ দিয়েছিলেন। সেখানে লিগ শিরোপা ও আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ অনুভব করেন। এছাড়া ২০২৩ আফ্রিকা কাপ অব নেশনসে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠা দলেও তিনি ছিলেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং বলেন, “বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক অভিযানের কয়েক সপ্তাহ পর জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। ফিফা এবং বিশ্ব ফুটবল পরিবারের পক্ষ থেকে তার পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানাই। তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন