রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:০৯ পি.এম
বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষক প্রশিক্ষণ এবং হিট প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময়ের সময় বিশ্বব্যাংকের হায়ার এডুকেশন, অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বিভিন্ন উপপ্রকল্পের প্রস্তাব, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষকদের প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণালব্ধ জ্ঞানকে শিল্প ও সমাজের প্রয়োজনে কার্যকরভাবে ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন ও গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার ওপর তিনি জোর দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের এডুকেশন অ্যান্ড স্কিলস গ্লোবাল প্র্যাকটিসের প্র্যাকটিস ম্যানেজার শেরেজাদ মোনামি লতিফ, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান ও আবদুল হাই সোফিজাদা এবং পরামর্শক ড. মাহমুদ-উল-হক ও এস এম হাফিজ আল মামুন। এছাড়া হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ইউটিটিএ-এর ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামসহ বিশ্বব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা এতে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হিট প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের ‘মিড-টার্ম রিভিউ মিশন’-এর কার্যক্রম গত ২৪ সেপ্টেম্বর শুরু হয়েছে, যা আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। এই কার্যক্রমের অংশ হিসেবেই বিশ্বব্যাংকের প্রতিনিধিদলটি ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজ চত্বরে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন বৃক্ষের চারা এবং বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালের বীজ রোপণ করা হয়।
আলফাডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। আনসার-ভিডিপির এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশসচেতনতা আরও বাড়বে।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শেখ ফাতেমা অনন্যা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নিতে হবে।
এ কর্মসূচিতে উপজেলা প্রশিক্ষিকা অর্পনা রানী ঘোষ, লাল মিয়া, বুড়াইচ ইউনিয়ন দলনেতা মো. আনিসুর শেখ, আমিন শিকদার, শংকরী রানী ঠাকুর, ওয়ার্ড দলনেতা সাগর শেখ ও সজিব শেখ, ওয়ার্ড দলনেত্রী সাথী খানম, রুমি শাপলা ও নাছিমাসহ আনসার-ভিডিপির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছ ও তালের বীজের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে নিজেদের কম্বিনেশন পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাচ্ছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই ম্যাচে ভারতীয় দুই ব্যাটিং মাস্টার রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তন ঘটেছে, পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা নমন ধীরও অভিষেক ঘটিয়েছেন।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল।
টসের পর গিল বলেন, ‘পিচ দেখে বেশ ভালো হচ্ছে। আলো জ্বললে আরও ভালো ব্যাটিং করা যাবে। আমরা এখানে রান তাড়া করতেই চাইব। আমাদের দলে চার জন বোলার এবং দু’জন অলরাউন্ডার। ভালো একটা কম্বিনেশন।’
বিশ্বকাপের প্রস্তুতিতে এই ম্যাচগুলি গুরুত্বপূর্ণ উল্লেখ করে গিল বলেন, ‘বিশ্বকাপ শুরু হতে এখনো বিশটির বেশি ম্যাচ বাকি। কোন কম্বিনেশনটা আমাদের জন্য সবচেয়ে ভালো, সেটা দেখে নেওয়ার এটাই সময়। যে দল বা খেলোয়াড়দের নিয়ে এগোব, তাদের যথেষ্ট সময় দিতে হবে।’
ক্যারিবিয়ান সিরিজের প্রস্তুতি নিয়ে গিল জানান, প্রস্তুতি ভালোই হয়েছে। তবে বৃষ্টি কিছুটা সমস্যা সৃষ্টি করেছে।
ভারতীয় দলে বিশেষ কোনো চমক নেই। জশপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়াররা এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে অবস্থান করছেন। প্রত্যাশামতো দলে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। নতুন সুযোগ পেয়েছেন ঋতুরাজ গায়কওয়াড়। অলরাউন্ডার হিসেবে নমন ধীর, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি রয়েছেন। পেসারদের মধ্যে গুর্নুর ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণ এবং ‘চায়নাম্যান স্পিনার’ কুলদীপ যাদবও দলে অন্তর্ভুক্ত।
অন্যদিকে, ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের মন্তব্য, ‘টস জিতলে আমরা আজ আগে ব্যাটই করতাম। সময়ের ব্যবধানটা খুব কম। সিপিএলের থেকে পরিস্থিতিটা আলাদা।’
ভারতের বিরুদ্ধে খেলার সুযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে হোপ জানান, ‘আমরা বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে খেলতে চাই। ছেলেরা ভারতের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছে। প্রথম ইনিংসে বড় রান তুলে ভারতকে চাপে ফেলা।’
কেরলের এই শহরটি তার বেশ পছন্দ হয়েছে। হোপের কথায়, ‘এই শহরটাকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছের জায়গা বলেই মনে হচ্ছে।’
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, ঋতুরাজ গায়কওয়াড়, কেএল রাহুল (উইকেটরক্ষক), নমন ধীর, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, গুর্নুর ব্রার, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: জন ক্যাম্পবেল, জাস্টিন গ্রিভস, কেসি কার্টি, শাই হোপ (উইকেটরক্ষক, অধিনায়ক), আমির জাঙ্গু, জুয়েল অ্যান্ড্রু, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, গুডাকেশ মোতি, আলজারি জোসেফ, জেইডেন সিলস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ থেকে অস্কারের ৯৯তম আসরে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে সিনেমাটি নির্বাচিত হয়েছে, যা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কারের আসর।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘রইদ’-এর নাম ঘোষণা করা হয়। এবারের জন্য ছবিটিকে চূড়ান্ত করেছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) অধীনে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি।
সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএসের সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত চলচ্চিত্র হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।
অস্কারের আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশের হয়ে লড়াই করার জন্য মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল। নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বরের মধ্যে জমা পড়া ছবিগুলোর মধ্যে ছিল মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।
তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। এরপর বাকি চারটি চলচ্চিত্র নিয়ে সার্বিক পর্যালোচনা ও গুণগত বিশ্লেষণ করে অস্কার বাংলাদেশ কমিটি। সিলেকশন কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে শেষ পর্যন্ত ‘রইদ’কে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়।
অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল মারুফ বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচিত ছবির পরিচালক, প্রযোজক ও পুরো কলাকুশলী দলকে অভিনন্দন জানিয়েছে কমিটি।
‘হাওয়া’র পর সুমনের ‘রইদ’
মেজবাউর রহমান সুমনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাওয়া’ মুক্তির পর দর্শক ও চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার তাঁর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘রইদ’ যাচ্ছে অস্কারের মঞ্চে।
‘রইদ’-এর গল্পের কেন্দ্রে রয়েছে সাধু ও তাঁর মানসিকভাবে অসুস্থ স্ত্রী। তাঁদের সম্পর্কের টানাপোড়েন ও জীবনের নানা বাস্তবতা ঘিরেই এগিয়েছে সিনেমার কাহিনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
মানুষের ব্যক্তিগত সম্পর্ক, মানসিক টানাপোড়েন ও জীবনের জটিল বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘হাওয়া’র পর সুমনের নতুন এই চলচ্চিত্র ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এবার আন্তর্জাতিক মঞ্চে ‘রইদ’
বাংলাদেশের হয়ে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে অস্কারের ৯৯তম আসরে অংশ নেবে ‘রইদ’। এর মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের সামনে বাংলাদেশের চলচ্চিত্র, সংস্কৃতি ও জীবনবোধ তুলে ধরার সুযোগ পাচ্ছে সিনেমাটি।
অস্কারের মূল প্রতিযোগিতায় চূড়ান্ত মনোনয়ন পাওয়া আলাদা বিষয়। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর ‘রইদ’ এখন সেই বাছাই প্রক্রিয়ার পরবর্তী ধাপে অংশ নেবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, পাশাপাশি শক্তিশালী জাতীয় পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।
আইনের শাসনকে সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেছেন।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসনকে সুদৃঢ় করার, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
আইনমন্ত্রী বলেন, আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।
বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ