ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

জন্ম কারাগারে, সংগ্রাম ও মেধায় ১৮ বছর বয়সে হার্ভার্ড জয় তরুণীর


জন্ম কারাগারে, সংগ্রাম ও মেধায় ১৮ বছর বয়সে হার্ভার্ড জয় তরুণীর

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি কারাগারে জন্মগ্রহণকারী অরোরা স্কাই কাস্টনার সংগ্রাম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ লাভ করেন। ২০২৩ সালে কনরো হাই স্কুল থেকে অসাধারণ ফলাফলের ভিত্তিতে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। হার্ভার্ডে ভর্তির আবেদনের ব্যক্তিগত রচনায় তিনি নিজের জীবনের কঠিন শুরুর কথা তুলে ধরে লিখেছিলেন, "আমার জন্ম কারাগারে।"

অরোরার জন্ম টেক্সাসের গ্যালভেস্টন কাউন্টি জেলে হয়, যেখানে তার মা তখন কারাভোগ করছিলেন। জন্মের কয়েক দিন পর তার বাবা তাকে কারাগার থেকে নিয়ে আসেন এবং টেক্সাসের কনরো শহরে বাবার কাছে বেড়ে ওঠেন। বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত বাবা একাই মেয়েকে বড় করেন, এবং অরোরার মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল না। তার ভাষ্য অনুযায়ী, ১৪ বছর বয়সে তিনি মাত্র একবার মায়ের সঙ্গে কথা বলেন।

শৈশব থেকেই অরোরা পড়াশোনায় মেধাবী ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখতে শুরু করেন। সেই লক্ষ্য সামনে রেখে তিনি পড়াশোনা চালিয়ে যান। ২০২৩ সালের ২৫ মে কনরো হাই স্কুল থেকে নিজের ব্যাচের তৃতীয় সর্বোচ্চ ফলাফল নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি সামা কাম লাউডে সম্মাননা অর্জন করেন।

আরও পড়ুন: আলজেরীয় বিপ্লব বিশ্বরাজনীতিতে ঔপনিবেশিক শাসনের অবসানে প্রভাব ফেলেছে

অরোরার এই সাফল্যের পেছনে শুধুমাত্র তার নিজের পরিশ্রম নয়, বরং একজন মেন্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্কুলের একটি কমিউনিটি মেন্টরিং প্রোগ্রামের মাধ্যমে তার পরিচয় হয় মোনা হ্যাম্বির সঙ্গে। স্কুল কর্তৃপক্ষের দেওয়া একটি নোট থেকে প্রথম অরোরার কথা জানতে পারেন হ্যাম্বি। নোটটি পড়ে তার মনে হয়েছিল, মেয়েটি অত্যন্ত মেধাবী। হিউস্টন ক্রনিকলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সেই নোটটি এখনো তার কাছে সংরক্ষিত রয়েছে।

মেন্টর হিসেবে অরোরার পাশে দাঁড়ান মোনা হ্যাম্বি। নিয়মিত যোগাযোগের পাশাপাশি পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাকে উৎসাহ দিতে থাকেন। তাদের সম্পর্ক শুধুমাত্র স্কুলে সপ্তাহে একদিন দুপুরের খাবার খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অরোরার স্বপ্ন পূরণে আরও সক্রিয় ভূমিকা নেন হ্যাম্বি ও তার স্বামী। ২০২২ সালের মার্চে তারা অরোরাকে হার্ভার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাস ঘুরিয়ে দেখাতে নিয়ে যান।

হার্ভার্ডের ক্যাম্পাসে সেই সফর অরোরার সিদ্ধান্তকে আরও দৃঢ় করে। পরে তিনি বিশ্ববিদ্যালয়টির আর্লি অ্যাকশন প্রক্রিয়ায় আবেদন করেন এবং ভর্তির সুযোগ পান। তার জন্য পূর্ণ শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়। কারাগারে জন্ম নেওয়া এবং একক অভিভাবকের পরিবারে বেড়ে ওঠা এই তরুণীর শিক্ষাজীবনের সাফল্য তখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনায় আসে।

নিজের বেড়ে ওঠার পরিবেশের সঙ্গে মেন্টরের পরিবারের পরিবেশের পার্থক্যের কথাও তুলে ধরেছেন অরোরা। তিনি জানান, হ্যাম্বির পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ভিন্ন ধরনের জীবনযাপনের অভিজ্ঞতা হয়েছে তার। সেই অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে দেখেছেন তিনি। অরোরার কাছে মেন্টরের সহযোগিতা শুধুমাত্র পড়াশোনার পরামর্শ ছিল না, বরং নিজের ভবিষ্যৎকে আরও বড় পরিসরে কল্পনা করার সুযোগও তৈরি করেছিল।

আরও পড়ুন: বেইজিং সফরে গেলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান

২০২৩ সালে প্রকাশিত অরোরার এই জীবনকাহিনি শিক্ষা ও মেন্টরশিপের গুরুত্বকে নতুনভাবে সামনে নিয়ে আসে। হার্ভার্ডে পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে আইন নিয়ে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি। কারাগারে জন্মের পর বাবার কাছে বেড়ে ওঠা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া পর্যন্ত তার যাত্রায় ছিল ব্যক্তিগত অধ্যবসায়, পারিবারিক সহযোগিতা এবং একজন মেন্টরের দীর্ঘদিনের সমর্থন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে বিদ্যুৎ সংকট মোকাবিলায় ছাত্রদলের সোলার প্যানেল স্থাপনের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


ইবিতে বিদ্যুৎ সংকট মোকাবিলায় ছাত্রদলের সোলার প্যানেল স্থাপনের দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের সমস্যা মোকাবিলায় প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোতে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের কাছে স্মারকলিপিটি জমা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য-সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ এবং সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পাঠদান, পরীক্ষা, গবেষণা এবং আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রচলন করা প্রয়োজন। সোলার প্যানেল স্থাপন হলে বিশ্ববিদ্যালয় নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। এতে বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে, বিদ্যুৎ ব্যয় সাশ্রয় হবে এবং লোডশেডিংয়ের প্রভাবও হ্রাস পাবে।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সোলার প্যানেল স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্যের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লংমার্চের উদ্বোধনী সমাবেশে অনুপস্থিত এনসিপি, গাড়িবহরে ৪ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


লংমার্চের উদ্বোধনী সমাবেশে অনুপস্থিত এনসিপি, গাড়িবহরে ৪ নেতা

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো নেতার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সোমবার (৩১ অক্টোবর) সকাল আটটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে সকাল সাড়ে আটটার দিকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে লংমার্চের গাড়িবহর। এনসিপির নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী সমাবেশে তাদের কেউ উপস্থিত না থাকলেও পরে গাড়িবহরে যোগ দিয়েছেন চার নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, দলের আহ্বায়ক ও সদস্যসচিব এবারের লংমার্চে অংশ নিচ্ছেন না। দলের সিদ্ধান্ত অনুযায়ী, কয়েকজন নেতাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে। তারা হলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও আবদুল হান্নান মাসউদ এবং যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ।

এদিকে, শরীয়তপুরের নাওডোবায় আরিফুল ইসলাম আদীব বক্তব্য দিয়েছেন বলে এনসিপির নেতারা জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের লংমার্চে এনসিপির অংশগ্রহণ হবে ‘প্রতীকী’। আগের দুটি লংমার্চে দলের আহ্বায়ক, সদস্যসচিবসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিলেও এবার কয়েকজন নেতাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দল হিসেবে এনসিপি এবারের লংমার্চে অংশ নিচ্ছে। সেখানে দলের কয়েকজন প্রতিনিধি থাকবেন। তবে উদ্বোধনী সমাবেশে দলের কেউ অংশ না নেওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।

উদ্বোধনী সমাবেশে এনসিপির কোনো নেতা না থাকার বিষয়ে জানতে চাইলে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লংমার্চে থাকবেন। তিনি বাগেরহাট থেকে যোগ দেবেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম আহ্বায়ক জানিয়েছেন, হাসনাত আবদুল্লাহ গাড়িবহরেই আছেন। যদিও এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

১১-দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের ওপর দিয়ে যাবে। এ সিদ্ধান্তের পর গাড়িবহরের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত বছরের জুলাইয়ে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে হামলার ঘটনা ঘটেছিল। এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছিল। ওই ঘটনার ১৫ মাস পর এবার গোপালগঞ্জের ওপর দিয়ে যাচ্ছে বিরোধীদলীয় ঐক্যের লংমার্চ। এ কারণে নিরাপত্তার বিষয়টি আলোচনায় এসেছে। তবে গোপালগঞ্জে কোনো পথসভা রাখেনি ১১-দলীয় ঐক্য।

১১-দলীয় ঐক্যের নেতারা অবশ্য গোপালগঞ্জে হামলার আশঙ্কা নাকচ করেছেন। এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এসব তথ্য অসত্য ও গুজব। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। সেখানে হামলার কোনো আশঙ্কা নেই।

আজকের লংমার্চে এনসিপির অংশগ্রহণ নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। এনসিপি-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যে থাকলেও পৃথক দল হিসেবে নিজেদের ‘স্বতন্ত্র পরিচয়’ ধরে রাখতে চায় এনসিপি। এর অংশ হিসেবে ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় লংমার্চের এক দিন আগে গতকাল শুক্রবার ঢাকার শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।

আজ সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সমাবেশে জামায়াতের আমির বলেন, আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে। সেই বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

শফিকুর রহমানের বক্তব্যের পর সকাল সাড়ে আটটার দিকে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক ধরে ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ, খুলনা, রূপসা সেতু পার হয়ে যশোর ও কুষ্টিয়ার দিকে যাবে এই বহর। প্রায় ৪২৫ কিলোমিটারের এ যাত্রাপথে ১৯টি জেলা অতিক্রম করা হবে। পথে একাধিক পথসভা করার পরিকল্পনা রয়েছে।

ঘোষণা অনুযায়ী, ঢাকা থেকে মাওয়া হয়ে মাদারীপুর ও শরীয়তপুরের মাঝামাঝি নাওডোবা দিয়ে খুলনা বিভাগের দিকে যাবে গাড়িবহর। পথে নাওডোবা, বাগেরহাটের কাটাখালী, খুলনার বাবরী চত্বর ও স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লি মোড় এবং ঝিনাইদহ-চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করার কথা আছে। এরপর কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে হবে সমাপনী সমাবেশ।

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে এই লংমার্চ করছে ১১-দলীয় ঐক্য। তাদের অন্য দাবির মধ্যে আছে-জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।

এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করেছিল ১১-দলীয় ঐক্য। খুলনা বিভাগের পর আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ করার পরিকল্পনা রয়েছে তাদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু সংকটের দায় ও ক্ষতিপূরণ আদায়ে তরুণদের কণ্ঠ সোচ্চার করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


জলবায়ু সংকটের দায় ও ক্ষতিপূরণ আদায়ে তরুণদের কণ্ঠ সোচ্চার করার আহ্বান

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকার আদায়ে বিশ্ব দরবারে তরুণদের কণ্ঠ সোচ্চার করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনেরা।

তারা উল্লেখ করেছেন, উন্নত বিশ্বের ভোগবাদী জীবনযাপন এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের ফলে জলবায়ু সংকট সৃষ্টি হলেও এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও প্রান্তিক দেশগুলো। এই সংকট মোকাবিলা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় তরুণদের সংগঠিত হয়ে প্রশ্ন তুলতে হবে। পাশাপাশি নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘ইয়ুথ ক্লাইমেট কোয়েশ্চেন কনফারেন্স-২০২৬’ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। পরিবেশ বার্তা আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আকমল হোসেন। উদ্বোধন করেন নারী নেত্রী ও লেখক কাজী সুফিয়া আখতার।

উদ্বোধনী বক্তব্যে কাজী সুফিয়া আখতার বলেন, বিশ্ব দরবারে জলবায়ু সংকটের জন্য দায়ী দেশগুলোর কাছে প্রশ্ন উত্থাপন ও দাবি আদায়ের জন্য তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। উন্নত বিশ্বের কর্মকাণ্ড পৃথিবীকে জলবায়ু সংকটের দিকে ঠেলে দিচ্ছে। অথচ বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো এর সবচেয়ে বড় ভুক্তভোগী। বিশেষ করে নারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে সব জায়গায় লড়াই চালিয়ে যাওয়া জরুরি।

কৃষি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউল করিম সিদ্দিক বলেন, তরুণদের আরও বেশি প্রশ্ন করতে শিখতে হবে এবং নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী তরুণদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ইউনেস্কো চেয়ার ও সেন্টার ফর সাসটেইনেবিলিটি অ্যান্ড ক্লাইমেটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। এ ধরনের সম্মেলনের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

পরিবেশ বার্তার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী সোহেল, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরী, স্কাইল্যান্ড রিক্রুটমেন্ট সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, পরিবেশ আন্দোলনকর্মী ব্রাত্য আমীন, সুপ্রিম কোর্টের আইনজীবী তানইয়া নাহার, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানজিল আবেদিন, উন্নয়নকর্মী মো. জাহাঙ্গীর আলম ও নিকিতা নন্দিনী।

জাতীয় সংগীত পরিবেশন ও দেশি জাতের বীজ বিতরণের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী পর্ব শুরু হয়। পরে আদিবাসী ও বাঙালি শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন তানজির রহমান ভূঁইয়া। এরপর জলবায়ু পরিবর্তনবিষয়ক দুটি ধারণাপত্র উপস্থাপন ও আলোচনা হয়। সম্মেলনের একপর্যায়ে মানিকগঞ্জ থেকে আসা বাউলশিল্পীরা গান পরিবেশন করেন।

আয়োজকেরা জানান, জলবায়ু সংকটের জন্য প্রকৃতপক্ষে কারা দায়ী এবং এই সংকট মোকাবিলায় বাংলাদেশের তরুণ ও যুবসমাজ কী ভূমিকা রাখতে পারে—এসব প্রশ্ন সামনে রেখেই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৭ সালে জাতীয় পর্যায়ে আরো বড় পরিসরে ‘ন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট কোয়েশ্চেন কনফারেন্স-২০২৭’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও জেলা জামায়াতের বার্ষিক সদস্য(রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


ঠাকুরগাঁও জেলা জামায়াতের বার্ষিক সদস্য(রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

আজ(৩১ অক্টোবর) শনিবার ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা আমীর
অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক
অধ্যক্ষ মাও:মমতাজউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জননেতা দেলাওয়ার হোসেন, অঞ্চল টিমের সদস্য ও
দিনাজপুর জেলার সাবেক আমীর
মো: আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলার প্রাক্তন আমীর ও অঞ্চল টিমের অন্যতম সদস্য জননেতা মাওলানা আব্দুল হাকিম।।

প্রধান অতিথি বলেন-
ইসলামী আদোলনের পাশাপাশিএকটি
সু-শৃংখল ও গণতান্ত্রিক নিঁখুত চর্চার
রাজনৈতিক সংগঠনের নাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গঠনতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ও
আবশ্যিকতায় আজ (৩১ অক্টোবর)
২০২৭-২৮ কার্যকালের ঠাকুরগাঁও
জেলা আমীর নির্বাচনে প্রত্যক্ষ গোপন
ব্যালটে ভোট প্রদান করেন সদস্য গণ।

এ সম্মেলনে সর্বমোট ডেলিগেট বা ভোটার
সংখ্যা ৭৯৫ জন। তন্মধ্যে পুরুষ ৪৪৩ জন
ও মহিলা বোন ৩৫২ জন।

সদ্য ঠাকুরগাঁও উপনির্বাচন সম্পর্কে
তিনি বলেন- মনোবল না ভেংগে অতীতের
চেয়ে দ্বিগুণ শক্তি অর্জনের লক্ষ্যে এখন
থেকেই আবার কাজ শুরু করার
নির্দেশনা প্রদান করেন।
তিনি স্থানীয় নির্বাচনে এখন থেকেই
পরিকল্পনা গ্রহণ ও সে অনুযায়ী কর্মসূচী
ও পদক্ষেপ নিতে আহবান জানান।

জনাব দেলাওয়ার হোসেন বলেন-
সদ্য উপনির্বাচনে আপনারা যেভাবে মাঠে-ময়দানে
যে মেধা,শ্রম-ঘাম ও অর্থ খরচ করেছেন
তাঁর জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞতা
প্রকাশ করছি। তিনি বলেন-
নির্বাচন পরবর্তী সহিংসতার খবর পাওয়া
মাত্র আমি ছুটে যাচ্ছি এবং অব্যাহত
রাখবো,ইনশাআল্লাহ্।
আপনার আমাকে সার্বক্ষনিক এলাকার
সমস্যা ও সম্ভাবনা জানাবেন। ভোট ছিনতাইকারী
ও ক্যাংগারু নির্বাচন কমিশন আমাকে
পরাজিত ঘোষনা করলেও আমি মাঠে ই
থাকবো -এ ঘোষনা প্রদান করছি।

সভাপতির বক্তব্যে মরহুম মাওলানা ইয়াকুব
খাঁন ও মাওলানা রজন আলীর জন্য
স্মৃতিচারণ ও দোয়ার আহবান করে
সমাপ্তি ঘোষনা করেন।

উল্লেখ্য যে ভোটের ফলাফল কেন্দ্রীয়
নির্বাহী পরিষদের মাধ্যমে নতুন নির্বাচিত
জেলা আমীরের নাম ঘোষনা
ও শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান কেন্দ্রীয়
ইউনিটের সদস্য হিসেবে দায়িত্ব পালন
করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%