প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানসিক চাপ কমানোর জন্য এবং মন ভালো রাখার ক্ষেত্রে সব সময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। প্রিয়জনকে মাত্র ২০ সেকেন্ডের জন্য জড়িয়ে ধরাটাও হতে পারে প্রশান্তি পাওয়ার একটি সহজ উপায়। গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময়ের আলিঙ্গন শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা কমাতে এবং ভালোবাসা ও ঘনিষ্ঠতার অনুভূতি বৃদ্ধি করতে সহায়তা করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী সাইকোলজি টুডে–তে প্রকাশিত এক প্রতিবেদনে আলিঙ্গনের উপকারিতার বিষয়টি তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একটি গবেষণায় প্রায় ২০০ জন অংশগ্রহণকারীকে জনসমক্ষে বক্তৃতা দেওয়ার মতো চাপপূর্ণ কাজ করতে বলা হয়। কাজটি শুরুর আগে অংশগ্রহণকারীদের একাংশ সঙ্গীর কাছ থেকে ২০ সেকেন্ডের আলিঙ্গন গ্রহণ করে। অন্য অংশটি কিছুক্ষণ একা নীরব বিশ্রাম নেন। পরবর্তীতে দেখা যায়, যাঁরা সঙ্গীর কাছ থেকে আলিঙ্গন পেয়েছিলেন, তাঁদের মধ্যে নারী ও পুরুষ উভয়ের মানসিক চাপের মাত্রা তুলনামূলক কম ছিল।
আলিঙ্গন সম্ভব না হলে বিকল্প কী?
আলিঙ্গনের মতো অনুভূতি পেতে বালিশ জড়িয়ে ধরাও কিছুটা সহায়ক হতে পারে। জাপানি গবেষকদের একটি গবেষণায় দেখা যায়, অপরিচিত ব্যক্তির সঙ্গে ১৫ মিনিট ফোনে কথা বলার সময় যাঁরা মানবদেহের আদলে তৈরি বিশেষ বালিশ জড়িয়ে ধরেছিলেন, তাদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা তুলনামূলক কম ছিল।
গবেষকেরা মনে করেন, আলিঙ্গনের সময় হাত প্রসারিত করে কাউকে কাছে টেনে নেওয়ার শারীরিক ভঙ্গিও মানসিক চাপ কমাতে ভূমিকা রাখতে পারে।
আলিঙ্গনে বাড়ে ভালোবাসা ও ঘনিষ্ঠতা
আলিঙ্গন শুধু মানসিক চাপ কমাতেই নয়, সম্পর্কের বন্ধন দৃঢ় করতেও সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, সঙ্গীর সঙ্গে আন্তরিক কথোপকথন, ভালোবাসাপূর্ণ স্পর্শ, ইতিবাচক অনুভূতি প্রকাশ এবং একে অপরের উদ্বেগ ভাগ করে নেওয়ার সঙ্গে অক্সিটোসিন হরমোনের মাত্রা বৃদ্ধির সম্পর্ক রয়েছে।
অক্সিটোসিনকে অনেক সময় ভালোবাসা বা বন্ধন তৈরির হরমোন বলা হয়। এটি মানুষের মধ্যে ঘনিষ্ঠতা ও পারস্পরিক বিশ্বাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গবেষক রুথ ফেল্ডম্যান ও তার সহকর্মীরা নতুন সম্পর্কে থাকা ৬০ দম্পতিকে নিয়ে একটি গবেষণা করেন। এতে দেখা যায়, যেসব দম্পতি একে অপরের প্রতি বেশি ইতিবাচক আচরণ ও স্নেহপূর্ণ স্পর্শ প্রকাশ করেছেন, তাদের অক্সিটোসিনের মাত্রাও তুলনামূলক বেশি ছিল। ছয় মাস পর তাদের কয়েকজনকে আবার পরীক্ষা করেও এই মাত্রা বেশি পাওয়া যায়।
গবেষকদের মতে, ভালোবাসা প্রকাশের সঙ্গে অক্সিটোসিন নিঃসরণের একটি ইতিবাচক চক্র কাজ করে। একজন সঙ্গীর প্রতি যত বেশি স্নেহ ও ভালোবাসা প্রকাশ করেন, অন্যজনের কাছ থেকেও তত বেশি ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এতে সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পায়।
সুতরাং, প্রিয়জনকে জড়িয়ে ধরা কেবল ভালোবাসা প্রকাশের মাধ্যম নয়, এটি মানসিক প্রশান্তি এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করার একটি সহজ উপায়ও হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন