ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাকিস্তানের পিছিয়ে পড়ার নেপথ্যে কী কারণ?


পাকিস্তানের পিছিয়ে পড়ার নেপথ্যে কী কারণ?

পাকিস্তানের নীতিনির্ধারকরা গত ২৫ বছর ধরে কৃষিসম্পদ, শিল্পের অভিজ্ঞতা, তরুণ জনগোষ্ঠী ও ভৌগোলিক অবস্থানের সুবিধার কথা উল্লেখ করে আসছেন। তবে, এত সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের সাধারণ মানুষের কাছে উন্নয়ন ও সমৃদ্ধি যথাযথভাবে পৌঁছায়নি। প্রতিবেশীদের সঙ্গে পাকিস্তানের উন্নয়নের ব্যবধান গত এক প্রজন্মে আরো বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক গবেষণায় দেখা গেছে, ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে পাকিস্তানে মাথাপিছু প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির গড় মাত্র ১ দশমিক ৯ শতাংশ ছিল। এই সময়ে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৫, ভারতে ৪ দশমিক ৯ এবং ভিয়েতনামে ৫ শতাংশ।

পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিবিএস) ১৯ অক্টোবর এক প্রতিবেদনে জানায়, ২০২৫-২৬ অর্থবছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৬৫ শতাংশ হতে পারে এবং মাথাপিছু আয় ১ হাজার ৮৯৬ মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

আরও পড়ুন: গাজার ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলকে চার দেশের আহ্বান

অন্যদিকে, আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ভারতে ৭ শতাংশ এবং ভিয়েতনামে ৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে, বিশ্বব্যাংক তাদের অক্টোবরের প্রতিবেদনে পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্য ও জ্বালানি খাতে সংস্কারের প্রশংসা করেছে, যা ভবিষ্যতের প্রবৃদ্ধির ভিত্তি হতে পারে। কিন্তু এই স্থিতিশীলতার সুফল পেতে হলে দীর্ঘমেয়াদে সঠিক বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে।

২০২৬ সালের জুনে প্রকাশিত অর্থনৈতিক জরিপ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানে জিডিপির মাত্র ১৪ দশমিক ৩৮ শতাংশ বিনিয়োগ হয়েছে। অপর্যাপ্ত বিনিয়োগের কারণে ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হচ্ছে না।

বিনিয়োগকারীদের আস্থাহীনতা, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্বল অবকাঠামো এবং দক্ষ জনবলের অভাব পাকিস্তানের অর্থনৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসবাদ ব্যবসার খরচ বৃদ্ধি করছে। শিক্ষাব্যবস্থার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার অমিলের কারণে মানবসম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা, যা ২০২৫ সালে ২৫ কোটি ২০ লাখে পৌঁছেছে (বার্ষিক বৃদ্ধির হার ২ দশমিক ০৭ শতাংশ)।

অর্থনৈতিক এই চ্যালেঞ্জ মোকাবেলায় পাকিস্তান সরকারকে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। রপ্তানি খাতে সম্ভাবনাময় শিল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া, পণ্য ছাড়করণের সময় কমানো এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন: লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, ৭৫ পরিবার গৃহহীন

এছাড়া, জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। সঠিক নীতি ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পাকিস্তানও বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের মতো দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে সক্ষম হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীভাঙনে সব হারানো নিঃসন্তান দম্পতির শেষ আশ্রয় ও দু-মুঠো ভাতের আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


নদীভাঙনে সব হারানো নিঃসন্তান দম্পতির শেষ আশ্রয় ও দু-মুঠো ভাতের আকুতি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা এলাকা। রাস্তার পাশে সরকারি জায়গায় একটি জরাজীর্ণ কুঁড়েঘর রয়েছে। বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে পানি পড়ে। এই ঘরেই কোনোরকমে দিন কাটাচ্ছেন চান মিয়া ও তার স্ত্রী রেজিয়া বেগম। একসময় মানুষের কাছে হাত পেতে এবং অন্যের বাড়িতে কাজ করে তাদের সংসার চলতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, নদীভাঙনে তারা শেষ আশ্রয়টুকুও হারিয়েছেন। এরপর স্বামীর অসুস্থতা তাদের বেঁচে থাকার শেষ অবলম্বন কেড়ে নিয়েছে। অর্থাভাবে নিয়মিত খাবার জুটছে না, স্বামীর চিকিৎসাও হচ্ছে না। একবেলা খেলে আরেক বেলা খেতে হয় না খেয়ে।

সরজমিনে জানা যায়, ভূঞাপুর উপজেলার রামপুর চর এলাকায় তাদের বসতভিটা ছিল। নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে তারা জিগাতলায় আশ্রয়ের খোঁজে চলে আসেন। মানুষের সহায়তায় গড়ে ওঠে তাদের থাকার ছোট্ট এই আশ্রয়স্থল। ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছেন স্থানীয়রা। চান মিয়া মানুষের কাছে হাত পেতে এবং তার স্ত্রী রেজিয়া বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। কিন্তু ২০২৩ সালে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হন চান মিয়া। সেই থেকে অসুস্থ অবস্থায় ঘরেই পড়ে আছেন তিনি। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারছেন না।

এর আগে সড়ক দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গিয়েছিল। তখন এলাকাবাসীর সহায়তায় চিকিৎসা করা হয়েছিল। বর্তমানে শ্বাসকষ্টের পাশাপাশি শরীরজুড়ে তীব্র ব্যথায় ভুগছেন তিনি। অসুস্থতার কারণে ঠিকমতো কথাও বলতে পারেন না। তবে নিয়মিত আল্লাহর জিকির করেন এবং সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখেন।

সংসারে কোনো ছেলে-মেয়ে নেই। নিয়মিত আয়ের উৎসও নেই। মানুষের দেওয়া সামান্য সাহায্যেই তাদের খাবার চলে। কখনো এক বেলা খাবার জুটলেও পরের বেলা কী খাবেন, তা জানা নেই তাদের। নিত্যপ্রয়োজনীয় তেল-সাবান কেনার সামর্থ্যটুকুও নেই।

রেজিয়া বেগম বলেন, "মানুষ যে যা দেয়, তা দিয়েই কোনো রকমে সংসার চলে। একবেলা খেলে আরেক বেলা খেতে পারি না। ঠিকমতো বাজার করতে পারি না। তেল-সাবানও কিনতে পারি না। স্বামীর চিকিৎসা করানোর সামর্থ্যও আমার নেই।"

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন এই দম্পতি। থাকার মতো ভালো একটি ঘর নেই। যে কুঁড়েঘরে তারা থাকেন, বৃষ্টি হলে সেখানে পানি পড়ে। তাদের কোনো সন্তান নেই, দেখাশোনা করার মতো কেউ নেই। তাই সরকারের কাছে তাদের জন্য একটি ঘর ও চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তারা।

একদিকে নদীভাঙনে হারানো বসতভিটা, অন্যদিকে স্বামীর অসুস্থতা এবং নিত্যদিনের অভাব-সব মিলিয়ে অসহায় রেজিয়া বেগমের জীবন। যে মানুষটি একসময় মানুষের কাছে হাত পেতে সংসার চালাতেন, আজ তিনিই অসুস্থ হয়ে অন্যের সহায়তার অপেক্ষায়। একবেলা খাবার জুটলেও পরের বেলা কী খাবেন, সেই চিন্তায় কাটে তাদের দিন।

শেষ বয়সে এসে তাদের চাওয়া খুব বেশি কিছু নয়, একটু নিরাপদ আশ্রয়, দুবেলা খাবার এবং স্বামীর চিকিৎসার ব্যবস্থা। অসহায় এই দম্পতির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, "পরিবারটিকে ফ্যামিলি কার্ডসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে ঘর পায় সেই ব্যাপারে সহায়তার আশ্বাস দেন এ কর্মকর্তা।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে জানমাল ও সরকারি স্থাপনার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


গোপালগঞ্জে জানমাল ও সরকারি স্থাপনার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেলার মানুষের জানমাল, সরকারি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও বিজিবি।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান এবং পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে বিজিবি কমান্ডার মাহমুদ হাসান উল্লেখ করেন, উদ্ভূত পরিস্থিতির কারণে গত ১০ নভেম্বর গোপালগঞ্জে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। রবিবার নতুন করে আরো তিন প্লাটুন মোতায়েন করা হয়েছে। বর্তমানে জেলায় ছয় প্লাটুন বিজিবির মোট ১৫০ সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন।

তিনি আরও বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দেড় থেকে দুই হাজার বা তারও বেশি মানুষ ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি করেছিল। এ সময় তারা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করছিলেন। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করেন।

মাহমুদ হাসান বলেন, যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি সচেষ্ট থাকবে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ১ হাজার ৩৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ ফোর্সের পাশাপাশি এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

তিনি উল্লেখ করেন, জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পর্যাপ্তসংখ্যক মোবাইল পেট্রোল মোতায়েন থাকায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এক মিনিটের জন্যও জাতীয় মহাসড়ক বন্ধ হয়নি। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করেছে।

ডিআইজি আরো বলেন, গোপালগঞ্জ সদর ছাড়াও জেলার চারটি পৌরসভা ও উপজেলা শহরগুলোতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ শহরেও পর্যাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলা থেকেও পুলিশ সদস্য এনে দায়িত্বে যুক্ত করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান বলেন, হুমকি পর্যালোচনা করে প্রতিদিনই নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে। আগামী দিনগুলোতে সরকারি স্থাপনা, মানুষের জানমাল ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা জেলা খেলাফত আন্দোলনের সভাপতি আবু দাউদ, সম্পাদক মঈনুদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


সাতক্ষীরা জেলা খেলাফত আন্দোলনের সভাপতি আবু দাউদ, সম্পাদক মঈনুদ্দিন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার নতুন ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা আবু দাউদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মঈনুদ্দিন নির্বাচিত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) বাদ জোহর সাতক্ষীরা তালিমুল কোরআন মাদ্রাসায় স্থানীয় ওলামায়ে কেরাম ও দলীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই কমিটি গঠন করা হয়।

সভায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী এবং নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী উপস্থিত ছিলেন। মাওলানা আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক মুফতি আব্দুল বারী, মাওলানা বেলাল হোসাইন, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা শামসুর রহমান, মাওলানা সাইফুল্লাহ কাসেমী, মুফতি রিয়াজুল ইসলাম ও মাওলানা মাহবুবুল হক রোকন প্রমুখ।

মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী সভায় বলেন, "বাংলাদেশ খেলাফত আন্দোলন ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও ইনসাফ কায়েম এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।" তিনি আরও বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে হবে।

নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, "সংগঠনের শক্তি হলো তৃণমূলের কর্মী ও দায়িত্বশীলরা।" তিনি উল্লেখ করেন, পারস্পরিক ঐক্য, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সাতক্ষীরায় বাংলাদেশ খেলাফত আন্দোলন শক্তিশালী সাংগঠনিক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক মুফতি আব্দুল বারী বলেন, "সাতক্ষীরায় নতুন জেলা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী।" তিনি নবগঠিত কমিটির দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি ইসলামী আদর্শ ও সংগঠনের দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

সভায় নেতৃবৃন্দ নবগঠিত জেলা কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় চার বছরের শিশুর ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, অভিযুক্তের শাস্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


বগুড়ায় চার বছরের শিশুর ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, অভিযুক্তের শাস্তির দাবি

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে বগুড়া সদর উপজেলার পূর্ব নারুলী এলাকার ২০ নম্বর ওয়ার্ডে সচেতন নাগরিকদের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিশুটির ওপর নির্যাতনের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল। এর আগে অভিযুক্ত যুবকের সঙ্গে ভুক্তভোগী পরিবারের বিরোধের কারণে তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে তার পরিবার তাকে পুনরায় আশ্রয় দেওয়ার ফলে এই ধরনের ঘটনার সুযোগ তৈরি হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, এর আগে রেললাইনের পাশে ওই যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছিল। সে সময় প্রতিবাদ জানানো হলেও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায়নি। অর্থ ও প্রভাব খাটিয়ে অভিযুক্তরা পার পেয়ে গিয়েছিল বলেও তারা দাবি করেন।

সমাবেশে ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর রুস্তম আলী বলেন, সমাজ থেকে ধর্ষণের মতো অপরাধ নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অভিযুক্ত রাহুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। প্রয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের সময় শহরের সাতমাথায় মানববন্ধন করে সুষ্ঠু বিচারের দাবি জানানো হবে বলেও তিনি জানান।

এ সময় বক্তব্য রাখেন ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আশরাফুল মমিন তুরাগ, সদস্যসচিব আশরাফুল আলম, বিএনপি নেতা ইলিয়াস হোসেন এবং বায়তুর রহমান জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%