০৯:০০ পি.এম
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা এলাকা। রাস্তার পাশে সরকারি জায়গায় একটি জরাজীর্ণ কুঁড়েঘর রয়েছে। বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে পানি পড়ে। এই ঘরেই কোনোরকমে দিন কাটাচ্ছেন চান মিয়া ও তার স্ত্রী রেজিয়া বেগম। একসময় মানুষের কাছে হাত পেতে এবং অন্যের বাড়িতে কাজ করে তাদের সংসার চলতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, নদীভাঙনে তারা শেষ আশ্রয়টুকুও হারিয়েছেন। এরপর স্বামীর অসুস্থতা তাদের বেঁচে থাকার শেষ অবলম্বন কেড়ে নিয়েছে। অর্থাভাবে নিয়মিত খাবার জুটছে না, স্বামীর চিকিৎসাও হচ্ছে না। একবেলা খেলে আরেক বেলা খেতে হয় না খেয়ে।
সরজমিনে জানা যায়, ভূঞাপুর উপজেলার রামপুর চর এলাকায় তাদের বসতভিটা ছিল। নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে তারা জিগাতলায় আশ্রয়ের খোঁজে চলে আসেন। মানুষের সহায়তায় গড়ে ওঠে তাদের থাকার ছোট্ট এই আশ্রয়স্থল। ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছেন স্থানীয়রা। চান মিয়া মানুষের কাছে হাত পেতে এবং তার স্ত্রী রেজিয়া বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। কিন্তু ২০২৩ সালে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হন চান মিয়া। সেই থেকে অসুস্থ অবস্থায় ঘরেই পড়ে আছেন তিনি। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারছেন না।
এর আগে সড়ক দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গিয়েছিল। তখন এলাকাবাসীর সহায়তায় চিকিৎসা করা হয়েছিল। বর্তমানে শ্বাসকষ্টের পাশাপাশি শরীরজুড়ে তীব্র ব্যথায় ভুগছেন তিনি। অসুস্থতার কারণে ঠিকমতো কথাও বলতে পারেন না। তবে নিয়মিত আল্লাহর জিকির করেন এবং সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখেন।
আরও পড়ুন: খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ, বড় ক্ষতি হয়নি
সংসারে কোনো ছেলে-মেয়ে নেই। নিয়মিত আয়ের উৎসও নেই। মানুষের দেওয়া সামান্য সাহায্যেই তাদের খাবার চলে। কখনো এক বেলা খাবার জুটলেও পরের বেলা কী খাবেন, তা জানা নেই তাদের। নিত্যপ্রয়োজনীয় তেল-সাবান কেনার সামর্থ্যটুকুও নেই।
রেজিয়া বেগম বলেন, "মানুষ যে যা দেয়, তা দিয়েই কোনো রকমে সংসার চলে। একবেলা খেলে আরেক বেলা খেতে পারি না। ঠিকমতো বাজার করতে পারি না। তেল-সাবানও কিনতে পারি না। স্বামীর চিকিৎসা করানোর সামর্থ্যও আমার নেই।"
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন এই দম্পতি। থাকার মতো ভালো একটি ঘর নেই। যে কুঁড়েঘরে তারা থাকেন, বৃষ্টি হলে সেখানে পানি পড়ে। তাদের কোনো সন্তান নেই, দেখাশোনা করার মতো কেউ নেই। তাই সরকারের কাছে তাদের জন্য একটি ঘর ও চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তারা।
একদিকে নদীভাঙনে হারানো বসতভিটা, অন্যদিকে স্বামীর অসুস্থতা এবং নিত্যদিনের অভাব-সব মিলিয়ে অসহায় রেজিয়া বেগমের জীবন। যে মানুষটি একসময় মানুষের কাছে হাত পেতে সংসার চালাতেন, আজ তিনিই অসুস্থ হয়ে অন্যের সহায়তার অপেক্ষায়। একবেলা খাবার জুটলেও পরের বেলা কী খাবেন, সেই চিন্তায় কাটে তাদের দিন।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম গ্রেপ্তার
শেষ বয়সে এসে তাদের চাওয়া খুব বেশি কিছু নয়, একটু নিরাপদ আশ্রয়, দুবেলা খাবার এবং স্বামীর চিকিৎসার ব্যবস্থা। অসহায় এই দম্পতির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, "পরিবারটিকে ফ্যামিলি কার্ডসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে ঘর পায় সেই ব্যাপারে সহায়তার আশ্বাস দেন এ কর্মকর্তা।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন