ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু


গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এই দুর্ঘটনাগুলি ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচির সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার (৮৫)। অপরজন হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার (৩৫)।

আরও পড়ুন: উত্তরায় পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেফতার

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মুনতাসির মাহামুদ জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার একটি পিকআপে করে মালামাল নিয়ে ছেলের বাসা মোংলায় যাচ্ছিলেন। ভোররাতে পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা মারে। এতে পিকআপের ভেতরেই মারাত্মকভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক পথচারী ওবায়দুর খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর নির্ধারণ করেছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর নির্ধারণ করেছে সরকার

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির কার্যক্রমকে অধিকতর স্বচ্ছ ও যুগোপযোগী করার উদ্দেশ্যে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করা হয়েছে। নীতিমালার আওতায়, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি তারিখে নূন্যতম ৬ বছর এবং সর্বোচ্চ ৭ বছরের কম হতে হবে।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্ম তারিখ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে হতে হবে। বয়স যাচাইয়ের উদ্দেশ্যে আবেদনের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের শিথিলতা বা অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে।

নীতিমালায় উল্লেখ রয়েছে যে, প্রতিষ্ঠানের এন্ট্রি শ্রেণি এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত সাধারণ নিয়মে শিক্ষার্থী ভর্তি করা যাবে। এতে বলা হয়েছে, প্রতি শ্রেণি বা শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন নির্ধারণ করা হয়েছে।

নীতিমালার নির্দেশনা অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষ গণনা করা হবে। শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই পরিচালনা কমিটি সভা ডেকে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবে। তবে একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে যেন একই দিনে পরীক্ষা না হয়, সে জন্য সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পরামর্শ নিয়ে সময়সূচি ঠিক করতে হবে।

নতুন এই নীতিমালার ফলে ভর্তি প্রক্রিয়ায় শৃঙ্খলা আসার পাশাপাশি শিক্ষার্থীদের সঠিক বয়সে শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় মেগানের বাবা থমাস মার্কেল পুনরায় কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় মেগানের বাবা থমাস মার্কেল পুনরায় কারাগারে

যুক্তরাষ্ট্রে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি রাখার অভিযোগে গ্রেপ্তার ব্রিটিশ রাজবধূ মেগান মার্কলের পিতা থমাস মার্কেলকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আদালত নির্দেশ দেন, কারণ তিনি বাড়িতে বন্দি থাকার শর্তে পরা পায়ের বৈদ্যুতিক নজরদারি যন্ত্র খুলে ফেলেছিলেন।

৮২ বছর বয়সী থমাসের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের ছবি রাখার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (৬ নভেম্বর) গ্রেপ্তারের পর তাকে বাড়িতে বন্দি থাকার শর্তে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার (৯ নভেম্বর) সকালে তিনি পায়ের নজরদারি যন্ত্রটি খুলে ফেলেন। এর পর আদালত তার মুক্তির আদেশ বাতিল করে বিনা জামিনে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত তার দ্রুত চিকিৎসা পরীক্ষা ও মানসিক সক্ষমতা যাচাইয়ের নির্দেশও প্রদান করেছেন। অন্যদিকে, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগে গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন মেগান। ২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের আগে থেকেই তার বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমোহনে ভাঙা ব্রিজের ওপর ১৬ বছর ধরে সুপারি গাছের সাঁকো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


লালমোহনে ভাঙা ব্রিজের ওপর ১৬ বছর ধরে সুপারি গাছের সাঁকো

ভোলার লালমোহন এলাকার কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে একটি গার্ডার ব্রিজের ভাঙা স্লাবের ওপর সুপারি গাছ ফেলে তৈরি করা সাঁকো ব্যবহার করছেন। সামান্য অসতর্কতা হলেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন কোমলমতি স্কুল শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

মোতাহারনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গণেশপুর এলাকায় অবস্থিত ১২ মিটার দীর্ঘ এই গার্ডার ব্রিজটি ২০০৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় নির্মাণ করা হয়। তবে, নির্মাণের মাত্র এক বছর পর, ২০১০ সালের দিকে ব্রিজটির পূর্ব পাশ ও মাঝের অংশের স্লাব ধসে খালে পড়ে যায়। এরপর থেকে দীর্ঘ ১৬ বছরেও ব্রিজটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজটির ভাঙা অংশ দিয়ে চলাচলের কোনো উপায় না থাকায় তাঁরা পূর্ব পাশ ও মাঝখানে সুপারি গাছ ফেলে সাঁকো এবং পশ্চিম পাশে কাঠ দিয়ে মই তৈরি করে পারাপার হচ্ছেন। বর্তমানে ব্রিজটির ওপর দিয়ে কেউ হাঁটলেই সেটি থরথর করে কাঁপতে থাকে। ইতোমধ্যে ব্রিজটি থেকে খালে পড়ে শিশুসহ বিভিন্ন বয়সের অনেকেই আহত হয়েছেন। স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া, পঞ্চম শ্রেণির বাবুল ও চতুর্থ শ্রেণির কালাম জানিয়েছে, ব্রিজটি দিয়ে পার হওয়ার সময় প্রচণ্ড ভয় লাগে। তাঁরা মনে করেন, যে কোনো সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যাবে। প্রতিদিন আতঙ্ক নিয়ে পারাপার হতে গিয়ে অনেকের বইখাতা ভিজে যায় বা পড়ে গিয়ে আহত হয়।

স্থানীয় বাসিন্দা বাচ্চু মাতাব্বর, শাহে আলম ও শামছুল হক সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে এ পথে অটোরিকশাসহ কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। বিকল্প কোনো পথ না থাকায় তাঁরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। অসুস্থ রোগী, বয়োবৃদ্ধ ও গর্ভবতী নারীদের জরুরি প্রয়োজনে উপজেলা সদর হাসপাতালে নিতে হলে বাঁশ দিয়ে পালকি তৈরি করে বাজার পর্যন্ত নিয়ে যেতে হয়। এলাকাবাসীর এই চরম দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন সেতু নির্মাণের জন্য ভোলা-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) সুদৃষ্টি কামনা করেছেন তাঁরা।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক এ বিষয়ে বলেন, ওই ব্রিজটিসহ উপজেলায় যত জরাজীর্ণ ব্রিজ রয়েছে, সেগুলোর তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটিসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্রিজগুলোর সংস্কার বা নতুন করে নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারী জেলার সংবাদকর্মীদের সাথে নবাগত এসপির মতবিনিময় সভা​

আন্তর্জাতিক ডেস্ক

নীলফামারী: প্রতিনিধি রায়হান আলী

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


নীলফামারী জেলার সংবাদকর্মীদের সাথে নবাগত এসপির মতবিনিময় সভা​

নীলফামারী জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি)। পেশাগত দায়িত্ব পালনকালে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জেলাকে অপরাধমুক্ত রাখতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এই সভায়।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার প্রধান অতিথির বক্তব্যে বলেন, "মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।" এ সময় তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। তারা জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সভায় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নীলফামারীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে জেলার আইনশৃঙ্খলার মানোন্নয়ন ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%