ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারীর প্রতি সহিংসতা বন্ধে জুলাই সনদ মেনে নতুন রাষ্ট্র গঠনের দাবি


নারীর প্রতি সহিংসতা বন্ধে জুলাই সনদ মেনে নতুন রাষ্ট্র গঠনের দাবি

দেশের চলমান সহিংসতা এবং নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধে জুলাই সনদ মেনে নতুনভাবে রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছেন বক্তারা।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়।

সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী অধ্যাপক ড. শামীমা তাসনিমের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী, সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও নাজমুন নাহার নীলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক সানেমুন ফাতেমা ক্যামেলিয়া, শিক্ষক জান্নাতুল কারীম সুইটি, ড. ফেরদৌস আরা, সুমাইয়া রাবেয়া প্রমুখ।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নিরাপত্তায় কঠোর নির্দেশনা, নির্ধারিত গেট ব্যবহার ও পরিচয়পত্র বহন বাধ্যতামূলক

অনুষ্ঠানে ড. দিলারা চৌধুরী তার বক্তব্যে নারীর প্রতি সহিংসতাকে কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা হিসেবে না দেখে রাষ্ট্রীয়, সামাজিক ও কাঠামোগত সমস্যা হিসেবে বিবেচনার ওপর জোর দেন। নারীর প্রতি সহিংসতা বন্ধে বিচারহীনতার সংস্কৃতি ভাঙা, রাজনৈতিক সদিচ্ছা, আইনের নিরপেক্ষ প্রয়োগ, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। নারীর অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত না হলে টেকসই পরিবর্তন সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মানবাধিকার, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ভুক্তভোগীকে দোষারোপ না করে তার পাশে দাঁড়াতে হবে। সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা কোনো বিশেষ অনুগ্রহ নয়। এটি নারীর মৌলিক অধিকার।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও স্মৃতিস্মারক উপহার দেওয়া হয়।

আরও পড়ুন: ঢাকার ডেমরা থেকে রামগড় উপজেলা ছাত্রলীগ সভাপতি নাঈম হোসেন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের সম্ভাবনা : শেখ রবিউল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


আগামী পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের সম্ভাবনা : শেখ রবিউল

সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো যদি নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা যায়, তবে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব হবে। তিনি উল্লেখ করেছেন, রেল, নৌ ও সড়ক যোগাযোগের উন্নয়নে যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় এসব মন্তব্য করেন মন্ত্রী। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে যোগাযোগ খাতের পেশাদার সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের অবহিত করতে এই কর্মশালার আয়োজন করা হয়।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘যদি আগামী পাঁচ বছরে রেল, নৌ ও সড়কের ক্ষেত্রে ইতিমধ্যে গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশের যোগাযোগ খাতে আমূল পরিবর্তন হয়ে যাবে।’

কর্মশালায় ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, প্রকল্পটির বাস্তবায়নে তিনটি বিকল্প প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। প্রথম প্রস্তাবে পুরো ১৩২ কিলোমিটার উড়ালপথ নির্মাণের পরিকল্পনা ছিল। তবে বিস্তারিত পর্যালোচনার পর দ্বিতীয় বিকল্পটিকে বেশি উপযোগী মনে করা হয়েছে। এই পরিকল্পনায় প্রায় ৫৪ কিলোমিটার উড়ালপথ এবং বাকি অংশ মাটির সমতলে (অ্যাট গ্রেড) নির্মাণের কথা রয়েছে।

দ্বিতীয় বিকল্প অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়ন হলে এক বছরের মধ্যে কাজ শুরু করা সম্ভব হতে পারে বলে তিনি জানান। তবে পুরো ঢাকা-চট্টগ্রাম পথে উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে গেলে প্রকল্প শুরুর প্রক্রিয়ায় আরো বেশি সময় লাগতে পারে।

পদ্মা দ্বিতীয় সেতু প্রকল্পের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, প্রকল্পটির অর্থায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। নির্বাচনী ইশতেহারেও এটিকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে দ্রুত প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি বিস্তারিত নকশা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী প্রকল্প বাস্তবায়নের সময়সীমা তুলে ধরে বলেন, কোনো প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত থেকে বাস্তবায়ন পর্যায়ে যেতে সাধারণত এক থেকে দেড় বছর সময় লাগে। এরপর প্রকল্প বাস্তবায়নে আরো তিন থেকে চার বছর প্রয়োজন হয়। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ে সক্ষমতার কিছু ঘাটতি রয়েছে।

দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান কবির, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম এবং বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আসিফুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাত্র ২০ সেকেন্ডের আলিঙ্গনে মানসিক চাপ কমতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


মাত্র ২০ সেকেন্ডের আলিঙ্গনে মানসিক চাপ কমতে পারে

মানসিক চাপ কমানোর জন্য এবং মন ভালো রাখার ক্ষেত্রে সব সময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। প্রিয়জনকে মাত্র ২০ সেকেন্ডের জন্য জড়িয়ে ধরাটাও হতে পারে প্রশান্তি পাওয়ার একটি সহজ উপায়। গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময়ের আলিঙ্গন শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা কমাতে এবং ভালোবাসা ও ঘনিষ্ঠতার অনুভূতি বৃদ্ধি করতে সহায়তা করে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী সাইকোলজি টুডে–তে প্রকাশিত এক প্রতিবেদনে আলিঙ্গনের উপকারিতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একটি গবেষণায় প্রায় ২০০ জন অংশগ্রহণকারীকে জনসমক্ষে বক্তৃতা দেওয়ার মতো চাপপূর্ণ কাজ করতে বলা হয়। কাজটি শুরুর আগে অংশগ্রহণকারীদের একাংশ সঙ্গীর কাছ থেকে ২০ সেকেন্ডের আলিঙ্গন গ্রহণ করে। অন্য অংশটি কিছুক্ষণ একা নীরব বিশ্রাম নেন। পরবর্তীতে দেখা যায়, যাঁরা সঙ্গীর কাছ থেকে আলিঙ্গন পেয়েছিলেন, তাঁদের মধ্যে নারী ও পুরুষ উভয়ের মানসিক চাপের মাত্রা তুলনামূলক কম ছিল।

আলিঙ্গন সম্ভব না হলে বিকল্প কী?

আলিঙ্গনের মতো অনুভূতি পেতে বালিশ জড়িয়ে ধরাও কিছুটা সহায়ক হতে পারে। জাপানি গবেষকদের একটি গবেষণায় দেখা যায়, অপরিচিত ব্যক্তির সঙ্গে ১৫ মিনিট ফোনে কথা বলার সময় যাঁরা মানবদেহের আদলে তৈরি বিশেষ বালিশ জড়িয়ে ধরেছিলেন, তাদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা তুলনামূলক কম ছিল।

গবেষকেরা মনে করেন, আলিঙ্গনের সময় হাত প্রসারিত করে কাউকে কাছে টেনে নেওয়ার শারীরিক ভঙ্গিও মানসিক চাপ কমাতে ভূমিকা রাখতে পারে।

আলিঙ্গনে বাড়ে ভালোবাসা ও ঘনিষ্ঠতা

আলিঙ্গন শুধু মানসিক চাপ কমাতেই নয়, সম্পর্কের বন্ধন দৃঢ় করতেও সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, সঙ্গীর সঙ্গে আন্তরিক কথোপকথন, ভালোবাসাপূর্ণ স্পর্শ, ইতিবাচক অনুভূতি প্রকাশ এবং একে অপরের উদ্বেগ ভাগ করে নেওয়ার সঙ্গে অক্সিটোসিন হরমোনের মাত্রা বৃদ্ধির সম্পর্ক রয়েছে।

অক্সিটোসিনকে অনেক সময় ভালোবাসা বা বন্ধন তৈরির হরমোন বলা হয়। এটি মানুষের মধ্যে ঘনিষ্ঠতা ও পারস্পরিক বিশ্বাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষক রুথ ফেল্ডম্যান ও তার সহকর্মীরা নতুন সম্পর্কে থাকা ৬০ দম্পতিকে নিয়ে একটি গবেষণা করেন। এতে দেখা যায়, যেসব দম্পতি একে অপরের প্রতি বেশি ইতিবাচক আচরণ ও স্নেহপূর্ণ স্পর্শ প্রকাশ করেছেন, তাদের অক্সিটোসিনের মাত্রাও তুলনামূলক বেশি ছিল। ছয় মাস পর তাদের কয়েকজনকে আবার পরীক্ষা করেও এই মাত্রা বেশি পাওয়া যায়।

গবেষকদের মতে, ভালোবাসা প্রকাশের সঙ্গে অক্সিটোসিন নিঃসরণের একটি ইতিবাচক চক্র কাজ করে। একজন সঙ্গীর প্রতি যত বেশি স্নেহ ও ভালোবাসা প্রকাশ করেন, অন্যজনের কাছ থেকেও তত বেশি ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এতে সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পায়।

সুতরাং, প্রিয়জনকে জড়িয়ে ধরা কেবল ভালোবাসা প্রকাশের মাধ্যম নয়, এটি মানসিক প্রশান্তি এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করার একটি সহজ উপায়ও হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন ড. খন্দকার মোশাররফ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে এসেছেন।

তিনি আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছান। বিএনপি মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ড. খন্দকার মোশাররফ হোসেন গত ৫ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর গমন করেন। ১৫ নভেম্বর দেশে ফেরার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তার সহধর্মিণী বিলকিস আক্তার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি অর্থের সঠিক ব্যবহার ও প্রকল্পের গুণগত মান নিশ্চিতের আহ্বান চীফ হুইপের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


সরকারি অর্থের সঠিক ব্যবহার ও প্রকল্পের গুণগত মান নিশ্চিতের আহ্বান চীফ হুইপের

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মণি, এমপি, উপকূলীয় অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা ও প্রয়োজন বিবেচনায় উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "সরকারি অর্থ জনগণের অর্থ।" তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থের যথাযথ ব্যবহার, ব্যয় সাশ্রয় এবং কাজের গুণগত মান নিশ্চিত করা আবশ্যক। অবকাঠামো নির্মাণের পাশাপাশি সেগুলো দীর্ঘস্থায়ী ও জনসাধারণের প্রকৃত উপকারে আসে কি না, সেটিও নিশ্চিত করা জরুরি।

জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ আরও বলেন, উপকূলীয় এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবতাভিত্তিক হতে হবে। প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট এলাকার প্রকৃত সমস্যা ও প্রয়োজন যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। নদীভাঙনপ্রবণ এলাকায় টেকসই প্রতিরক্ষা ও যোগাযোগ অবকাঠামো, জলাবদ্ধতাপ্রবণ এলাকায় কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং দুর্যোগপ্রবণ এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা সচল রাখার উপযোগী অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিতে হবে।

সভায় বরগুনার বামনা, বেতাগী ও পাথরঘাটাসহ বরিশাল বিভাগের উপকূলীয় জনপদের উন্নয়ন চাহিদা, নদীভাঙন, জলাবদ্ধতা, দুর্বল যোগাযোগব্যবস্থা এবং ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। এসব এলাকার ভৌগোলিক ও প্রাকৃতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নূরুল ইসলাম মণি আরও বলেন, উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য কেবল বরাদ্দ করা অর্থ ব্যয় করা নয়; বরং প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা। প্রকল্পের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও নির্মাণকাজের মান বজায় রাখতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ করার পাশাপাশি অবকাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় বরিশাল বিভাগের এলজিইডির আওতাধীন চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প পরিচালকেরা প্রকল্পের বর্তমান অবস্থা ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন।

এদিকে বরগুনার বামনা উপজেলাকে বিশখালী নদীর ভাঙন থেকে রক্ষা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটের প্রতিরক্ষা এবং সংশ্লিষ্ট পোল্ডার এলাকায় টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রায় ১৩ হাজার ১১১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা বিভাগের দপ্তর থেকে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে প্রকল্পটির নাম উল্লেখ করা হয়েছে, ‘বরগুনা জেলার অধীনে বিশখালী নদীর ভাঙন হতে বামনা শহর এবং রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট প্রতিরক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১সি অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা’。

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৩ লাখ ১১ হাজার ১৩৩ লাখ টাকা, অর্থাৎ ১৩ হাজার ১১১ কোটি ৩৩ লাখ টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর ২০২৬ থেকে মার্চ ২০৩১ পর্যন্ত। ২০২৬ সালের ৩০ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত যাচাই কমিটির সভার সিদ্ধান্তের আলোকে প্রকল্পটির ডিপিপি পুনর্গঠন করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশখালী নদীর ভাঙন থেকে বামনা শহর, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট রক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১সি এলাকার পানি ব্যবস্থাপনার উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বরগুনার উপকূলীয় জনপদে নদীভাঙন, জলাবদ্ধতা, দুর্বল সড়ক যোগাযোগ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দীর্ঘদিনের। এসব সমস্যা মোকাবিলায় পরিকল্পিত ও টেকসই অবকাঠামো উন্নয়ন স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি। এ অবস্থায় বামনার প্রস্তাবিত প্রকল্পটির দ্রুত অনুমোদন, যথাযথ অর্থায়ন এবং সময়মতো বাস্তবায়নের পাশাপাশি সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার ও কাজের গুণগত মান নিশ্চিত করা জরুরি। চীফ হুইপের বক্তব্যের মূল প্রতিপাদ্যও হচ্ছে, উপকূলের বাস্তবতা বিবেচনায় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%