ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

জার্মানিতে জেন-জি বিক্ষোভ, পুলিশের ওপর ককটেল নিক্ষেপ


জার্মানিতে জেন-জি বিক্ষোভ, পুলিশের ওপর ককটেল নিক্ষেপ

ফ্রান্সের পর শিক্ষা ব্যবস্থার অবনতির কারণে, স্বাস্থ্য ও সামাজিক সেবায় বাজেট কাটছাঁট, জীবনযাত্রার বাড়তি খরচ এবং বাধ্যতামূলক সামরিক সেবার বিরুদ্ধে জার্মানির বড় শহরগুলোতে হাজার হাজার তরুণ বিক্ষোভ করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) ‘জেন-জি রেগেল্ট’ সংগঠনের আহ্বানে বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ প্রায় ৩৪টি শহরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউরোপজুড়ে সম্প্রতি তরুণদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, তার ধারাবাহিকতায় জার্মানিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। তবে, জার্মানির আর্থিক কেন্দ্র ফ্রাঙ্কফুর্টে বিক্ষোভের এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং টুপি পরিহিত দাঙ্গাকারীরা কয়েকটি দোকানে লুটপাট শুরু করে।

আরও পড়ুন: নিউ ইয়র্ক পুলিশের ইউনিফর্মে যুক্ত হলো ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল

ফ্রাঙ্কফুর্ট পুলিশ সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানায়, শহরের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করা হয়েছে এবং জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের লক্ষ্য করে মলোটোভ ককটেল নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সাধারণ জনগণকে শহরের কেন্দ্রস্থল থেকে দূরে থাকার আহ্বান জানায়। হামবুর্গ শহরেও কিছু জায়গায় রাস্তায় ব্যারিকেড দিয়ে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে।

আয়োজক সংগঠনের মুখপাত্র লিনা ফ্রিডরিচ বলেন, ‘আমরা যুদ্ধ বা বলপ্রয়োগের জন্য নয়, বরং শান্তি ও স্বাধীনতার পক্ষে লড়াই করতে এখানে এসেছি। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নত সহায়তা এবং সামরিক সেবার বিরোধিতাই আমাদের প্রধান দাবি।’

আয়োজকরা ১৮ হাজারেরও বেশি মানুষের সমাগমের আশা করলেও পুলিশ জানিয়েছে, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও বার্লিনে সবমিলিয়ে প্রায় ১৮ হাজার বিক্ষোভকারী অংশ নেন। এদিকে সম্ভাব্য সহিংসতা ও ভাঙচুরের আশঙ্কায় বার্লিনের বিলাসবহুল কুরফুর্স্টেনডাম শপিং বুলেভার্ডসহ বিভিন্ন এলাকার অনেক ব্যবসাপ্রতিষ্ঠান তাদের জানালা ঢেকে দেয় এবং দোকানপাট আগেভাগে বন্ধ রাখার পরিকল্পনা করে।

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ‘চরমপন্থি’ গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এই আন্দোলনকে কাজে লাগানোর চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর আগে ফ্রান্সের বিক্ষোভের চিত্র স্মরণ করে হেস রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পিসেখ জানান, ফ্রান্সের মতো ধ্বংসাত্মক পরিস্থিতি জার্মানিতে মডেল হতে পারে না।

আরও পড়ুন: শত্রুরা ফের হামলা চালালে সংঘাত কখন শেষ হবে ঠিক করবে ইরান: খামেনি

বর্তমান চ্যান্সেলর ফ্রেডরিখ মেঞ্জের সরকারের বিরুদ্ধে তরুণদের ওপর অতিরিক্ত অর্থনৈতিক বোঝা চাপানোর অভিযোগ তুলে বিক্ষোভকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’ ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’ ট্রাম্পের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির অবশিষ্ট অংশে নতুন সামরিক হামলার সম্ভাবনা সম্পর্কে কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির অবশিষ্ট স্থাপনাগুলোতে মাত্র ১০ মিনিটের মধ্যে হামলা চালাতে সক্ষম।

শনিবার (৩১ অক্টোবর) রাতে স্থানীয় সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই দাবি করেন। খবরটি প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।

ট্রাম্প বলেন, ইরানের এমন ‘এক বা দুটি স্থাপনা’ রয়েছে, যেগুলোতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনও অন্তর্ভুক্ত। তিনি উল্লেখ করেন, "আমরা মাত্র ১০ মিনিটের মধ্যে এটি করতে পারি। এ জন্য আমাদের পরিকল্পনা রয়েছে এবং খুব দ্রুত তা বাস্তবায়ন করতে পারি।"

ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তিনি বলেন, "এখন কী হয়, তা দেখা যাবে। সবকিছু ভালোভাবেই এগোচ্ছে, তবে তাদের আসলে বিশ্বাস করা যায় না। তারা চুক্তিতে পৌঁছায়, আবার সেখান থেকে সরে আসে। তারা চুক্তি করতে চায়, এখন দেখা যাক শেষ পর্যন্ত তারা তাতে স্বাক্ষর করে কি না।"

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে, ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে।

এর আগে, ট্রাম্প সামরিক অভিযান পুনরায় শুরুর বিভিন্ন বিকল্প নিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ বৈঠকে সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে যুদ্ধের আশঙ্কা কমে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে পেন্টাগন মধ্যপ্রাচ্যে বিমান প্রতিরক্ষাব্যবস্থা, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম বাড়িয়েছে। একই সময়ে, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকিতে থাকা ঘাঁটিগুলো থেকে কিছু সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে।

এ পরিস্থিতির রাজনৈতিক গুরুত্বও রয়েছে। আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে রয়েছেন ট্রাম্প।

ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্যবৃদ্ধি রিপাবলিকান পার্টির জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের শেষ সময়ে নিজের দলের প্রতি জনসমর্থন বাড়াতে চাইছেন ট্রাম্প।

এ কারণে, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর সময় পিছিয়ে দিচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে আলোচনার সময় দীর্ঘায়িত করছে ইরানও।

প্রতিরক্ষা কর্মকর্তাদের ধারণা, সেন্টকম ও ইসরাইল ইরানে হামলার প্রস্তুতি নিলেও নির্বাচনের আগে হোয়াইট হাউস সামরিক অভিযানের নির্দেশ দেবে না। তবে, ইরান আকস্মিক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে কোনো তথ্য পাওয়া গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির প্রস্তুতি নিয়ে ইসরাইলের প্রতিরক্ষা বিভাগও স্পষ্ট করে কিছু জানায়নি। ইসরাইলি প্রতিরক্ষা কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, হোয়াইট হাউস ইরানকে আলোচনায় ফেরার আরেকটি সুযোগ দিতে চাইছে।

প্রতিরক্ষা কর্মকর্তারা মনে করছেন, সপ্তাহের পর সপ্তাহ অবনতিশীল অর্থনৈতিক সংকটে থাকা ইরান এমন কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না, যার মাধ্যমে তাদের পুরো পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে হবে। বিশেষ করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ করার বিষয়ে তেহরান সম্মত হবে না। এসব ক্ষেপণাস্ত্র বর্তমানে ইউরোপের জন্যও হুমকি হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকার ন্যূনতম মজুরির দাবিতে অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


মিরপুরে পোশাক শ্রমিকদের ৩০ হাজার টাকার ন্যূনতম মজুরির দাবিতে অবরোধ

পোশাক শ্রমিকরা ফের মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বর অবরোধ করেছেন, তাদের দাবি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার।

রোববার (১ নভেম্বর) সকাল ৯ টার দিকে, মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্ত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন।

এ কারণে মিরপুর-১০ গোল চত্ত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এর ফলে যানজট সৃষ্টি হয়েছে। মিরপুর ট্রাফিক বিভাগ জানায়, তারা বিকল্প রাস্তায় ড্রাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "পোশাক শ্রমিকরা আজও সড়ক অবরোধ করেছেন। বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ড্রাইভারশন নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।"

এর আগে, গত বৃহস্পতিবার ও শনিবার পোশাক শ্রমিকরা প্রায় ৫ ঘণ্টা করে মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেছিলেন। তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে শনিবার অবরোধ শেষে বিভিন্ন গার্মেন্টস কারখানা ও শপিং মলেও ভাঙচুর চালান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় কারিগরি শিক্ষায় বিপর্যয়, পাসের হার ৩৫.৭৭ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা প্রতিনিধি:

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


পূর্বধলায় কারিগরি শিক্ষায় বিপর্যয়, পাসের হার ৩৫.৭৭ শতাংশ

নেত্রকোনার পূর্বধলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় কারিগরি (বিএম) শাখায় ভরাডুবি হয়েছে। উপজেলার তিনটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৩২ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৮৩ জন। অকৃতকার্য হয়েছে ১৪৯ জন। ফলে এ শাখায় পাসের হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭৭ শতাংশে।

গত ৩১ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।

ফলাফলে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র তিনজন। পাসের হার ৬ দশমিক ৮১ শতাংশ। অর্থাৎ প্রতিষ্ঠানটির ৪১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

এ ছাড়া জটিয়াবর কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২০ দশমিক ৪০ শতাংশ। অন্যদিকে তুলনামূলক ভালো ফল করেছে পূর্বধলা সরকারি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১৩৯ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭০ জন। পাসের হার প্রায় ৫০ দশমিক ৩৬ শতাংশ।

কারিগরি শিক্ষাকে কর্মমুখী ও দক্ষ জনশক্তি তৈরির অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করা হলেও পূর্বধলায় এ ধারার ফলাফল হতাশাজনক। বিশেষ করে ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৭ শতাংশের নিচে নেমে আসায় শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি ও যথাযথ তদারকির অভাব এ ধরনের ফলাফলের পেছনে ভূমিকা রাখতে পারে। কারিগরি শিক্ষার মানোন্নয়নে ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ৬ নতুন বাস রুটের উদ্বোধন, কমছে মোট রুট সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ এম


ঢাকায় ৬ নতুন বাস রুটের উদ্বোধন, কমছে মোট রুট সংখ্যা

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের উদ্যোগে বড় ধরনের পরিবর্তন আসছে। বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুটকে পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে নামিয়ে আনা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে আজ রবিবার ছয়টি রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও নতুন ব্যবস্থার আওতায় আনা হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, নতুন ব্যবস্থায় একই সড়কে একাধিক কোম্পানির বাসের অসুস্থ প্রতিযোগিতা কমে যাবে। নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা, বাস চলাচলে শৃঙ্খলা এবং যাত্রীসেবার মান উন্নয়ন করার পাশাপাশি যানজট কমাতেও এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি নির্ধারিত রুটে একটি কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এতে যাত্রী ধরার প্রতিযোগিতা, যত্রতত্র বাস থামানো এবং একই পথে অতিরিক্ত বাস চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানিয়েছেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতেই বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু করা হয়েছে। যাত্রীদের প্রকৃত চাহিদা, সড়কের ধারণক্ষমতা ও যানবাহন চলাচলের তথ্য বিশ্লেষণ করে ৯৮টি রুটকে ৩২টি সমন্বিত রুটে আনার পরিকল্পনা করা হয়েছে।

ডিটিসিএ সূত্রে জানা গেছে, এই পরিকল্পনা বাস্তবায়নে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন ধরনের জরিপ পরিচালনা করা হয়েছে। ৯৮টি সচল বাস রুটের প্রতিটিতে ১৮টি ট্রিপের যাত্রী ওঠানামা পর্যবেক্ষণ করে ১০ হাজারের বেশি যাত্রীর তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ৩৫ হাজারের বেশি যাত্রীর যাত্রা শুরুর স্থান ও গন্তব্য নিয়ে জরিপ করা হয়েছে। মহানগরীর ৭২টি গুরুত্বপূর্ণ স্থানে টানা ৭২ ঘণ্টা যানবাহন গণনাও করা হয়েছে।

প্রায় ৪০০ কিলোমিটার বাস নেটওয়ার্কের অবকাঠামোগত অবস্থা পর্যালোচনা করে এসব তথ্য সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। ডিটিসিএর হিসাব অনুযায়ী, প্রস্তাবিত ৩২টি রুটে প্রতিদিন প্রায় ৩৭ থেকে ৩৮ লাখ যাত্রীর যাতায়াতের সুযোগ তৈরি হবে।

প্রাথমিক পর্যায়ে চালু হতে যাওয়া ছয়টি রুট হলো, গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জের চুলকুটিয়া, মোহাম্মদপুরের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার, ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোড-কাঁচপুর ব্রিজ, ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরের ধউর ব্রিজ এবং টঙ্গী কলেজগেট থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির।

এসব রুটে ৭০ থেকে ২৫০টি পর্যন্ত নন-এসি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। টঙ্গী কলেজগেট থেকে আজিমপুর পর্যন্ত ২২ দশমিক ৮৯ কিলোমিটার পথে ২০টি এসি বাস চালুর প্রস্তাবও রয়েছে।

এ ছাড়া ফার্মগেট-পলাশী, মোহাম্মদপুর ও উত্তরা এলাকায় তিনটি চক্রাকার বাস সার্ভিস চালুর পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি রুটে ২০টি করে বাস পরিচালনার প্রস্তাব রয়েছে।

রাজধানীর বাস রুট পুনর্বিন্যাসের উদ্যোগ প্রথম নেওয়া হয়েছিল ২০১১ সালে। তবে সে সময় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ২০১৯ সালে ডিটিসিএ নতুন করে পরিকল্পনা তৈরির কাজ শুরু করে। প্রথমে ৪২টি রুটের প্রস্তাব করা হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ, দুই সিটি করপোরেশন, বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনার পর ৩২টি রুট চূড়ান্ত করা হয়।

পরিকল্পনায় ঢাকা চাকা, রমজান আলী এন্টারপ্রাইজ, ফোর স্টার বাস লাইন ও পিএনপি সিটি সার্ভিসসহ কয়েকটি পরিবহন প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি বাস রাখার জন্য বিভিন্ন স্থানে নির্দিষ্ট জায়গা নির্ধারণের প্রস্তাবও করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%