০৯:৪২ পি.এম
জয়পুরহাটের কালাইয়ে একটি মালবোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত হয়েছেন। এর ফলে নিহতের সংখ্যা দুইজনে পৌঁছেছে। অপর আহত ব্যক্তি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন কালাই উপজেলার পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৬০) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ইজিবাইক চালক এনামুল হক (৬০)। আহত সোহরাব আলী (৫৫) একই গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: মাদক ও কিশোর গ্যাং দমনে বরিশাল নগরীতে ডিবি পুলিশের আকস্মিক চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কাজ শেষে এনামুল হক ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। তার ইজিবাইকে যাত্রী হিসেবে ছিলেন নুরনবী ও সোহরাব আলী। তারা কালাই থেকে আফলাপাড়ার দিকে যাচ্ছিলেন। পুনট কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে একটি মালবোঝাই ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও দুই যাত্রী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলে নুরনবী ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এনামুলের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সোহরাব আলী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে এনামুল হক মারা যান।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে কালাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নুরনবীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছিলেন। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে ইজিবাইক চালক এনামুল হক সেখানে মারা গেছেন বলে জানতে পেরেছি।’
আরও পড়ুন: রংপুরে ৩৩ ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রামের উদ্বোধন
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি খাদে পড়ে রয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রথম নিহত নুরনবীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন