ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাণীনগরে দেয়াল ভেঙে দোকানের সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি


রাণীনগরে দেয়াল ভেঙে দোকানের সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি

নওগাঁর রাণীনগরে একটি কিটনাশক দোকানের ইটের দেয়াল কেটে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতের অন্ধকারে উপজেলার লোহাচুড়া বাজারে মেসার্স আফিয়া ট্রেডার্স নামক দোকানে এই চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক মো. বেলায়েত হোসেন জানান, তিনি সিনজেনটা কোম্পানীর খুচরা বিক্রেতা হিসেবে লোহাচুড়া বাজারে ব্যবসা করে আসছেন। শনিবার তিনি সারাদিন ব্যবসার কাজ শেষ করে দোকানটি তালা দিয়ে বাড়িতে চলে যান। রোববার সকালে দোকান খুলে তিনি দেখতে পান, চোরেরা দোকানের পিছনে ইটের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন, "এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবো।"

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে রোববার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, "এঘটনায় ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। এছাড়া বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের গ্রেফতারসহ মালামাল উদ্ধারে কাজ চলছে।"

আরও পড়ুন: মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সরকারী কলেজে নতুন দিগন্তের সূচনা: স্নাতকে ভর্তির সুযোগ ও স্নাতকোত্তর কোর্স চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


শেরপুর সরকারী কলেজে নতুন দিগন্তের সূচনা: স্নাতকে ভর্তির সুযোগ ও স্নাতকোত্তর কোর্স চালু

শেরপুর সরকারি কলেজে উচ্চশিক্ষার নতুন দিগন্তের সূচনা হচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইংরেজি এই ৩ বিষয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তির সুযোগ সৃষ্টি হচ্ছে, পাশাপাশি স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খাজা মো. জিয়াউল হক সাংবাদিকদের জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় জানানো হয়েছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭০৮-১৬৩ নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়/বিভাগ/কোড-৫১০১/১৫৬৪৩ তালিকাভুক্তির সূত্রে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, নতুন বিষয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পাওয়ায় শেরপুর, জামালপুর ও টাঙ্গাইলের পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন। স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে, এমন ধারণা অভিজ্ঞ মহলের।

জানা গেছে যে, শেরপুর সরকারি কলেজে ৩ টি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর উদ্যোগটি জেলার উচ্চশিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য নানা সীমাবদ্ধতা ছিল। স্থানীয় পর্যায়ে স্নাতকোত্তর শিক্ষার সুযোগ সম্প্রসারিত হওয়ায় শিক্ষার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

জামালপুরসহ পার্শ্ববর্তী অন্যান্য জেলার শিক্ষার্থীরাও উপকৃত হবেন। শিক্ষার মানোন্নয়ন এবং নতুন শিক্ষার নতুন দিগন্তের সূচনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে নতুন দিগন্তের সূচনা হবে।

শেরপুর সরকারি কলেজে ইসলামী শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইংরেজি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর উদ্যোগ এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে যুগান্তকারী ভূমিকা রাখবে, এমন বিশ্বাস শেরপুরবাসীর।

শেরপুরবাসী মনে করেন, শিক্ষার্থীরা যেন নিজ এলাকায় মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। এটাই তাদের কাম্য। এজন্য দল মত নির্বিশেষে লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে আশা করেন শেরপুর জেলাবাসী। তাঁরা শেরপুরের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত ও একাডেমিক অগ্রগতিও আন্তরিকভাবে কামনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবির রেলস্টেশনে ঘুমন্ত দুই পথশিশুর ওপর হামলে পড়ল ৫ জন, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


চবির রেলস্টেশনে ঘুমন্ত দুই পথশিশুর ওপর হামলে পড়ল ৫ জন, অতঃপর...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে গভীর রাতে ঘুমন্ত দুই পথশিশুর ওপর দলবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় মাকসুদ আলী নামে একজনকে আটক করেছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিশুদুটিকে এক হাজার টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে চার থেকে পাঁচজন ব্যক্তি। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় শিশুদুটিকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুদুটির চিৎকার শুনে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে সকালে অভিযুক্তদের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তির পকেট থেকে উদ্ধার করা পরিচয়পত্র অনুযায়ী, তার নাম মাকসুদ আলী এবং তার ঠিকানা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার তেলিয়া গ্রাম।

ঘটনাস্থলে উপস্থিত চবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিনহাজ আলম সৌরভ জানান, বিশ্ববিদ্যালয়ে ছুটি চললেও পরীক্ষার কারণে তিনি ক্যাম্পাসসংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছেন। সকালে ফজরের নামাজ শেষে ফেরার পথে রেলস্টেশনে কয়েকজন মানুষকে জড়ো হতে দেখে তিনি সেখানে যান। পরে স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন।

তিনি বলেন, রাতে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে আশ্রয় নিয়েছিল দুই পথশিশু। তাদের একজনের বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর এবং অন্যজনের বয়স ১০ বছরের নিচে। রাত সাড়ে ৩টার দিকে চার থেকে পাঁচজন ব্যক্তি তাদের কাছে গিয়ে এক হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে সঙ্গে যেতে বলে। শিশুদুটি রাজি না হলে তাদের মুখ চেপে ধরে এবং হাত-পা ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

একপর্যায়ে শিশুদুটি চিৎকার শুরু করলে পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি এগিয়ে আসেন। তার উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ওই ব্যক্তি শিশু দুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং তাদের খাবারের ব্যবস্থা করেন। পরে রোববার (১৮ অক্টোবর) সকালে শিশুদুটিকে নিয়ে আবার স্টেশনে ফিরে গেলে অভিযুক্তদের একজনকে সেখানে দেখতে পান ওই ব্যক্তি। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

মিনহাজ আলম সৌরভ জানান, ফজরের নামাজ শেষে ঘটনাস্থলে পৌঁছে তিনিও অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি একটি মোটা কাঠের লাঠি দিয়ে তাকে আঘাতের চেষ্টা করেন। পরে উপস্থিত লোকজনের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তরের জন্য প্রক্টরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমে ফোনে সাড়া না পেলেও পরে নিরাপত্তাকর্মীদের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয়। এরপর প্রক্টরিয়াল বডির একজন প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তরের উদ্যোগ নেন।

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নিতে প্রথমে অনীহা প্রকাশ করে বলে অভিযোগ করেন সৌরভ। তার দাবি, অভিযুক্ত ব্যক্তিকে মারধর করা হয়েছে উল্লেখ করে পুলিশ তাকে আগে হাসপাতালে নিয়ে যেতে বলে। এ নিয়ে উপস্থিত লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে যায়।

এদিকে অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়ের আরেক নারী শিক্ষার্থী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। ওই শিক্ষার্থীর দাবি, এর আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাশাল্লাহ হোটেলের গলি দিয়ে যাওয়ার সময় একই ব্যক্তি তাকে অনুসরণ করেন। একপর্যায়ে পাশ দিয়ে যাওয়ার সময় তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করে চলে যান। সে সময় একা থাকায় তিনি কোনো প্রতিবাদ করতে পারেননি।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ আরটিভি নিউজকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওতাধীন যেকোনো স্থানে শিক্ষার্থী কিংবা বহিরাগত সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা দপ্তরের। ঘটনাটি গভীর রাতে ঘটেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছুটি চলমান থাকায় নিরাপত্তাকর্মীদের কিছুটা সংকট থাকতে পারে। তবে সেটি নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এড়িয়ে যাওয়ার কারণ হতে পারে না।

তিনি আরও বলেন, ঘটনার পর প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে দ্রুত সাড়া না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা তাদের কাছে জবাবদিহি চাইব। কেন তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে আমরা পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করব। পুলিশ যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং অভিযুক্তকে আদালতে সোপর্দ করে, সেটি নিশ্চিত করার চেষ্টা করব। পরবর্তী বিচারিক প্রক্রিয়া আদালতের এক্তিয়ারভুক্ত।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিষয়টি এখন পুলিশের অধীনে রয়েছে। তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে এর আগেও অশোভন আচরণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ আগে আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হতো। এমনকি অভিযোগ ছাড়াও এ ধরনের কোনো ঘটনা আমাদের নজরে এলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।

তিনি আরও বলেন, বিশেষ করে রাতে ট্রেন চলাচল বন্ধ থাকার সময় স্টেশন এলাকায় কিছু ভাসমান মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আজ থেকেই আমাদের টহলদলকে স্টেশনগুলোতে নজরদারি ও টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান আরটিভি নিউজকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। ধর্ষণচেষ্টার ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে ছেড়ে দেওয়া হয়নি, আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকারী কাব্য মারান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকারী কাব্য মারান

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের একজন জনপ্রিয় সংগীত পরিচালক হলেন অনিরুদ্ধ রবিচন্দর। ‘কোলাভেরি ডি’ গানটির মাধ্যমে রাতারাতি খ্যাতি অর্জন করা এই সংগীতশিল্পী বর্তমানে একের পর এক বড় বাজেটের সিনেমায় কাজ করছেন। ‘জেলার ২’সহ বেশ কিছু ছবির আলোচনা চলমান থাকাকালীন, তার ব্যক্তিগত জীবনও সংবাদমাধ্যমের নজরে এসেছে। সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের কন্যা কাব্য মারানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন অনিরুদ্ধ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী নভেম্বরে তাদের বিয়ের আয়োজন করা হবে।

বিয়ের খবরটি নতুন করে আলোচনায় এসেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির একটি প্রকাশ্য পোস্টের পর। ১৭ অক্টোবর, কালানিধি মারান ও তার স্ত্রী কাবেরী মারানের সঙ্গে সাক্ষাতের ছবি ও ভিডিও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি তাদের মেয়ের বিয়ের সংবর্ধনায় আমন্ত্রণ পাওয়ার কথাও জানান। চেন্নাইয়ে ২১ নভেম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হতে পারে। মূল বিয়ের অনুষ্ঠান ১১ নভেম্বর গ্রিসে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে বিয়ের অনুষ্ঠান ও তারিখ নিয়ে বিস্তারিত তথ্যের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

কে এই কাব্য মারান

কাব্য মারান ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ব্যবসায়ী কালানিধি মারানের কন্যা। তার বাবা সান টিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। টেলিভিশন সম্প্রচার, বিনোদন, সংবাদমাধ্যমসহ বিভিন্ন ব্যবসায় বিস্তৃত এই প্রতিষ্ঠানের কার্যক্রম। কাব্যর মা কাবেরী মারানও সান টিভি নেটওয়ার্কের শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন।

ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাব্য চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি (এমবিএ) অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্রিকেটের মাঠে ও খেলোয়াড় নিলামে কাব্যর উপস্থিতি নিয়মিতভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। দল পরিচালনা, খেলোয়াড় নির্বাচন এবং ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে যুক্ত থাকায় ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি পরিচিত মুখ। ফলে তার পরিচয় শুধু ধনকুবেরের কন্যা হিসেবে সীমাবদ্ধ নয়, ব্যবসা পরিচালনায়ও রয়েছে তার ভূমিকা।

২৫ হাজার কোটি টাকার সম্পদ

ভারতের হুরুন রিচ লিস্ট ২০২৬-এর হিসাব অনুযায়ী, কালানিধি মারানের আনুমানিক সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার কোটি টাকা। অন্যদিকে, ফোর্বসের হিসাবে, তার সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।

কালানিধি মারানের সম্পদের বড় উৎস সান টিভি নেটওয়ার্ক। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান দক্ষিণ ভারতের অন্যতম বড় গণমাধ্যম গোষ্ঠীতে পরিণত হয়েছে। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি রেডিও, সংবাদপত্র, সরাসরি সম্প্রচার সেবা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যবসায়ও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, সান টিভির চ্যানেলগুলো ভারতের ১৪ কোটির বেশি পরিবারের কাছে পৌঁছায়।

এই ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে ক্রিকেটও। সান টিভি নেটওয়ার্কের মালিকানাধীন সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের পরিচিত দলগুলোর একটি। ২০১২ সালে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নেওয়ার পর ২০১৩ সালে আইপিএলে যাত্রা শুরু করে দলটি। ক্রিকেটের জনপ্রিয়তা ও সম্প্রচার ব্যবসার সংযোগ মারান পরিবারের ব্যবসায়িক পরিচিতিকে আরও বিস্তৃত করেছে।

তবে ২৫ হাজার কোটি টাকার সম্পদটি কালানিধি মারানের আনুমানিক ব্যক্তিগত সম্পদ হিসেবে উল্লেখ করা হয়। পুরো অর্থকে কাব্যর নিজস্ব সম্পদ বা তার হাতে থাকা উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থ হিসেবে দেখানো ঠিক হবে না। কাব্যর ব্যক্তিগত সম্পদ নিয়েও বিভিন্ন সংবাদমাধ্যমে অনুমানভিত্তিক হিসাব প্রকাশিত হয়েছে, কিন্তু সেগুলোকে নিরীক্ষিত আর্থিক তথ্য হিসেবে ধরা যায় না।

ক্রিকেটের গ্যালারি থেকে আলোচনার কেন্দ্রে

সানরাইজার্স হায়দরাবাদের খেলা চলাকালে গ্যালারিতে কাব্যর উপস্থিতি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করে। দলের প্রতি তার আগ্রহ, খেলোয়াড় নিলামে সক্রিয় অংশগ্রহণ এবং ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনায় ভূমিকা তাকে ক্রিকেটের জগতেও পরিচিত করেছে। ক্রিকেটের মাঠে তার উপস্থিতি নিয়ে ভক্তদের আগ্রহের পাশাপাশি তার পোশাক ও অভিব্যক্তিও মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়।

আইপিএলের দল পরিচালনা করা নিছক পারিবারিক পরিচয়ের বিষয় নয়; এর সঙ্গে খেলোয়াড় নির্বাচন, দল গঠন, অর্থনৈতিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার মতো নানা দায়িত্ব জড়িত। কাব্যর ক্ষেত্রে তাই ব্যবসায়ী পরিবারের উত্তরসূরি পরিচয়ের পাশাপাশি একজন ক্রীড়া ব্যবস্থাপক হিসেবেও পরিচিতি তৈরি হয়েছে।

‘কোলাভেরি ডি’ থেকে দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক

অনিরুদ্ধ রবিচন্দরের উত্থানের গল্পটিও কম আকর্ষণীয় নয়। ২০১২ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘থ্রি’-এর ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। ধানুশের গাওয়া গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। তখন থেকেই চলচ্চিত্রের সংগীতে নতুন প্রজন্মের অন্যতম পরিচিত নাম হয়ে ওঠেন অনিরুদ্ধ।

এরপর ‘কাইথি’, ‘বেদালাম’, ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘জেলার’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় সংগীত পরিচালনা করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। তামিল সিনেমার গণ্ডি পেরিয়ে তেলেগু ও হিন্দি চলচ্চিত্রেও তার কাজের পরিধি বেড়েছে। বড় তারকাদের সিনেমায় তার সংগীত পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গান জনপ্রিয় হওয়ার কারণে নির্মাতাদের কাছেও তিনি চাহিদাসম্পন্ন সংগীত পরিচালক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাইদা কামাল মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাইদা কামাল মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাইদা কামাল মারা গেছেন। রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর।

সাইদা কামাল কবি সুফিয়া কামালের কন্যা। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি প্রতিষ্ঠান আমরাই পারি-এর চেয়ারপারসন সুলতানা কামালের ছোট বোন। তার মৃত্যুর খবর আমরাই পারি-এর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে সাইদা কামাল বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাইদা কামালের একমাত্র মেয়ে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে আসার পর আগামী মঙ্গলবার তার দাফন সম্পন্ন হবে। এর আগে ধানমণ্ডির তাকওয়া মসজিদে তার জানাজার আয়োজন করা হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

সৃজনশীল শিল্পকর্মের মাধ্যমে সাইদা কামাল দেশের চারুশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা শেষে তিনি ভারতের শান্তিনিকেতনের কলাভবনে নকশা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশ ও বিদেশে তার বহু একক এবং যৌথ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়, বড় বোন সুলতানা কামালের সঙ্গে রণাঙ্গনে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে কাজ করেন সাইদা কামাল। মুক্তিযুদ্ধে তার এই অবদান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%