০২:৪০ এম
বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সরকারবিরোধী স্ট্যাটাস ও মন্তব্য করার অভিযোগের ভিত্তিতে।
বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি ও সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাহরিয়ার কবির রুবেলকে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া স্ট্যাটাস ও মন্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তার জবাব দলীয় নেতৃত্বের কাছে সন্তোষজনক মনে হয়নি।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারের কোনো কর্মকাণ্ড যদি যথাযথ না হয় অথবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আপত্তি থাকে, তাহলে তা দলীয় ফোরামে আলোচনা করার সুযোগ রয়েছে। কিন্তু তিনি সেই প্রক্রিয়া অনুসরণ না করে সামাজিক মাধ্যমে মন্তব্য করে দলকে হেয় প্রতিপন্ন করেছেন বলে দলের নেতৃবৃন্দ মনে করছেন। এ ধরনের কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলাবিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে যে, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরও শাহরিয়ার কবির রুবেল অন্যান্য সরকারবিরোধী পোস্টে সহমত প্রকাশ করে মন্তব্য করেছেন। তার এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।
এসব কারণে শাহরিয়ার কবির রুবেলকে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদসহ দলের সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন