ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

প্রকাশ্য ঘোষণার আগেই সৌদিতে মিসরের সেনা মোতায়েন


প্রকাশ্য ঘোষণার আগেই সৌদিতে মিসরের সেনা মোতায়েন

মিসর সৌদি আরবে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছিল দেশটির নিরাপত্তা জোরদারের লক্ষ্যে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৌদি আরবকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার কয়েক মাস আগে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছে মিডল ইস্ট আইকে মিসরের সামরিক সূত্র।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এক মিসরীয় সামরিক কর্মকর্তা জানান, সৌদি আরবে রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান পাঠানো হয়েছে। এ ছাড়া, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে মিসরের নৌযান অবস্থান নিয়েছে। দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্কাইগার্ড-অ্যামুনসহ একাধিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে।

সোমবার ফ্রান্স ২৪-কে সাক্ষাৎকারে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ইরানের সঙ্গে উত্তেজনার সময় সৌদি আরবের ওপর হামলার পর কয়েক মাস আগে সেখানে মিসরের সামরিক উপস্থিতি শুরু হয়। বর্তমানে সেই উপস্থিতি আরো জোরদার করা হচ্ছে।

আরও পড়ুন: মুম্বাইয়ে অমিতাভের বাড়িসহ একাধিক স্থানে বোমা বিস্ফোরণের হুমকি

গত ১৭ অক্টোবর সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনে মিসরীয় সেনা পাঠানোর অনুমোদন দিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান সিসি। পরদিন দেশের জাতীয় প্রতিরক্ষা পরিষদ সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহায়তার ঘোষণা দেয়। পরে ২৬ অক্টোবর পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি অনুমোদিত হয়।

তবে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযানে মিসরের স্থলসেনা অংশ নেবে কি না, তা নিয়ে দেশটির সামরিক নেতৃত্বে মতবিরোধ রয়েছে, এমনটি জানিয়েছেন দুই সামরিক কর্মকর্তা। এক পক্ষ মনে করছে, সৌদি আরবের নিরাপত্তা, লোহিত সাগরের নৌপথ এবং সুয়েজ খালের স্বার্থে অভিযানে অংশ নেওয়া প্রয়োজন। অন্য পক্ষ ইয়েমেনে স্থলযুদ্ধে জড়ানোর বিরোধিতা করছে।

মিসরের সামরিক কর্মকর্তাদের একাংশের মতে, বিমান ও নৌ অভিযানেই হুথিদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক অবকাঠামো দুর্বল করা সম্ভব হলে স্থল অভিযান এড়ানো যেতে পারে। প্রয়োজনে পরবর্তী সময়ে বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে মিসরের স্থলসেনা অংশ নিতে পারে। তবে আপাতত স্থলযুদ্ধের পরিকল্পনা নেই বলে সূত্রটি জানিয়েছে।

ইয়েমেনে সামরিক হস্তক্ষেপের বিষয়ে মিসরের অতীত অভিজ্ঞতাও এ বিতর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৯৬২ সালে তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের আমলে ইয়েমেনের গৃহযুদ্ধে রিপাবলিকান বাহিনীর পক্ষে হাজার হাজার সেনা পাঠিয়েছিল মিসর। দীর্ঘ ও ব্যয়বহুল ওই অভিযানে বহু মিসরীয় সেনা নিহত হন। ১৯৭০ সালে দেশটি থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়।

আরও পড়ুন: ফুজাইরাহ আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত

এদিকে, সৌদি আরবের সঙ্গে মিসরের আর্থিক সম্পর্কও আলোচনায় এসেছে। গত ৩০ অক্টোবর মিসরীয় গণমাধ্যম জানায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের রাখা ৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের আমানতের মেয়াদ আরো এক বছর বাড়াতে সম্মত হয়েছে রিয়াদ। তবে এই আর্থিক সহায়তার সঙ্গে মিসরের সামরিক সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে—এমন প্রমাণ পাওয়া যায়নি।

সৌদি আরবে মিসরের সামরিক উপস্থিতি নিশ্চিত হলেও ইয়েমেনে স্থলসেনা পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট নয়।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

আরও পড়ুন: ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ভ্যান্সকে দুর্নীতি দমনে মনোযোগ দিতে বললেন : ট্রাম্প

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আয়ারল্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়ারল্যান্ড শাখা ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করেছে। এ উপলক্ষে বুধবার (১০ নভেম্বর) কার্লোর উডফোর্ড ডলমেন হোটেলের বলরুমে একটি বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রবাসী সমর্থক সমবেত হন।

সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর উপস্থিত সকল নেতাকর্মী সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি সাবেক সভাপতি হামিদুল নাসিরের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এমরান হোসেন উজ্জলের সঞ্চালনায় পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সানা মিয়া, আক্তার হোসেন রকি, আরশাদ হোসেন এমাদ, নজরুল ইসলাম, মাহমুদুল ইসলাম শাহীন, কামাল উদ্দিন, সাহাব উদ্দিন, ফারজানা জেসমিন পলি, মোহাম্মদ কামরুজ্জামান, ওয়াসিব আলী শাউন, আরিফা পারভিন, জসিম উদ্দিন, আতিকুর শহিদ মাদুর, আব্দুর রহিম ভূঁইয়া, মীর মোহাম্মদ হাবিবুর রহমান, আনোয়ারুল হক আনোয়ার, সাকের আহমেদ আরিফ, মনিরুল ইসলাম মনির, জাকারিয়া প্রধান এবং কবির আহমেদসহ স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনা ধারণ করে প্রবাসে দলের সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ঘুস লেনদেনকে সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে উল্লেখ করেছেন। তিনি মন্তব্য করেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মাত্র ৫ শতাংশ ভুল করেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুসের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

বুধবার (১১ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এই বক্তব্য দেন।

পোস্টে ইশরাক হোসেন উল্লেখ করেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্যের পুরো অংশ শোনা হলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক ছিলেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তার বক্তব্য সঠিক ছিল। তবে, তিনি ৫ শতাংশ ভুল করেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুসের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

ইশরাক হোসেন আরও লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটি তার ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে এটিকে সমর্থন করা হয় না। তাই মিডিয়ায় বিষয়টি তার ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।

এর আগে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদার যদি তার লভ্যাংশ থেকে খুশি হয়ে একটি উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, তাহলে এটি ঘুসের মধ্যে পড়বে না। তিনি বলেন, সিনিয়র সচিব একদিন তাকে বলেছিলেন যে, একজন ইঞ্জিনিয়ারের ঘুস খাওয়ার প্রয়োজন নেই। কাজের গুণগত মান ঠিক করে নেওয়ার পর ঠিকাদারের প্রফিট কাজের মধ্যেই ধরা থাকে।

তিনি আরও বলেন, কীভাবে ঠিকাদারের কাজটি দ্রুত বুঝে নিয়ে বিল টিল দেওয়ার পরে ঠিকাদার তার লভ্যাংশ থেকে খুশি হয়ে একটি উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটি ঘুসের মধ্যে পড়বে না। এটি গ্রহণ করা যেতে পারে। সেই জায়গাগুলোতে আমাদের নতুন করে চিন্তা করার সময় এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি ফল প্রকাশের পর ৯ শিক্ষার্থীর আত্মহনন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


এইচএসসি ফল প্রকাশের পর ৯ শিক্ষার্থীর আত্মহনন

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা ও মানসিক চাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ২০ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মাত্র ১০ দিনের ব্যবধানে আত্মহত্যা করেছেন ৯ জন। এর আগে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর আত্মহত্যা করেছেন আরো ১১ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও সংকলিত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি প্রকাশ করেছে আঁচল ফাউন্ডেশন।

প্রতিবেদন অনুযায়ী, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আত্মহত্যা করা ৯ শিক্ষার্থীর মধ্যে ৫ জন ছাত্র এবং ৪ জন ছাত্রী। বিভাগ ও জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, খুলনা বিভাগে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। এ বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাট জেলায় মোট ৫টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

এছাড়া, চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ঢাকা বিভাগের গাজীপুর এবং রাজশাহী বিভাগের বগুড়া জেলায় একটি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক সংবাদ প্রতিবেদন ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এসব ঘটনার পেছনে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল অর্জন করতে না পারা, পারিবারিক চাপ, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং ফলাফল নিয়ে তীব্র হতাশার মতো বিষয়গুলো কাজ করেছে।

আঁচল ফাউন্ডেশনের মতে, পরীক্ষার ফলাফলকে জীবনের সাফল্য-ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার প্রবণতা শিক্ষার্থীদের মানসিক সংকটকে আরো গভীর করে তুলছে। প্রত্যাশিত ফল না পেলে অনেক শিক্ষার্থী পরিবার ও সমাজের নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় মানসিকভাবে ভেঙে পড়েন। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের প্রতি পরিবারের সহানুভূতিশীল আচরণ এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ এবং পরীক্ষার ফল প্রকাশের পর তৈরি হওয়া মানসিক সংকট মোকাবিলায় প্রতিবেদনটিতে সাত দফা সুপারিশ করেছে আঁচল ফাউন্ডেশন।

সুপারিশগুলো হলো, পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শসেবা নিশ্চিত করা। পরীক্ষায় অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবারের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে অপমান, ভর্ৎসনা কিংবা অন্য শিক্ষার্থীর সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকতে হবে।

পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে জীবনের ব্যর্থতা হিসেবে না দেখার বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন। পাশাপাশি ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সহায়তা কার্যক্রম চালু করতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সহজলভ্য, গোপনীয় ও বিনামূল্যের মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা এবং জরুরি সহায়তা ব্যবস্থা সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে। আবেগ নিয়ন্ত্রণ, হতাশা মোকাবিলা, সমস্যা সমাধান এবং প্রয়োজনে অন্যের সহায়তা চাওয়ার বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও বলা হয়েছে।

সুপারিশে ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে আঁচল ফাউন্ডেশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় যাত্রীবেশে ইয়াবা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


বগুড়ায় যাত্রীবেশে ইয়াবা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১

বগুড়া সদরে অভিনব কায়দায় স্কুল ব্যাগের ভেতর ইয়াবা পাচারের চেষ্টা করতে গিয়ে মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ও একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে বগুড়া সদরের টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তি নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর পুত্র।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে যে, ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান উত্তরবঙ্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

বাসটির টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেন পাপ্পুর স্কুল ব্যাগ ও দেহ তল্লাশি করে একটি নেভি-ব্লু রঙের স্কুল ব্যাগের ভেতর থেকে ১৫টি পলি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এই ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৯ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই চালানের সাথে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%