ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ


জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতির উদ্দেশ্যে বাংলাদেশ তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে। আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে দুই দেশের অংশগ্রহণের প্রস্তুতির প্রেক্ষাপটে এই গুরুত্বারোপ করা হয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৈঠকে রাষ্ট্রদূত আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন (কপ-৩১) আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমাজের কার্যকর ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বনেতাদের সম্মেলনের বিষয়েও উল্লেখ করেন এবং এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন বলে আলোচনা করেন।

শামা ওবায়েদ ইসলাম কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নে অগ্রগতির জন্য দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯৩৭৭ যাত্রী ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ববি হাজ্জাজের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ববি হাজ্জাজের

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের জন্য কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি—এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং ইউনিসেফের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ফ্রম দ্য ফিল্ড টু রিফর্ম: অ্যাডভান্সিং প্রাইমারি এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সংলাপ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রাথমিক শিক্ষার প্রতিটি ক্ষেত্র পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। একটি ক্ষেত্রকে উপেক্ষা করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে সরকার প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী দক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মাঠপর্যায়ের ৩ হাজারের বেশি অংশীজনের মতামত পর্যালোচনা করার কথা উল্লেখ করে ববি হাজ্জাজ জানান, ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর লক্ষ্যে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এতে বাংলা, গণিত ও ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি, খেলনাভিত্তিক শিক্ষা, ডিজিটাল কনটেন্ট ও ব্যবহারিক শিখন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সমন্বিত ‘শিক্ষক নীতিমালা’ প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।

মনিটরিং ব্যবস্থার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তদারকি আরও কার্যকর করার জন্য ১১ ধাপের বিদ্যালয় পরিদর্শন পদ্ধতি এবং ডিজিটাল তথ্যব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নদীভাঙনপ্রবণ ও পাহাড়ি অঞ্চলসহ ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় শিশুবান্ধব অবকাঠামো নির্মাণের ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের মর্যাদা, বেতন-ভাতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অগ্রাধিকার দেওয়া জরুরি।

শিক্ষাখাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে এবং প্রথম অর্থবছরেই এ খাতে ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। এতে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. মোক্তার আলী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রেজা কিবরিয়া ও বীথিকা বিনতে হোসাইন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী।

জাতীয় সংলাপে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালাচ্ছে ১ লাখ ১০ হাজার ইহুদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালাচ্ছে ১ লাখ ১০ হাজার ইহুদি

ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়ে প্রায় ১ লাখ ১০ হাজারে পৌঁছেছে। ২০২৬ সালের শুরুতে এই সংখ্যা ছিল প্রায় ৭৫ হাজার। রোববার সন্ধ্যায় ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুসারে, সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য হাজার হাজার সামরিক তলব আদেশ জারির পর পালিয়ে বেড়ানো ব্যক্তির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, বর্তমানে সামরিক দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০ শতাংশই অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের সদস্য। তাদের হারেদি নামে পরিচিত।

এত বিপুলসংখ্যক মানুষ সামরিক পরিষেবা এড়ানোর পরও—এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের ওপর জোর দেওয়ার পরও—বাস্তবিকভাবে আইন প্রয়োগের প্রক্রিয়াটি কার্যত স্থবির হয়ে আছে; হাতে গোনা কিছু ব্যতিক্রম ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বেন গুরিয়ন বিমানবন্দরে কয়েকজনকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন স্থানে আকস্মিক অভিযান চালিয়ে সামরিক দায়িত্ব এড়িয়ে চলা ১৪ জন হারেদি ইহুদি এবং অন্য সম্প্রদায়ের আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

চলতি মাসে এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান পরিচালনার পরিকল্পনা ছিল। তবে গ্রেপ্তারের দায়িত্ব ভাগাভাগি নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ দেখা দেওয়ায় অভিযানটি বাতিল করা হয়।

অভিযান পরিচালনায় সহায়তার জন্য পুলিশ সেনাবাহিনীর কাছে ৩০০ সেনাসদস্য চেয়েছিল। কিন্তু সেনাবাহিনী এই অনুরোধ প্রত্যাখ্যান করে। তাদের যুক্তি, সামরিক দায়িত্ব এড়িয়ে চলাদের গ্রেপ্তার করা সেনাবাহিনীর দায়িত্বের আওতাভুক্ত নয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা ঢাকা: হুমায়ুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


বিদেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা ঢাকা: হুমায়ুন

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বিদেশে বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে যদি ফৌজদারি কার্যক্রম শুরু হয়, তাহলে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের সরকারের কাছে তা জানাবে বলে ঢাকা প্রত্যাশা করে, যাতে ওই নাগরিকদের জন্য কনস্যুলার সহায়তা প্রদান করা সম্ভব হয়।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উল্লেখ করেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরের প্রেক্ষিতে তথ্য আদান-প্রদানে ঘাটতি থাকার বিষয়টি সামনে আসায় বাংলাদেশ সৌদি আরবের কাছে এর ব্যাখ্যা চেয়েছে।

হুমায়ুন কবির আরও বলেন, যদি বাংলাদেশে কোনো সৌদি নাগরিক ফৌজদারি অভিযোগের কারণে গ্রেপ্তার হন, তাহলে সৌদি কর্তৃপক্ষকে তা জানানো হবে, যাতে তারা ওই নাগরিককে কনস্যুলার সহায়তা দিতে পারে।

তিনি বলেন, ‘অন্তত তাদের জানা উচিত যে তাদের একজন নাগরিক বাংলাদেশের মাটিতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।’

একইভাবে, সৌদি আরবসহ অন্যান্য দেশগুলোও বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশকে অবহিত করবে বলে ঢাকা প্রত্যাশা করে, যাতে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা সম্ভব হয়, উল্লেখ করেন তিনি।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তথ্য আদান-প্রদানে কোনো ধরনের ঘাটতি থাকতে পারে বলে মনে হচ্ছে।

তিনি জানান, ‘আমরা এ বিষয়ে ব্যাখ্যা চাইছি।’ তথ্য আদান-প্রদানে কোথায় ঘাটতি হয়েছে, তা নির্ধারণের জন্য দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের নিজস্ব আইন রয়েছে এবং দেশটিতে ভ্রমণকারী প্রত্যেক ব্যক্তি সে আইনের আওতাভুক্ত।

তিনি বলেন, বাংলাদেশের উদ্বেগের মূল বিষয় হচ্ছে তথ্য আদান-প্রদান, যোগাযোগ এবং এ-সংক্রান্ত বিদ্যমান প্রক্রিয়া।

প্রতিবেদনে উল্লিখিত অপরাধের বিষয়টিকে গভীর হতাশাজনক উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় উদ্দেশ্যে মানুষ যে পবিত্র স্থান পরিদর্শন করেন, সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের অধীনে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদী।

ওআইসি বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে আহ্বান

বিদেশ সফর সম্পর্কে সাংবাদিকদের অবহিত করে হুমায়ুন কবির জানান, তিনি আজারবাইজানের বাকুতে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা জোরদারবিষয়ক সম্মেলন (সিআইসিএ)'র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন।

পরে তিনি ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে বাগদাদে যান।

তিনি সফরটিকে ফলপ্রসূ উল্লেখ করে বলেন, বিভিন্ন বৈঠকের ফাঁকে আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের বিষয়ে উল্লেখযোগ্য আগ্রহ দেখা গেছে।

ওআইসির বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে আসতে সদস্য দেশগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে জোরালো আহ্বান জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, তিনি গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথভাবে রোহিঙ্গাদের জবাবদিহি নিশ্চিতকরণবিষয়ক একটি বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকে সহসভাপতিত্ব করেন।

তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দেওয়া হয় এবং শান্তি প্রতিষ্ঠায় ওআইসির সদস্য দেশগুলো কীভাবে সমন্বিতভাবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার কোনো উদ্যোগে বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে কি না-- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সফরকালে কোনো সুনির্দিষ্ট উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে উল্লেখযোগ্য কোনো আলোচনা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের মামলায় সাবেক ফার্মাস ব্যাংক পরিচালক সিদ্দিকী নাজমুল আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


দুদকের মামলায় সাবেক ফার্মাস ব্যাংক পরিচালক সিদ্দিকী নাজমুল আলম

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : সাবেক ফার্মাস ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) এর পরিচালক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। অভিযোগ রয়েছে যে, তিনি সম্পদ বিবরণীতে অসংগতিপূর্ণ তথ্য প্রদান করেছেন।

আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বাসসকে এই তথ্য জানান।

গতকাল রোববার, দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এই মামলা দায়ের করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. খায়রুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে যে, কমিশন অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%