ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি ডিআইজির


বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি ডিআইজির

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, "বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না।" তিনি উল্লেখ করেন, যারা মশাল মিছিল করে ইকোনমি ধ্বংস করছে এবং গাড়িতে আগুন দিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেয়া হবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরো জানান, ফরিদপুর জেলাসহ আশপাশের কয়েক থানার ওসিদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। তারা সার্বিক পরিস্থিতি নিয়ে সব সময় সতর্ক অবস্থায় মাঠে থাকবে। এ জন্য অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে ফরিদপুরে বাসে আগুন ও চালকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন তিনি।

ডিআইজি জানান, ভাঙ্গায় মশাল মিছিলের ঘটনায় ২শ ৫০ জনের নামে মামলা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, ভাঙ্গা থানাসহ আশপাশের কয়েক থানার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন মো. মোস্তাফিজুর রহমান।

গত ৯ নভেম্বর দিবাগত রাতে ফরিদপুর শহরের পৌর বাস টার্মিনাল সংলগ্ন বাসে আগুনের ঘটনায় চালকের মৃত্যু এবং ভাঙ্গায় মশাল মিছিলের প্রসঙ্গ তুলে ধরেন ডিআইজি। তিনি বলেন, ভাঙ্গায় যারা মশাল মিছিল করেছে এবং ফরিদপুরে গাড়িতে আগুন ধরিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে, তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পৃথক ঘটনায় ফরিদপুরে ও ভাঙ্গায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মচারীদের সম্মানী বাড়ল

এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি) উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সেবাপ্রত্যাশীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সেবাপ্রত্যাশীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

এক সেবাপ্রত্যাশী জমিসংক্রান্ত তথ্য জানতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আহসানুল হকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, প্রয়োজনীয় তথ্য না দিয়ে তাঁকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্টো তিনি জানতে চান, “আপনি কে?” এক পর্যায়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন বলেও জানান।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে নাগেরপাড়া ইউনিয়নের বড়কালি নগর এলাকার বাসিন্দা মাসুদ আলম তাঁর বাবার সম্পত্তিসংক্রান্ত কিছু তথ্য জানার জন্য ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় তথ্য চাইলেও ভূমি কর্মকর্তা আহসানুল হক তাঁকে উপজেলা রেকর্ড রুমে যাওয়ার পরামর্শ দেন। এরপর এক পর্যায়ে দুর্ব্যবহার করে তাঁকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

ভূমি কর্মকর্তার বক্তব্য জানার জন্য সাংবাদিকরা তাঁর কার্যালয়ে যান। অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “আপনি আমাকে প্রশ্ন করার কে?” এ সময় তিনি সাংবাদিকদের ক্যামেরার বিপরীতে নিজের মোবাইল ফোনের ক্যামেরাও চালু করেন। পরে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, আহসানুল হক নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে অন্তত সাড়ে চার বছর ধরে কর্মরত আছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে তিনি কিছু অভিযোগের সম্মুখীন হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, তিনি কার্যালয়ের বিভিন্ন কাজে বহিরাগত নিকটাত্মীয় ব্যক্তিদের ব্যবহার করেন।

ভুক্তভোগী মাসুদ আলম বলেন, "আমি আমার বাবার একটি সম্পত্তির বিষয়ে কিছু তথ্য জানতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনো তথ্য না দিয়ে উপজেলা রেকর্ড রুমে যেতে বলেন। একপর্যায়ে আমাকে তাঁর কক্ষ থেকে বের করে দেন। তিনি চাইলে বিষয়টি বুঝিয়ে বলতে পারতেন, ভালো ব্যবহার করতে পারতেন। একজন সেবাপ্রত্যাশীর সঙ্গে এমন আচরণ সত্যিই দুঃখজনক। এর আগেও আরেকটি জমির বিষয়ে তথ্য জানতে গেলে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।"

স্থানীয় বাসিন্দা আব্দুর রব বলেন, "ভূমি অফিসে মানুষ আসে নিজেদের জমিজমার প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে। সেখানে কোনো কর্মকর্তা যদি সেবাপ্রত্যাশীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সরকারি কর্মকর্তাদের দায়িত্ব মানুষের ভোগান্তি কমানো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা নয়। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।"

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, "আপনাদের কাছ থেকেই নাগেরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের বিষয়ে জানতে পেরেছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় গণমাধ্যমে হাওরের জীবনযাত্রা ও সম্ভাবনা তুলে ধরার উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


জাতীয় গণমাধ্যমে হাওরের জীবনযাত্রা ও সম্ভাবনা তুলে ধরার উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : সরকারি গণমাধ্যমগুলো হাওরাঞ্চলের জীবনযাত্রা, কৃষি, মৎস্যসম্পদ, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটন সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য সংবাদ, প্রামাণ্যচিত্র এবং বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, এ কার্যক্রমের সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আজ জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন চিত্র, কৃষি সম্ভাবনা ও পর্যটন অবকাঠামো দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে বিদ্যমান সরকারি গণমাধ্যম ও প্রচার কাঠামোর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি হাওরাঞ্চলের পরিবেশ সংরক্ষণে পরিবেশবিষয়ক বিশেষ অনুষ্ঠান প্রচারের পরিকল্পনাও রয়েছে।

তিনি উল্লেখ করেন, কিশোরগঞ্জের নিকলী ও বাজিতপুরের মতো গুরুত্বপূর্ণ হাওর অঞ্চলের জীবনযাত্রার চিত্র তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশনে ‘বাংলার প্রতিচ্ছবি (নিকলী)’ শীর্ষক প্রামাণ্য অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

ইয়াসের খান চৌধুরী জানান, বাংলাদেশ সংবাদ সংস্থার কিশোরগঞ্জে একজন হাওর সংবাদদাতা ও একজন জেলা সংবাদদাতা নিয়োজিত রয়েছেন। তারা নিয়মিতভাবে হাওর অঞ্চলের জীবনযাত্রা, স্থানীয় সমস্যা, কৃষি, মৎস্যসম্পদ ও প্রাকৃতিক পরিবেশ নিয়ে সংবাদ সংগ্রহ করে বাসসের প্রধান কার্যালয়ে পাঠান। এরপর সম্পাদনার মাধ্যমে এসব সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও লোকজ ঐতিহ্য প্রচারের ক্ষেত্রে জাতীয় গণমাধ্যমগুলোর কোনো কাঠামোগত উদাসীনতা নেই। তবে ভৌগোলিক দুর্গমতা, যোগাযোগ ও প্রযুক্তিগত অবকাঠামোর সীমাবদ্ধতা এবং মৌসুমভেদে সংবাদ ও অনুষ্ঠান ধারণের প্রতিকূলতার কারণে সব ক্ষেত্রে প্রত্যাশিত মাত্রায় প্রচার সম্ভব হয় না।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ ও বিষয়বস্তুর অগ্রাধিকারের কারণে হাওরাঞ্চলভিত্তিক বিষয়গুলোর প্রচার কখনো সীমিত থাকে। তা সত্ত্বেও জাতীয় গণমাধ্যম বিভিন্ন সংবাদ, অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র ও বিশেষ আয়োজনের মাধ্যমে হাওরাঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও লোকজ ঐতিহ্য তুলে ধরছে।

তিনি জানান, বর্তমানে পৃথকভাবে একটি বিশেষ ‘হাওর প্রচার সেল’ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে প্রয়োজন ও বাস্তবতার নিরিখে বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


লালমনিরহাটে ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ত্রাণমন্ত্রী

লালমনিরহাট, ১২ নভেম্বর, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন।

মন্ত্রী বলেন, দেশের পরিত্যক্ত খাল পুনঃখননের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে ১৫ কিলোমিটার দীর্ঘ একটি মডেল খাল খনন করা হচ্ছে।

আসাদুল হাবিব দুলু আজ লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মহেন্দ্রনগর ইউনিয়নের মডেল খাল পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণের ম্যান্ডেট পেলে দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির আলোকে গত বছর থেকে খাল খনন কর্মসূচি জোরদার করা হয়েছে। চলতি বছর দেশের আটটি জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মহেন্দ্রনগরের খালটি অন্যতম।

মন্ত্রী উল্লেখ করেন, মডেল খালটি কেবল পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত হবে না, বরং এটি বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে। খালের পাড়ে বৃক্ষরোপণ, মাছ ও হাঁস চাষ এবং গবাদিপশুর জন্য ঘাস উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এর ফলে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও জানান, খালের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য হতদরিদ্রদের নিয়ে ২০ সদস্যের সমবায় সমিতি গঠন করা হবে। সমিতির সদস্যরা খালের মাছ ও হাঁস চাষ, বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রমের দেখভাল করবেন। এতে খালের সুরক্ষার পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

মন্ত্রী জানান, মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি তিস্তা নদীতে গিয়ে মিলবে।

প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী লালমনিরহাটের এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এছাড়া ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, গ্রাম, ওয়ার্ড, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে সংগঠনটির কর্মীরা বাল্যবিবাহ, শিশু নির্যাতন, যৌতুক, মাদক, অনলাইন জুয়া ও নারীদের উত্ত্যক্তকরণসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করছেন। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন।

তিনি আরও বলেন, সামাজিক সম্পৃক্ততা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি এলাকার মানুষ কীভাবে অপরাধ থেকে বেরিয়ে এসে অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে, প্রধানমন্ত্রী সেই কার্যক্রম সরেজমিনে দেখতেই আসবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত থাকবে, বিকল্প খাদ্য পদ্ধতি যাচাই: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত থাকবে, বিকল্প খাদ্য পদ্ধতি যাচাই: ববি হাজ্জাজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির নিশ্চয়তা এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে চলমান স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতের জন্য বিকল্প ও অধিক কার্যকর খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাইয়ের কাজ চলছে, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রতিদিন প্রায় ৩০ লাখ শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের আওতায় খাবার গ্রহণ করছে। এই বিশাল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে খাদ্যের পুষ্টিমান, নিরাপত্তা, গুণগত মান এবং জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ও কান্ট্রি ডিরেক্টর মিস কোকো উশিয়ামার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিং কার্যক্রমের বিদ্যমান পদ্ধতির পাশাপাশি কুপনভিত্তিক খাদ্য সরবরাহ এবং রান্না করা খাবার পরিবেশনের মতো বিকল্প মডেল নিয়ে সরকার কাজ করছে। তবে নতুন কোনো পদ্ধতি চালুর আগে এর সম্ভাব্যতা যাচাই, পরীক্ষামূলক বাস্তবায়ন এবং কার্যকারিতা মূল্যায়ন জরুরি। এ ধরনের উদ্যোগ সম্পূর্ণভাবে প্রস্তুত করতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। তাই বিকল্প পদ্ধতি যাচাইয়ের সময় বিদ্যমান কার্যক্রম বন্ধ করে দেওয়া বাস্তবসম্মত হবে না। বরং চলমান পদ্ধতির প্রয়োজনীয় উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিতে হবে।

তিনি আরও জানান, চলমান কার্যক্রমের বিভিন্ন ক্রয় প্যাকেজের মধ্যে কয়েকটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। মোট ২৬টি প্যাকেজের মধ্যে আটটির মেয়াদ শেষ হয়েছে। এসব ক্ষেত্রে বিদ্যমান দরপত্রের মেয়াদ বাড়ানোর সম্ভাব্যতা যাচাই এবং পরবর্তী সময়ে নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে খাদ্য সরবরাহের বিদ্যমান ব্যবস্থায় খাদ্য নিরাপত্তা, গুণগত মান, পুষ্টিমান, পরিবহন ও সংরক্ষণ এবং পরিবীক্ষণ ও জবাবদিহিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডব্লিউএফপি প্রতিনিধিদল চলমান স্কুল ফিডিং কার্যক্রমের একটি দ্রুত পর্যালোচনার প্রস্তাব করে। এ পর্যালোচনায় খাদ্য ও পুষ্টিমান, খাদ্য নিরাপত্তা ও গুণগত মান এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার সক্ষমতা—এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ মতামত প্রদানের আশ্বাস দেন ডব্লিউএফপি প্রতিনিধিরা। তাঁরা জানান, দ্রুততম সময়ের মধ্যে পর্যালোচনা সম্পন্ন করে সুপারিশ উপস্থাপনের লক্ষ্য রয়েছে।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিং কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশের সফল মডেল পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে রান্না করা খাবার সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় রান্নাঘর, কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনা এবং স্থানীয় অংশীদারিত্বের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। তবে প্রতিটি মডেল বাংলাদেশের বাস্তবতা, স্থানীয় সক্ষমতা, খাদ্য নিরাপত্তা এবং জবাবদিহিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

ডব্লিউএফপি প্রতিনিধিদল জানায়, বিভিন্ন দেশে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের অভিজ্ঞতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সফল উদ্যোগ, চ্যালেঞ্জ এবং উত্তম চর্চাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণে তারা সহযোগিতা করতে আগ্রহী। বিশেষ করে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় কৃষি ও অর্থনীতিকে সহায়তা করার সুযোগ রয়েছে।

বৈঠকে ডব্লিউএফপির হেড অব প্রোগ্রাম জেসি উড, সিনিয়র পার্টনারশিপস অ্যাডভাইজার (গভর্নমেন্ট এনগেজমেন্ট) মো. মহসিন, প্রোগ্রাম পলিসি অফিসার (স্কুল ফিডিং) স্নেহা লতা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%