প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিভিন্ন হাটবাজারে খেজুরের গুড়ের বেচাকেনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু খাঁটি খেজুরের গুড়ের পরিবর্তে বাজারে ছড়িয়ে পড়েছে চিনি ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত ভেজাল গুড়। এর ফলে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন।
সরেজমিনে খাষকাউলিয়া, খাষপুকুরিয়া, উমারপুর ও বাঘুটিয়া এলাকার স্থানীয় বাজারগুলোতে গিয়ে দেখা গেছে, অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে খেজুরের রসের পরিবর্তে সাধারণ চিনি গলিয়ে তার সাথে ফিটকিরি, হাইড্রোজ এবং ক্ষতিকর কৃত্রিম রং ও ফ্লেভার মিশিয়ে তৈরি করছেন তথাকথিত 'খাঁটি খেজুরের গুড়'। দেখতে আকর্ষণীয় এবং দামেও কিছুটা কম হওয়ায় সাধারণ মানুষ এসব গুড় কিনতে উৎসাহী হচ্ছেন।
স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বাজার থেকে চড়া দামে গুড় কিনে বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে সেগুলোতে খেজুরের রসের কোনো ঘ্রাণ নেই, বরং চিনির মতো শক্ত ও বিস্বাদ। চিকিৎসকদের মতে, গুড়ে ব্যবহৃত হাইড্রোজ ও কৃত্রিম রং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন এসব ভেজাল গুড় খেলে গ্যাস্ট্রিক, আলসার, কিডনি ও লিভারের জটিল রোগসহ ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।
সচেতন মহলের দাবি, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন