ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

নলতায় জমি নিয়ে হয়রানির অভিযোগ ভাবীর বিরুদ্ধে, তদন্তে মিলেছে স্বস্তি


নলতায় জমি নিয়ে হয়রানির অভিযোগ ভাবীর বিরুদ্ধে, তদন্তে মিলেছে স্বস্তি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার পাইকাড়া গ্রামের বড় বাড়ি নামক চৌধুরী বাড়িতে সামান্য জমির জটিলতায় বিশৃঙ্খলা ও অশান্তি চরমে। যে বাড়িটা নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আনসার উদ্দিন আহমেদের বাড়ি নামে পরিচিত। অথচ ওয়ারেশ সূত্রে পৌনে ২ শতক জমির দ্বন্দ্ব নিয়ে ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত পরিবারে মামলা-মকদ্দমা, অশান্তি, বিশৃঙ্খলা চরমে পৌঁছেছে। আর এই অভিযোগগুলো উঠেছে ওই পরিবারের ভাবি আনজুমান আরার বিরুদ্ধে। তবে সম্প্রতি এই দ্বন্দ্বের কিছুটা স্বস্তি মিলেছে সরকারি কর্মকর্তাদের তদন্ত রিপোর্টে।
অভিযোগপত্র ও সরেজমিনে জানা যায়, মৃত এজাহার হোসেন এর ১মপুত্র ইলিয়াস হোসেন এর স্ত্রী আনজুমান আরা বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৪৬৩/২৬ নং মোকাদ্দামায় ১৪৫ ধারায় একটি মামলা করেন। মামলাটি করেন মৃত এজাহার হোসেনের অপর পুত্র এমদাদ, ইমরান ও চৌধুরী আমজাদ হোসেনের বিরুদ্ধে। মামলার অভিযোগ মূলত বাড়ির সামনে ১.৫০ বা প্রায় পৌনে ২ শতক জমির দখল নিয়ে।
আদালত তদন্তের নির্দেশ দিলে ১১ জুন২০২৬ ভাড়াশিমলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ সরেজমিনে তদন্ত করেন। পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুল জলিল এবং অমলকান্তি ঘোষ সরেজমিনে তদন্ত করেন। তদন্তের সময় এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তদন্ত প্রতিবেদনে জানা যায়, ১৮২ নম্বর পাইকারা মৌজার বিআরএস ৩৬১ ও খতিয়ান ২৫৭৩-৭৪ দাগ সহ অন্যান্য ৭টি দাগ মিলে বাদী আনজুমান আরা পাবেন পৌনে ২ শতক। কিন্তু সে দখল দেখাতে চায় বাড়ির পূর্ব পাশের অভিযুক্ত জায়গাটি। তবে তদন্ত রিপোর্টে আঞ্জুমান আরার অভিযোগের সত্যতা মেলেনি।
এদিকে আঞ্জুমান আরা দাবি করেন, অভিযুক্ত জায়গাটিতে তার একটি কাঠের ঘর ছিল। এবং বিবাদী পক্ষের দুইটি ঘর ছিল।
তবে সাক্ষীগন ও সরজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। বর্তমানে অভিযুক্ত জায়গাটিতে কোন পক্ষের কোন ঘরই নেই। উপস্থিত খড় বিক্রেতা আনারুলসহ সাক্ষীদের জবানবন্দিতে জানা যায়, বিবাদী পক্ষের কাঠের ও খড়ের ঘর সেখানে ছিল। বর্তমান সেগুলো ভেঙে ইট ও টিনের ঘর বানানোর প্রস্তুতি চলছে বিবাদীদের পক্ষ থেকে।
সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস কর্মকর্তা আব্দুল জলিলের সারেজমিনে তদন্তের দিন বাদিপক্ষ আনজুমান আরাসহ তার লোকজন ইচ্ছাকৃত অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তদন্ত কর্মকর্তা বাদীপক্ষকে বারবার ফোন দিলেও তারা ঘটনাস্থলে উপস্থিত হননি।
স্থানীয়দের অভিমত- যেহেতু আঞ্জুমান আরা দীর্ঘদিন বাড়ি ছাড়া অর্থাৎ এখানে বসবাস করেন না সেহেতু তদন্ত রিপোর্ট অনুযায়ী দ্বন্দ্ব সংঘাতের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে বড় বাড়ির শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান তারা।
ঘটনার সাথে সংশ্লিষ্ট বিষয়ের উল্লেখ যে, মামলার বাদী আঞ্জুমান আরার স্বামী ইলিয়াস হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় ২০০১ সালে। তারপর থেকে আঞ্জুমান আরা ওই বাড়ি ছেড়ে বাইরে চলে আসে অর্থাৎ নলতায় বসবাস করে এবং নলতা কেজি স্কুলে চাকরি শুরু করে। চাকরির সুবাদে সোনাটিকারি গ্রামের আমির আলীর সাথে পরিচয় হয় আঞ্জুমান আরার। এবং তাদের মধ্যে পুনরায় বিয়ে হয় ২০১০ সালে। বিয়ের পর আমির আলীর গ্রামীণ ব্যাংকে চাকরি হয় এবং চাকরির সুবাদে সে নলতার বাইরে চলে যায়। এদিকে আনজুমান আরার একমাত্র শিশুসন্তান ইশতিয়াক আহসানকে লালন পালন করে চাচা আমজাদ চৌধুরী ও তার পরিবার। আমির আলীর সাথে আনজুমান আরার বিয়ের পর গ্রামীণ ব্যাংকে চাকরির সুবাদে খুলনায় বসবাস করে তারা। কিন্তু সেখান থেকে আঞ্জুমান আরা চলে আসে পাইকগাছায় আত্মীয়ের বাড়িতে। পাইকগাছায় কোর্টের মাধ্যমে আমির আলীকে ডিভোর্স দেয় আঞ্জুমানারা। এভাবে প্রথম স্বামীর মৃত্যুর পর আঞ্জুমান আরার বাকি জীবন কেটে যায় বাড়ি বা এলাকার বাইরে বাইরে।
যে কারণে অভিযুক্ত জায়গাটিতে আঞ্জুমান আরার যে একটি কাঠের ঘর ছিল এটি উপস্থিত সাক্ষীগন স্পষ্ট বলতে পারেননি। একই সাথে আমজাদ হোসেন সহ বিবাদীগণ অভিযোগ করেন, অভিযুক্ত স্থানটিতে আঞ্জুমান আরার কখনোই কোন কাঠের ঘর বা কোন ঘর ছিল না। সে চক্রান্ত করে আমাদেরকে হয়রানি করছে এবং এই বাড়ির সম্মান মর্যাদা নষ্ট করে বেড়াচ্ছে।
এজন্য স্থানীয় ও সচেতন মহল মনে করেন সরজমিন ও তদন্ত রিপোর্ট অনুযায়ী দ্রুত বিবাদকৃত বা অভিযুক্ত জায়গাটির সুষ্ঠু বিচার বা সুরহা করে ঐতিহ্যবাহী বাড়িটির মর্যাদা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যোগ্য মানুষকে ভোট দিলে এলাকার উন্নয়ন হয় এটাই প্রমানিত হলো

আন্তর্জাতিক ডেস্ক

হিলি প্রতিনিধি

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


যোগ্য মানুষকে ভোট দিলে এলাকার উন্নয়ন হয় এটাই প্রমানিত হলো

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশনে যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এ খবরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দমিছিল করেছেন বিএনপির নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হিলি রেলস্টেশন থেকে আনন্দমিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ট্রেনের যাত্রাবিরতির অনুমোদনকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আনন্দমিছিলে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া হিলি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আনন্দমিছিলে বক্তব্য দিতে গিয়ে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, যোগ্য মানুষকে ভোট দিলে যে এলাকার উন্নয়ন হয়, হিলির ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন তারই প্রমাণ। বিগত দিনে হিলি অনেক অবহেলিত ছিল। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনের সময় আমাদের সমাজকল্যাণমন্ত্রী কথা দিয়েছিলেন, তাঁকে ভোট দিয়ে সহযোগিতা করলে এলাকার মানুষের চাওয়া-পাওয়া পূরণ করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে হিলির বিভিন্ন সমস্যা সমাধানে কাজ হচ্ছে।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, বিএনপি সরকার জনগণের উন্নয়নে বিশ্বাসী। দিনাজপুর-৬ আসনের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাত ধরে এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে। মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে তিনি কাজ করবেন। ইতিমধ্যে চার উপজেলায় উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হিলিবাসী যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত ছিলেন। হিলি স্থলবন্দর থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেলেও সে অনুযায়ী এলাকার উন্নয়ন হয়নি বলে তাদের অভিযোগ। এমন পরিস্থিতিতে দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন তাদের দীর্ঘদিনের দাবির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হলে হিলি ও আশপাশের এলাকার মানুষের ঢাকায় যাতায়াত সহজ হবে। পাশাপাশি সময় ও যাতায়াতের ভোগান্তি কমবে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।

রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ২৮ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে হিলি রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭৬৫ নম্বর আন্তনগর নীলসাগর এক্সপ্রেস এবং ৮০৫ নম্বর আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশনে যাত্রাবিরতির অনুমতি পেয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যাত্রীদের চাহিদা ও রেলওয়ের রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ট্রেন দুটির যাত্রাবিরতির অনুমোদনের পাশাপাশি হিলির ভাঙাচোরা সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয়রা। এখন দ্রুত ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছেন হিলি ও আশপাশের এলাকার যাত্রীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও জাপানের অর্থমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


বাংলাদেশ ও জাপানের অর্থমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

এই বৈঠকটি শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান ছিল। বৈঠকে বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করার পাশাপাশি বিকল্প অর্থায়নে সহযোগিতার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘকালীন ঐতিহ্যগত এবং দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা বৈঠকে স্মরণ করা হয়। দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। তারা মনে করেন যে, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে।

আলোচনায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য প্রসার এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের (FDI) বাইরে বিকল্প অর্থায়ন (Alternative Financing) ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে এবং নতুন নতুন খাতে একসঙ্গে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন। বাংলাদেশের অর্থমন্ত্রী জাপানি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান যে, রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে হবে।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাপান বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। বর্তমানে জাপানের অর্থায়নে ৮০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট, যমুনা রেলসেতু এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে বড় হবে মিছিল: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে বড় হবে মিছিল: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল আরও বড় আকার ধারণ করবে।

তিনি উল্লেখ করেছেন, "গত এক সপ্তাহ ধরে আমাদের নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন। মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই।"

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব বক্তব্য রাখেন।

নাহিদ ইসলাম আরও বলেন, "ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করেন, আমাদের মিছিল বড় হবে। আমরা দাবি আদায়ে মিছিল নিয়ে তারেক রহমানকে ঘেরাও করবো।"

তিনি দাবি করেন, সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিটি বাতিল করে নতুন একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা প্রয়োজন। নাহিদ ইসলাম বলেন, "আমরা দেখছি তারেক রহমানের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা আছে দুর্নীতি, চাঁজাবাজি, দখলবাজির। বিএনপির মধ্যে নব্য স্বৈরাচারের উত্থান দেখছি।"

এ সময় তিনি আরও বলেন, "ডিসেম্বরে নাকি পতিত স্বৈরাচার দেশে আসবে। বিএনপি তাদের রক্ষা করতে পারেনি। বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদের রক্ষা করতে পারেনি। জনগণকে কীভাবে রক্ষা করবে। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সীমান্ত হত্য, হিন্দুদের নিয়ে ষড়যন্ত্র, পাহাড় অশান্ত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া যুদ্ধ ও কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে শনিবার তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


রাশিয়া যুদ্ধ ও কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে শনিবার তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার তুরস্ক সফরে যাচ্ছেন, যেখানে তিনি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ এবং কৃষ্ণসাগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। তুরস্কের প্রেসিডেন্সি জানায়, এ সফরের সময় তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন।

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, প্রেসিডেন্সির যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় তুরস্ক ও ইউক্রেনের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার সম্ভাব্য পদক্ষেপ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কৃষ্ণসাগরের নিরাপত্তা পরিস্থিতি।

তুরস্ক কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ক্ষুব্ধ হলেও রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এরদোয়ান এসব হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন।

আঙ্কারা বেসামরিক জাহাজে হামলা বন্ধের জন্য রাশিয়া ও ইউক্রেনের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল। তবে দুই পক্ষই এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

তুরস্কের প্রেসিডেন্সি জানায়, বসফরাস প্রণালীর তীরবর্তী দোলমাবাহচে কার্যালয়ে এরদোয়ান জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের পর দুই নেতা সংবাদ সম্মেলনও করবেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির লক্ষ্যে কয়েক দফা আলোচনার আয়োজন করেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে এরদোয়ান বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করা এবং আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় সহযোগিতা করতে তুরস্ক প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%