প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে যেখানে প্রচলিত ফসল উৎপাদনে কৃষকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেখানে খুলনার পাইকগাছার তরুণ কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন মালটা চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন জাতের মালটার বাগান গড়ে তুলেছেন। এবারের মৌসুমে বাগানের চার শতাধিক গাছে এসেছে বাম্পার ফলন। তাঁর এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলে বিকল্প ফল চাষের নতুন সম্ভাবনা তৈরি করেছে।
মালথ গ্রামের বেলাল হোসেনের বাগানে প্রবেশ করলেই চোখে পড়ে সবুজের সমারোহ। গাছের ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় মালটা। ফলের আকর্ষণীয় রং ও আকার দেখে বোঝার উপায় নেই, এটি উপকূলীয় কোনো লবণাক্ত এলাকার বাগান। পাহাড়ি অঞ্চলের ফলের বাগানের মতো দেখতে এই বাগান এখন স্থানীয় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রায় চার বছর আগে বেলাল পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন জাতের মালটা চাষ শুরু করেন। বর্তমানে তাঁর বাগানে রয়েছে চার শতাধিক মালটা গাছ। নিয়মিত পরিচর্যা ও পরিশ্রমের ফলে গাছগুলোতে এসেছে প্রত্যাশার চেয়েও বেশি ফলন। ফলের মান ও স্বাদ ভালো হওয়ায় বাজারেও রয়েছে চাহিদা। বর্তমানে বাগান থেকেই প্রতি কেজি মালটা ২৫০ টাকা দরে বিক্রি করছেন তিনি।
তবে বেলাল হোসেনের কৃষি উদ্যোগ শুধুমাত্র মালটা বাগানেই সীমাবদ্ধ নয়। প্রায় ২৬ বছর আগে নানির দেওয়া মাত্র ২ হাজার ৭০০ টাকা পুঁজি নিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন তিনি। ধীরে ধীরে সেই ছোট উদ্যোগ বিস্তৃত হয়ে বর্তমানে প্রায় ১২ বিঘা জমিতে মিশ্র ফলের বাগানে রূপ নিয়েছে। তাঁর বাগানে পেয়ারা, লিচু, ড্রাগন ফল, কুলসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম রয়েছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন জাতের ফলের কলম চারা উৎপাদন ও বিক্রির ব্যবস্থা।
বেলাল হোসেন জানান, নতুন নতুন ফলের জাত সম্পর্কে জানতে এবং উপযোগিতা যাচাই করতে তিনি বিভিন্ন জাতের ফলের বাগান করেন। সঠিক জাত নিশ্চিত করার পরে সেখান থেকে কলম চারা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রি করেন। তাঁর নার্সারিতে সারা বছর ১২ জন শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
তিনি বলেন, "প্রায় ২৬ বছর আগে নানির উপহার দেওয়া মাত্র ২ হাজার ৭০০ টাকা দিয়ে নার্সারির ব্যবসা শুরু করি। বর্তমানে আমার প্রায় ১২ বিঘা জমিতে মিশ্র ফলের বাগান রয়েছে। বিভিন্ন জাতের ফলের চাষ করে উপযোগী জাত নির্বাচন করি। এরপর সেসব গাছ থেকে কলম চারা তৈরি করে বিক্রি করি। এ বছর চায়না ম্যান্ডারিন জাতের মালটার বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাচ্ছি।"
বাগানের শ্রমিক সিরাজুল সরদার বলেন, "আমি ১০ থেকে ১২ বছর ধরে বেলাল ভাইয়ের নার্সারিতে কাজ করছি। এ বছর মালটা গাছে ব্যাপক ফলন হয়েছে। গাছগুলো ফলের ভারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই গাছ রক্ষার জন্য অনেক মালটা আগেই ছেঁটে ফেলতে হয়েছে।"
বেলালের মালটা বাগান দেখতে আসা আমানউল্লাহ আমান বলেন, "আমাদের উপকূলীয় লবণাক্ত অঞ্চলে আগে এভাবে মালটার ফলন দেখিনি। ফলের আকার যেমন বড়, তেমনি রংও বেশ আকর্ষণীয়। বাগানটি দেখে সত্যিই ভালো লেগেছে।"
পাইকগাছা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, "বেলাল হোসেন একজন সফল নার্সারি ব্যবসায়ী ও মিশ্র ফলচাষি। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে নার্সারি ব্যবসা পরিচালনা করছেন। চলতি বছর তাঁর মালটা বাগানে প্রচুর ফলন হয়েছে বলে তিনি শুনেছেন।"
পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন বলেন, "আমরা বেলালের মালটা বাগান পরিদর্শন করেছি। উপজেলা কৃষি অফিস থেকে তাঁকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। তাঁর এই উদ্যোগ দেখে উপকূলীয় এলাকার অনেকেই ফলের বাগান করতে আগ্রহী হবেন।"
উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে মালটা চাষের এই সাফল্য কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। উপযুক্ত জাত নির্বাচন, মাটির লবণাক্ততা ব্যবস্থাপনা, নিয়মিত পরিচর্যা এবং কৃষি বিভাগের কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে এ অঞ্চলে বাণিজ্যিকভাবে মালটাসহ বিভিন্ন ফল চাষের ক্ষেত্র আরও সম্প্রসারিত হতে পারে। বেলাল হোসেনের উদ্যোগ তাই কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং উপকূলীয় কৃষিতে সম্ভাবনাময় বিকল্প ফসল চাষের এক অনুপ্রেরণাও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন