০১:০১ এম
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বালিশকাণ্ড এবং ফরিদপুর মেডিকেল কলেজের পর্দাকাণ্ড নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সরকারি কেনাকাটায় অস্বাভাবিক মূল্য নির্ধারণ, পণ্য সরবরাহে অনিয়ম এবং রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগের কারণে এসব ঘটনা দুর্নীতির প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে স্থানীয় সরকার বিভাগের কেনাকাটা ডিপিএমে কোটি কোটি টাকার ব্যয় এবং আসবাব ও যন্ত্রপাতি সরবরাহ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা ফ্যাসিবাদি আমলা যুগ্মসচিব ড. মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, এ তদন্ত প্রতিবেদন গায়েব করা হয়েছে। দুর্নীতির প্রতিবাদ করার কারণে এক যুগ্মসচিবকে বদলী করা হলেও ফ্যাসিবাদি ও অনিয়মের সাথে জড়িত কর্মকর্তারা এখনও স্থানীয় সরকার বিভাগে বহাল রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো: শহীদুল হাসান ইনকিলাবকে জানান, "আসলে মন্ত্রণালয়ের বিষয় নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীর সাথে কথা বলতে পারেন।"
জানা গেছে, জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপন এবং ২০২৪ সালের ডিসেম্বরে সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর বিভিন্ন মালামাল কেনার নামে কোটি কোটি টাকা ব্যয়ের হিসাব নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনাকাটা, বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক দাম নির্ধারণ এবং কাগজে-কলমে মালামাল সরবরাহ দেখিয়ে বিল পরিশোধের ঘটনা ঘটেছে। এসব দুর্নীতির মাস্টার মাইনে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) ড. মো. মনিরুল ইসলাম এবং প্রশাসন-২ শাখার প্রশাসনিক কর্মকর্তা হোসাইন আহমদ। সচিবালয়ের অগ্নিকাণ্ড-পরবর্তী কেনাকাটার সময় প্রশাসন-২ শাখার দায়িত্বে থাকা তৎকালীন সিনিয়র সহকারী সচিব মো. শফিকুর আলমের ভূমিকাও খতিয়ে দেখার দাবি উঠেছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামের বিরুদ্ধে একইভাবে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকার পরেও তিনি বহাল রয়েছেন।
আরও পড়ুন: দলিলে জমির পরিমাণ ও সীমানা যাচাইয়ের কার্যকর পদ্ধতি
পূর্বনির্ধারিত দিবস হলেও জরুরি ক্রয়ের যুক্তি দেখানো হয়েছে। জাতীয় স্থানীয় সরকার দিবস ২৫ ফেব্রুয়ারি। প্রতিবছর একই তারিখে দিবসটি পালনের বিষয়টি পূর্বনির্ধারিত। ফলে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় থাকার কথা। কিন্তু ২০২৫ সালের দিবস উদ্যাপনকে কেন্দ্র করে স্থানীয় সরকার বিভাগের কেনাকাটায় জরুরি পরিস্থিতির যুক্তি দেখানো হয়েছে। তদন্ত প্রাপ্ত নথিপত্র সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত এক সভায় নেওয়া হয়। অথচ সরাসরি ক্রয় পদ্ধতিতে ব্যয়ের অনুমোদন ও অর্থ ছাড়ের যৌক্তিকতা তুলে ধরে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয় ১০ ফেব্রুয়ারি। অর্থাৎ অনুষ্ঠানের মাত্র ১৫ দিন আগে। চিঠিতে ভেন্যু প্রস্তুত, মেডিকেল টিম, বিদ্যুৎ, অগ্নিনির্বাপণ, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, পানি সরবরাহ, ভিডিও ধারণ, সরাসরি সম্প্রচার এবং আপ্যায়নের মতো বিষয়গুলোকে জরুরি ব্যবস্থার আওতায় আনার কথা বলা হয়। এখানেই প্রশ্ন উঠেছে- প্রতি বছর নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত একটি জাতীয় দিবসের আয়োজন কেন শেষ মুহূর্তে জরুরি ক্রয়ের আওতায় নিতে হলো? নিয়মিত পরিকল্পনা ও প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কেনাকাটা করা সম্ভব ছিল না কেন? অর্থ বিভাগের কাছে পাঠানো প্রস্তাবে সরাসরি চুক্তির বিশেষ বিধানের উল্লেখ করে ব্যয়ের অনুমোদন চাওয়া হয়। এ খাতে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ‘অনুষ্ঠান উৎসবাদি’ খাতে পাঁচ কোটি টাকা বরাদ্দ থাকার কথা উল্লেখ করা হয়।
চার খাতে প্রায় ৯০ লাখ টাকার বিল পরিশোধের তথ্য পাওয়া গেছে। জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপনের নামে চারটি খাতে বিল পরিশোধ করা হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট বাবদ ২০২৫ সালের ১৮ মার্চ ৩২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা, রোড ব্র্যান্ডিং বাবদ ৩০ লাখ ৬১ হাজার ৩০০ টাকা, ভিডিও ডকুমেন্টরি বাবদ ১৩ লাখ ৩০ হাজার টাকা এবং আপ্যায়ন বাবদ ১৩ লাখ ৬৪ হাজার টাকা পরিশোধের তথ্য রয়েছে। চার খাতে মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৮৯ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা। ইভেন্ট ব্যবস্থাপনার বিলের তালিকায় মঞ্চের ব্যাকড্রপ, কার্পেট, ফুল, টেলিভিশন, এলইডি, সাউন্ড সিস্টেম, লাইট, বেলুন গেট, প্রবেশপথের সাজসজ্জা, ব্যানার এবং পরিবহন ব্যয়ের মতো খাত রয়েছে। রোড ব্র্যান্ডিংয়ের তালিকায় ল্যাম্পপোস্টের ফেস্টুন, সড়কের বিভিন্ন মোড়, ফুটওভার ব্রিজ এবং বিভিন্ন স্থানে কাঠের ফ্রেমিং ও ব্যানার স্থাপনের ব্যয় দেখানো হয়েছে। এসব ব্যয়ের পরিমাণ ও প্রকৃত সরবরাহ যাচাইয়ের দাবি উঠেছে। বিশেষ করে একই ধরনের সাজসজ্জা ও প্রচারণাসামগ্রীর জন্য একাধিক খাতে ব্যয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।
আপ্যায়ন খাতের ব্যয় সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। নথি অনুযায়ী, ১২০০ প্যাকেট লাঞ্চ বক্সের জন্য ১০ লাখ ২০ হাজার টাকা এবং ৮০০ প্যাকেট চালকের খাবারের জন্য ৩ লাখ ৪ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। অথচ অভিযোগ রয়েছে, ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং ঢাকায় অবস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থার সীমিতসংখ্যক কর্মকর্তা অংশ নিয়েছিলেন। এ অবস্থায় ১২০০ প্যাকেট খাবার কারা গ্রহণ করেছেন, ৮০০ চালকের খাবার কাদের জন্য সরবরাহ করা হয়েছে এবং খাবার বিতরণের কোনো তালিকা বা গ্রহণপত্র সংরক্ষিত আছে কি না-এসবের নানান প্রশ্ন উঠেছে। অনুষ্ঠানে উপস্থিতির তালিকা, খাবার সরবরাহকারীর বিল, ভাউচার এবং বিতরণ সংক্রান্ত নথি যাচাই করলেই প্রকৃত রহস্য বের হবে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) ড. মো. মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
আরও পড়ুন: হুথিদের সৌদি তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন