প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রীমঙ্গলে চা-বাগান, পাহাড় এবং সবুজ প্রকৃতির জন্য পরিচিত স্থানটি কৃষিতে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের বিদেশি জাতের তরমুজ চাষে স্থানীয় কৃষকরা সাফল্য অর্জন করেছেন। অনুকূল আবহাওয়া ও মাটির উপযোগিতার ফলে তরমুজের ভালো ফলন হওয়ায় কৃষি বিভাগ আশাবাদী হয়ে উঠেছে। আগামী মৌসুমে উপজেলায় তরমুজ চাষের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের কৃষক মুরাদ মিয়া এক একর জমিতে ‘ব্ল্যাক কুইন’ ও ‘ইয়োলো ড্রাগন’ জাতের তরমুজ চাষ করে প্রায় ৯ হাজার ফল পেয়েছেন। তাঁর এই সাফল্য শ্রীমঙ্গলে তরমুজ চাষের সম্ভাবনাকে নতুনভাবে সামনে এনেছে। বুধবার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে পূর্ব নোয়াগাঁও গ্রামে মুরাদ মিয়ার তরমুজের খেত পরিদর্শন করেন। এ সময় তিনি ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের লাভজনক ফসল চাষে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর জানান, শ্রীমঙ্গলের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া উচ্চমূল্যের ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। প্রচলিত ফসলের বাইরে এসে কৃষক মুরাদ মিয়া এক একর জমিতে ব্ল্যাক কুইন ও ইয়োলো ড্রাগন জাতের তরমুজ চাষ করে যে সাফল্য পেয়েছেন, তা প্রশংসনীয়। নিবিড় পরিচর্যা ও সঠিক মাঠ ব্যবস্থাপনার কারণে ইতোমধ্যে প্রায় ৯ হাজার তরমুজের ফলন পাওয়া গেছে। তিনি বলেন, কৃষিকে লাভজনক করতে শস্য বহুমুখীকরণের দিকে এগিয়ে যেতে হবে। ইয়োলো ড্রাগন ও ব্ল্যাক কুইন জাতের তরমুজ সুস্বাদু, পুষ্টিগুণে সমৃদ্ধ এবং দেখতে আকর্ষণীয়। সাধারণ জাতের তুলনায় এসব তরমুজের বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কৃষকের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
উজ্জ্বল সূত্রধর আরও বলেন, তরমুজের ভালো ফলন নিশ্চিত করতে সুষম সার প্রয়োগ, পরিমিত সেচ, পানি নিষ্কাশন ও ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণের বিষয়ে কৃষককে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। ইছবপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে মাঠ পরিদর্শন ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করা হয়েছে। মুরাদ মিয়ার এই উদ্যোগ অন্য কৃষকদেরও লাভজনক ফল চাষে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন বলেন, লাভজনক ফসল হিসেবে সারা বছরই দেশের বিভিন্ন অঞ্চলে তরমুজ চাষ হয়ে থাকে। উচ্চমূল্যের ফসল হওয়ায় কৃষকেরা বিভিন্ন জাতের তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন। শ্রীমঙ্গলে এবার আগাম শীতকালীন ফসল হিসেবে দুই হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এতে কৃষকেরা লাভবান হচ্ছেন। ফলন ও বাজার সম্ভাবনা বিবেচনায় আগামী মৌসুমে উপজেলায় তরমুজ চাষ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলের মাটি ও আবহাওয়া কৃষির বহুমুখীকরণের জন্য বেশ উপযোগী। প্রচলিত ফসলের পাশাপাশি নতুন নতুন উচ্চমূল্যের ফসল চাষের মাধ্যমে কৃষকের আয় বাড়ানোর সুযোগ রয়েছে। মুরাদ মিয়ার তরমুজ চাষের সাফল্য এ ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত। কৃষকেরা এ ধরনের চাষে আগ্রহী হলে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। শ্রীমঙ্গলে তরমুজ চাষের এ সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন