ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময় সভা


মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময় সভা

নওগাঁ জেলার মান্দায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চা সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিও) উদ্যোগে বাস্তবায়িত ‘জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, লোকমোর্চা প্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্ট ২০ জন অংশগ্রহণ করেন।

বিএসডিও-গেটকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। সভায় গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী আতাউর রহমান প্রকল্পের সার্বিক কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানি পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সহকারী মৎস্য কর্মকর্তা মোজাফফর হোসেন, উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন নজরুল ইসলাম এবং যুব প্রতিনিধি ফারজানা আক্তার।

আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যা ও স্থানীয় জনগণের দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন যুব প্রতিনিধি ফারজানা আক্তার। তিনি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এ সময় সরকারি কর্মকর্তারা দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ বিভাগের প্রস্তুতি ও কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি প্রচলিত নীতিমালা অনুসরণ করে দুর্যোগকালীন সময়ে প্রান্তিক জনগণের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং দুর্যোগের ঝুঁকি থেকে তাদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, বিএসডিও ও ওয়েভ ফাউন্ডেশনের অংশীদারত্বে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় নওগাঁ জেলার সাপাহার, মহাদেবপুর ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০ মাস মেয়াদি গেটকা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে পাঁচ কিলোমিটার ট্রাক ধাওয়া করে চালক আটক, পরে ৭ দিনের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে সার লুটের ঘটনায় নতুন গ্রেফতার, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


চাটমোহরে সার লুটের ঘটনায় নতুন গ্রেফতার, তদন্ত চলছে

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারের পাশে বিসিআইসি ডিলারের গোডাউন থেকে সার লুটের ঘটনায় পুলিশ নতুন করে ১জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার ছাইকোলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে তুষার আহমেদ (২১)। এর আগে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন চন্দ্র ঘোষ, যিনি নিরু ঘোষ নামেও পরিচিত, গত সোমবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ২৫০ জন কৃষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে জহুরুল ইসলাম (২৮) নামের এক কৃষককে গ্রেফতার করে। ছাইকোলা এলাকায় বর্তমানে কৃষকেরা গ্রেফতার আতঙ্কে রয়েছেন। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। এখন রসুনসহ রবিশস্য ফসল আবাদের মৌসুম শুরু হয়েছে, এসময় কৃষকেরা পালিয়ে থাকায় আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডিলারের লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে এ পর্যন্ত ২৭২ বস্তা সার উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার ছাইকোলা বাজারে লুটের স্বীকার বিসিআইসি ডিলার প্রদীপ পালের পয়েন্ট ছাড়াও বিএডিসির দু’জন ডিলারের পয়েন্টে সার বিতরণ করা হয়েছে। সকাল থেকেই এই তিনটি পয়েন্টে সার বিতরণ কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান, উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন ২০০০ বস্তা সার সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

এদিকে এই সার লুটের ঘটনায় পাবনা জেলাপ্রশাসক আমিনুল ইসলাম ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ লুৎফর রহমান। তদন্ত কমিটির সদস্যরা গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। সরেজমিন তদন্ত কাজ শুরু করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। ঘটনাস্থল ছাইকোলা বাজারে গিয়ে ভুক্তভোগী ডিলার, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, স্থানীয় বাসিন্দা, আনসার, গ্রাম পুলিশ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করেন কমিটির সদস্যরা।

এই বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক পাবনা জেলাপ্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী বলেন, "মঙ্গলবার থেকে কাজ শুরু করেছি আমড়ায়। সেখানে তিনজন ডিলার ছিলেন সার বিতরণে। তাদের মধ্যে একজনের গোডাউনে লুট হয়েছে। আমড়ায় ভুক্তভোগী সার ডিলার ও বাকি দুই ডিলারের সাথে কথা বলেছি। এছাড়া কৃষি অফিসার, থানার ওসি, স্টেক হোল্ডার কয়েকজন, দায়িত্বরত আনসার সদস্য, গ্রাম পুলিশ, যারা সার পায়নি এমন কয়েকজন কৃষক, স্থানীয় ব্যবসায়ী কয়েকজন, সে সময়ে উপস্থিত ছিলেন এমন সাধারণ মানুষের সাক্ষাতকার নিয়েছি। আমড়ায় সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। কেন, কি কারণে, কারা ঘটনার সাথে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনই কিছু বলা যাচ্ছে না। আশা করছি, বৃহস্পতিবার (১২ নভেম্বর) এর মধ্যে পুরো তদন্ত শেষ করে আমড়ায় প্রতিবেদন দাখিল করতে পারবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে পুলিশের হাতে আটক হলো আওয়ামী লীগের তিন নেতা-কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


চাটমোহরে পুলিশের হাতে আটক হলো আওয়ামী লীগের তিন নেতা-কর্মী

থানা পুলিশ কর্তৃক আটক করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন জন নেতা-কর্মীকে। গত মঙ্গলবার এবং বুধবার এই আটকাদেশ কার্যকর করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং ইউপি সদস্য কুয়াবাসী গ্রামের হাসান আলীর ছেলে জামান মাসুদ (৩৮), ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ধানবিলা গ্রামের নজরুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৯) এবং গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামের মজিবর রহমানের ছেলে স্চ্ছোসেবক লীগের নেতা নাসিম হোসেন (২২)। নাশকতা মামলায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, যুবদল চাটমোহর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন এবং পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কায় নিহত ৩

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন কাভার্ড ভ্যানের চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) এবং আবুল কালাম আজাদ (৫৫)।

এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া-কাউছারনগর এলাকায়। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি সিলেট পোস্টাল ডিভিশনের ডাক ও পার্সেল পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা-সিলেট মহাসড়কের কাউছারনগর এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে আসা ডাক বিভাগের মাঝারি আকারের কাভার্ড ভ্যানটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এই সংঘর্ষে গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে অবস্থিত। আবুল কালাম আজাদের বাড়িও একই উপজেলার কমলগঞ্জে। অপরদিকে, মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে তরমুজ চাষে নতুন সম্ভাবনা, কৃষক মুরাদ মিয়ার সফলতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


শ্রীমঙ্গলে তরমুজ চাষে নতুন সম্ভাবনা, কৃষক মুরাদ মিয়ার সফলতা

শ্রীমঙ্গলে চা-বাগান, পাহাড় এবং সবুজ প্রকৃতির জন্য পরিচিত স্থানটি কৃষিতে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের বিদেশি জাতের তরমুজ চাষে স্থানীয় কৃষকরা সাফল্য অর্জন করেছেন। অনুকূল আবহাওয়া ও মাটির উপযোগিতার ফলে তরমুজের ভালো ফলন হওয়ায় কৃষি বিভাগ আশাবাদী হয়ে উঠেছে। আগামী মৌসুমে উপজেলায় তরমুজ চাষের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের কৃষক মুরাদ মিয়া এক একর জমিতে ‘ব্ল্যাক কুইন’ ও ‘ইয়োলো ড্রাগন’ জাতের তরমুজ চাষ করে প্রায় ৯ হাজার ফল পেয়েছেন। তাঁর এই সাফল্য শ্রীমঙ্গলে তরমুজ চাষের সম্ভাবনাকে নতুনভাবে সামনে এনেছে। বুধবার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে পূর্ব নোয়াগাঁও গ্রামে মুরাদ মিয়ার তরমুজের খেত পরিদর্শন করেন। এ সময় তিনি ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের লাভজনক ফসল চাষে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর জানান, শ্রীমঙ্গলের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া উচ্চমূল্যের ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। প্রচলিত ফসলের বাইরে এসে কৃষক মুরাদ মিয়া এক একর জমিতে ব্ল্যাক কুইন ও ইয়োলো ড্রাগন জাতের তরমুজ চাষ করে যে সাফল্য পেয়েছেন, তা প্রশংসনীয়। নিবিড় পরিচর্যা ও সঠিক মাঠ ব্যবস্থাপনার কারণে ইতোমধ্যে প্রায় ৯ হাজার তরমুজের ফলন পাওয়া গেছে। তিনি বলেন, কৃষিকে লাভজনক করতে শস্য বহুমুখীকরণের দিকে এগিয়ে যেতে হবে। ইয়োলো ড্রাগন ও ব্ল্যাক কুইন জাতের তরমুজ সুস্বাদু, পুষ্টিগুণে সমৃদ্ধ এবং দেখতে আকর্ষণীয়। সাধারণ জাতের তুলনায় এসব তরমুজের বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কৃষকের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

উজ্জ্বল সূত্রধর আরও বলেন, তরমুজের ভালো ফলন নিশ্চিত করতে সুষম সার প্রয়োগ, পরিমিত সেচ, পানি নিষ্কাশন ও ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণের বিষয়ে কৃষককে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। ইছবপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে মাঠ পরিদর্শন ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করা হয়েছে। মুরাদ মিয়ার এই উদ্যোগ অন্য কৃষকদেরও লাভজনক ফল চাষে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন বলেন, লাভজনক ফসল হিসেবে সারা বছরই দেশের বিভিন্ন অঞ্চলে তরমুজ চাষ হয়ে থাকে। উচ্চমূল্যের ফসল হওয়ায় কৃষকেরা বিভিন্ন জাতের তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন। শ্রীমঙ্গলে এবার আগাম শীতকালীন ফসল হিসেবে দুই হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এতে কৃষকেরা লাভবান হচ্ছেন। ফলন ও বাজার সম্ভাবনা বিবেচনায় আগামী মৌসুমে উপজেলায় তরমুজ চাষ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলের মাটি ও আবহাওয়া কৃষির বহুমুখীকরণের জন্য বেশ উপযোগী। প্রচলিত ফসলের পাশাপাশি নতুন নতুন উচ্চমূল্যের ফসল চাষের মাধ্যমে কৃষকের আয় বাড়ানোর সুযোগ রয়েছে। মুরাদ মিয়ার তরমুজ চাষের সাফল্য এ ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত। কৃষকেরা এ ধরনের চাষে আগ্রহী হলে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। শ্রীমঙ্গলে তরমুজ চাষের এ সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%