শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০১:০৫ পি.এম
রাজশাহী, ২৭ নভেম্বর, ২০২৬ : রাজশাহী রেঞ্জ পুলিশের একটি অভিযানে ১৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পুলিশ অভিযান চালিয়ে এই গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করে।
বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
আজ শুক্রবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে অন্যান্য খাতে ৪৭টি, চুরি ২টি এবং দস্যুতা ১টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া খুন, ডাকাতি, যৌতুক হত্যা, সাইবার সুরক্ষা আইন, নারী ও শিশু নির্যাতন এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা দায়ের হয়নি। অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৬টি।
গ্রেফতারকৃত ১৪৬ জনের মধ্যে ৫৩ জন পরোয়ানামূলে, ১৭ জন সাজাপ্রাপ্ত, ৭২ জন তদন্তাধীন মামলায় এবং ৪ জন অন্যান্য (প্রতিরোধমূলক) ঘটনায় গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী।
২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিস্ফোরকসদৃশ বস্তু ও অস্ত্রের মধ্যে ১৯টি টিনের ভাঁজা কৌটা, ৯টি লাল কসটেপ, ৫টি কালো কসটেপ, বোম তৈরির কুটি পাথর, ১টি হাসুয়া, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ১টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
এছাড়া মাদকদ্রব্য হিসেবে ১২.৫ গ্রাম হেরোইন, ১,১৫২ পিস ইয়াবা, ৬৫ পিস টাপেন্টাডল, ১০০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল কফ সিরাপ জব্দ করা হয়েছে। তবে চোরাচালান পণ্য উদ্ধারের বিষয়ে কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, পুলিশি সেবা কার্যক্রমের আওতায় গত ২৪ ঘণ্টায় ৯৯৮ জন এবং চলতি মাসে মোট ২৫ হাজার ১২২ জন সেবাগ্রহীতা সেবা গ্রহণ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ দলের বাইশগজে পরিস্থিতি ভালো যাচ্ছে না। গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকে টাইগাররা যেন জিততেই ভুলে গেছে। ডারউইন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে তারা মোট ১০ ম্যাচ খেলে একটিতেও জয়লাভ করতে পারেনি শান্ত-লিটনরা।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজেও বাংলাদেশ দল বড় ব্যবধানে পরাজিত হয়েছে। দলের টানা ব্যর্থতার মাঝে প্রধান কোচ ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিমন্সের চুক্তির মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রয়েছে।
চলমান দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার পর সিমন্সের অধ্যায় জাতীয় দলে শেষ হতে পারে। ক্রিকেটারদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
মেয়াদ শেষ হওয়ার আগেই কিছু ঘটতে পারে বলে জোর আলোচনা চলছে। সম্প্রতি বিসিবি সভাপতি তামিম ইকবালের কথাতেও এমন আভাস পাওয়া গেছে। তিনি বলেছেন, ‘সামনে অনেক কিছুই দেখা যেতে পারে’ বলে ইঙ্গিত দিয়েছেন বোর্ড সভাপতি।
লাল বলে সিমন্সের অধীনে রেকর্ডটি স্বস্তির হলেও সাম্প্রতিক পরিসংখ্যান হতাশাজনক। সাদা বলেও দলের পারফরম্যান্স সন্তোষজনক নয়। এ কারণে টাইগারদের প্রধান কোচ সিমন্সকেও কাঠগড়ায় তুলছেন নীতি নির্ধারকেরা। কিছুদিন আগে ধারণা করা হয়েছিল, আসন্ন ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সিমন্স সহজেই টিকে যাবেন। তবে বর্তমানে সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে।
এদিকে, বিসিবি ভেতরে ভেতরে প্রধান কোচ খোঁজার তোড়জোড় শুরু করেছে। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে আলোচনা এগিয়েছে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রট আলোচনায় রয়েছেন।
এছাড়া পাকিস্তানের সাবেক এক কোচ এবং শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক অধিনায়ক নিয়েও গুঞ্জন রয়েছে। বিসিবি চাচ্ছে, ড্রেসিংরুম সামলাতে কড়া একজন হেডমাস্টার। সেই অনুযায়ী কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। বিশ্বকাপের আগে নতুন কোচকে দায়িত্ব দেওয়া কতটা কার্যকর হবে, এ নিয়ে আলোচনা চলছে।
বোর্ড পরিচালকেরা দীর্ঘদিন পর আবারও সভায় বসতে যাচ্ছেন। শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলায় বিসিবি কার্যালয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সেখানে অন্যান্য এজেন্ডার সঙ্গে প্রধান কোচ পরিবর্তন ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বটতলী নামক স্থানে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপির একাংশ এবং সাধারণ ভোটাররা।
উদ্বোধন অনুষ্ঠানে কয়েকজন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি দেখা যায়।
স্থানীয় সূত্র এবং সরবরাহ করা বিভিন্ন আওয়ামী লীগ ও অঙ্গসংস্থানের কমিটির তালিকা অনুযায়ী, তাঁদের মধ্যে রয়েছেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্য মাইনউদ্দিন হাজারী, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সরদার, আওয়ামী লীগ সদস্য আবদুল মালেক সর্দার এবং যুবলীগ সদস্য আবদুল হক। এ ছাড়া স্থানীয় সূত্রের মাধ্যমে কয়েকজনকে আওয়ামী লীগ কর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্থানীয় বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে মন্তব্য করেন, ‘বিগত সময়ে আমরা নির্যাতনের শিকার হয়েছি। ওই সময় যারা আওয়ামী লীগের সঙ্গে থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন, পদপদবি ভোগ করেছেন, এখন তাঁদের কেউ কেউ আবার বিএনপিতে ঢুকে সুবিধা নিচ্ছেন। বিষয়টি দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাই।’
তাঁর অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও অতীত ভূমিকা বিবেচনা না করে এভাবে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত করার ফলে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
নির্বাচনী কার্যক্রমে কারা সম্পৃক্ত হচ্ছেন, তাঁদের রাজনৈতিক পরিচয় কী এবং এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতৃত্বের অবস্থান কী-এসব প্রশ্নের জবাব চান স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা। বিষয়টি নিয়ে দলীয় সাংগঠনিক অবস্থানও স্পষ্ট করার দাবি উঠেছে।
এ বিষয়ে বিএনপির ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাঁরা বক্তব্য দিতে রাজি হননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই।
আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে দুই-একজন চাঁদাবাজের কারণে কলুষিত হতে দেওয়া যাবে না। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "কেউ চাঁদাবাজি করলে চোখ-কান বুঝে তাদের গ্রেপ্তার করবেন। এরা বিএনপির জন্য জঞ্জাল।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রেখে যাওয়া বিষে আজ সবাই আক্রান্ত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার।
সম্প্রতি এক টকশোতে তিনি এ মন্তব্য করেন।
আব্দুন নূর তুষার বলেন, সভ্য দেশে অসভ্যের মতো যাকে খুশি তাকে ধরে নিয়ে পুলিশকে গ্রেপ্তার করতে বাধ্য করা হয়েছে। তিনি উল্লেখ করেন, জেলগেট থেকে বাড়িতে যেতে পারে নাই, মাঝপথে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বয়সে বড় ব্যক্তিকে জুতার মালা পড়ানো হয়েছে, কোনো প্রতিবাদ হয়নি।
তিনি বলেন, জুতা পাঠ ও জুতা সাহিত্য উনি রচনা করে গেছেন। এগুলো ইউনূস স্যারের আদর্শ লিপির মধ্যে ছিল। তিনি উল্লেখ করেন, মানুষ ও তরুণদেরকে যে বিষাক্ত ব্যবহার তিনি শিখেয়ে গেছেন তা এখনো চলছে। ড. ইউনূস যে বিষ ছড়িয়েছিল, তাতে আজ সবাই আক্রান্ত।
তিনি আরো বলেন, সুগন্ধি কাছ থেকে আসে, কিন্তু দুর্ঘন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়। এজন্য ওনাকে আরেক নোবেল দেওয়া উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ