শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৬ পি.এম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল মন্তব্য করেছেন, বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের দাবি দীর্ঘকাল ধরে ছিল। সম্প্রতি সরকার প্রধান তাদের আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা প্রদান করেছেন, এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু, দুঃখজনক বিষয় হলো, তাদের হাতে যে বইটি তুলে দেওয়া হয়েছে, তাতে একজন সমকামী লেখকের একটি বই অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেক্সাস নামের এই বইয়ে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং সমকামীতাকে স্বাভাবিকভাবে তুলে ধরা হয়েছে। এটি জাতির জন্য লজ্জাজনক। আমরা আশা করি, এই ঘটনা ভুলবশত ঘটেছে। তাই সরকারকে আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনায় অনুষ্ঠিত খুলনা বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের প্রত্যাশামাফিক সংস্কার নিয়ে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে।
খুলনা বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল জলিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসের চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
বাসটিতে চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরীয়তপুর, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি, শরীয়তপুর প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এটি বহুল কাক্সিক্ষত একটি প্রকল্প।
আজ শনিবার দুপুরে, শরীয়তপুর জেলা শহরের প্রাণকেন্দ্র পালং মধ্য বাজার সংলগ্ন এলাকায় তিনি প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় হুইপ অপু মন্তব্য করেন, "শরীয়তপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী।" তিনি নিজেকে সাংবাদিক পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান সংবাদ প্রকাশের ক্ষেত্রে।
তিনি আরও বলেন, ‘আপনারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন এবং আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেবেন। তবে এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়, যাতে আমরা নিরুৎসাহিত হয়ে পড়ি।’
হুইপ বলেন, অচিরেই শরীয়তপুর প্রেসক্লাব একটি পূর্ণাঙ্গ প্রেসক্লাবে পরিণত হবে। তিনি সাংবাদিকদের সহযোগিতার আশ্বাসও দেন।
অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরকার একেএম নাসির উদ্দিন কালু, বাসস জেলা প্রতিনিধি ও শরীয়তপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান দিপু, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শরীয়তপুর প্রেসক্লাব ভবন প্রতিষ্ঠা ছিল স্থানীয় সাংবাদিকদের দীর্ঘদিনের প্রাণের দাবি। মহান স্বাধীনতার পর ৫৫ বছর ধরে দাবি আদায়ে শরীয়তপুরের সাংবাদিকরা বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর কাক্সিক্ষত প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলার ফলে এক ফিলিস্তিনি নারী এবং একটি শিশু গুলিবিদ্ধ হয়েছে। এ তথ্য ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা 'ওয়াফা' (Wafa) নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা ওয়াফা জানায়, মধ্য গাজার আল-মাগাজি (Al-Maghazi) শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই নারী গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে আল-আকসা শহীদ হাসপাতালে (Al-Aqsa Martyrs Hospital) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
একটি পৃথক ঘটনার মধ্যে, মধ্য গাজার আল-বুরেজ (Al-Bureij) শরণার্থী শিবিরের ব্লক-৬ লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। এর ফলে এক শিশু গুলিবিদ্ধ ও আহত হয়।
এছাড়া, মধ্য গাজার দেইর আল-বালাহ (Deir al-Balah) এলাকার আল-মাসদার কবরস্থানের পূর্ব দিকে একাধিক ইসরায়েলি সামরিক যান প্রবেশ করে এবং ওই অঞ্চলে তীব্র গোলাগুলি চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বি সম্পর্কে ভোক্তাদের জন্য সহজবোধ্য তথ্য প্রদানের দাবি জানিয়ে, ভোক্তার জানার অধিকার নিশ্চিত করার পাশাপাশি অসংক্রামক রোগ প্রতিরোধে ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) প্রবিধান দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের অডিটোরিয়ামে স্বাস্থ্য ও পুষ্টি সেক্টর এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত “ইয়ুথ ভয়েস ফর ফ্রন্ট অব প্যাক লেবেলিং ডিবেট ফেস্টিভ্যাল ২০২৬” শিরোনামের বিতর্ক প্রতিযোগিতায় এই দাবি উত্থাপন করা হয়।
এ বিতর্কে অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বিতর্কের মাধ্যমে প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির স্বাস্থ্যঝুঁকি, ভোক্তার তথ্য জানার অধিকার, স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং কার্যকর খাদ্যনীতিতে তরুণদের ভূমিকা নিয়ে যুক্তি ও তথ্য উপস্থাপন করেন।
বক্তারা উল্লেখ করেন, এফওপিএল নিয়ে নীতিগত উদ্যোগ ও প্রক্রিয়া এগিয়ে গেলেও এখন জরুরি দ্রুত কার্যকর প্রবিধান প্রণয়ন ও বাস্তবায়ন করা। একটি কার্যকর এফওপিএল ব্যবস্থা ভোক্তাদের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পাশাপাশি খাদ্য উৎপাদকদের স্বাস্থ্যকর পণ্য উৎপাদনে উৎসাহিত করবে এবং দেশের একটি স্বাস্থ্যকর খাদ্যপরিবেশ তৈরিতে সহায়ক হবে।
তরুণদের খাদ্য ও পুষ্টি বিষয়ে জ্ঞান বৃদ্ধি, জনস্বাস্থ্য অ্যাডভোকেসিতে অর্থবহ অংশগ্রহণ, গণমাধ্যমের মনোযোগ তৈরি এবং নীতিনির্ধারকদের কাছে তরুণদের মতামত তুলে ধরার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিতর্কের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর আল মোজাদ্দেদী আলফেসানী বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু নিজেদের মধ্যে সচেতনতা তৈরির নয়, বৃহত্তর সমাজে তথ্যভিত্তিক জনসচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিতর্কের মতো উদ্যোগ তরুণদের যুক্তিনির্ভর চিন্তা এবং সামাজিক বিষয়ে দায়িত্বশীল অংশগ্রহণের সুযোগ তৈরি করে।”
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, “খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোক্তার কাছে যথাযথ তথ্য পৌঁছে দেওয়াও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত লবন, চিনি, চর্বি জাতীয় খাবারের তথ্য উপস্থাপনের ক্ষেত্রে ভোক্তাকে জানার সুযোগ প্রদান করার উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন।”
বক্তারা আরও বলেন, ‘তরুণরা জনস্বাস্থ্য, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং এফওপিএল প্রবিধান দ্রুত প্রণয়নের পক্ষে মানুষের মধ্যে জনমত ও জনচাহিদা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত দ্রুত কার্যকর এফওপিএল প্রবিধান প্রণয়ন ও বাস্তবায়ন।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি) মো. আনোয়ারুল ইসলাম সরকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস এবং ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ