ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মঙ্গলে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়ল নাসার রোবটযান ‘পারসিভিয়ারেন্স’


মঙ্গলে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়ল নাসার রোবটযান ‘পারসিভিয়ারেন্স’

মঙ্গলে সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান পারসিভিয়ারেন্স। পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে এর আগে কোনো যান এত দূর চলেনি।

এনডিটিভি জানায়, নাসার তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর পর্যন্ত পারসিভিয়ারেন্সের চলার দূরত্ব দাঁড়ায় ৪৫ দশমিক ২২ কিলোমিটার। এর মধ্য দিয়ে এটি আগের রেকর্ড ভেঙেছে। আগের রেকর্ডটি ছিল নাসারই আরেক রোবটযান অপরচুনিটির। ২০০৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মঙ্গলে কাজ করা যানটি মোট ৪৫ দশমিক ১৬ কিলোমিটার চলেছিল।

পারসিভিয়ারেন্স মঙ্গলে অভিযানের ২ হাজার ৬তম দিনে এ রেকর্ড গড়ে। পৃথিবীর হিসাবে প্রায় পাঁচ বছর ছয় মাসে এটি এই দূরত্ব পাড়ি দিয়েছে। অন্যদিকে, একই দূরত্ব অতিক্রম করতে অপরচুনিটির প্রায় ১৫ বছর লেগেছিল।

আরও পড়ুন: টিকটক ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে

জেজেরো গহ্বরের পশ্চিম প্রান্তের কাছে লাক দ্য শার্ম নামের একটি এলাকা দিয়ে যাওয়ার সময় রেকর্ডটি গড়ে পারসিভিয়ারেন্স। সেখান থেকে এটি ইদুবি নামের একটি এলাকার দিকে যাচ্ছিল। বিজ্ঞানীদের ধারণা, সেখানে সৌরজগতের সবচেয়ে প্রাচীন ভূখণ্ডের কিছু নমুনা পাওয়া যেতে পারে। সেগুলো নিয়ে অনুসন্ধান চালাচ্ছে রোবটযানটি।

নাসার তথ্য অনুযায়ী, লাক দ্য শার্ম এলাকার পাথর ও ভূখণ্ড অত্যন্ত প্রাচীন। পৃথিবীতে একই ধরনের ভূখণ্ড থাকলেও দীর্ঘদিনের ক্ষয় এবং ভূত্বকের পাতের নড়াচড়ায় সেগুলো হারিয়ে গেছে। মঙ্গলে পৃথিবীর মতো ভূত্বকের পাত নেই। তাই ইদুবি এলাকায় প্রাচীনকালের গরম পানির প্রবাহের কোনো চিহ্ন পাওয়া যায় কি না, তা খুঁজছেন বিজ্ঞানীরা।

পারসিভিয়ারেন্সের এই সাফল্যের পেছনে রয়েছে নিজে নিজে পথ খুঁজে চলার প্রযুক্তি। ‘অটোন্যাভ’ নামের একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহার করে রোবটযানটি। চলার সময় এটি আশপাশের ছবি তোলে, সম্ভাব্য বাধা শনাক্ত করে এবং ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে। এরপর নিরাপদ পথ বেছে নিয়ে সামনে এগিয়ে যায়।

নাসার বিজ্ঞানীদের ভাষায়, এই প্রযুক্তির সাহায্যে রোবটযানটি চলার সময়ই আশপাশের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে। মঙ্গলের এক দিনে পারসিভিয়ারেন্স সর্বোচ্চ ১ হাজার ৩৫১ ফুট বা ৪১২ মিটার পর্যন্ত চলতে পারে। এখন পর্যন্ত এর পাড়ি দেওয়া মোট দূরত্বের ৯০ শতাংশেরও বেশি পথে অটোন্যাভ ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের আহ্বান, ‘চলুন ফ্রান্সে বিপ্লবে যোগ দিই’

অন্যদিকে, মঙ্গলে এ ধরনের প্রযুক্তি প্রথম ব্যবহার করা হয়েছিল অপরচুনিটি ও তার যমজ রোবটযান স্পিরিটে। তবে তাদের মোট চলার দূরত্বের মাত্র প্রায় ৫ শতাংশ পথে এই প্রযুক্তি কাজে লেগেছিল। নাসার প্রথম মঙ্গলযান সোজার্নার চলার পথ যাচাই করতে ২০টি পরিমাপের স্থান ব্যবহার করত। আর পারসিভিয়ারেন্স প্রতিবার ভূখণ্ড পরীক্ষা করার সময় প্রায় ৬ লাখ পরিমাপের স্থান বিশ্লেষণ করে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে কিউরিওসিটি ও পারসিভিয়ারেন্স প্রকল্পের ব্যবস্থাপক স্টিভেন লি বলেন, প্রযুক্তির উন্নতির ফলে এখন দীর্ঘ পথ পাড়ি দেওয়া পারসিভিয়ারেন্সের জন্য নিয়মিত কাজ হয়ে উঠেছে।

তিনি বলেন, রোবটযানটির চলাচলের সব ব্যবস্থা এখনো সচল রয়েছে। দীর্ঘ সময় ধরে চলার সক্ষমতা যাচাইয়ের পরীক্ষার ফলও ভালো এসেছে। তাই আগামী কয়েক বছরেও এটি আরো বেশি দূরত্ব পাড়ি দিতে পারবে বলে আশা করছে দলটি।

সম্প্রতি নাসা প্রথমবারের মতো পারসিভিয়ারেন্সের অভিযানের মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে। নতুন মেয়াদ শুরু হয়েছে অক্টোবরে। এর ফলে রোবটযানটি আনুমানিক ২০২৮ সালের শেষ পর্যন্ত জেজেরো গহ্বরের প্রান্তে অনুসন্ধান চালিয়ে যেতে পারবে।

আরও পড়ুন: কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু, শোকার্ত টালিগঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মমতাজ (৬০) নামে এক বৃদ্ধা ভিক্ষুকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায়। অভিযুক্ত ব্যক্তি আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে রিয়াজ আহমেদ।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ওই বৃদ্ধার বাড়ি ময়মনসিংহ এলাকায়। তবে তিনি প্রায় ২০ বছর ধরে আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকায় একটি বাড়িতে বসবাস করে আসছিলেন। প্রতিদিন ভোরে ভিক্ষার উদ্দেশ্যে তিনি উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন।

ঘটনার পর স্থানীয়রা মমতাজকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান ও নার্সদের তত্ত্বাবধানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদীতে নিরাপত্তা উত্তেজনার মধ্যেও এশিয়ান কাপের সূচি বহাল, গলফ টুর্নামেন্ট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


সউদীতে নিরাপত্তা উত্তেজনার মধ্যেও এশিয়ান কাপের সূচি বহাল, গলফ টুর্নামেন্ট স্থগিত

সউদী আরবে চলমান নিরাপত্তা উত্তেজনার পরিস্থিতির মধ্যেও আয়োজকেরা ২০২৭ এএফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আয়োজনের প্রস্তুতি অব্যাহত রাখার কথা জানিয়েছেন। তবে, পিআইএফ সউদী ইন্টারন্যাশনাল গলফ টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে, যা সাংগঠনিক ও লজিস্টিক জটিলতার কারণে হয়েছে।

২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সউদী আরবে এশিয়ান কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক হামলা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও, আয়োজক পক্ষ জানিয়েছে যে টুর্নামেন্টের প্রস্তুতি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।

অন্যদিকে, এশিয়ান ট্যুর কর্তৃপক্ষ রিয়াদে ১৮ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পিআইএফ সউদী ইন্টারন্যাশনাল গলফ টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। আয়োজকদের মতে, এ সিদ্ধান্ত সাংগঠনিক ও লজিস্টিক জটিলতার কারণে নেওয়া হয়েছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, প্রয়োজন হলে এশিয়ান কাপ ২০২৮ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে, এখন পর্যন্ত টুর্নামেন্টের সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় আয়োজকেরা নির্ধারিত সময়েই প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

এদিকে, নিরাপত্তা পরিস্থিতির প্রভাব অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনেও পড়েছে। সউদী আরবে অনুষ্ঠিতব্য কয়েকটি প্রতিযোগিতার সূচি পরিবর্তন বা স্থগিত করা হয়েছে। দেশটিতে বিভিন্ন ক্রীড়া আসর ঘিরে অনিশ্চয়তা তৈরি হলেও, ২০২৭ এশিয়ান কাপ এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।

সউদী আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) বিনিয়োগে দেশটিতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন সম্প্রসারিত হয়েছে। ২০২৭ এশিয়ান কাপকে ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেও দেখা হচ্ছে। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতি বর্ণনা দেওয়া যাবে না: এম রশিদুজ্জামান মিল্লাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতি বর্ণনা দেওয়া যাবে না: এম রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তী সরকার দেড় বছরে যে ক্ষতি করেছে, তা বর্ণনা করা সম্ভব নয়। তিনি বলেন, “১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের যে ক্ষতি করেছে তাতো করেছেই। গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তার বর্ণনা দেওয়া যাবে না।”

মন্ত্রী দাবি করেছেন যে, প্রশাসনে যারা আছেন তারা অন্তর্বর্তী সরকারের ক্ষতির বিষয়ে অবগত। তিনি অভিযোগ করেন, “বিভিন্নভাবে চক্রান্ত করে তারা (অন্তর্বর্তী সরকার) দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। জনগণ তা হতে দেয়নি।”

আজ শুক্রবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বর্তমান গ্যাস সংকটের তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, গ্যাসের যে সংকট তা নিরসন হতে এক বছর সময় লাগবে। তবে তিনি উল্লেখ করেন যে, সরকার যতটুকু সম্ভব আমদানি করে গ্যাস সরবরাহ করছে।

মন্ত্রী জানান, ইউরোপে ডিজেলের লিটার বাংলাদেশি টাকায় সাড়ে ৩০০ টাকা। তিনি বলেন, অথচ আমাদের দেশের কিছু অসভ্য লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বলে।

মন্ত্রী এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান, কারণ বট বাহিনী মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে।

তিনি জানান, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। এ সময় তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, যারা খারাপ কাজ করবেন, তাদের দল থেকে বহিষ্কার করতে প্রস্তুত। তিনি আরও বলেন, সরকার চেষ্টা করছে সবকিছু স্বাভাবিক করার জন্য এবং সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দশক পর প্রকাশিত হলো ‘জিটিএ ৬’-এর লঞ্চ ট্রেলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


এক দশক পর প্রকাশিত হলো ‘জিটিএ ৬’-এর লঞ্চ ট্রেলার

গেমিং দুনিয়ার বহুল প্রতীক্ষিত মুহূর্তের অবশেষে অবসান ঘটেছে। জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ ৫) প্রকাশের দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে সিরিজের নতুন সংস্করণ ‘জিটিএ ৬’-এর লঞ্চ ট্রেলারটি প্রকাশ করেছে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রকস্টার তাদের নতুন এই ট্রেলারটি উন্মোচন করেছে। ট্রেলারের পেছনের মূল সংগীতে গেমটির অফিশিয়াল মিউজিক কম্পোজার জাস্টিসের সঙ্গে যুক্ত হয়েছেন টেম ইমপালা, এসজেডএ এবং ‘কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ড’। তাদের পরিবেশনায় ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’ গানটি ট্রেলারের আবহকে আরও বেশি টানটান করে তুলেছে।

সংক্ষিপ্ত এই ট্রেলারে গেমটির দুই কেন্দ্রীয় চরিত্র জেসন ও লুসিয়ার জীবনের টানাপোড়েন ও সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। ট্রেলারের শুরুতে জেসনকে সামরিক বাহিনী থেকে অসম্মানজনক বিদায়ের পর যেসব প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, তা নিয়ে কথা বলতে দেখা যায়। পরবর্তীতে একটি দৃশ্যে লুসিয়ার পায়ে নজরদারি অ্যাঙ্কলেট দেখা যায়, যেখানে অপরাধের অন্ধকার বৃত্তে আটকে পড়া লুসিয়াকে আবেগঘন কণ্ঠে বলতে শোনা যায়—‘আমরা কি ঠিক থাকব?’

লঞ্চ ট্রেলারটিতে রকস্টার তাদের চেনা শৈলীতে হেলিকপ্টার অ্যাকশনের ওপর বিশেষ নজর দিয়েছে। একটি দৃশ্যে রাইফেল হাতে থাকা জেসনের পেছনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হতে দেখা যায়, অন্য এক দৃশ্যে গ্রেনেড লঞ্চার হাতে লুসিয়াকে হেলিকপ্টারে করে শহরে উড়ার দৃশ্য ফুটে উঠে। এমনকি একটি দৃশ্যে হেলিকপ্টারে শিকল দিয়ে বাঁধা বিশাল এক মালামালের বোঝা শহরের সারি সারি ভবনের কাচ ভেঙে গুঁড়িয়ে দেয়। পরবর্তীতে দুই প্রধান চরিত্রকে ভবনের ছাদ থেকে লাফিয়ে সুইমিংপুলে পড়তে দেখা যায়।

গেমটির অফিশিয়াল বিবরণীতে বলা হয়েছে, ‘জেসন ও লুসিয়া শুরু থেকেই জানত পরিস্থিতি তাদের বিপক্ষে। কিন্তু একটি সহজ অপরাধের পরিকল্পনা ভেস্তে গেলে তারা লিওনিডা অঙ্গরাজ্যজুড়ে বিস্তৃত এক বিশাল অপরাধমূলক ষড়যন্ত্রের জালে আটকা পড়ে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল এলাকার এই অন্ধকার জগতে টিকতে হলে তাদের একে অপরের ওপর শতভাগ ভরসা রাখতে হবে।’

এদিকে ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটনাগরিক ও গেমারদের মাঝে রীতিমতো ঝড় উঠেছে। ইউটিউবে প্রকাশের মাত্র আধা ঘণ্টার মধ্যেই ১০ লাখ ভিউ ছাড়িয়ে যায় ট্রেলারটি। বিশ্বজুড়ে হাজার হাজার ভক্ত মন্তব্যের ঘরে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

সর্বাধিক লাইক পাওয়া একটি মন্তব্যে এক গেমার লেখেন, ‘আমি ভেবেছিলাম জীবনে হয়তো আর কোনোদিন এই মুহূর্ত দেখতে পাব না।’ অন্য এক ভক্ত লেখেন, ‘আমরা সত্যিই এখন মহাকাব্যিক সমাপ্তির একেবারে শেষ প্রান্তে!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%