রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০০ এম
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের কিছু পর, মন্ট্রিয়াল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায়। খবর পাওয়ার পর জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান হেলিকপ্টারটি আগুনে জ্বলছে। পরে ভেতরে থাকা চারজনকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ কর্মকর্তা সার্জেন্ট অড্রে-অ্যান বিলোদো জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার ছিল।
কুইবেকের প্রাদেশিক পুলিশের মেজর ক্রাইম ইউনিট দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে। তাদের সঙ্গে অপরাধস্থল বিশেষজ্ঞ এবং কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরাও যুক্ত রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলটি হাইওয়ে ১০-এর কাছাকাছি র্যাং দে জকসকাইস সড়কের পাশে অবস্থিত।
জরুরি ফোনকলের মাধ্যমে পুলিশকে জানানো হয়েছিল যে একটি হেলিকপ্টার বিপদে পড়েছে এবং সেটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে থাকতে পারে। খবর পাওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে রাত ১০টার আগে পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত ও উদ্ধারকাজ চলতে থাকে।
নিহতদের পরিচয় শনাক্ত করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের ওপর কোনো হামলা হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেকারচি।
রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি বলেন, অসম যুদ্ধকৌশলের দিকে বেশি গুরুত্ব দেওয়া এবং দেশীয়ভাবে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে।
শেকারচির দাবি, আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। এবার শত্রুর জন্য কিছু চমকের সঙ্গে আগের সংঘাতগুলোর তুলনায় এবার ইরান আরও ভালোভাবে প্রস্তুত।
তিনি বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী খুব ভালো অবস্থানে রয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। এবার শত্রুর জন্য কিছু চমকও রয়েছে। সম্ভাব্য যেকোনো হামলার জবাব আমরা নতুন সামরিক প্রযুক্তি দিয়ে দেব।’
তিনি আরও জানান, ইরানের অসম যুদ্ধকৌশলের মূল লক্ষ্য হলো ব্যয়বহুল ও ভারী অস্ত্রের মোকাবিলায় তুলনামূলক কম খরচের, কার্যকর ও বাস্তবসম্মত প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা।
তথ্যসূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ও সোমবার (২৭-২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই দু’দিনে দেশের কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা নেই। এর মধ্যে রোববার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া সোমবার দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এদিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলায় আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ২৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মাদকসংক্রান্ত অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন, গ্রেপ্তারি পরোয়ানায় দুজন,নিয়মিত মামলায় ২২ জন, অন্যান্য আইনে দুজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপি জানায়, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা বরিশাল মেট্রোপলিটন পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে বিএমপি।
মাদকসংক্রান্ত তথ্য দিতে যোগাযোগ করুন:
☎️ ০১৩২০-০৬৪০০০
☎️ ০১৩২০-০৬৪০৪৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএনজিএর ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়া এবং ধারাবাহিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর (স্থানীয় সময় রাত সাড়ে ১১টা) নিউইয়র্ক ত্যাগ করেন।
নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান।
এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, ইউএনজিএর সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ ছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এগুলোর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ