১০:২৯ এম
পবিত্র হজ পালন শেষে, মোট ১৬৪টি ফ্লাইটের মাধ্যমে সর্বমোট ৬৩ হাজার ৭৮৩ জন হাজি দেশে ফিরেছেন। আর এখন পর্যন্ত মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিনের তথ্য সূত্রে এই তথ্যগুলো জানা গেছে। তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪,৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫৯,৪৬৪ জন হাজি।
হাজিদের ফিরিয়ে আনতে, এখন পর্যন্ত সর্বমোট ১৬৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৪টি ফ্লাইটে ২৮,৬৩৩ জন হাজি, সৌদি এয়ারলাইন্স ৫৮টি ফ্লাইটে ২২,৩০০ জন হাজি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে ৮,৬৭২ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৪,১৭৮ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।
আরও পড়ুন: স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৬৬,৭৪৫ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৮,২৯৮ টি সেবা দেওয়া হয়েছে।
এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ৫৪ জনের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন মহিলা। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় ১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিয়মানুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়েছে।
গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। পবিত্র হজ পালন শেষে এখন দেশে ফেরার পালা। ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
আরও পড়ুন: দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপিত হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন