০৫:১৮ পি.এম
পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা এবং টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মকে সচেতন করার উদ্দেশ্যে ‘কার্বন নিঃসরণ কমাতে তরুণদের ভূমিকা : পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার প্রত্যয়’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভাটি শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসুন্ধরা শুভসংঘ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কায়সারুজ্জামান সামি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হোসাইন সাইফ। সভার শুরুতে বর্তমান বিশ্বের জলবায়ু সংকট ও বায়ুমণ্ডলে অতিরিক্ত কার্বন নিঃসরণের ভয়াবহতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তুলে ধরা হয়। এর পর উপস্থিত সদস্যরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনায় বৈশ্বিক উষ্ণায়ন রোধ, দৈনন্দিন জীবনে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনা, একবার ব্যবহারযোগ্য (ওয়ান-টাইম) প্লাস্টিক বর্জন, জ্বালানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ক্যাম্পাস এবং এর পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিবেশবিষয়ক সচেতনতামূলক প্রচারণা চালানোর বিষয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
আরও পড়ুন: নতুন বছরে ভ্রমণের ট্রেন্ড বদলে যাচ্ছে
সভায় আরও উপস্থিত ছিলেন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ জেনী, অর্থ সম্পাদক মো. নাফিজ আহম্মেদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আওয়াল হাসনাত সন্ধি এবং ইয়ুথ জেনারেশন জুলকার নাইনসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে কায়সারুজ্জামান সামি বলেন, “বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত কার্বন নিঃসরণ মানবজাতির জন্য এক বড় হুমকি। এই সংকট মোকাবেলায় তরুণ সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে। আমাদের ছোট ছোট পরিবেশবান্ধব অভ্যাস ও সচেতনতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারে।”
সাধারণ সম্পাদক মাহমুদুল হোসাইন সাইফ বলেন, “শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা ক্যাম্পাসে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং সবুজায়ন বৃদ্ধিতে নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করব।”
যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদ জেনী তাঁর বক্তব্যে বলেন, “তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তি ও জীবনযাত্রার প্রসার ঘটাতে হবে। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার এই সামাজিক দায়বদ্ধতা ছড়িয়ে দিতে চাই।”
আরও পড়ুন: প্রোস্টেট ক্যানসারের ৪টি লক্ষণ: অবহেলা করবেন না
সভায় শেষ পর্যায়ে আগামী দিনগুলোতে ক্যাম্পাসে পরিবেশবান্ধব বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা, সেমিনার ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে কার্বন নিঃসরণ কমাতে সচেষ্ট থাকার পাশাপাশি ক্যাম্পাস ও বৃহত্তর সমাজে পরিবেশ রক্ষার ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন