ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ ভেবে সব দেশের জন্য সমান নীতি চায় ইউরোপ


হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ ভেবে সব দেশের জন্য সমান নীতি চায় ইউরোপ

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান ও ওমান সম্ভাব্য ফি আরোপ করতে পারে—এমন পরিস্থিতিকে ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ এখন কার্যত অনিবার্য বলে বিবেচনা করছে।

তবে তাদের জোরালো দাবি, এ ধরনের কোনো ব্যবস্থা চালু হলে তা যেন সব দেশের জাহাজের জন্য সমানভাবে প্রযোজ্য হয় এবং জাতীয়তার ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য না থাকে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধের পর হরমুজ প্রণালিতে কোনো না কোনো ধরনের সেবাভিত্তিক ফি চালুর সম্ভাবনাকে ইউরোপীয় দেশগুলো এখন বাস্তবতা হিসেবে দেখছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তবে সম্ভাব্য এই ফি কী ধরনের হবে, কত অর্থ নির্ধারণ করা হবে কিংবা কোন প্রক্রিয়ায় তা আদায় করা হবে—এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য, ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় দেশ তেহরান ও মাসকাটকে জানিয়েছে, নতুন কোনো ফি ব্যবস্থা চালু করা হলে তা অবশ্যই বৈষম্যহীন হতে হবে। কোন নির্দিষ্ট দেশের জাহাজকে আলাদা সুবিধা দেওয়া বা অতিরিক্ত চাপ সৃষ্টি করা যাবে না।

একই সঙ্গে হরমুজ প্রণালিতে মাইন অপসারণ এবং নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠনের পক্ষেও কাজ করছে ইউরোপীয় দেশগুলো। তবে এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়টি অনেকাংশে ইরানকে ঘিরে চলমান শান্তি আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় কয়েকটি আরব দেশ এখনো মনে করে, আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বাধ্যতামূলক ফি আরোপের আইনি অধিকার ইরান ও ওমানের নেই। তাদের আশঙ্কা, এমন নজির তৈরি হলে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও একই ধরনের দাবি উত্থাপিত হতে পারে।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি। সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ এ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ নৌপথে নতুন কোনো নীতিমালা বা বিধিনিষেধ কার্যকর হলে তার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণভাবে পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশানে ব্যবসার নামে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মালিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


গুলশানে ব্যবসার নামে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মালিক গ্রেফতার

রাজধানীর গুলশান এলাকায় ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানে যৌথ ব্যবসায় বিনিয়োগের প্রতারণার কারণে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় হাতিরঝিল থানা এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের পরিচয় হলো সৌমেন সাহা (৩৫)।

গুলশান থানার সূত্রে জানা যায়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তী সাথে ব্যবসায়িক কারণে পরিচিত হন অভিযুক্ত সৌমেন সাহার। করোনাকালীন সময়ে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক এবং বিশ্বাসের ভিত্তিতে একে অপরের প্রতি আস্থা গড়ে ওঠে। ২০২৩ সালের সময়ে সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ ক্রয়ের কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৫০ লাখ টাকা হাওলাত নেন।

এরপর গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ‘Trust Gold & Diamond Ltd.’ নামে একটি নতুন দোকান চালুর প্রস্তাব দিয়ে বাদীকে ব্যবসায় পার্টনার বানানোর প্রতিশ্রুতি দিয়ে চার কোটি ৩০ লাখ টাকা নেন। এভাবে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে নগদ টাকা ও চেকের মাধ্যমে সর্বমোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বিনিয়োগের পর অনেক সময় অতিবাহিত হলেও সৌমেন সাহা ব্যবসার কোনো লভ্যাংশ বা হিসাব না দিয়ে বিভিন্ন অজুহাতে টালবাহানা শুরু করেন। সর্বশেষ ভুক্তভোগী পুনরায় হিসাব দাবি করলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। পরবর্তীতে ভুক্তভোগী অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় একটি মামলা রুজু করা হয়।

তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে, গুলশান থানা পুলিশের একটি টিম হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালায় এবং শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় সৌমেন সাহাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখন নতুন করে আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে : মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


এখন নতুন করে আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে : মির্জা ফখরুল

এখন নতুন করে আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতিতে বিশ্বাসী। এই দেশের মানুষ ধর্মভিরু হলেও ধর্মান্ধ নয়। এখানে মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল আরও বলেন, জুলাই মাসে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরাতে সক্ষম হয়েছি, কিন্তু এখন আমাদের সামনে নতুন আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এটি একটি রাজনৈতিক দল যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। তারা অনুপযুক্তভাবে মানুষকে ভুল বুঝিয়ে, ধর্মপ্রাণ মহিলাদের ভুল তথ্য দিয়ে ভোট ব্যাংকে হস্তক্ষেপ করেছে। এই ভোট ব্যাংক সঠিকভাবে পরিচালনার দায়িত্ব এখন দলের নেতাকর্মীদের উপর বর্তায়।

তিনি আরও সতর্ক করেন যে, জুলাই সনদকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী আন্দোলন করার চেষ্টা করছে। তারা মিথ্যাচার করে বলছে আমরা জুলাই সনদ মানি না, যা একেবারেই সত্য নয়।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ক্ষমতা ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী নয়, তবে দল ও সংগঠন অবশ্যই রয়ে যাবে। দীর্ঘ ১৮ বছর আপনারা মাথা নত করেননি। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলি, স্থায়ী কমিটির সদস্য নুর করিমসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত শরিয়া রাষ্ট্র গড়তে চায়, যা দেশের মানুষের সঙ্গে যায় না: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


জামায়াত শরিয়া রাষ্ট্র গড়তে চায়, যা দেশের মানুষের সঙ্গে যায় না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক দল নয়। এই দলটি একটি নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য কাজ করছে। তাদের উদ্দেশ্য হল শরিয়াভিত্তিক একটি ইসলামিক রাষ্ট্র গঠন করা, যা দেশের মানুষের সঙ্গে যায় না।

শুক্রবার (৩ জুলাই) বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল এসব বক্তব্য দেন।

তিনি অবিরত বলেন, ‘আমাদের দেশের মানুষের আশা উদারপন্থি রাজনীতি করার। যারা ধর্মে বিশ্বাস রাখেন, তারা ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নন।’

তিনি আরো বলেন, ‘আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে সরিয়ে দিয়েছি। কিন্তু এখন আমাদের সামনে নতুন একটি শক্তি হাজির হয়েছে। ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল ১৯৭১ সালে স্বাধীনতায় বিশ্বাস ছিল না, এটি অস্বীকার করার কিছু নেই। সেই দলটি আজকে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে ভোটব্যাংকে ঢুকতে চাচ্ছে। এই বিষয়গুলো সঠিক করার দায়িত্ব আপনারা গ্রহণ করুন।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলেই একসঙ্গে কাজ করতে চাই। বর্তমানে বিভিন্ন উপায়ে মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি বিভ্রান্তি রোধ করতে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল আরও বলেন, ‘তারা আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বলা হচ্ছে, জুলাই সনদ আমরা মানি না। আমাদের গণভোটের রায় বাদ দেওয়া হয়েছে। অথচ জুলাই সনদের প্রতিটি পাতায় বিষয়গুলো পরিষ্কারভাবে উল্লেখ আছে এবং রাজনৈতিক দলগুলো সেটিকে মেনে নিয়েছে। যারা নির্বাচনে জয়ী হবে, সেই দলের ইশতেহার অনুযায়ী ম্যান্ডেট পালন করা হবে। সুতরাং আমরা ম্যান্ডেট পেয়েছি। আমাদের ইশতেহারে যা আছে, জনগণের কাছে সেটি বাস্তবায়ন করতে চাই। প্রতিটি জায়গায়, প্রতিটি কথায় আমরা জুলাই সনদকে মেনে চলছি। জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা অবশ্যই পূরণ করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা

মিয়ামিতে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে আজ রাতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা রয়েছে কেপ ভার্দের। কিন্তু মাঠের লড়াই শুরু হওয়ার আগেই গ্যালারির লড়াইয়ে কার্যত অনেকটাই এগিয়ে আছে লিওনেল মেসির দল। কারণ ম্যাচটি হচ্ছে মিয়ামিতে, যে শহর বর্তমানে মেসির দ্বিতীয় বাড়ি হিসেবে পরিচিত।

এখন পর্যন্ত চলতি বিশ্বকাপের তিন ম্যাচে মোট ছয় গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষ স্থানে থাকা ৩৯ বছর বয়সী মেসি, বর্তমানে ইন্টার মিয়ামির অধিনায়ক। তাই মিয়ামি স্টেডিয়ামে স্থানীয় ফুটবলপ্রেমীদের একটি বড় অংশ আর্জেন্টিনার পক্ষে গলা ফাটাতে প্রস্তুত বলেই মনে হচ্ছে। পাশাপাশি সাউথ ফ্লোরিডায় বিপুল সংখ্যক ল্যাটিন আমেরিকান অভিবাসীর উপস্থিতিতে গ্যালারিতে আকাশী নীল জার্সিরই আধিপত্য লক্ষ্য করা যেতে পারে।

অন্যদিকে, সংখ্যা দ্বারা পিছিয়ে থাকলেও কেপ ভার্দের প্রতি সহানুভূতি রয়েছে অনেক নিরপেক্ষ দর্শকের। মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটি প্রথম বিশ্বকাপ খেলার পর স্পেন, উরুগুয়ে, সৌদি আরবের মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই চালিয়ে নকআউটে উঠে এসেছে। এই অসাধারণ গল্পটি বহু নিরপেক্ষ সমর্থকের অন্তরে স্থান করে নিয়েছে।

এভাবে আজ মিয়ামির গ্যালারিতে একটি পক্ষে থাকবে আর্জেন্টিনার বিশাল সমর্থন, আর অন্যপক্ষে বিশ্বকাপের অন্যতম রূপকথার দল কেপ ভার্দের প্রতি নিরপেক্ষ দর্শকদের শুভ কামনা। মাঠের অভ্যন্তরে অসম লড়াইয়ের পূর্বে গ্যালারির আবহও নিশ্চিতভাবেই বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%