ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১২, আহত ৩৯


রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১২, আহত ৩৯

রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরো ৩৯ জন।

সোমবার শহরের মেয়র রাদমির বেলিয়ায়েভ এই তথ্য জানিয়ে বলেন, হামলার লক্ষ্য ছিল শহরের শিল্প ও বেসামরিক স্থাপনা। হামলায় তাতারস্তানের একটি তেল শোধনাগারেও আঘাত হেনেছে বলে রুশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এটি রাশিয়ার আধুনিক প্রযুক্তির তেল শোধনাগারগুলোর মধ্যে একটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তেল শোধনাগার বলে মনে হওয়া একটি স্থাপনার ওপর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল

নিঝনেকামস্কের তানেকো তেল শোধনাগারে এর আগেও ইউক্রেন হামলা চালিয়েছে। চলতি বছরের জুনের শুরুতে এই স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

তানেকো শোধনাগারটি রাশিয়ার অন্যতম বড় তেল শোধনাগার। এটি তাতনেফত কোম্পানির মালিকানাধীন। ২০২৪ সালে শোধনাগারটিতে প্রায় ১ কোটি ৭০ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হয়। একই সময়ে সেখানে প্রায় ২৭ লাখ টন পেট্রল এবং ৮৫ লাখ টন ডিজেল উৎপাদন করা হয়। ফলে রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এই শোধনাগারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

হামলায় হতাহতের ঘটনায় তাতারস্তানের প্রধান রুস্তাম মিনিখানভ শোক পালনের ঘোষণা দিয়েছেন। নিঝনেকামস্কের মেয়র বেলিয়ায়েভ জানিয়েছেন, নিহতদের স্মরণে শোক পালন করা হবে। তবে হামলায় তেল শোধনাগার বা অন্যান্য স্থাপনার কতটা ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়িয়েছে ইউক্রেন।

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে থাকা তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনা ইউক্রেনের ড্রোন হামলার অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে। এসব হামলার কারণে রাশিয়ার কিছু এলাকায় জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। কোথাও কোথাও পেট্রল ও অন্যান্য জ্বালানি পেতে মানুষের ভোগান্তির খবরও পাওয়া গেছে।

আরও পড়ুন: কসোভোতে মুসলিম দেশ হিসেবে অন্য এক দৃষ্টান্ত: ক্যাথলিক নারী নির্বাচিত প্রেসিডেন্ট

তবে রুশ কর্তৃপক্ষ বলছে, হামলার কারণে শুরুতে যেসব জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তার বেশির ভাগই পরে সমাধান করা হয়েছে। নিঝনেকামস্কে সর্বশেষ হামলার পরও স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। হামলার ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা আরো বাড়তে পারে কি না, তা এখনো স্পষ্ট নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহবন্দী সু চির মুক্তিতে আসিয়ানের চাপ, যা বলল জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


গৃহবন্দী সু চির মুক্তিতে আসিয়ানের চাপ, যা বলল জান্তা সরকার

মিয়ানমারের সামরিক জান্তা সরকার নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে। কারাবন্দী সাবেক নেত্রী অং সান সু চির নিঃশর্ত মুক্তির বিষয়ে আসিয়ানের নতুন আহ্বানকে দেশটি সাফ নাকচ করেছে। একইসাথে, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, এই জোটের পক্ষ থেকে নতুন কোনো বিশেষ দূত নিয়োগের প্রয়োজন নেই।

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে, ‘মানবিক কারণে তার (সু চি) সাজা কিছুটা কমানো হয়েছে, তবে পূর্ণাঙ্গ ও নিঃশর্ত মুক্তি দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে।’

বিশেষ দূত নিয়োগের বিষয়ে জান্তা সরকার জানিয়েছে, আসিয়ানের বর্তমান বিশেষ দূত ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া থেরেসা লাজারোর সঙ্গে তারা কার্যক্রম চালিয়ে যাবে। তবে ২০২৭ সালে সিঙ্গাপুর আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ার পর, নতুন করে বিশেষ দূত নিয়োগের প্রয়োজনীয়তা নেই। সামরিক জান্তার দাবি, বর্তমানে জনগণের প্রকৃত ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন মিয়ানমারের তৎকালীন সেনাপ্রধান মিন অং হ্লাইং। ক্ষমতা দখলের পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাজনৈতিক বৈধতা অর্জন ও আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারের নানা কৌশল গ্রহণ করেন তিনি, তবে অভ্যন্তরীণ দমন-পীড়ন থামাননি।

২০২১ সালের এপ্রিলে, সহিংসতা বন্ধ এবং সংঘর্ষে লিপ্ত পক্ষগুলোর মধ্যে সংলাপ শুরুর উদ্যোগ নিয়ে আসিয়ান একটি বিশেষ পাঁচ দফা শান্তি পরিকল্পনা গ্রহণ করে। ওই পরিকল্পনাটি কোনো বিশেষ দূতের মাধ্যমে বাস্তবায়নের কথা ছিল। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় জান্তাপ্রধান মিন অং হ্লাইংকে আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকগুলো থেকে বাদ দেওয়া হচ্ছে।

মায়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা কমাতে সম্প্রতি কিছুটা নমনীয়তা দেখিয়েছে জান্তা সরকার। গত পাঁচ বছরের মধ্যে প্রথমবার, গত সপ্তাহে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) একজন প্রতিনিধিকে সু চির সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।

আসিয়ানের বর্তমান সভাপতি ফিলিপাইন এই বৈঠককে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। পাশাপাশি, জোটটি রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার পাশাপাশি সু চির পূর্ণাঙ্গ ও নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

অং সান সু চি বর্তমানে রাজধানী নেপিডোর একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। সু চির সমর্থক ও মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ রাজনৈতিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টদের নাম নিয়ে বিএনপিতে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টদের নাম নিয়ে বিএনপিতে ক্ষোভ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুমারিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশের পর অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। প্রকাশিত তালিকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নাম থাকার অভিযোগে স্থানীয় প্রার্থী ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে নাগেশ্বরী উপজেলা পরিষদের নোটিশ বোর্ডে তথ্য সংগ্রহকারী পদে ১৬৮ জন, অপেক্ষমাণ ৭৭ জন এবং সুপারভাইজার পদে ১৭ জন ও অপেক্ষমাণ তিনজনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুই ধাপে দুই পদে প্রায় চার হাজার আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে প্রায় তিন হাজার পাঁচশত প্রার্থী পরীক্ষায় অংশ নেন।

প্রকাশিত তালিকা পর্যালোচনা করে কয়েকজন প্রার্থী অভিযোগ করেন, পাঁচটি ইউনিয়ন ও পৌরসভায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। নারায়ণপুর ইউনিয়নের ৩৭ নম্বর ক্রমিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বেরুবাড়ী ইউনিয়নের ৬৭ নম্বর ক্রমিকে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং নেওয়াশী ও সন্তোষপুর ইউনিয়নের তালিকায় ছাত্রলীগের কর্মীদের নাম রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পৌরসভায় জাতীয় পার্টির ছাত্রসমাজের এক সদস্যের নাম থাকারও অভিযোগ রয়েছে।

এ ছাড়া পৌরসভা, মালভাঙ্গা, বামনডাঙ্গা ও কালীগঞ্জ ইউনিয়নে সুপারভাইজার পদে সংশ্লিষ্ট ইউনিয়নের বাইরে থেকে প্রার্থী এনে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন অভিযোগ করে বলেন, তিনি কালীগঞ্জ ইউনিয়নের সুপারভাইজার পদে পরীক্ষা ও ভাইবায় উত্তীর্ণ হলেও তাকে বাদ দিয়ে অন্য ইউনিয়নের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টিকে তিনি বৈষম্য ও অবিচার হিসেবে উল্লেখ করেন।

রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তালিকায় একই পরিবারের একাধিক সদস্য, স্বামী-স্ত্রী দুজনের নাম, একজনের নাম একাধিক ক্রমিকে থাকা এবং এক পদের প্রার্থীকে অন্য পদে নিয়োগ দেওয়ার অভিযোগও করেছেন প্রার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, বামনডাঙ্গা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ওয়ার্ড থেকে কোনো প্রার্থী না নেওয়া হলেও একটি ওয়ার্ড থেকেই চারজনকে তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া রায়গঞ্জ ইউনিয়নের ১৬ ও ১৮ নম্বর, নুনখাওয়া ইউনিয়নের ১৪২ ও ১৪৩ নম্বর এবং কালীগঞ্জ ইউনিয়নের ৮৫ ও ৮৬ নম্বর ক্রমিকসহ কয়েকটি তালিকায় একই পরিবারের একাধিক সদস্য ও স্বামী-স্ত্রীর নাম থাকার অভিযোগ পাওয়া গেছে।

তালিকা পর্যালোচনায় আরও দেখা যায়, ধনীরামপুরের জাহিদ হাসানের নাম সন্তোষপুর ইউনিয়নের ১২৩ ও ১২৯ নম্বর ক্রমিকে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একইভাবে কচাকাটা ইউনিয়নের ধনীরামপুর গ্রামের লিসা মনি খাতুনের নাম তথ্য সংগ্রহকারী পদে কেদার ইউনিয়নের ১৬০ এবং কচাকাটা ইউনিয়নের ৩৩ নম্বর ক্রমিকে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিয়োগ প্রক্রিয়ায় ভাইবার মূল্যায়ন পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন প্রার্থীরা। ভাইবা বোর্ডের সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, যারা পাস করেছেন তাদের পাস এবং যারা ফেল করেছেন তাদের ফেল দেখানো হয়েছে; কোনো নম্বর দেওয়া হয়নি, বরং সংকেত ব্যবহার করা হয়েছে।

তবে ওই সংকেতের ভিত্তিতে কীভাবে চূড়ান্ত ফল নির্ধারণ করা হয়েছে এবং মূল্যায়নের নির্দিষ্ট মানদণ্ড কী ছিল—এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি অফিসে গিয়ে কথা বলার অনুরোধ করেন এবং ফোনে বিস্তারিত বলতে পারবেন না বলে জানান।

ভাইবা বোর্ডের সদস্য ও উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী ফিরোজ কবীর জানান, দুই ধাপে প্রায় তিন হাজার পাঁচশত প্রার্থী ভাইবা পরীক্ষায় অংশ নিয়েছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, অনিয়মের অভিযোগে সমাজসেবা কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়ে সংশ্লিষ্টদের নাম প্রত্যাহারের চেষ্টা করা হবে।

অভিযোগের বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মিটিংয়ে ব্যস্ত থাকার কথা জানান। পরে কলব্যাক করার কথা বললেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে লিখিত প্রশ্ন পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়ার অভিযোগগুলো তদন্ত করে স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় প্রার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মৌলভীবাজার

দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ক্ষোভ বাড়ছে চা শ্রমিকদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ক্ষোভ বাড়ছে চা শ্রমিকদের

নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা মামলা প্রত্যাহার ও দ্রুত ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে রবিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন চা শ্রমিকরা। এই সমাবেশের স্থান ছিল শ্রীমঙ্গল শহরে অবস্থিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। প্রক্রিয়াটি চলাকালীন, বিভিন্ন চা-বাগানে ভারপ্রাপ্তদের দ্বারা কমিটি পরিচালনার অভিযোগও তুলে ধরেন তারা।  

দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়ায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে, এই কারণে চা শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করেন। শ্রমিক নেতাদের বক্তব্য ছিল, নির্বাচনের অভাবে শ্রমিকদের অধিকার আদায় এবং সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বালিশিরা ভ্যালির ৬৪টি চা-বাগানের পঞ্চায়েত কমিটির জরুরি সভায় সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা।  

সভায় বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ার কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন বাগানে নির্বাচিত কমিটির পরিবর্তে ভারপ্রাপ্তদের দ্বারা সংগঠন পরিচালনা করায় শ্রমিকদের দাবি আদায় কার্যকরভাবে হচ্ছে না।  

বক্তাদের মতে, একটি শক্তিশালী ও কার্যকর শ্রমিক সংগঠন গড়ে তুলতে নিয়মিত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের প্রক্রিয়ায় যে বাধা রয়েছে, সেই বাধাগুলি দ্রুত নিরসনের দাবি জানান তারা। এবং নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে এমন মামলা দ্রুত প্রত্যাহার বা নিষ্পত্তির উদ্যোগ নেওয়ারও দাবি করেন।  

পরে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা অভিযোগ করেন, ‘একটি পক্ষ আদালতে মামলা করে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছে। এর ফলে দীর্ঘদিন ধরে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না।’  

তিনি উল্লেখ করেন, চা শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত শ্রমিকদের অধিকার, মজুরি ও বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ফলে, যদি নির্বাচন-জটিলতার দ্রুত অবসান না হয়, তাহলে শ্রমিক অসন্তোষ আরো বৃদ্ধি পেতে পারে।  

বিজয় হাজরা বলেন, ‘মামলার নিষ্পত্তি হলে দ্রুত নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে।’ তিনি শ্রমিকদের স্বার্থে আর বিলম্ব না করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান। চা শ্রমিক নেতাদের মতে, দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নের নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো নিয়ে শ্রমিকদের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার মাধ্যমে বিদ্যমান জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত নির্বাচনের পথ সুগম করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার পর এবার সরকারি অফিসে বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার পর এবার সরকারি অফিসে বন্দুক হামলা

ব্যাংককের উপকণ্ঠে ননথাবুরি প্রদেশের একটি সরকারি কার্যালয়ে বন্দুক হামলার একটি ঘটনা ঘটেছে। সোমবারের এই ঘটনায় এক ঊর্ধ্বতন প্রাদেশিক কর্মকর্তা ও তাঁর চালক আহত হন। পুলিশ সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

ননথাবুরি পুলিশের কমান্ডার মেজর জেনারেল ডেজরাপি কংডি জানিয়েছেন, হামলাকারী একজন সাবেক আইনপ্রণেতা। তিনি ননথাবুরি প্রাদেশিক প্রশাসনিক সংস্থার কার্যালয়ে ওই কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালান। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার মাত্র কয়েকদিন আগে একই প্রদেশের একটি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরের বন্দুক হামলায় হামলাকারীসহ নয়জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। ২০২২ সালের পর এটি থাইল্যান্ডের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

শুক্রবারের ওই ঘটনার পর সোমবার দেশটির স্কুলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়। রাজধানীর দেবসিরিন ননথাবুরি স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্কুল হামলার ঘটনার পর থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় আগামী তিন মাসের মধ্যে নতুন নিরাপত্তা প্রটোকল তৈরির ঘোষণা দিয়েছে। এতে মানসিক স্বাস্থ্য পরীক্ষা, জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোর মহড়া, র‌্যাগিং প্রতিরোধ এবং অস্ত্র ও নিষিদ্ধ সামগ্রী শনাক্তকরণের ব্যবস্থা জোরদারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, বন্দুক হামলার পর প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল দেশে অস্ত্র নিয়ন্ত্রণ আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন। পুলিশের উদ্দেশ্যে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থানে চেকপয়েন্ট স্থাপনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

আনুতিন উল্লেখ করেছেন, জনসমক্ষে কারও আগ্নেয়াস্ত্র বহনের অধিকার নেই। তিনি বলেন, আত্মরক্ষার অজুহাতেও প্রকাশ্যে অস্ত্র বহনের কোনো যৌক্তিকতা নেই। তথ্যসূত্র: রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%