প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের চলমান সহিংসতা এবং নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধে জুলাই সনদ মেনে নতুনভাবে রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছেন বক্তারা।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়।
সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী অধ্যাপক ড. শামীমা তাসনিমের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী, সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও নাজমুন নাহার নীলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক সানেমুন ফাতেমা ক্যামেলিয়া, শিক্ষক জান্নাতুল কারীম সুইটি, ড. ফেরদৌস আরা, সুমাইয়া রাবেয়া প্রমুখ।
অনুষ্ঠানে ড. দিলারা চৌধুরী তার বক্তব্যে নারীর প্রতি সহিংসতাকে কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা হিসেবে না দেখে রাষ্ট্রীয়, সামাজিক ও কাঠামোগত সমস্যা হিসেবে বিবেচনার ওপর জোর দেন। নারীর প্রতি সহিংসতা বন্ধে বিচারহীনতার সংস্কৃতি ভাঙা, রাজনৈতিক সদিচ্ছা, আইনের নিরপেক্ষ প্রয়োগ, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। নারীর অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত না হলে টেকসই পরিবর্তন সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মানবাধিকার, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ভুক্তভোগীকে দোষারোপ না করে তার পাশে দাঁড়াতে হবে। সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা কোনো বিশেষ অনুগ্রহ নয়। এটি নারীর মৌলিক অধিকার।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও স্মৃতিস্মারক উপহার দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন