ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘জনগণ আজ অসহায়’, নাহিদ ইসলামের কাছে ২ মন্ত্রীর পদত্যাগের দাবি


‘জনগণ আজ অসহায়’, নাহিদ ইসলামের কাছে ২ মন্ত্রীর পদত্যাগের দাবি

চাঁদাবাজি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য সরকারের চরম ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এনসিপির ঘোষিত গণবিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই দাবি উত্থাপন করেন।

রাজধানীর কারওয়ান বাজারে জনসংযোগ কর্মসূচির শুরুতে নাহিদ ইসলাম মন্তব্য করেন, ‘কারওয়ান বাজার এলাকা সবচেয়ে বেশি চাঁদাবাজির শিকার হয়। তাই এখান থেকেই আমরা এই গণসংযোগ কর্মসূচি শুরু করছি। সারা দেশে যে সন্ত্রাস ও চাঁদাবাজ সিন্ডিকেট গড়ে উঠেছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।’

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

সরকারের বিরুদ্ধে সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘দেশে আজ গণমাধ্যমের স্বাধীনতা চরম আকার ধারণ করেছে। সাংবাদিকদের ওপর প্রকাশ্যে হামলা করার উসকানি দেয়া হচ্ছে। সরকারের সমালোচনা করার কারণে ইতোমধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনকে নাম বদলে সাইবার নিরাপত্তা আইন বানিয়ে আগের মতোই দমনপীড়ন চালানো হচ্ছে।’

দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “বাজেট অধিবেশনে বিএনপি সরকার বলেছিল যে পণ্যের দাম বাড়বে না। কিন্তু বাস্তবে অকটেন ও ডিজেলের দাম পরপর তিনবার বাড়ানো হয়েছে। ‘জনগণ আজ অসহায়’, সরকারের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। এই পরিস্থিতির পূর্ণ দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং মন্ত্রিপরিষদ পুনর্গঠন করতে হবে।”

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলার ক্রমাবনতি নিয়ে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এই কারণে আজ থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর ঢাকা মহানগরের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের সমালোচনা করে বলেন, ‘নির্বাচনের পর সাধারণ মানুষ পরিস্থিতির উন্নতির আশা করেছিল, কিন্তু বাজারে সবজি কিনতে গেলে মাংসের দাম এবং মুরগি কিনতে গেলে গরুর মাংসের দাম দিতে হচ্ছে। জ্বালানির মূল্য বৃদ্ধির রেকর্ড হয়েছে। জনগণের এ সমস্যা সমাধানে সরকার দায়িত্বশীল আচরণ করছে না। রাজপথ এবং সংসদ–দুই জায়গাতেই আমরা জনগণের কথা তুলে ধরব।’

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে বালুবাহী ট্রাকের চাপায় মা-ছেলে নিহত, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


ফরিদপুরে বালুবাহী ট্রাকের চাপায় মা-ছেলে নিহত, আহত ৮

ফরিদপুরে বালুবাহী ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুই জন মা ও ছেলে। নিহতদের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় অবস্থিত।

শুক্রবার (২৩ অক্টোবর) পৌনে ৪টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার তেতুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদপুর থেকে বালুবোঝাই একটি ট্রাক তেতুলতলা এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা বালুর নিচে চাপা পড়ে একটি ইজিবাইক ও একটি প্রাইভেটকার। গুরুতর আহত হয় ইজিবাইকে থাকা ৪ জন এবং প্রাইভেটকারে থাকা ৪ জন। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমী আক্তার (৩২) ও তার ছেলে শাওন (০৭) কে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের কর্মসূচি

২০০৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডির দুই দশক পূর্তি উপলক্ষে এবং সেই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন কর্মসূচি পালন করবে।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ অক্টোবর সকাল ১০টায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) -এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২৮ অক্টোবর জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করবে।

এছাড়াও, সারা দেশে সংগঠনের জেলা ও মহানগরী শাখাগুলো বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান কর্মসূচি পালন করবে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আওয়ামী লীগ লগি বৈঠার নজিরবিহীন তাণ্ডব চালিয়ে ও নৃশংসভাবে মানুষকে পিটিয়ে হত্যা করে প্রায় দুই দশকের ফ্যাসিবাদ কায়েম করেছিল। ফ্যাসিবাদী দলটি পল্টন ট্রাজেডি ঘটানোর মাধ্যমে দেশের গণতন্ত্র হত্যা এবং নাগরিক অধিকার হরণ করে রেখেছিল দীর্ঘ দুই দশক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচারে আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচারে আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!

ভারত-পাকিস্তান সীমান্তে বলিউডের নতুন সিনেমা উড়তা তীর-এর প্রচারের সময় অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং অভিনেত্রী সারা আলি খান। আটারি-ওয়াঘা সীমান্তে সিনেমার প্রচারের সময় পাকিস্তানের দিক থেকে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের তাজদার-এ-হারাম গানটি উচ্চ শব্দে বাজানো হয়। এর ফলে আয়ুষ্মান ও সারার বক্তব্য দর্শকদের কাছে স্পষ্টভাবে পৌঁছাতে ব্যর্থ হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) অমৃতসর ও আটারি-ওয়াঘা সীমান্তে উড়তা তীর সিনেমার প্রচারদল উপস্থিত হয়। আয়ুষ্মান ও সারা মাইক্রোফোন হাতে নিয়ে দর্শকদের উদ্দেশে কথা বলতে শুরু করেন। কিন্তু পাকিস্তানের দিক থেকে উচ্চ শব্দে গান বাজতে থাকায় তাদের কথা শোনা কঠিন হয়ে পড়ে।

এই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, দুই অভিনেতা দর্শকদের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেন। তবে গানটির উচ্চ শব্দে তাদের বক্তব্য অনেকটাই ঢাকা পড়ে যায়।

এর আগে আয়ুষ্মান ও সারা এই আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। সেখানে সারা ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, "তাদের প্রতিদিনের শক্তি ও আত্মত্যাগ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করে।" তবে প্রকাশিত ভিডিওটিতে আয়োজনের সরাসরি শব্দ শোনা যায়নি।

অমৃতসর সফরের সময় সারা আলি খান স্বর্ণমন্দিরেও যান। সেখানে প্রার্থনার সময় তার আবেগাপ্লুত হয়ে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নেপালে নিষিদ্ধ সিনেমা উড়তা তীর

ভারতে মুক্তি পেলেও নেপালে নিষিদ্ধ হয়েছে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত সিনেমাটি। নেপালের চলচ্চিত্র সমালোচক সামিপ্যরাজ তিমিলসিনার তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি সাজানো হওয়ায় দেশটিতে এটি মুক্তির অনুমতি দেওয়া হয়নি।

নেপালের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, অন্য কোনো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে কিংবা বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন সিনেমা নিষিদ্ধ করার বিধান দেশটিতে রয়েছে।

কী আছে সিনেমার গল্পে?

উড়তা তীরকে দেশাত্মবোধক হাস্যরসাত্মক সিনেমা হিসেবে তুলে ধরা হচ্ছে। এতে আয়ুষ্মান খুরানাকে পাকিস্তানি এক গুপ্তচরের চরিত্রে দেখা যাবে, যিনি একটি বিশেষ মিশনে ভারতে প্রবেশ করেন। কিন্তু দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেললে তাকে ভারতীয় গুপ্তচর বলে বিশ্বাস করানো হয়। এ ঘটনা থেকেই তৈরি হয় নানা হাস্যরসাত্মক পরিস্থিতি।

আকাশ কৌশিক পরিচালিত সিনেমাটিতে আয়ুষ্মানের সঙ্গে অভিনয় করেছেন সারা আলি খান। ২৩ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজাপুরে মানববন্ধনকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


রাজাপুরে মানববন্ধনকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন বিভক্তির প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

এই আদেশ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে শুরু হয়ে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গালুয়া বাজার ও তার সংলগ্ন এলাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে যে, গালুয়া বাজার ও তার সংলগ্ন এলাকায় সমাবেশের উদ্দেশ্যে প্রবেশ, মাইক বা শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার, এবং নির্ধারিত এলাকার মধ্যে পাঁচ বা তার অধিক ব্যক্তির একত্রে চলাচল, সমাবেশ, মিছিল ও সভা নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ রয়েছে।

জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের একটি ডিও (ডেমি অফিসিয়াল) চিঠিতে রাজাপুর পৌরসভা গঠন এবং গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন করার প্রস্তাবের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া দেখা দেয়।

গালুয়া ইউনিয়নের অখণ্ডতা রক্ষার দাবিতে শুক্রবার বিকেল ৪টায় গালুয়া বাজারে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রচারপত্রে ইউনিয়ন বিভক্তির উদ্যোগ বাতিল, প্রশাসনিক সেবার মানোন্নয়ন, জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনে পুলিশ ফাঁড়ি স্থাপন এবং গালুয়াকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, বৃহত্তর পুটিয়াখালীকে ৭ নম্বর ইউনিয়ন ঘোষণার দাবিতে একই দিন বিকেল ৩টায় গালুয়া ইউনিয়ন পরিষদের সামনে পৃথক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বৃহত্তর পুটিয়াখালীর সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব জানিয়েছেন, গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন করার প্রস্তাব নিয়ে একই স্থানে পক্ষে-বিপক্ষে দুটি পক্ষ মানববন্ধনের ডাক দিয়েছে। মানববন্ধনে প্রশাসনের কোনো বাধা নেই। তবে একই স্থানে দুটি পক্ষের কর্মসূচি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%