ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

জেটচালিত ড্রোনে কিয়েভকে নাস্তানাবুদ করছে রাশিয়া


জেটচালিত ড্রোনে কিয়েভকে নাস্তানাবুদ করছে রাশিয়া

রাশিয়ার নতুন দূরপাল্লার জেটচালিত ড্রোন প্রায় যাত্রীবাহী বিমানের সমান গতিতে উড়তে পারে এবং কয়েক কিলোমিটার উচ্চতায় চলাচল করতে সক্ষম। এই ড্রোন ইউক্রেনের দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো কিয়েভকে লক্ষ্য করে দফায় দফায় এসব ড্রোন হামলা চালিয়ে আসছে। বিমান হামলার সতর্ক সংকেতের কারণে নগরজীবন অনেকটা অচল হয়ে পড়েছে।

রোববার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত কয়েক দিনের আকাশ পরিস্থিতিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নতুন কৌশল হিসেবে উল্লেখ করে বলেন, ‘গত কয়েক দিনে আকাশে যে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে’— তার জবাব দেওয়া হবে।

আরও পড়ুন: জামায়াতের দাবি, আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী

রাশিয়ার ২০২২ সালের আগ্রাসনের পর ইউক্রেন দ্রুত গড়ে তোলা কার্যকর ও কম খরচের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা নতুন এসব ড্রোনের কারণে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

ইউক্রেন বর্তমানে ড্রোন প্রতিরক্ষায় বিশ্বের অন্যতম অগ্রণী দেশ হয়ে উঠেছে। এ প্রযুক্তি ভাগাভাগির জন্য পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে দেশটি চুক্তি করেছে।

তবে ইউক্রেনের প্রশংসিত ড্রোন প্রতিরোধ ব্যবস্থা প্রচলিত ড্রোনের বেশিরভাগই ধ্বংস করতে সক্ষম হলেও, নতুন জেটচালিত ড্রোনগুলো ঠেকাতে তাদেরকে বেশ বেগ পেতে হচ্ছে। প্রচলিত ড্রোন সাধারণত অভ্যন্তরীণ বা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন ও প্রপেলার দিয়ে চালিত হয়।

বিশেষজ্ঞদের মতে, নতুন ড্রোনগুলোতে চীনে তৈরি বিমানের মতো ছোট জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এগুলো পাঁচ কিলোমিটার উচ্চতায় ঘণ্টায় ৪০০ থেকে ৬০০ কিলোমিটার (২৫০ থেকে ৩৭০ মাইল) গতিতে উড়তে সক্ষম। ইরানের তৈরি শাহেদ ড্রোনভিত্তিক আগের সংস্করণগুলোর তুলনায় এ গতি প্রায় তিন গুণ।

আরও পড়ুন: ক্রসফায়ারের চিন্তা পুলিশের ব্যর্থতা ও ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ: আমীনের উদ্বেগ

নতুন মডেলের ড্রোনে সর্বোচ্চ ৯০ কেজি বিস্ফোরক বহন করা সম্ভব, যা আগের সংস্করণগুলোর প্রায় দ্বিগুণ। এগুলো আকারেও অনেক বড়— দৈর্ঘ্য প্রায় ৬ মিটার ও ডানার বিস্তার ৫.৫ মিটার।

ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ সের্গি জাগুরেটস এএফপিকে বলেন, এসব ড্রোনের উচ্চতা ও গতি ইউক্রেনের বর্তমান ড্রোন প্রতিরোধ ব্যবস্থার নাগালের বাইরে। এর ফলে ড্রোন মোকাবিলায় আমরা যে অগ্রগতি অর্জন করেছিলাম, তা অনেকটাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।

আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, নতুন এসব ড্রোন প্রচলিত ড্রোনের তুলনায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ।

ধারণা করা হচ্ছে, আগস্টে রাশিয়া প্রায় ২ হাজার ৮০০টি জেটচালিত ড্রোন ছুড়েছে। জুলাইয়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৫০০ এবং জুনে মাত্র কয়েক শ।

আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান গ্রহণ করে রাজ্যকে বৃহত্তর বাংলাদেশে পরিণত করতে চেয়েছিল তৃণমূল

ইউক্রেনের বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এসব ড্রোনের প্রায় ৬০ শতাংশ ধ্বংস করা সম্ভব হচ্ছে। অন্যদিকে, ধীরগতির ও কম উচ্চতায় উড়া প্রচলিত ড্রোন ধ্বংসের হার ৯০ শতাংশের বেশি।

নতুন ধরনের ড্রোন হামলা এমন সময়ে শুরু হয়েছে, যখন গ্রীষ্মের শুরু থেকে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় কিয়েভ এমনিতেই চাপে রয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছে।

শুক্রবার একটি জেটচালিত ড্রোন কিয়েভের ঐতিহাসিক কেন্দ্রস্থলে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে আঘাত হানে। দিনের বেলায় চালানো এই হামলাকে অত্যন্ত প্রতীকী আঘাত হিসেবে দেখা হচ্ছে।

ইউক্রেন অভিযোগ করেছে, শান্তি আলোচনা পুনরায় শুরুর চেষ্টা করতে মস্কো ও কিয়েভ সফরে থাকা মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সফর ব্যাহত করতেই রাশিয়া এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন: আহসান হাবিবকে এনবিআরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

দফায় দফায় হামলার কারণে কিয়েভ প্রায় অচল হয়ে পড়ছে। প্রতিদিন এক ডজন পর্যন্ত বিমান হামলার সতর্ক সংকেত বেজে উঠছে।

সতর্ক সংকেত জারি হলে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। মেট্রোরেল চলাচলও সীমিত করা হয়। ফলে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং মানুষ রাস্তায় জড়ো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নোংরা ভাষায় জবাব দেওয়া উচিত হয়নি : রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


নাসীরুদ্দীন পাটওয়ারীকে নোংরা ভাষায় জবাব দেওয়া উচিত হয়নি : রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় টকশোতে কথা বলা অনুচিত ছিল। তিনি ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই বক্তব্য প্রকাশ করেন।

রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেছেন, ‘এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী, কন্যা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ বিএনপি সরকারের মন্ত্রী ও সিনিয়র নেতাদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এর প্রেক্ষিতে কয়েক মাস আগে আমি অসাবধানতাবশত একটি উদাহরণস্বরূপ প্রতিক্রিয়া দিয়েছিলাম, ‘রাস্তা দিয়ে যখন কোনো ... হেঁটে যায়, ওটাকে ... মানুষ মনে না করে ... ওটাই মনে করা উচিত! বর্তমান রাজনীতিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো কিছু ... লোক দেখা যাচ্ছে, যারা রাজনৈতিক সংস্কৃতিকে নোংরা করছে!’

তিনি আরও লিখেছেন, ‘যদি নাসীরুদ্দীন পাটওয়ারী ন্যূনতম পরিশীলিত রাজনীতি করতেন, তাহলে হয়তো আমার এমন উদাহরণ দিতে হতো না। এছাড়া, নাসীরুদ্দীন পাটওয়ারী আমাকে নিয়েও অশ্রাব্য ভাষায় অনেক কথা বলেছেন, যা ব্যক্তিগত সংক্ষুব্ধতা ও তিক্ততায় রূপ নিয়েছে। এ বিষয়ে একে-অপরের বিরুদ্ধে না বলার জন্য তিনি আমাকে কলও করেছিলেন, যা আমি আগেই জানিয়েছিলাম। কিন্তু তিনি ৫-৬ ঘণ্টা পর তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন।

 

রাশেদ খান লিখেছেন, ‘সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নিয়ে আপনারা তার মন্তব্য লক্ষ্য করেছেন। তবুও, নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া আমার জন্য ঠিক হয়নি, এমনটাই মনে করেন দেশ বিদেশে অবস্থানরত আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী! আমার প্রতিক্রিয়া ছিল 'টিট ফর ট্যাট' এর মতো। তবে ২০২৪ পরবর্তী রাজনীতির গতি পথে আমরা দেশ গঠন, মানবিক মর্যাদা এবং বৃহত্তর কল্যাণকে প্রাধান্য দিতে চাই। এ কারণে আমার পক্ষ থেকে যে অনাকাঙ্ক্ষিত ভাষাগত ভুল হয়েছে, তা আমি প্রত্যাহার করছি এবং ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

 

আমাদের সবারই উচিত গঠনমূলক সমালোচনার পাশাপাশি সহনশীল ও পরিশীলিত রাজনীতির সুযোগ সৃষ্টি করা।

তিনি আরও লিখেছেন, ‘২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলন, সংগ্রাম ও রাজনৈতিক অভিযাত্রায় আমি সবসময় সহনশীল ও ভাষার ব্যবহারে সতর্ক থাকার চেষ্টা করেছি। এই প্রচেষ্টা ও সতর্কতা সবসময় অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমি মনে করি, ঘৃণা ছড়িয়ে আমরা কেউই লাভবান হতে পারবো না। এতে কেবল বিরাজনীতিকরণের উদ্দেশ্যে বসে থাকা গোষ্ঠী উপকৃত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।

বুধবার সকালে জয়পুরহাট জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়। এরপর জেলা বিএনপি’র পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার পর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মুনজুরে মাওলা পলাশ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি, সহ সভাপতি মৌসুমী আক্তার, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, শহর মহিলা দলের সভানেত্রী নাজমা খানম রুপালি ও সাধারণ সম্পাদক মো. বিউটি আক্তারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ৫০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


রাজশাহীতে ৫০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার

রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকায় আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ৫৩০ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় গোদাগাড়ী থানাধীন আচুয়া তালতলা গ্রামের আচুয়া তালতলা প্রাইমারি স্কুলের সামনে থেকে এই হেরোইনটি উদ্ধার করা হয়।

আজ বুধবার দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় গোদাগাড়ী থানাধীন আচুয়া তালতলা গ্রামের আচুয়া তালতলা প্রাইমারি স্কুলের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে সিঁড়ির পাশ থেকে ৫টি স্বচ্ছ পলিপ্যাকে রক্ষিত বাদামি রঙের সর্বমোট ৫৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এই হেরোইনের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‘চেতনায় নারী, বিপ্লবে নারী গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’- এই মূল স্লোগানকে সামনে রেখে নড়াইলে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার, বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা, সদর উপজেলা ও পৌর মহিলা দলের যৌথ উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নড়াইল জেলা মহিলা দলের সভাপতি শিরিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলোক, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, অ্যাড. মাহবুব মুর্শেদ (জাপল) এবং নগর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম।

জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলোক বলেন, ‘দেশের প্রতিটি গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নারীরা কখনো পিছিয়ে থাকেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই মহিলা দল চিরকাল দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার পাহারাদার হিসেবে কাজ করছে। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উত্তরোত্তর উন্নতি, স্থায়িত্ব ও সাফল্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সম্মৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%