ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলে হাসিনাকে গ্রেপ্তার করা যাবে


দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলে হাসিনাকে গ্রেপ্তার করা যাবে

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভারতের দিল্লিসহ বিদেশে অবস্থানরত বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলে তাকে গ্রেপ্তার করা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে প্রশ্ন উঠেছে, বিদেশের মাটিতে অবস্থিত বাংলাদেশের কোনো দূতাবাস বা হাইকমিশন কি তাদের নিজ দেশের নাগরিককে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে? দূতাবাসের ভেতরে কাউকে আটক রাখার আইনি ক্ষমতা কতটুকু? স্বাগতিক দেশের সহযোগিতা ছাড়া তাকে দেশে ফিরিয়ে আনা কি সম্ভব?

কূটনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, দূতাবাস কিছু ক্ষেত্রে বিশেষ কূটনৈতিক সুবিধা ভোগ করলেও সেখানে পুলিশের মতো কাউকে গ্রেপ্তার বা আটক করার আইনগত কর্তৃত্ব নেই। যদিও দূতাবাসের ভেতরে কাউকে আটকে রাখা সম্ভব, তবে স্বাগতিক দেশের সহযোগিতা ছাড়া তাকে সেখান থেকে বের করে দেশে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব।

সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক মাহফুজুর রহমানের মতে, কাউকে আটক করে দেশে ফিরিয়ে আনতে হলে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রায়হান রশীদ বলছেন, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্সে দূতাবাসের যেসব কাজের কথা বলা হয়েছে, তার মধ্যে কাউকে গ্রেপ্তার করার কোনো বিধান নেই।

আরও পড়ুন: ড. ইউনূসের রেখে যাওয়া বিষে আক্রান্ত সবাই: আব্দুন নূর তুষার

দূতাবাসে গ্রেপ্তারের প্রসঙ্গ কেন

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন। তার এক মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর তিনি দেশে ফিরতে চান।

প্রতিবেদন অনুযায়ী, হাসিনা বাতিল হওয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পুনরায় চালু করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তার দেশে ফেরার ব্যবস্থা করতেও অনুরোধ করেছেন।

এমন প্রেক্ষাপটে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, হাসিনা ভারতের দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন: বিএনপির নামে চাঁদাবাজি করাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

তিনি বলেন, ‘আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়, ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবে, সেখানেই তাদের অ্যারেস্ট করা হবে।’

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হাসিনাসহ দলটির বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ভারতে অবস্থান করছেন। তাদের মধ্যে অনেকের পাসপোর্ট বাতিল করা হয়েছে। ব্লক করে রাখা হয়েছে জাতীয় পরিচয়পত্রও।

অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ৮ জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, হাসিনাসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যাদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছিল, তাদের বেশির ভাগই পরে সাধারণ সবুজ পাসপোর্টের জন্য আবেদন করার সুযোগ পাননি।

আরও পড়ুন: রায়পুরে বিএনপি নেতার নির্বাচনি কার্যালয় উদ্বোধনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি বিতর্কিত

আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলটির সাবেক সংসদ সদস্যদের বেশির ভাগই দেশ ছেড়েছেন। তাদের উল্লেখযোগ্যসংখ্যক ভারতে অবস্থান করছেন।

এখন প্রশ্ন উঠেছে, হাসিনার মতো যারা বাংলাদেশের পাসপোর্ট ছাড়া ভারতে বা অন্য কোনো দেশে অবস্থান করছেন, তারা দিল্লি কিংবা অন্য কোনো দেশে বাংলাদেশের দূতাবাসে গেলে তাদেরও কি আটক করা হবে?

তবে হাসিনাকে গ্রেপ্তার করার মতো সক্ষমতা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের রয়েছে কি না, সে বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট কোনো জবাব দেননি।

তিনি বলেছেন, ‘জুলাই-আগস্টে যারা খুন-গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে সাজাপ্রাপ্তরা, যারা ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে। তাদের সবাইকে এক্সট্রাডিশন ট্রিটির (বন্দী প্রত্যাবর্তন চুক্তি) আওতায় ফেরত আনা হবে।’

আরও পড়ুন: রাজশাহীতে পুলিশের অভিযানে ১৪৬ জন গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার

দূতাবাস কি কাউকে গ্রেপ্তার করতে পারে

কূটনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, বিদেশের মাটিতে অবস্থিত দূতাবাস থেকে নিজ দেশের নাগরিককে আটক করে দেশে ফিরিয়ে নেওয়ার কিছু নজির রয়েছে। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে স্নায়ুযুদ্ধের সময় এমন কয়েকটি ঘটনা ঘটেছিল। তবে এসব ক্ষেত্রে বেশির ভাগ সময় সংশ্লিষ্ট দেশের সরকারের সম্মতি বা সহযোগিতা নিতে হয়েছিল।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রায়হান রশীদ বলেন, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স অনুযায়ী, দূতাবাসের দায়িত্ব ও কার্যক্রম নির্ধারিত রয়েছে। কিন্তু এসব দায়িত্বের মধ্যে কাউকে গ্রেপ্তার করার বিষয়টি নেই।

সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক মাহফুজুর রহমানও মনে করেন, দূতাবাসে কেউ গেলে সেখানকার কর্মীরা তাকে আটকে রাখতে পারেন। কিন্তু কাউকে গ্রেপ্তার করার মতো আইন প্রয়োগকারী বাহিনী বা লোকবল দূতাবাসের নেই।

আরও পড়ুন: রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা

তিনি বলেন, দূতাবাসের প্রাঙ্গণ অনেকটা সার্বভৌম সুবিধা ভোগ করে। কূটনীতিকদেরও দায়মুক্তি রয়েছে। কিন্তু দূতাবাসে কাউকে আটকে রাখলেও তাকে দেশে ফিরিয়ে নিতে হবে। স্বাগতিক দেশের সরকারের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়।

মাহফুজুর রহমান বলেন, অনেক সময় সরকার স্বাগতিক দেশের সঙ্গে যোগাযোগ করে অনানুষ্ঠানিকভাবে এ ধরনের কাজ করে থাকে। গোয়েন্দা সংস্থাগুলোও কখনো কখনো এমন অভিযান চালিয়েছে। স্নায়ুযুদ্ধের সময় এ ধরনের ঘটনা ঘটেছে। তবে এখন বিষয়টি অনেক কঠিন। স্বাগতিক সরকারের সম্মতি না থাকলে কাউকে আটক করে নিয়ে আসার সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘ধরুন, তাও আপনি আন্ডার কাভারে লোকজন রাখলেন। এরপর দূতাবাসে কেউ গেল ও তাকে আটকানো হলো। কিন্তু তাকে তো বিমানে হোক বা যেভাবে হোক আনতে হবে। স্বাগতিক দেশের সহায়তা ছাড়া সেটি তো সম্ভব হবে না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য সম্পর্কে মাহফুজুর রহমান বলেন, ‘এটি আসলে কূটনৈতিক শিষ্টাচারসুলভ মন্তব্য নয়। হয়তো অপরপক্ষকে ভয় দেখানোর জন্য বলা হয়েছে।’

আরও পড়ুন: ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

ভিয়েনা কনভেনশনে কী বলা আছে

১৯৬১ সালে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত কূটনৈতিক মিশন ও প্রতিনিধিদের কার্যক্রম এবং তাদের সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়েছে।

ভিয়েনা কনভেনশনের ৩ নম্বর অনুচ্ছেদে একটি কূটনৈতিক মিশনের প্রধান দায়িত্বগুলো উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাগতিক রাষ্ট্রে প্রেরণকারী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা এবং আন্তর্জাতিক আইন অনুমোদিত সীমার মধ্যে ওই দেশে প্রেরণকারী রাষ্ট্র ও তার নাগরিকদের স্বার্থ রক্ষা করা।

এ ছাড়া স্বাগতিক দেশের সরকারের সঙ্গে আলোচনা ও সমঝোতা করা, আইনসম্মত উপায়ে দেশটির পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিজ সরকারকে জানানো এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করাও দূতাবাসের দায়িত্বের মধ্যে পড়ে। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সম্পর্কের বিকাশে ভূমিকা রাখার কথাও বলা হয়েছে।

ড. রায়হান রশীদ বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী দূতাবাসগুলো কিছু বিধিনিষেধের আওতায় বিশেষ কূটনৈতিক সুবিধা ভোগ করে। কিন্তু এর অর্থ এই নয় যে, দূতাবাসের নিজস্ব পুলিশি ক্ষমতা রয়েছে।

তিনি বলেন, ‘কিন্তু দূতাবাসের তো পুলিশিং অথরিটি নাই। তারা কিভাবে অ্যারেস্ট বা ডিটেইন করবে। আবার কেউ দূতাবাসে গেলে লোকজন তাকে আটকালেও তাকে তো সেখান থেকে বের করতে গেলেই হোস্ট কান্ট্রির সহায়তা লাগবে। আটক বা গ্রেপ্তার তো প্রতিটি দেশের নিজস্ব আইন অনুযায়ী নিজস্ব আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হয়ে থাকে। দূতাবাস তো বিচারালয় বা জেলখানা না।’

কূটনৈতিক দায়মুক্তি কি আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ দেয়

বিভিন্ন দেশের সরকারি ওয়েবসাইটে কূটনৈতিক দায়মুক্তি বা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে। নেদারল্যান্ডস সরকারের ওয়েবসাইটে এ বিষয়ে বলা হয়েছে, কূটনৈতিক দায়মুক্তি অসদাচরণের অবাধ ছাড়পত্র নয়। ভিয়েনা কনভেনশন কূটনীতিকদের আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ দেয় না। বরং তাদের স্বাগতিক দেশের আইন মেনে চলতে হয়।

তবে কোনো কূটনীতিক অসদাচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা মূলত প্রেরণকারী রাষ্ট্রের হাতে থাকে। উদাহরণ হিসেবে সংশ্লিষ্ট রাষ্ট্র ওই কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে পারে অথবা তার কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার করতে পারে।

নেদারল্যান্ডস সরকারের ওয়েবসাইটে আরো বলা হয়েছে, অতীতে কূটনীতিকেরা প্রেরণকারী রাষ্ট্রের সৎ আচরণের একধরনের নিশ্চয়তা হিসেবে বিবেচিত হতেন। ওই রাষ্ট্র যথাযথ আচরণ না করলে তার কূটনীতিককে দায়ী করা হতো। কখনো কখনো এর পরিণতি প্রাণঘাতীও হতে পারত। বর্তমানে এ ক্ষেত্রে বিপরীত ব্যবস্থা কার্যকর। কোনো কূটনীতিক আইন ভঙ্গ করলে তার প্রাথমিক দায়ভার প্রেরণকারী রাষ্ট্রের ওপর বর্তায়।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের কোনো দূতাবাসে গিয়ে কেউ আটক হলে সেটি কূটনৈতিক অসদাচরণ হিসেবে বিবেচিত হবে কি না, তা অনেকাংশে নির্ভর করবে স্বাগতিক দেশের অবস্থানের ওপর। স্বাগতিক দেশের সম্মতি ও সহযোগিতা থাকলে এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব হতে পারে। তবে তাদের অনুমোদন ছাড়া বিষয়টি কার্যকর করা কঠিন।

দূতাবাসের ভেতরে হত্যার নজিরও রয়েছে

বিদেশের মাটিতে অবস্থিত দূতাবাস বা কনস্যুলেটের ভেতরে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এর একটি আলোচিত উদাহরণ সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যা।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে খুন হন সৌদি সরকারের কড়া সমালোচক সাংবাদিক জামাল খাসোগি। পরে সৌদি আরব স্বীকার করে, ইস্তাম্বুলে তাদের কনস্যুলেটের ভেতরেই খাসোগিকে হত্যা করা হয়েছিল।

এই ঘটনা দেখায়, দূতাবাস বা কনস্যুলেটের বিশেষ কূটনৈতিক মর্যাদা থাকলেও সেখানকার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক প্রশ্ন উঠতে পারে। তবে দূতাবাসের ভেতরে কাউকে আটকে রাখা কিংবা গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে স্বাগতিক দেশের আইন ও সহযোগিতার বিষয়টি গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে, বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে শেখ হাসিনা গেলে তাকে গ্রেপ্তার করা হবে—পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যের বাস্তব প্রয়োগ কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, দূতাবাসের নিজস্ব গ্রেপ্তার করার ক্ষমতা নেই। আর কাউকে আটক করে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে স্বাগতিক দেশের সহযোগিতা ছাড়া কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

রাজধানীর ওয়ারীতে পুর্বশত্রুতার জেরে একটি হোটেলে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে এক ম্যানেজারকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এই ঘটনার সময় হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) এবং হোটেলের কর্মী মো. হাসান (২৬) আহত হন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে জয়কালী মন্দির সড়কে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এই হত্যাকাণ্ডটি ঘটে। নিহত নাঈমুর রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পুর্ব উজানচড় গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে ছিলেন এবং তিনি হোটেলটিতে বসবাস করতেন।

আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আলআমিন মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে ওয়ারী জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে দুজন দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। চিৎকার শুনে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক এবং স্টাফ মো. হাসান এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

এসআই আরও জানান, তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিস্তারিত তথ্য জানার জন্য কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম রয়েছে এবং মো. হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওয়ারী থানার এসআই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লুলা দা সিলভা ব্রাজিলের অর্থমন্ত্রী হিসেবে বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


লুলা দা সিলভা ব্রাজিলের অর্থমন্ত্রী হিসেবে বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দিলেন

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার পরবর্তী মেয়াদের অর্থমন্ত্রী হিসেবে বেসরকারি ব্যাংকিং খাতের শীর্ষ নির্বাহী লুইজ কার্লোস ত্রাবুকোকে নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়েছে।

বামপন্থী নেতা লুলার অক্টোবরে নির্বাচনে চমকপ্রদ বিজয়ের পর দেশটির শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটে। একই সঙ্গে জাতীয় মুদ্রা রিয়ালের মূল্যও উল্লেখযোগ্যভাবে কমে যায়।

লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের ব্যবসায়ী মহলের আস্থা ফিরিয়ে আনতে ব্রাদেস্কো ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ত্রাবুকোকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘লুইজ কার্লোস ত্রাবুকো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণ গ্রহণ করেছেন।’

বিবৃতিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্ট লুলার সঙ্গে বৈঠকের সময় তিনি এ দায়িত্ব নিতে সম্মত হন।

আগামী জানুয়ারিতে লুলা তার চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। তবে নতুন মেয়াদের জন্য এখন পর্যন্ত তিনি মাত্র একজন মন্ত্রীর নাম ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার লেনদেন শেষে সাও পাওলো স্টক এক্সচেঞ্জের সূচক ৬ শতাংশ বেড়েছে।

এদিকে দেশটির জাতীয় মুদ্রা রিয়ালের মূল্যও পুনরুদ্ধার করেছে। সোমবার ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার সাময়িকভাবে ছয় রিয়ালের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারী এলাকায় একটি আবাসিক হোটেলে প্রবেশ করে নাঈমুর রহমান নামক এক হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার রাত দুইটার দিকে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। শুক্রবার ভোর ৪টার দিকে চিকিৎসকরা নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার পুত্র। তিনি ওয়ারী এলাকার ওই হোটেলটিতে বসবাস করতেন।

আহতদের মধ্যে রয়েছেন—হোটেলটির জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) এবং হোটেল স্টাফ মো. হাসান (২৬)। আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর আঘাত রয়েছে এবং হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আল আমিন গণমাধ্যমকে জানিয়েছেন, "হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ ঘটনায় জড়িত বলে প্রাথমিক তথ্য মিলেছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক: স্পিকার বৈঠকে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক: স্পিকার বৈঠকে আলোচনা

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার মালিক মুহাম্মদ আহমদ খানের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকটি বৃহস্পতিবার লাহোরে পাঞ্জাব অ্যাসেম্বলি ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষ সংসদীয় কূটনীতি শক্তিশালী করার এবং নিয়মিত সংসদীয় প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঞ্জাব অ্যাসেম্বলির স্পিকার মালিক মুহাম্মদ আহমদ খান বাংলাদেশের স্পিকার ও তার সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের স্পিকার ও সংসদীয় প্রতিনিধিদলের এই সফর দুই দেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

তিনি আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করতে পারে। নিয়মিত সংসদীয় প্রতিনিধিদল বিনিময় ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পেলে দুই দেশের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পাবে।

এ সময় মালিক মুহাম্মদ আহমদ খান বাংলাদেশের প্রতিনিধিদলকে পাঞ্জাব অ্যাসেম্বলির কার্যক্রম, আইন প্রণয়নের প্রক্রিয়া এবং সংসদীয় রীতিনীতি সম্পর্কে অবহিত করেন। পরে তিনি প্রতিনিধিদলকে ঐতিহাসিক অ্যাসেম্বলি ভবন ঘুরিয়ে দেখান।

বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পাকিস্তান সফরকে তার জন্য সম্মানের বিষয় বলে উল্লেখ করেন। তিনি সংসদীয় যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন, যাতে দুই দেশের জনগণ ও সংসদকে আরও কাছাকাছি আনা যায়।

বৈঠকে পাঞ্জাব প্রাদেশিক সরকারের কয়েকজন মন্ত্রী ও আইনপ্রণেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুই দেশের স্পিকার পরস্পরের মধ্যে স্মারক উপহার বিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%