প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়া সদরে অভিনব কায়দায় স্কুল ব্যাগের ভেতর ইয়াবা পাচারের চেষ্টা করতে গিয়ে মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ও একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে বগুড়া সদরের টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তি নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর পুত্র।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে যে, ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান উত্তরবঙ্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
বাসটির টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেন পাপ্পুর স্কুল ব্যাগ ও দেহ তল্লাশি করে একটি নেভি-ব্লু রঙের স্কুল ব্যাগের ভেতর থেকে ১৫টি পলি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এই ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৯ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই চালানের সাথে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন