ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে ১০ নিহত, ১৬ আহত


মেক্সিকোর কারাগারে সংঘর্ষে ১০ নিহত, ১৬ আহত

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন বন্দি। নিহতদের মধ্যে রয়েছে নয়জন বন্দি এবং একটি অপ্রাপ্তবয়স্ক, যিনি স্বজনের সঙ্গে দেখা করতে কারাগারে এসেছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফপি, রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এই ঘটনার খবর উঠে এসেছে।

সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে কারাগারের ভেতরে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সংঘর্ষের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ট্রাম্প: ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারাগারে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। এএফপির একজন প্রতিবেদক ঘটনাস্থলে সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখেছেন।

অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ এক ভিডিও বার্তায় জানান, সংঘর্ষের ফলে নয়জন বন্দি এবং স্বজনের সঙ্গে দেখা করতে আসা এক অপ্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। তিনি আরও জানান, আহত ১৬ বন্দির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্য মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের বিভিন্ন গোষ্ঠীর সংঘাতের কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা চলমান রয়েছে। তবে কারাগারের সাম্প্রতিক সংঘর্ষের সঙ্গে কার্টেলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত নয়।

নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর ছয়টি অঙ্গরাজ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে, যার মধ্যে সিনালোয়া রয়েছে। কারাগারের সংঘর্ষের কারণ এবং অপরাধী গোষ্ঠীগুলোর সঙ্গে এর সম্পর্ক এখনো স্পষ্ট নয়। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স

আরও পড়ুন: সৌদি আরব থেকেই আসতে পারে জ্বালানি তেলের পরবর্তী বড় ধাক্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে ইটভাটায় দেয়াল ধসে প্রাণ গেল ২ শ্রমিকের

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


হোসেনপুরে ইটভাটায় দেয়াল ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
 
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। 
 
শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের মেসার্স মায়ের দোয়া ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত শ্রমিকেরা হলেন, উপজেলার  চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) ও একই গ্রামের ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ কিলন বা চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও দুই শ্রমিক।
 
আহত ব্যক্তিরা হলেন, লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া ও হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় চরপুমদি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যানজটে নাকাল কক্সবাজারের শহরবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


যানজটে নাকাল কক্সবাজারের শহরবাসী

দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারে যানজট ও জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শহরের প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই বেড়েছে ব্যাটারিচালিত টমটম ও মিশুকের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, শহরে সাড়ে তিন হাজার টমটমের লাইসেন্স থাকার কথা থাকলেও বাস্তবে চলাচল করছে ১০ হাজারের বেশি। এছাড়া, লাইসেন্স ও বৈধ অনুমোদন ছাড়াই দুই হাজারের বেশি মিশুক চলাচল করছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে চার লাখের বেশি শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং পর্যটকদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কক্সবাজার শহরের সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়লেও সড়কের ধারণক্ষমতা, যানবাহন নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করা যাচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। বিশেষ করে শহরের ব্যস্ততম সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টমটম-মিশুকের অবাধ চলাচল, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং যানবাহনের জটলা যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী, পথচারী ও পর্যটকদের সময় নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, শহরে সাড়ে তিন হাজার টমটমের অনুমোদন থাকার পরও বর্তমানে চলাচলকারী টমটমের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। অর্থাৎ অনুমোদিত সংখ্যার তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন সড়কে নামায় যানজট নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। অনুমোদিত ও বাস্তবে চলাচলকারী যানবাহনের সঠিক সংখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেই বলে জানা গেছে।

এছাড়া, ব্যাটারিচালিত মিশুকের অনিয়ন্ত্রিত সংখ্যা যুক্ত হয়েছে। অভিযোগ রয়েছে, দুই হাজারের বেশি মিশুক বৈধ লাইসেন্স বা অনুমোদন ছাড়াই শহরের সড়কে চলাচল করছে। এসব যানবাহনের নিবন্ধন, চলাচলের অনুমতি এবং চালকদের প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

নগরবাসীর আশঙ্কা, যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে পর্যটন মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এতে পর্যটন শহরের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের দৈনন্দিন চলাচল আরও দুর্বিষহ হয়ে পড়তে পারে।

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—অনুমোদনহীন মিশুকের গায়ে নম্বরসংবলিত স্টিকার ব্যবহার। স্থানীয়দের প্রশ্ন, বৈধ অনুমোদন না থাকলে এসব যানবাহন কীভাবে নম্বরযুক্ত স্টিকার পাচ্ছে? কারা এসব স্টিকার সরবরাহ করছে এবং কোন কর্তৃত্বে তা ব্যবহার করা হচ্ছে, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। একটি লোভিচক্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যনেজ করে এই কাজ করছে।

কয়েকজন মিশুকচালকের দাবি, মালিক সমিতির পক্ষ থেকে এক হাজার টাকার বিনিময়ে তাঁদের এসব স্টিকার দেওয়া হয়েছে। তাঁদের ভাষ্য, গাড়িতে নম্বরসংবলিত স্টিকার থাকলে পুলিশ আর আটকায় না বলে তাঁদের জানানো হয়েছে।

এক মিশুকচালক বলেন, “মালিক সমিতির পক্ষ থেকে আমাদের স্টিকার দেওয়া হয়েছে। এই নম্বর থাকলে পুলিশ ধরে না বলে আমাদের জানানো হয়েছে।”

তবে স্টিকার সরবরাহ, অর্থ আদায় কিংবা স্টিকার ব্যবহারের কারণে পুলিশি বাধা এড়ানোর এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত করা যায়নি। স্টিকার থাকলেই কোনো যানবাহন বৈধ হয়ে যায় কি না, সেটিও স্পষ্ট করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

এরই মধ্যে শহরে নতুন করে আরও দুই হাজার মিশুকের লাইসেন্স দেওয়ার উদ্যোগের খবর ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। বিদ্যমান যানবাহনের সংখ্যা, সড়কের ধারণক্ষমতা এবং যানজটের বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে নতুন করে অনুমোদন দেওয়া হলে সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।

তাঁদের মতে, নতুন অনুমোদনের আগে বর্তমানে চলাচলকারী টমটম ও মিশুকের প্রকৃত সংখ্যা নির্ধারণ, বিদ্যমান লাইসেন্স ও অনুমোদনের তালিকা যাচাই এবং অবৈধ যানবাহন শনাক্ত করা প্রয়োজন। পাশাপাশি নতুন করে লাইসেন্স দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে তার নীতিমালা, যৌক্তিকতা ও সম্ভাব্য প্রভাব জনসমক্ষে পরিষ্কার করা উচিত।

অবৈধ মিশুক চলাচলকে কেন্দ্র করে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী, চাঁদমিয়া নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি চক্র এসব কার্যক্রম পরিচালনা করছে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে প্রশ্ন উঠেছে, পৌরসভা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিত উদ্যোগ নিলে পর্যটন শহরে অবৈধ যান চলাচল কিভাবে সম্ভব?

টমটম-মিশুকের আধিক্যে শুধু যানজটই বাড়ছে না, পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের জটলা, অনিয়ন্ত্রিত চলাচল এবং যাত্রী ওঠানামার কারণে রাস্তা পার হতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। ব্যস্ত সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

এক পথচারী বলেন, “রাস্তায় টমটম ও মিশুকের সংখ্যা অনেক বেশি। আমরা ঠিকমতো চলাচল করতে পারি না, রাস্তা পার হতেও ভোগান্তিতে পড়তে হয়। শহরের সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।”

স্থানীয়দের মতে, কক্সবাজারের মতো পর্যটননির্ভর শহরে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পর্যটকেরা শহরে প্রবেশের পর বিভিন্ন পর্যটনকেন্দ্র, হোটেল-মোটেল ও বিপণিবিতানে যাতায়াত করেন। কিন্তু যানজটের কারণে তাঁদের সময় নষ্ট হলে পর্যটনসেবার মান নিয়েও নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

এ বিষয়ে জেলা ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার দেবজ্যোতি মজুমদার জানান, টমটম ও মিশুকের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যক্তি পর্যায়ে কিংবা সংঘবদ্ধভাবে যেভাবেই এসব যানবাহন চলাচল করুক না কেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে বলে তিনি জানান।

তবে নগরবাসীর প্রশ্ন, নিয়মিত অভিযান ও আইন প্রয়োগের পরও যদি অনুমোদনহীন যানবাহনের সংখ্যা বাড়তে থাকে, তাহলে সেগুলো নিয়ন্ত্রণে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ কোথায়? শুধু সড়কে অভিযান চালানো নয়, অবৈধ যানবাহনের উৎস, স্টিকার সরবরাহের প্রক্রিয়া এবং অনুমোদন ব্যবস্থার স্বচ্ছতাও নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

কক্সবাজারকে যানজটমুক্ত, পর্যটনবান্ধব ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে টমটম-মিশুকের সংখ্যা নির্ধারণ, বৈধ যানবাহনের তালিকা প্রকাশ, অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান এবং অবৈধ স্টিকার সরবরাহের উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছেন নগরবাসী।

একই সঙ্গে যানবাহন চলাচলের নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ এবং নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

তাঁদের মতে, যানজট নিরসনে শুধু চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না; যানবাহনের অনুমোদন, মালিকানা, চলাচল নিয়ন্ত্রণ ও তদারকির পুরো ব্যবস্থাকে জবাবদিহির আওতায় আনতে হবে।

প্রশ্ন উঠেছে—পর্যটন শহর কক্সবাজারের সড়কে শৃঙ্খলা ফিরবে কবে? অনুমোদিত যানবাহনের সংখ্যা ও বাস্তবে চলাচলকারী গাড়ির মধ্যে এত বড় ব্যবধানের অভিযোগের নিষ্পত্তি হবে কীভাবে? অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বন্ধ করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেয় কি না, এখন সেদিকেই তাকিয়ে আছেন শহরবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের ৫ আসনে শুরু ভোট গণনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের ৫ আসনে শুরু ভোট গণনা

ভারতের তিন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ছয়টি আসনের উপনির্বাচনের ভোট গণনা চলছে। এই নির্বাচনে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির পাঁচটি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসন অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে।

উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর, তামিলনাড়ুর মাদুরান্থাকাম ও ধারাপুরম এবং পুদুচেরির থাট্টানচাভাদি বিধানসভা আসনে। গত ৬ অক্টোবর এসব আসনে ভোট গ্রহণ করা হয়। একই দিনে ভোটাররা আসামের নগাঁও লোকসভা আসনেও উপনির্বাচনে ভোট প্রদান করেন।

নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ার কারণে উপনির্বাচনের প্রয়োজন দেখা দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনটি ধরে রাখায় নন্দীগ্রামে নতুন করে ভোট গ্রহণ করা হয়। অন্যদিকে, রেজিনগর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির আসনটি ছেড়ে দেওয়ার কারণে।

মাদুরান্থাকাম ও ধারাপুরম আসনেও রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। পুদুচেরির থাট্টানচাভাদি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী আসনটি ছেড়ে দেওয়ার পর।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট গণনার মাধ্যমে এসব আসনে প্রার্থীদের এগিয়ে থাকা ও পিছিয়ে থাকার চিত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণাকারী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণাকারী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট, ৯ অক্টোবর, ২০২৬ : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মন্তব্য করেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে যে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না। সরকার ইতোমধ্যে যেসব এজেন্সি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

বৃহস্পতিবার রাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২৫টি ট্রলি হস্তান্তরের সময় মন্ত্রী এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, প্রবাসীদের বিমানবন্দর সেবা সহজ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ‘প্রবাসী কার্ড’ এবং ‘প্রবাসী ব্যাংক’সহ বিভিন্ন খাতের সেবা নিয়ে সরকার কাজ করছে। এ সময় প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য সপ্তাহে অন্তত এক দিন সময় বরাদ্দ রাখতে সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও বলেন, পৃথিবী যতদিন থাকবে, সমস্যাও ততদিন থাকবে। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৮ মাসে ধাপে ধাপে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের জন্য সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বিদেশে কর্মী প্রেরণের জন্য কারিগরি দক্ষতা অপরিহার্য। এজন্য দেশের প্রতিটি কারিগরি প্রতিষ্ঠানকে আরো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পাশাপাশি দেশের কওমি মাদরাসাগুলোতেও কারিগরি শিক্ষা চালু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবর রব চৌধুরী ফয়সল উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%