ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের


বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে থাকার নির্দেশও দিয়েছেন। তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছেন, এসব কর্মসূচি কোনো দলের বা পক্ষের পাল্টা কর্মসূচি কিংবা সতর্ক পাহারার অংশ হবে না।

রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি এবং তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ডিসেম্বর মাসজুড়ে দল ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠক সূত্র জানায়, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও ডিসেম্বরজুড়ে নিজেদের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করবে। এই কর্মসূচিগুলোর মাধ্যমে সংগঠনগুলোকে সাংগঠনিকভাবে আরও সক্রিয় ও চাঙা রাখার লক্ষ্যে কাজ করতে চায় দলের শীর্ষ নেতৃত্ব। বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: দলিলে জমির পরিমাণ ও সীমানা যাচাইয়ের কার্যকর পদ্ধতি

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নানা ধরনের তৎপরতার মধ্যে বিএনপি এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, বৈঠকে তারেক রহমান দল ও অঙ্গসংগঠনগুলোকে নিজস্ব উদ্যোগে রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের নির্দেশ দেন। তবে এসব কর্মসূচি কোনো পক্ষের কর্মসূচির পাল্টা হিসেবে নেওয়া হবে না। অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করত, সে ধরনের কোনো উদ্যোগও নেওয়া হবে না। বিজয়ের মাসকে কেন্দ্র করেই নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মাঠে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের মতো বিভিন্ন রাজনৈতিক উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে।

বৈঠকে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করেও উদ্বেগ প্রকাশ করেন কয়েকজন নেতা। তারেক রহমান জবাবে জানান, বিষয়টি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী দেখছে।

আরও পড়ুন: হুথিদের সৌদি তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি

দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল এবং সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায়। বিশেষ করে, বিজয়ের মাসকে ঘিরে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখা এবং সংগঠনগুলোকে গতিশীল করাই এই উদ্যোগের লক্ষ্য বলে বৈঠক সূত্র জানিয়েছে।

বৈঠক প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন, ‘বৈঠকটি বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন: জনগণ ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে: বিক্ষোভে বক্তাদের অঙ্গীকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাছির মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ এম


তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাছির মিয়া
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন নির্বাচনে অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নাছির মিয়া। নির্বাচনে অংশ নিয়ে ব্যবসায়ীদের অধিকার রক্ষা,পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
 
নির্বাচনকে সামনে রেখে তিনি সংগঠনের সকল সম্মানিত ভোটার ও ব্যবসায়ী ভাইদের কাছে দোয়া,ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
 
তিনি বলেন,ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা,পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের উন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করাই তাঁর মূল লক্ষ্য। সকলের সহযোগিতা পেলে ব্যবসায়ীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি।
 
তাঁর নির্বাচনী প্রত্যাশা-আসুন,একসাথে গড়ি সফল আগামী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সচিবালয়ের অগ্নিকান্ডের ঘটনার কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ এম


সচিবালয়ের অগ্নিকান্ডের ঘটনার কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বালিশকাণ্ড এবং ফরিদপুর মেডিকেল কলেজের পর্দাকাণ্ড নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সরকারি কেনাকাটায় অস্বাভাবিক মূল্য নির্ধারণ, পণ্য সরবরাহে অনিয়ম এবং রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগের কারণে এসব ঘটনা দুর্নীতির প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে স্থানীয় সরকার বিভাগের কেনাকাটা ডিপিএমে কোটি কোটি টাকার ব্যয় এবং আসবাব ও যন্ত্রপাতি সরবরাহ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা ফ্যাসিবাদি আমলা যুগ্মসচিব ড. মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, এ তদন্ত প্রতিবেদন গায়েব করা হয়েছে। দুর্নীতির প্রতিবাদ করার কারণে এক যুগ্মসচিবকে বদলী করা হলেও ফ্যাসিবাদি ও অনিয়মের সাথে জড়িত কর্মকর্তারা এখনও স্থানীয় সরকার বিভাগে বহাল রয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো: শহীদুল হাসান ইনকিলাবকে জানান, "আসলে মন্ত্রণালয়ের বিষয় নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীর সাথে কথা বলতে পারেন।"

জানা গেছে, জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্‌যাপন এবং ২০২৪ সালের ডিসেম্বরে সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর বিভিন্ন মালামাল কেনার নামে কোটি কোটি টাকা ব্যয়ের হিসাব নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনাকাটা, বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক দাম নির্ধারণ এবং কাগজে-কলমে মালামাল সরবরাহ দেখিয়ে বিল পরিশোধের ঘটনা ঘটেছে। এসব দুর্নীতির মাস্টার মাইনে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) ড. মো. মনিরুল ইসলাম এবং প্রশাসন-২ শাখার প্রশাসনিক কর্মকর্তা হোসাইন আহমদ। সচিবালয়ের অগ্নিকাণ্ড-পরবর্তী কেনাকাটার সময় প্রশাসন-২ শাখার দায়িত্বে থাকা তৎকালীন সিনিয়র সহকারী সচিব মো. শফিকুর আলমের ভূমিকাও খতিয়ে দেখার দাবি উঠেছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামের বিরুদ্ধে একইভাবে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকার পরেও তিনি বহাল রয়েছেন।

পূর্বনির্ধারিত দিবস হলেও জরুরি ক্রয়ের যুক্তি দেখানো হয়েছে। জাতীয় স্থানীয় সরকার দিবস ২৫ ফেব্রুয়ারি। প্রতিবছর একই তারিখে দিবসটি পালনের বিষয়টি পূর্বনির্ধারিত। ফলে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় থাকার কথা। কিন্তু ২০২৫ সালের দিবস উদ্‌যাপনকে কেন্দ্র করে স্থানীয় সরকার বিভাগের কেনাকাটায় জরুরি পরিস্থিতির যুক্তি দেখানো হয়েছে। তদন্ত প্রাপ্ত নথিপত্র সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত এক সভায় নেওয়া হয়। অথচ সরাসরি ক্রয় পদ্ধতিতে ব্যয়ের অনুমোদন ও অর্থ ছাড়ের যৌক্তিকতা তুলে ধরে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয় ১০ ফেব্রুয়ারি। অর্থাৎ অনুষ্ঠানের মাত্র ১৫ দিন আগে। চিঠিতে ভেন্যু প্রস্তুত, মেডিকেল টিম, বিদ্যুৎ, অগ্নিনির্বাপণ, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, পানি সরবরাহ, ভিডিও ধারণ, সরাসরি সম্প্রচার এবং আপ্যায়নের মতো বিষয়গুলোকে জরুরি ব্যবস্থার আওতায় আনার কথা বলা হয়। এখানেই প্রশ্ন উঠেছে- প্রতি বছর নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত একটি জাতীয় দিবসের আয়োজন কেন শেষ মুহূর্তে জরুরি ক্রয়ের আওতায় নিতে হলো? নিয়মিত পরিকল্পনা ও প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কেনাকাটা করা সম্ভব ছিল না কেন? অর্থ বিভাগের কাছে পাঠানো প্রস্তাবে সরাসরি চুক্তির বিশেষ বিধানের উল্লেখ করে ব্যয়ের অনুমোদন চাওয়া হয়। এ খাতে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ‘অনুষ্ঠান উৎসবাদি’ খাতে পাঁচ কোটি টাকা বরাদ্দ থাকার কথা উল্লেখ করা হয়।

চার খাতে প্রায় ৯০ লাখ টাকার বিল পরিশোধের তথ্য পাওয়া গেছে। জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্‌যাপনের নামে চারটি খাতে বিল পরিশোধ করা হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট বাবদ ২০২৫ সালের ১৮ মার্চ ৩২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা, রোড ব্র্যান্ডিং বাবদ ৩০ লাখ ৬১ হাজার ৩০০ টাকা, ভিডিও ডকুমেন্টরি বাবদ ১৩ লাখ ৩০ হাজার টাকা এবং আপ্যায়ন বাবদ ১৩ লাখ ৬৪ হাজার টাকা পরিশোধের তথ্য রয়েছে। চার খাতে মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৮৯ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা। ইভেন্ট ব্যবস্থাপনার বিলের তালিকায় মঞ্চের ব্যাকড্রপ, কার্পেট, ফুল, টেলিভিশন, এলইডি, সাউন্ড সিস্টেম, লাইট, বেলুন গেট, প্রবেশপথের সাজসজ্জা, ব্যানার এবং পরিবহন ব্যয়ের মতো খাত রয়েছে। রোড ব্র্যান্ডিংয়ের তালিকায় ল্যাম্পপোস্টের ফেস্টুন, সড়কের বিভিন্ন মোড়, ফুটওভার ব্রিজ এবং বিভিন্ন স্থানে কাঠের ফ্রেমিং ও ব্যানার স্থাপনের ব্যয় দেখানো হয়েছে। এসব ব্যয়ের পরিমাণ ও প্রকৃত সরবরাহ যাচাইয়ের দাবি উঠেছে। বিশেষ করে একই ধরনের সাজসজ্জা ও প্রচারণাসামগ্রীর জন্য একাধিক খাতে ব্যয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।

আপ্যায়ন খাতের ব্যয় সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। নথি অনুযায়ী, ১২০০ প্যাকেট লাঞ্চ বক্সের জন্য ১০ লাখ ২০ হাজার টাকা এবং ৮০০ প্যাকেট চালকের খাবারের জন্য ৩ লাখ ৪ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। অথচ অভিযোগ রয়েছে, ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং ঢাকায় অবস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থার সীমিতসংখ্যক কর্মকর্তা অংশ নিয়েছিলেন। এ অবস্থায় ১২০০ প্যাকেট খাবার কারা গ্রহণ করেছেন, ৮০০ চালকের খাবার কাদের জন্য সরবরাহ করা হয়েছে এবং খাবার বিতরণের কোনো তালিকা বা গ্রহণপত্র সংরক্ষিত আছে কি না-এসবের নানান প্রশ্ন উঠেছে। অনুষ্ঠানে উপস্থিতির তালিকা, খাবার সরবরাহকারীর বিল, ভাউচার এবং বিতরণ সংক্রান্ত নথি যাচাই করলেই প্রকৃত রহস্য বের হবে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) ড. মো. মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইডেনের চাঞ্চল্যকর তথ্য, নেতানিয়াহুকে নিয়ে ফাঁস করলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৩ এম


বাইডেনের চাঞ্চল্যকর তথ্য, নেতানিয়াহুকে নিয়ে ফাঁস করলেন

গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর প্রতিশ্রুতি বারবার দেওয়া সত্ত্বেও তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এই অভিযোগ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি পরিণতি নিয়ে ভাবতে ব্যর্থ হওয়ার কারণে তিনি ক্রমেই হতাশ হয়ে পড়েছিলেন।

রোববার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন তার আসন্ন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ বইয়ে এসব বিষয় তুলে ধরেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযানের মানবিক পরিণতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বারবার কথা বলার অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন।

বইটি আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার সিএনএনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে বইটির কিছু অংশ প্রকাশিত হয়েছে। বাইডেন লিখেছেন, বেসামরিক মানুষের প্রাণহানি বৃদ্ধি পাওয়ার ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ভাবমূর্তি এবং যুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিষয়টি নেতানিয়াহু স্বীকার করতেন। কিন্তু বেসামরিক মানুষের সুরক্ষায় আরও সতর্কতা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি।

বাইডেনের ভাষায়, ‘বিবি (নেতানিয়াহু) এমন প্রতিশ্রুতি দিতে কখনো দ্বিধা করতেন না, যেগুলো পূরণ করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটিই তার ছিল না।’ স্মৃতিকথায় তিনি উল্লেখ করেছেন, হামাসের ৭ অক্টোবরের হামলায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন ‘চূর্ণবিচূর্ণ’ হয়ে যায়। ওই দিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক দফা ফোনে কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কথা ইসরাইলি প্রধানমন্ত্রীকে জানাতে চেয়েছিলেন।

বাইডেন লিখেছেন, ‘আমি তাকে জানাতে চেয়েছিলাম, এমন দিন যেন আর কখনো ফিরে না আসে, তা নিশ্চিত করতে আমি কতটা দৃঢ়প্রতিজ্ঞ।’ হামাসের হামলায় হত্যাকাণ্ডের জবাব দিতে ইসরাইলের সংকল্প তিনি বুঝতে পারলেও সংঘাতের শুরু থেকেই লড়াইয়ের মধ্যে আটকে পড়া বেসামরিক মানুষের সুরক্ষায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

তার ভাষায়, ‘সংঘাতের শুরু থেকেই বেসামরিক মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার জন্য আমি ইসরাইলকে বলে আসছিলাম। বিবির সঙ্গে ব্যক্তিগত আলোচনায় বহুবার এসব উদ্বেগ জানিয়েছি। তিনি স্বীকার করেছিলেন, ক্রমবর্ধমান প্রাণহানি ইসরাইলের ভাবমূর্তি এবং যুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থনের ক্ষতি করছে।’

তবে বাইডেনের অভিযোগ, নেতানিয়াহু বারবার প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তব পদক্ষেপে রূপ নেয়নি। তিনি লিখেছেন, ‘একটি পরিচিত ধারা তৈরি হয়েছিল। তিনি আরও সতর্কতা নেওয়ার প্রতিশ্রুতি দিতেন, এরপরই আরেকটি আগ্রাসী অভিযান চালানো হতো, যাতে আরও বেসামরিক মানুষ নিহত হতেন। আমরা এ নিয়ে প্রশ্ন তুললে ইসরাইলিরা সব সময় কোনো না কোনো ব্যাখ্যা বা অজুহাত দিত। কিন্তু পরিণতি একই থাকত।’

বাইডেন আরও লিখেছেন, নেতানিয়াহু যে কঠিন চাপের মধ্যে কাজ করছিলেন, তা তিনি বুঝতেন। তবে নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক প্রয়োজনের পরিবর্তে একজন রাষ্ট্রনায়কের মতো চিন্তা করে ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় তার ব্যর্থতা বাইডেনকে হতাশ করেছিল।

গাজা নিয়ে মতবিরোধের বাইরেও দুই নেতার মধ্যে আস্থার সংকট ছিল বলে স্মৃতিকথায় উল্লেখ করেছেন বাইডেন। তিনি লিখেছেন, ‘আমাদের মধ্যে খুব বেশি আস্থা ছিল না। আমরা একে অপরের সঙ্গে সরাসরি কথা বলতে পারতাম, কিন্তু বিশ্বাসের জায়গাটি শক্ত ছিল না।’ নেতানিয়াহুর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু প্রবণতা ছিল বলেও উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। তার অভিযোগ, নেতানিয়াহু তথ্য-প্রমাণকে নিজের মতো করে উপস্থাপন করতে পারতেন এবং ব্যক্তিগত স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করতেও দ্বিধা করতেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের অনুষ্ঠানে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ এম


বিয়ের অনুষ্ঠানে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খান

মানিকগঞ্জে যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানকে গ্রেফতার করেছে স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৪ (সিপিসি-৩)। তিনি আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে গ্রেফতার হন।

গ্রেফতারির ঘটনাটি ঘটে রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে, যখন তাকে মানিকগঞ্জ পৌর ভবনের সামনে তার নিজ বাসা থেকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া হামজা খান মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া নগরভবন রোড এলাকার মৃত মালেক খানের পুত্র।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রেক্ষিতে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। একই দিনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার পর মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। উক্ত দুই মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর হামজা খান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। हाल हीতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছিল। রোববার তিনি এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে নিজ বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, "গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খানকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%