ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

যুব উন্নয়ন প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ২ জন


যুব উন্নয়ন প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ২ জন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা সুজিত গোপ, যিনি চক্রের গুরুত্বপূর্ণ সদস্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে।

ঐদিন পরীক্ষার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ার অভিযোগ উঠে। এই কারণে অধিদপ্তর পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর

এ ঘটনায় গত ১৬ অক্টোবর প্রশ্নফাঁস চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরিবেশ অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ব্যক্তিরাও ছিলেন।

এসআরবি জানায়, চক্রটি হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরিপ্রার্থীদের কাছে প্রশ্নপত্র সরবরাহ করত। বিনিময়ে প্রার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা নেওয়া হতো। চক্রটি চার থেকে পাঁচ বছর ধরে প্রশ্নফাঁসের কাজে জড়িত ছিল।

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে পরীক্ষার্থীরা বিক্ষোভ করেন। অভিযোগের তদন্তের জন্য শনিবার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি।

আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মচারীদের সম্মানী বাড়ল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে হামের সংক্রমণ বাড়ছে, তিন শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


তাহিরপুরে হামের সংক্রমণ বাড়ছে, তিন শিশুর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে উদ্বেগজনক হারে হামের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বছরের শুরু থেকেই হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হলেও জুন মাস থেকে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। উপজেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু ঘটেছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। পরিস্থিতি মোকাবেলার জন্য ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিছু ইনজেকশন, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর অভাব থাকায় রোগীদের সেগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে, এমন অভিযোগ করেছেন স্বজনেরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, চলতি বছরে এ পর্যন্ত উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১০৫ জন রোগী শনাক্ত হয়েছেন। চলতি মাসেই নতুন করে ১৮ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। এর মধ্যে পরীক্ষায় সাতজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে তিন শিশু। তাদের মধ্যে ১১ মাস বয়সী রাকসান মিয়া, চার মাস বয়সী হুমায়রা এবং দুই বছর তিন মাস বয়সী ফারিয়া আক্তার অন্তর্ভুক্ত।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে প্রতিদিন শিশু ও বিভিন্ন বয়সী রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ১০ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছে। সেখানে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে রোগীর সংখ্যা বাড়তে থাকায় শয্যাসংকটও দেখা দিয়েছে।

এদিকে হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের অভিযোগ, চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইনজেকশন, ওষুধ, ক্যানোলা ও সিরিঞ্জসহ বিভিন্ন সামগ্রী বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সব ওষুধ ও ইনজেকশন না পাওয়ায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর দাদি আলেয়া বেগম বলেন, "আমার নাতিকে নিয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছি। এ পর্যন্ত সরকারি কোনো ইনজেকশন বা ওষুধ পাইনি। সবকিছুই বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে হচ্ছে। এতে আমাদের অনেক কষ্ট হচ্ছে।"

হামে আক্রান্ত ১০ বছর বয়সী এক কিশোরীর মা রবিজা বেগম বলেন, "আমার মেয়ের শরীরে হামের লক্ষণ দেখা দিলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। চিকিৎসক তাকে ভর্তি করেন। চিকিৎসক দেখতে এসে ইনজেকশন ও ওষুধের তালিকা লিখে দেন। সেগুলো বাইরে থেকে কিনে আনার পর হাসপাতালের কর্মীরা ইনজেকশন পুশ করে দেন।"

রকি মিয়া জানান, "আমার ভাই নয় দিন ধরে অসুস্থ। প্রথমে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাইয়েছি। তাতে কাজ না হওয়ায় আজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকেরা হাম হয়েছে বলে জানালে তাকে ভর্তি করি। কিন্তু হামের রোগী বেশি থাকায় এই ওয়ার্ডে কোনো শয্যা পাচ্ছি না। হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছে।"

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তুষার দাস বলেন, "প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচজন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছেন। জুন মাস থেকে এ পর্যন্ত তুলনামূলকভাবে অনেক বেশি রোগী ভর্তি হয়েছেন। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন। আমরা তাঁদের পৃথক ওয়ার্ডে রেখে চিকিৎসা দিচ্ছি।"

চিকিৎসকরা জানিয়েছেন, হাম সাধারণত শিশুদের মধ্যে বেশি ছড়ালেও যেকোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারেন। বিশেষ করে টিকা না নেওয়া শিশুদের সংক্রমণের ঝুঁকি বেশি।

হাম প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমদ বলেন, "এ বছর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশি। তাদের অধিকাংশই শিশু। রোগীদের চিকিৎসার জন্য আমরা পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। যেসব রোগীর শারীরিক অবস্থা গুরুতর এবং আইসিইউ সাপোর্ট প্রয়োজন, তাদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হচ্ছে।"

তিনি আরও বলেন, "শিশুদের হামের টিকা নিশ্চিত করা জরুরি। জ্বর, সর্দি কাশি ও শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল বেলাল হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল বেলাল হোসেন

উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে যেখানে প্রচলিত ফসল উৎপাদনে কৃষকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেখানে খুলনার পাইকগাছার তরুণ কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন মালটা চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন জাতের মালটার বাগান গড়ে তুলেছেন। এবারের মৌসুমে বাগানের চার শতাধিক গাছে এসেছে বাম্পার ফলন। তাঁর এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলে বিকল্প ফল চাষের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

মালথ গ্রামের বেলাল হোসেনের বাগানে প্রবেশ করলেই চোখে পড়ে সবুজের সমারোহ। গাছের ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় মালটা। ফলের আকর্ষণীয় রং ও আকার দেখে বোঝার উপায় নেই, এটি উপকূলীয় কোনো লবণাক্ত এলাকার বাগান। পাহাড়ি অঞ্চলের ফলের বাগানের মতো দেখতে এই বাগান এখন স্থানীয় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রায় চার বছর আগে বেলাল পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন জাতের মালটা চাষ শুরু করেন। বর্তমানে তাঁর বাগানে রয়েছে চার শতাধিক মালটা গাছ। নিয়মিত পরিচর্যা ও পরিশ্রমের ফলে গাছগুলোতে এসেছে প্রত্যাশার চেয়েও বেশি ফলন। ফলের মান ও স্বাদ ভালো হওয়ায় বাজারেও রয়েছে চাহিদা। বর্তমানে বাগান থেকেই প্রতি কেজি মালটা ২৫০ টাকা দরে বিক্রি করছেন তিনি।

তবে বেলাল হোসেনের কৃষি উদ্যোগ শুধুমাত্র মালটা বাগানেই সীমাবদ্ধ নয়। প্রায় ২৬ বছর আগে নানির দেওয়া মাত্র ২ হাজার ৭০০ টাকা পুঁজি নিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন তিনি। ধীরে ধীরে সেই ছোট উদ্যোগ বিস্তৃত হয়ে বর্তমানে প্রায় ১২ বিঘা জমিতে মিশ্র ফলের বাগানে রূপ নিয়েছে। তাঁর বাগানে পেয়ারা, লিচু, ড্রাগন ফল, কুলসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম রয়েছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন জাতের ফলের কলম চারা উৎপাদন ও বিক্রির ব্যবস্থা।

বেলাল হোসেন জানান, নতুন নতুন ফলের জাত সম্পর্কে জানতে এবং উপযোগিতা যাচাই করতে তিনি বিভিন্ন জাতের ফলের বাগান করেন। সঠিক জাত নিশ্চিত করার পরে সেখান থেকে কলম চারা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রি করেন। তাঁর নার্সারিতে সারা বছর ১২ জন শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

তিনি বলেন, "প্রায় ২৬ বছর আগে নানির উপহার দেওয়া মাত্র ২ হাজার ৭০০ টাকা দিয়ে নার্সারির ব্যবসা শুরু করি। বর্তমানে আমার প্রায় ১২ বিঘা জমিতে মিশ্র ফলের বাগান রয়েছে। বিভিন্ন জাতের ফলের চাষ করে উপযোগী জাত নির্বাচন করি। এরপর সেসব গাছ থেকে কলম চারা তৈরি করে বিক্রি করি। এ বছর চায়না ম্যান্ডারিন জাতের মালটার বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাচ্ছি।"

বাগানের শ্রমিক সিরাজুল সরদার বলেন, "আমি ১০ থেকে ১২ বছর ধরে বেলাল ভাইয়ের নার্সারিতে কাজ করছি। এ বছর মালটা গাছে ব্যাপক ফলন হয়েছে। গাছগুলো ফলের ভারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই গাছ রক্ষার জন্য অনেক মালটা আগেই ছেঁটে ফেলতে হয়েছে।"

বেলালের মালটা বাগান দেখতে আসা আমানউল্লাহ আমান বলেন, "আমাদের উপকূলীয় লবণাক্ত অঞ্চলে আগে এভাবে মালটার ফলন দেখিনি। ফলের আকার যেমন বড়, তেমনি রংও বেশ আকর্ষণীয়। বাগানটি দেখে সত্যিই ভালো লেগেছে।"

পাইকগাছা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, "বেলাল হোসেন একজন সফল নার্সারি ব্যবসায়ী ও মিশ্র ফলচাষি। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে নার্সারি ব্যবসা পরিচালনা করছেন। চলতি বছর তাঁর মালটা বাগানে প্রচুর ফলন হয়েছে বলে তিনি শুনেছেন।"

পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন বলেন, "আমরা বেলালের মালটা বাগান পরিদর্শন করেছি। উপজেলা কৃষি অফিস থেকে তাঁকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। তাঁর এই উদ্যোগ দেখে উপকূলীয় এলাকার অনেকেই ফলের বাগান করতে আগ্রহী হবেন।"

উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে মালটা চাষের এই সাফল্য কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। উপযুক্ত জাত নির্বাচন, মাটির লবণাক্ততা ব্যবস্থাপনা, নিয়মিত পরিচর্যা এবং কৃষি বিভাগের কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে এ অঞ্চলে বাণিজ্যিকভাবে মালটাসহ বিভিন্ন ফল চাষের ক্ষেত্র আরও সম্প্রসারিত হতে পারে। বেলাল হোসেনের উদ্যোগ তাই কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং উপকূলীয় কৃষিতে সম্ভাবনাময় বিকল্প ফসল চাষের এক অনুপ্রেরণাও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা হওয়ার পর কিয়ারার পাশে তিন অভিনেত্রী: আলিয়া, ক্যাটরিনা ও পত্রলেখা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


মা হওয়ার পর কিয়ারার পাশে তিন অভিনেত্রী: আলিয়া, ক্যাটরিনা ও পত্রলেখা

মা হওয়ার পর শারীরিক ও মানসিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে। সন্তান জন্মের পর কাজে ফিরে আসা, পরিবার ও পেশাগত দায়িত্ব সামলানো—এই সব বিষয় মিলিয়ে তিনি কঠিন সময় পার করেছেন। এই সময়ের মধ্যে অভিনেত্রী আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও পত্রলেখার কাছ থেকে তিনি সহযোগিতা ও পরামর্শ পেয়েছেন।

সম্প্রতি স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কফি উইথ করণ অনুষ্ঠানে অতিথি হয়ে মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন কিয়ারা। তিনি জানান, মা হওয়ার পর একবার পডকাস্টে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। জমে থাকা অনুভূতি প্রকাশের জন্য তার এমন একটি মাধ্যম প্রয়োজন ছিল।

কিয়ারা বলেন, প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথম তিন মাস বেশ কঠিন ছিল। বমিভাব ও হরমোনের পরিবর্তনের পাশাপাশি নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াও ছিল চ্যালেঞ্জ। সে সময় তিনি নিজের মা ও শাশুড়ির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কারণ, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া নারীরা অন্য নারীর অনুভূতি ভালোভাবে বুঝতে পারেন।

অনুষ্ঠানে করণ জোহর জানান, সন্তান জন্মের পর কিয়ারা প্রায়ই আলিয়া, ক্যাটরিনা ও পত্রলেখার সঙ্গে যোগাযোগ করতেন। বিষয়টি স্বীকার করে কিয়ারা বলেন, তারা একে অপরের খোঁজখবর রাখতেন। একই পেশায় কাজ করার কারণে মাতৃত্বের পাশাপাশি কিভাবে পেশাগত দায়িত্ব সামলানো যায়, তা নিয়েও তাদের মধ্যে আলোচনা হতো।

কিয়ারা জানান, কাজে ফেরার সময় কিভাবে সবকিছু সামলানো যায়, তা জানতে তিনি আলিয়ার সঙ্গে কথা বলেছিলেন। তার ভাষায়, পরিবারের অগ্রাধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কর্মক্ষেত্রেও পেশাদার থাকতে হয়। এই দুই জগতের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে অনেক সময় মায়েদের অপরাধবোধ তৈরি হয়। একে তিনি ‘মম গিল্ট’ বলে উল্লেখ করেন।

আলিয়া ভাট ২০২২ সালে প্রথম সন্তানের মা হন। ২০২৫ সালে মা হন ক্যাটরিনা কাইফ। একই বছরের নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হন পত্রলেখা ও অভিনেতা রাজকুমার রাও। ভিন্ন সময়ে মাতৃত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রীদের সঙ্গে কথোপকথন কিয়ারাকে মানসিক সমর্থন জুগিয়েছে।

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরে বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। ২০২৫ সালের ১৫ জুলাই তাদের প্রথম কন্যাসন্তানের জন্ম হয়। একই বছরের নভেম্বরে মেয়ের নাম প্রকাশ করেন তারা—সারায়াহ মালহোত্রা। নামটির অর্থ ‘ঈশ্বরের রাজকন্যা’।

গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয়বার মা-বাবা হতে যাওয়ার খবর জানান এই দম্পতি। কিয়ারা সম্প্রতি যশের সঙ্গে টক্সিক সিনেমায় অভিনয় করেছেন। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন হুমা কুরেশি, তারা সুতারিয়া, নয়নতারা ও রুক্মিণী বসন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কারণে শীতকালীন ছুটি বাতিল করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কারণে শীতকালীন ছুটি বাতিল করেছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য শীতকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের সঙ্গে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। পরিবর্তে, এই ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের সময়ের সঙ্গে দেওয়া হবে।

রমজান মাসে ছুটির সময়সূচি নির্ধারণের জন্য ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি দায়িত্ব পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ৭ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৩তম সভায় এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। পরে ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩তম সভায় এই সিদ্ধান্তটি অনুমোদন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%