০৬:১৫ পি.এম
রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতি ২০ বছরের পুরনো বাস ও মিনিবাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ফিটনেস থাকা গাড়ি সড়কে চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। সমিতির নেতারা আগামী ২৯ অক্টোবরের মধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না এলে ১ নভেম্বর থেকে রংপুর বিভাগের সব জেলায় সর্বাত্মক পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে রংপুর নগরীর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বসুনিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি উল্লেখ করেন, গাড়ির বয়সের ভিত্তিতে চলাচল বন্ধ না করে এর প্রকৃত অবস্থা, যান্ত্রিক সক্ষমতা ও ফিটনেস বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় পরিবহন খাতে সংকট সৃষ্টি হবে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়বে।
আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি
লিখিত বক্তব্যে বলা হয়, বিআরটিএর নীতিমালা অনুযায়ী বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানের ক্ষেত্রে ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। এই নিয়মের কারণে সারা দেশে নিবন্ধিত ২০ বছরের পুরনো ৫৬ হাজারের বেশি বড় বাস ও ২৮ হাজারের বেশি মিনিবাস চলাচলের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
পরিবহন মালিকদের দাবি, এত বিপুলসংখ্যক গাড়ি একসঙ্গে চলাচলের বাইরে চলে গেলে বিকল্প পরিবহনের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা কঠিন হবে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সারা দেশে নতুন নিবন্ধন পাওয়া বাসের সংখ্যা ছিল ১ হাজার ৭৩৬টি, যার মধ্যে মিনিবাস ছিল ২২০টি। ফলে পুরনো গাড়ি সরিয়ে নেওয়ার সঙ্গে তাল মিলিয়ে নতুন গাড়ি যুক্ত না হলে যাত্রী পরিবহনব্যবস্থায় বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে।
বয়স নয়, ফিটনেসকে গুরুত্ব দেওয়ার দাবি
সংবাদ সম্মেলনে পরিবহন নেতারা জানান, একটি গাড়ির বয়স ২০ বছর হলেই সেটি চলাচলের অনুপযোগী হয়ে যায় না। নিয়মিত রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ পরিবর্তন ও প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে পুরনো গাড়িও চলাচলের উপযোগী রাখা সম্ভব। তাই শুধু বয়সের ভিত্তিতে গাড়ি বাতিল না করে কারিগরি পরীক্ষা ও ফিটনেসের ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত।
আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ
তাদের দাবি, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় নির্ধারিত শর্তে চেসিস ছাড়া গাড়ির অন্যান্য যন্ত্রাংশ পরিবর্তনের সুযোগ রয়েছে। এই অবস্থায় গাড়ির বয়সকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করা হলে আইনের ওই বিধানের সঙ্গে অসামঞ্জস্য তৈরি হতে পারে।
রংপুর অঞ্চলের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে পরিবহন নেতারা বলেন, এ অঞ্চল কৃষিনির্ভর। এখানকার অনেক পরিবহন মালিক ক্ষুদ্র উদ্যোক্তা। তাদের পক্ষে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নতুন বাস কেনা সম্ভব নয়। পুরনো গাড়ি বাতিল করে নতুন গাড়ি কেনার বাধ্যবাধকতা তৈরি হলে অনেক মালিক আর্থিক সংকটে পড়বেন। এর ফলে পরিবহন ব্যবসা, শ্রমিকদের কর্মসংস্থান এবং যাত্রীসেবায় প্রভাব পড়বে।
নেতাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল ও কিছু আমদানিকারককে সুবিধা দিতে আমলাতান্ত্রিক পর্যায় থেকে সরকারকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। তাদের দাবি, এর ফলে বাস্তবতা বিবেচনা না করেই পরিবহন মালিকদের ওপর চাপ তৈরি করা হচ্ছে।
বৈদেশিক মুদ্রার ওপর চাপের আশঙ্কা
আরও পড়ুন: পানির মধ্যেই ঢালাই, বের হয়ে গেছে রড: কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়ম
সংবাদ সম্মেলনে বলা হয়, বিপুলসংখ্যক পুরনো বাস একযোগে বাতিল করে নতুন গাড়ি আমদানি করতে হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। অন্যদিকে, সচল রাখা সম্ভব এমন গাড়িতে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোজন ও মেরামতের মাধ্যমে পরিবহনসেবা চালু রাখলে তুলনামূলক কম খরচে সংকট মোকাবিলা করা সম্ভব।
পরিবহন নেতারা বলেন, পরিবেশ সুরক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে গাড়ির প্রকৃত অবস্থা যাচাই করেই সিদ্ধান্ত নিতে হবে। তাঁরা ফিটনেসবিহীন গাড়ি চলাচলের পক্ষে নন। তাঁদের মূল দাবি, ফিটনেস থাকা গাড়ি যেন শুধু বয়সের কারণে বাতিল না হয়।
ধর্মঘট হলে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা
রংপুর বিভাগে বাস চলাচল বন্ধ হলে আন্তঃজেলা ও দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়তে পারেন। পণ্য পরিবহন ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: মীরসরাইয়ে স্বজনদের তিন দিনব্যাপী বইপড়া উৎসব শেষ
রংপুর জেলা মোটর মালিক সমিতির উপদেষ্টা ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের উপস্থিতিতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতির সভাপতি শ্রী ভবানী শংকর আগরওয়াল, সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজসহ পরিবহন খাতের নেতারা।
সমিতির নেতারা জানান, আগামী ২৯ অক্টোবরের মধ্যে দাবির বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা ঘোষণা চান তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১ নভেম্বর থেকে রংপুর বিভাগের সব জেলায় সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন