বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:২০ পি.এম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশগ্রহণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ান কর্তৃক আয়োজিত মধ্যাহ্নভোজে।
এই মধ্যাহ্নভোজটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে আন্তরিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় ঘটে।
মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ডা. জুবাইদা রহমান অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা অবস্থান করছেন।
ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সফরে তুরস্কে রয়েছেন। সফর শেষে আগামীকাল শুক্রবার তারা দেশে ফিরবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন যে, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি আরও বলেছেন, জনসমর্থনহীন কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হবে না। জনগণই এসব অপতৎপরতা প্রতিহত করবে।
তিনি উল্লেখ করেন, ‘যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনো টিকে থাকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে।’
আজ রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী আরও বলেন, বিগত সরকারের সময় দেশের অর্থ পাচার ও বিভিন্ন ধরনের দেশবিরোধী অপতৎপরতা চালানো হয়েছে। বর্তমানে বিভিন্নভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের বাড়িতে হামলার মতো ঘটনাও ঘটেছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের পরিকল্পিত ও কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।
ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় এবং সামনে এগোনোর পথ সংকুচিত হয়ে আসে, তখনই বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাক্সক্ষা থেকে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল।
তিনি আরও বলেন, সেই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
ইতিহাসের উদাহরণ টেনে বিএনপির এই নেতা বলেন, জার্মানিতে হিটলারের শাসনামলে অনেক প্রখ্যাত দার্শনিক ও সাহিত্যিক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। বাংলাদেশেও বিগত স্বৈরাচারী সরকারের সময়ে অনেক পরিচিত বুদ্ধিজীবী সরকারের পক্ষে কাজ করেছেন।
স্বাধীনতার পর প্রখ্যাত লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরতে না দেওয়ার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিবেক, মনুষ্যত্ব এবং প্রতিকূল সময়ে সত্যের পক্ষে দাঁড়ানোর মধ্যেই শিক্ষার প্রকৃত সার্থকতা নিহিত।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা গাদি আইজেনকোট বৃহস্পতিবার (১২ নভেম্বর) একটি বৈঠকে মিলিত হচ্ছেন। তারা দেশের কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যৌথভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে নেতানিয়াহুর সামরিক সচিব গাই মার্কিজানোও উপস্থিত থাকবেন। তবে বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে বুধবার, নিয়মিত গোয়েন্দা তথ্য এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং নিশ্চিত করার জন্য আইজেনকোট দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপের আবেদন জানান। সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইনপ্রণেতা হিসেবে এবং পার্লামেন্টে আনুষ্ঠানিক বিরোধীদলীয় নেতা না থাকায় তিনি নিয়মিত গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি করেন।
আইজেনকোটের এই দাবি এমন সময় সামনে এসেছে, যখন নেতানিয়াহুর ইরানে সামরিক অভিযান চালানোর আগ্রহের খবর প্রকাশিত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে এমন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে আইজেনকোট নেতানিয়াহুকে সতর্ক করেছেন যে, জরুরি নয় এমন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া উচিত নয়। বিরোধী নেতার মতে, এ ধরনের পদক্ষেপ ইসরাইলের গণতন্ত্রের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ ডেকে আনতে পারে।
এদিকে, নেসেটের গুরুত্বপূর্ণ দুটি কমিটির নিয়ন্ত্রণ নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছে গাদি আইজেনকোটের জোট। তবে পার্লামেন্টে প্রভাব বৃদ্ধি সত্ত্বেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন নিশ্চিত করতে পারেননি তিনি। অতি-ধর্মীয় দল ও আরব দলগুলোর সমর্থন নিয়ে জোটের হিসাব জটিল হয়ে পড়েছে।
বুধবার (১১ নভেম্বর) সংসদীয় বিন্যাস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আইজেনকোটের জোটের আভিগদর লিবারম্যান পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির অস্থায়ী প্রধান হচ্ছেন। আর অর্থ কমিটির দায়িত্ব পেয়েছেন লিরান আভিসার বেন-হোরিন। এই দুই কমিটির নিয়ন্ত্রণ পাওয়ার ফলে সংসদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতিনির্ধারণে নেতানিয়াহুবিরোধী জোটের প্রভাব বৃদ্ধি পেয়েছে।
তবে সংসদীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি সত্ত্বেও সরকার গঠনের পথ এখনও পরিষ্কার নয়। নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮ আসন পেয়েছে, যেখানে নেতানিয়াহুর পক্ষে থাকা দলগুলোর আসন ৫৩। বাকি ১৯ আসন আরব দলগুলোর। সরকার গঠনে ৬১ আসন প্রয়োজন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেতে আইজেনকোটকে অতি-ধর্মীয় দলগুলোর সমর্থন নিতে হবে, অথবা আরব দলগুলোর সহযোগিতা প্রয়োজন হবে।
কিন্তু উভয় ক্ষেত্রেই বাধা রয়েছে। অতি-ধর্মীয় দলগুলো আইজেনকোটের সর্বজনীন সামরিক সেবার নীতির সঙ্গে একমত নয়। অন্যদিকে, আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন জোটের নেতা ইয়ার গোলান। তবে জোটের অন্যান্য নেতারা আরব দলগুলোকে সরকারে অংশীদার করার বিষয়ে আপত্তি জানিয়েছেন। এর ফলে সরকার গঠনের কৌশল নিয়ে আইজেনকোটের জোটের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, "বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না।" তিনি উল্লেখ করেন, যারা মশাল মিছিল করে ইকোনমি ধ্বংস করছে এবং গাড়িতে আগুন দিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেয়া হবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরো জানান, ফরিদপুর জেলাসহ আশপাশের কয়েক থানার ওসিদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। তারা সার্বিক পরিস্থিতি নিয়ে সব সময় সতর্ক অবস্থায় মাঠে থাকবে। এ জন্য অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে ফরিদপুরে বাসে আগুন ও চালকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন তিনি।
ডিআইজি জানান, ভাঙ্গায় মশাল মিছিলের ঘটনায় ২শ ৫০ জনের নামে মামলা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, ভাঙ্গা থানাসহ আশপাশের কয়েক থানার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন মো. মোস্তাফিজুর রহমান।
গত ৯ নভেম্বর দিবাগত রাতে ফরিদপুর শহরের পৌর বাস টার্মিনাল সংলগ্ন বাসে আগুনের ঘটনায় চালকের মৃত্যু এবং ভাঙ্গায় মশাল মিছিলের প্রসঙ্গ তুলে ধরেন ডিআইজি। তিনি বলেন, ভাঙ্গায় যারা মশাল মিছিল করেছে এবং ফরিদপুরে গাড়িতে আগুন ধরিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পৃথক ঘটনায় ফরিদপুরে ও ভাঙ্গায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি) উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এক সেবাপ্রত্যাশী জমিসংক্রান্ত তথ্য জানতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আহসানুল হকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, প্রয়োজনীয় তথ্য না দিয়ে তাঁকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্টো তিনি জানতে চান, “আপনি কে?” এক পর্যায়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন বলেও জানান।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে নাগেরপাড়া ইউনিয়নের বড়কালি নগর এলাকার বাসিন্দা মাসুদ আলম তাঁর বাবার সম্পত্তিসংক্রান্ত কিছু তথ্য জানার জন্য ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় তথ্য চাইলেও ভূমি কর্মকর্তা আহসানুল হক তাঁকে উপজেলা রেকর্ড রুমে যাওয়ার পরামর্শ দেন। এরপর এক পর্যায়ে দুর্ব্যবহার করে তাঁকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
ভূমি কর্মকর্তার বক্তব্য জানার জন্য সাংবাদিকরা তাঁর কার্যালয়ে যান। অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “আপনি আমাকে প্রশ্ন করার কে?” এ সময় তিনি সাংবাদিকদের ক্যামেরার বিপরীতে নিজের মোবাইল ফোনের ক্যামেরাও চালু করেন। পরে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, আহসানুল হক নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে অন্তত সাড়ে চার বছর ধরে কর্মরত আছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে তিনি কিছু অভিযোগের সম্মুখীন হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, তিনি কার্যালয়ের বিভিন্ন কাজে বহিরাগত নিকটাত্মীয় ব্যক্তিদের ব্যবহার করেন।
ভুক্তভোগী মাসুদ আলম বলেন, "আমি আমার বাবার একটি সম্পত্তির বিষয়ে কিছু তথ্য জানতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনো তথ্য না দিয়ে উপজেলা রেকর্ড রুমে যেতে বলেন। একপর্যায়ে আমাকে তাঁর কক্ষ থেকে বের করে দেন। তিনি চাইলে বিষয়টি বুঝিয়ে বলতে পারতেন, ভালো ব্যবহার করতে পারতেন। একজন সেবাপ্রত্যাশীর সঙ্গে এমন আচরণ সত্যিই দুঃখজনক। এর আগেও আরেকটি জমির বিষয়ে তথ্য জানতে গেলে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।"
স্থানীয় বাসিন্দা আব্দুর রব বলেন, "ভূমি অফিসে মানুষ আসে নিজেদের জমিজমার প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে। সেখানে কোনো কর্মকর্তা যদি সেবাপ্রত্যাশীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সরকারি কর্মকর্তাদের দায়িত্ব মানুষের ভোগান্তি কমানো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা নয়। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।"
এ বিষয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, "আপনাদের কাছ থেকেই নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের বিষয়ে জানতে পেরেছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ