বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:২৩ পি.এম
লালমনিরহাট, ১২ নভেম্বর, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার ১৫ কিলোমিটার মডেল খাল খনন কাজের উদ্বোধন করবেন।
মন্ত্রী বলেন, দেশের পরিত্যক্ত খাল পুনঃখননের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে ১৫ কিলোমিটার দীর্ঘ একটি মডেল খাল খনন করা হচ্ছে।
আসাদুল হাবিব দুলু আজ লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মহেন্দ্রনগর ইউনিয়নের মডেল খাল পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণের ম্যান্ডেট পেলে দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির আলোকে গত বছর থেকে খাল খনন কর্মসূচি জোরদার করা হয়েছে। চলতি বছর দেশের আটটি জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মহেন্দ্রনগরের খালটি অন্যতম।
মন্ত্রী উল্লেখ করেন, মডেল খালটি কেবল পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত হবে না, বরং এটি বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে। খালের পাড়ে বৃক্ষরোপণ, মাছ ও হাঁস চাষ এবং গবাদিপশুর জন্য ঘাস উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এর ফলে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও জানান, খালের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য হতদরিদ্রদের নিয়ে ২০ সদস্যের সমবায় সমিতি গঠন করা হবে। সমিতির সদস্যরা খালের মাছ ও হাঁস চাষ, বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রমের দেখভাল করবেন। এতে খালের সুরক্ষার পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
মন্ত্রী জানান, মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি তিস্তা নদীতে গিয়ে মিলবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী লালমনিরহাটের এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এছাড়া ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, গ্রাম, ওয়ার্ড, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে সংগঠনটির কর্মীরা বাল্যবিবাহ, শিশু নির্যাতন, যৌতুক, মাদক, অনলাইন জুয়া ও নারীদের উত্ত্যক্তকরণসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করছেন। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন।
তিনি আরও বলেন, সামাজিক সম্পৃক্ততা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি এলাকার মানুষ কীভাবে অপরাধ থেকে বেরিয়ে এসে অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে, প্রধানমন্ত্রী সেই কার্যক্রম সরেজমিনে দেখতেই আসবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির নিশ্চয়তা এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে চলমান স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতের জন্য বিকল্প ও অধিক কার্যকর খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাইয়ের কাজ চলছে, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রতিদিন প্রায় ৩০ লাখ শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের আওতায় খাবার গ্রহণ করছে। এই বিশাল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে খাদ্যের পুষ্টিমান, নিরাপত্তা, গুণগত মান এবং জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ও কান্ট্রি ডিরেক্টর মিস কোকো উশিয়ামার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিং কার্যক্রমের বিদ্যমান পদ্ধতির পাশাপাশি কুপনভিত্তিক খাদ্য সরবরাহ এবং রান্না করা খাবার পরিবেশনের মতো বিকল্প মডেল নিয়ে সরকার কাজ করছে। তবে নতুন কোনো পদ্ধতি চালুর আগে এর সম্ভাব্যতা যাচাই, পরীক্ষামূলক বাস্তবায়ন এবং কার্যকারিতা মূল্যায়ন জরুরি। এ ধরনের উদ্যোগ সম্পূর্ণভাবে প্রস্তুত করতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। তাই বিকল্প পদ্ধতি যাচাইয়ের সময় বিদ্যমান কার্যক্রম বন্ধ করে দেওয়া বাস্তবসম্মত হবে না। বরং চলমান পদ্ধতির প্রয়োজনীয় উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিতে হবে।
তিনি আরও জানান, চলমান কার্যক্রমের বিভিন্ন ক্রয় প্যাকেজের মধ্যে কয়েকটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। মোট ২৬টি প্যাকেজের মধ্যে আটটির মেয়াদ শেষ হয়েছে। এসব ক্ষেত্রে বিদ্যমান দরপত্রের মেয়াদ বাড়ানোর সম্ভাব্যতা যাচাই এবং পরবর্তী সময়ে নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে খাদ্য সরবরাহের বিদ্যমান ব্যবস্থায় খাদ্য নিরাপত্তা, গুণগত মান, পুষ্টিমান, পরিবহন ও সংরক্ষণ এবং পরিবীক্ষণ ও জবাবদিহিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডব্লিউএফপি প্রতিনিধিদল চলমান স্কুল ফিডিং কার্যক্রমের একটি দ্রুত পর্যালোচনার প্রস্তাব করে। এ পর্যালোচনায় খাদ্য ও পুষ্টিমান, খাদ্য নিরাপত্তা ও গুণগত মান এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার সক্ষমতা—এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ মতামত প্রদানের আশ্বাস দেন ডব্লিউএফপি প্রতিনিধিরা। তাঁরা জানান, দ্রুততম সময়ের মধ্যে পর্যালোচনা সম্পন্ন করে সুপারিশ উপস্থাপনের লক্ষ্য রয়েছে।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিং কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশের সফল মডেল পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে রান্না করা খাবার সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় রান্নাঘর, কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনা এবং স্থানীয় অংশীদারিত্বের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। তবে প্রতিটি মডেল বাংলাদেশের বাস্তবতা, স্থানীয় সক্ষমতা, খাদ্য নিরাপত্তা এবং জবাবদিহিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
ডব্লিউএফপি প্রতিনিধিদল জানায়, বিভিন্ন দেশে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের অভিজ্ঞতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সফল উদ্যোগ, চ্যালেঞ্জ এবং উত্তম চর্চাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণে তারা সহযোগিতা করতে আগ্রহী। বিশেষ করে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় কৃষি ও অর্থনীতিকে সহায়তা করার সুযোগ রয়েছে।
বৈঠকে ডব্লিউএফপির হেড অব প্রোগ্রাম জেসি উড, সিনিয়র পার্টনারশিপস অ্যাডভাইজার (গভর্নমেন্ট এনগেজমেন্ট) মো. মহসিন, প্রোগ্রাম পলিসি অফিসার (স্কুল ফিডিং) স্নেহা লতা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের অভিনেতা চাঙ্কি পান্ডের নামে একটি গাধা বিক্রি হয়েছে ৭২ হাজার রুপিতে (প্রায় ৯৬ হাজার টাকা)। এটি ভারতের মধ্যপ্রদেশের চিত্রকূটে আয়োজিত বার্ষিক গাধার মেলায় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া প্রাণী। মেলার মধ্যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং মিঠুন চক্রবর্তীর নামেও গাধা ছিল, কিন্তু দামের দিক থেকে ‘চাঙ্কি’ সকলকে ছাড়িয়ে গেছে।
ভারতের বিভিন্ন পশুর মেলায় তারকাদের নামে গাধার নামকরণের একটি প্রচলন রয়েছে। ব্যবসায়ীরা মনে করেন, এতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা সহজ হয়। এই বিষয়টি অভিনেতা চাঙ্কি পান্ডেরও নজরে এসেছে। তিনি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে হাসতে হাসতে বলেন, “মানুষ যে এটা করেছে, তা আমার জন্য বড় সম্মানের। বন্ধুরা আমাকে খবরের কাটিং পাঠাচ্ছে। যেকোনো খবরই তো ভালো খবর!”
চাঙ্কি আরও জানান, তার নামে এমন ঘটনা এবারই প্রথম নয়। তিনি গত ৩০ বছর ধরে এ ধরনের ঘটনা দেখছেন। এমনকি নাপিতের দোকানে তারকাদের নাম ও চুলের স্টাইল ব্যবহার করে প্রচার চালানো হয়। একটি বার্গারের দোকানে ‘চাঙ্কি পনির পান্ডে’ নামেও একটি বার্গার রয়েছে।
উল্লেখ্য, চিত্রকূটের এই গাধার মেলার ইতিহাস স্থানীয় ঐতিহ্যের সঙ্গে জড়িত। প্রচলিত ধারণা অনুযায়ী, মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে এ মেলার সূচনা হয়। সে সময় এলাকার মন্দিরে হামলার ঘটনায় সেনাবাহিনীর অনেক ঘোড়া, গাধা ও খচ্চর অসুস্থ হয়ে পড়ে এবং কিছু প্রাণী মারা যায়। পরে নতুন পশু কেনার প্রয়োজন থেকে সেখানে বাজার গড়ে ওঠে, যা ধীরে ধীরে মেলায় রূপ নেয়।
প্রতি বছর দীপাবলিকে কেন্দ্র করে এই মেলা বসে। এতে আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্তের বিভিন্ন রাজ্য থেকে ব্যবসায়ীরা আসেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, এই সময়ে গাধা কেনা সৌভাগ্যের প্রতীক। তাই সময়ের সঙ্গে মেলাটি পশু কেনাবেচার বাজার ছাড়িয়ে একটি বার্ষিক ঐতিহ্যে পরিণত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান তাদের নতুন জীবন শুরু করেছেন গ্রিসে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে। বাগদান ১০ নভেম্বর সম্পন্ন হওয়ার পর, তারা ১১ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এই বিয়েটি শুধুমাত্র একটি পারিবারিক অনুষ্ঠান ছিল না, বরং এতে বিনোদন, রাজনীতি ও ব্যবসায়িক জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে আইভরি রঙের একটি বারোক-থিমের রিসেপশনের আমন্ত্রণপত্রও ভাইরাল হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২১ নভেম্বর চেন্নাইতে নবদম্পতির একটি জমকালো রিসেপশনের আয়োজন করা হবে।
অনিরুদ্ধের সফলতার গল্প
অনিরুদ্ধের সংগীত ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানটি। এই গানটি তাকে দক্ষিণী ইন্ডাস্ট্রির সীমানা ছাড়িয়ে ভারতজুড়ে পরিচিতি এনে দেয়। এরপর থেকে তিনি তামিল, তেলুগু ও হিন্দি সিনেমার শীর্ষস্থানীয় সংগীত পরিচালনা করে বর্তমানে দেশের অন্যতম শীর্ষ চাহিদাসম্পন্ন সংগীত পরিচালক হয়ে উঠেছেন।
পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, অনিরুদ্ধের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় ৫০ কোটি রুপি। তার চলচ্চিত্র প্রতি পারিশ্রমিকের বড় অংশই এই সম্পত্তির উৎস, যা বর্তমানে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ।
তিনি সাধারণত প্রতি সিনেমার জন্য ৮ থেকে ১০ কোটি রুপি নিয়ে থাকেন, এমনকি কিছু প্রজেক্টে তার পারিশ্রমিক ১০ থেকে ১২ কোটি রুপির অঙ্কও ছুঁয়েছে। পরিচালক লোকেশ কানাগরাজ ও অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে তার আসন্ন বড় প্রজেক্টে পারিশ্রমিক হিসেবে প্রায় ২৫ কোটি রুপি অফার করা হয়েছে বলে শোনা যাচ্ছে।
গাড়ির সংগ্রহ
অনিরুদ্ধের গাড়ি সংগ্রহের পুরো তালিকা প্রকাশ না পেলেও, তার গ্যারেজে বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গাড়িটির সঙ্গে তার স্ত্রীর পরিবারের সরাসরি যোগসূত্র রয়েছে।
২০২৩ সালে ‘জেলার’ সিনেমার সাফল্যের পর কাব্যের বাবা কালানিথি মারান তাকে প্রায় ১.১ কোটি মূল্যের একটি ‘পোরশে ম্যাকান’ উপহার দিয়েছিলেন, যা দুই পরিবারের সুসম্পর্কের একটি সুন্দর নিদর্শন।
পোরশে ছাড়াও তার কাছে একটি ‘বিএমডব্লিউ আইএক্স১ এলডব্লিউবি’, একটি ‘মহিন্দ্রা বিই ৬’ এবং একটি ‘ফোর্ড মুস্তং জিটি’ রয়েছে।
সঙ্গীতের বাইরেও তার ব্যবসায়িক পদচারণা রয়েছে। ২০২৪ সালে দক্ষিণ ভারতীয় ফিল্টার কফি এবং স্ন্যাকস ব্র্যান্ড ‘ভিএস মনি অ্যান্ড কো’-এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন তিনি। মানি কন্ট্রোলের তথ্য অনুযায়ী, এখানেও তার অংশীদারিত্ব রয়েছে।
স্ত্রী কাব্য মারান
সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারানের মেয়ে কাব্য মারান বর্তমানে সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের সিইও ও সহ-মালিক। ইটাইমসের হিসাব অনুযায়ী, কাব্যের নিজস্ব মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপি।
যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ শেষ করে ২০১৯ সালে সান টিভি নেটওয়ার্কে নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন কাব্য। এরপর ২০১৭ সালে তার বাবার কেনা আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বের দায়িত্ব নেন তিনি। বর্তমানে পরিবারের বৃহত্তর ব্যবসায়িক কার্যক্রমেও তিনি অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত আছেন।
কাব্যের ব্যক্তিগত সম্পদ তার পরিবারের তুলনায় ছোট মনে হলেও, তার বাবা কালানিথি মারান ভারতের অন্যতম ধনী মিডিয়া উদ্যোক্তা। হুরুন রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, প্রায় ২৪,৬০০ কোটি রুপি সম্পত্তির মালিক হয়ে তিনি তালিকায় ১৪৬তম স্থানে রয়েছেন। বিনোদন জগতে তার উপরে রয়েছেন কেবল টি-সিরিজের মালিক ভূষণ কুমার, যার সম্পদ প্রায় ৩৬,৩০০ কোটি রুপি।
ফোর্বসের একটি প্রতিবেদন অনুযায়ী, কালানিথি মারানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২.৫ বিলিয়ন ডলার (প্রায় ২৩,৭২৫ কোটি রুপি)।
অনিরুদ্ধ-কাব্য দম্পতির বিয়ে এবং রিসেপশন ঘিরে দক্ষিণ ভারতীয় শোবিজে এখন তুমুল উন্মাদনা বিরাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চিরিরবন্দরে নকল কীটনাশক বিক্রি ও সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অফিসের তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুলপুর ইউনিয়নের বাকি বাজারে উপজেলা আওয়ামী নেতা মোশাররফ হোসেনের শাহ ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ। ভ্রাম্যমাণ আদালত শাহ ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং কোম্পানির প্রতিনিধিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া নকল কীটনাশকগুলোও জব্দ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ