০৭:১৫ এম
ছেলে যদি কখনো প্রেম না করে, তবে ধুমধাম করে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ের আয়োজন করবেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার উত্তরতরা গ্রামের হোসেন আলীর দ্বারা পণ করা ছিল এমনই এক অদ্ভুত পরিকল্পনা। আর ঠিক যেমন কথা, তেমন কাজ! এবার তিনি সত্যি সত্যিই হেলিকপ্টারে চেপে ছেলের বউকে ঘরে তুললেন।
শুক্রবার বিকেলে ঘিওর উপজেলার উত্তরতরা গ্রামে এমন দৃশ্যের দেখা মিলল।
জানা যায়, ঘিওর উপজেলার উত্তরতরা গ্রামের হোসেন আলীর ছেলে কামরুল হাসান কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়াননি। সবসময় তিনি ভদ্র ও মার্জিতভাবে চলাফেরা করেছেন। তাঁর বাবার প্রতিশ্রুতি ছিল যে, ছেলে যদি প্রেম না করে এবং নিজের চরিত্র ও ভদ্রতা বজায় রাখে, তবে তিনি রাজকীয়ভাবে হেলিকপ্টারে বর সাজিয়ে বউ আনতে পাঠাবেন।
আরও পড়ুন: জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১৫
অবশেষে পার্শ্ববর্তী সিংগাইর উপজেলার চারিগ্রাম মধ্যপাড়া মোবারক হোসেনের কন্যা মুন্নী আক্তারের সঙ্গে পারিবারিকভাবে কামরুলের বিয়ে ঠিক হয়।
শুক্রবার বিকেলে সুসজ্জিত হেলিকপ্টারে চড়ে বর কামরুল কনে মুন্নী আক্তারকে নিজের বাড়িতে নিয়ে আসেন। এমন অভিনব ও রাজকীয় আয়োজনে বর-কনেকে দেখতে ভিড় জমান স্থানীয় গ্রামবাসী। শৌখিন এই বাবার এমন কাণ্ডে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
হেলিকপ্টারের বিয়ে দেখতে আসা এক দর্শনার্থী মো. সজিব মিয়া জানান, এটি শুধু একটি বাবার কথা রাখা নয়। সত্যিকার অর্থেই প্রত্যেক ছেলেকে বাজে আড্ডা, বাজে নেশা ছেড়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী চলা উচিত। এটি তার একটি উদাহরণ হয়ে থাকবে।
এ বিষয়ে বরের বাবা হোসেন আলী এক অনুভূতিতে বলেন, আমার কথা আমি রেখেছি। ছেলে আমার কথা শুনেছে, ভদ্রভাবে চলেছে, কোনো প্রেমে জড়ায়নি। তাই নিজের শখ ও কথা রাখতেই হেলিকপ্টার ভাড়া করে ছেলের বউকে বাড়িতে নিয়ে এলাম।
আরও পড়ুন: বরিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র্যালির মাধ্যমে উদযাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন