ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সিম খেতে কাজ করতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের


সিম খেতে কাজ করতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

নোয়াখালীর সুবর্ণচরে সিম খেতের ঘাস পরিষ্কার করার কাজ করতে গিয়ে মো. সাহেদ (১৭) নামে এক কিশোর দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর নোমান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহেদ একই গ্রামের মো. খলিলের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

নিহতের মামা জাকের আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের মনির নামে এক ব্যক্তির সিম খেতে ঘাস পরিষ্কারের কাজ শুরু করেন সাহেদ। সকাল ১০টার দিকে খেতের মালিকের স্বজনেরা তার জন্য নাশতা নিয়ে যান। এ সময় তারা সাহেদকে খেতের মধ্যে হাঁটুপানিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি সাহেদকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের প্রাথমিক ধারণা, কাজ করার সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল-ইউনিফর্ম তুলে দিলেন এমপি মজিবর রহমান সরোয়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল-ইউনিফর্ম তুলে দিলেন এমপি মজিবর রহমান সরোয়ার

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, গ্রামীণ জননিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে বরিশাল সদর উপজেলায় ৯৫ জন গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও ইউনিফর্ম তুলে দেওয়া হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে গ্রাম পুলিশের সদস্যদের মাঠপর্যায়ে চলাচল সহজ হবে, দায়িত্ব পালনে বাড়বে গতিশীলতা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধে সহযোগিতা, প্রশাসনের বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্রামীণ জনপদে নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি বিভিন্ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তাঁদের অবদান উল্লেখযোগ্য।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে গ্রাম পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। বাইসাইকেল ও ইউনিফর্ম সরবরাহের ফলে তাঁদের কর্মক্ষেত্রে চলাচল সহজ হবে এবং দাপ্তরিক ও মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে গ্রাম পুলিশের সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের আন্তরিকতা, সততা ও পেশাদারত্ব বজায় রাখতে হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা গ্রাম পুলিশের সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, গ্রাম পুলিশ প্রশাসনের মাঠপর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, প্রশাসনিক কাজে সহযোগিতা করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁদের সচেতন ও সক্রিয় থাকতে হবে।

তিনি গ্রাম পুলিশের সদস্যদের সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।

বরিশাল সদর উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে গ্রাম পুলিশের সদস্যদের দৈনন্দিন দায়িত্ব পালনে চলাচলের সুবিধা বাড়বে এবং তাঁদের কর্মপরিধি আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক সেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গ্রাম পুলিশের সদস্যদের প্রয়োজনীয় সরঞ্জাম ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ে তাঁদের কর্মদক্ষতা ও গতিশীলতা বাড়লে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করাও আরও সহজ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে পুলিশের পোশাকে পূজামণ্ডপে গান গাওয়ার অভিযোগে এএসআই প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


সিলেটে পুলিশের পোশাকে পূজামণ্ডপে গান গাওয়ার অভিযোগে এএসআই প্রত্যাহার

পুলিশের পোশাক পরে পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করার ঘটনায় সিলেটের জালালাবাদ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সই করা এক আদেশে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশের সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় গান পরিবেশন করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার গান গাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এর পর ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদান-দক্ষিণ সুদানের বিতর্কিত এলাকায় ড্রোন হামলায় নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


সুদান-দক্ষিণ সুদানের বিতর্কিত এলাকায় ড্রোন হামলায় নিহত ৫৩

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিতর্কিত একটি এলাকার বাজারে দেশটির সেনাবাহিনীর ড্রোন হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এটি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক প্রাণঘাতী হামলার সর্বশেষ ঘটনা।

আবেই জেলার কর্তৃপক্ষ জানায়, সোমবার আমিয়েত বাজারে হামলাটি চালানো হয়। অভিযোগ করা হয়েছে যে, এ সময় সেনাবাহিনী ২২টি গোলাবারুদ নিক্ষেপ করেছে। হামলায় অন্তত ২৭ জন আহত হয়েছেন।

খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ‘হতাহতের মধ্যে রয়েছেন ঝুঁকিপূর্ণ বেসামরিক জনগণের সদস্যরা। তাদের মধ্যে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি, স্থানীয় ব্যবসায়ী, ওই এলাকার আদিবাসী এনগক দিনকা জনগণের সদস্য, দক্ষিণ সুদান থেকে ফিরে আসা মানুষ এবং আঞ্চলিক সংঘাত থেকে বাঁচতে আশ্রয় নেওয়া সুদানি শরণার্থীরা রয়েছেন।’

আবেইয়ে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, ‘আমিয়েত বাজারে অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। অনেকের খোঁজও পাওয়া যাচ্ছে না।’

তিনি ক্রমবর্ধমান ড্রোন হামলাকে ‘গভীর উদ্বেগজনক ধারাবাহিকতার অংশ’ হিসেবে অভিহিত করেন।

রোববার ও সোমবার সুদানের বিভিন্ন স্থানে হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া নিয়মিত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ভয়াবহ যুদ্ধে বিপর্যস্ত দেশটি।

আবেই জেলা সুদান ও দক্ষিণ সুদানের উভয় দেশের দাবি করা একটি ভূখণ্ড। কয়েক দশকের সংঘাতের পর ২০১১ সালে উত্তর সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে।

জেলার কিছু অংশের নিয়ন্ত্রণ রয়েছে সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের (এসপিএলএম-এন) একটি উপদলের হাতে। সংগঠনটি একসময় জুবার স্বাধীনতার জন্য লড়াই করেছিল। পরে এটি মূল সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়।

দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলার ঘটনায় তারা সুদানের রাষ্ট্রদূতকে তলব করেছে। জুবা এ হামলার ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানিয়েছে।

দক্ষিণ সুদান অভিযোগ করেছে, সুদানের সেনাবাহিনী বাজারটির একাধিক স্থানে হামলা চালিয়েছে। বাজারটি আরএসএফের নিয়ন্ত্রণাধীন এলাকায় পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

সুদানের এই যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় খাদ্যসংকট ও বাস্তুচ্যুতির সংকট সৃষ্টি করেছে। ত্রাণকর্মীদের হিসাব অনুযায়ী, এতে দুই লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

সংযুক্ত আরব আমিরাত, মিসর, সৌদি আরব ও তুরস্কসহ কয়েকটি বহিঃশক্তির বিরুদ্ধে ক্রমেই উন্নত অস্ত্র সরবরাহের মাধ্যমে যুদ্ধ উসকে দেওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব দেশই সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

সুদানের বিশ্লেষক খোলুদ খায়েরের মতে, সাম্প্রতিক দিনগুলোতে পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার ধারাবাহিকতা দেখা যাচ্ছে। উভয় পক্ষই কৌশলগত স্থাপনা ও বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে।

সেনাবাহিনী আরএসএফের কার্যত রাজধানী হিসেবে পরিচিত নিয়ালা এবং এল-দাঈন শহরে কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর রিজেইগাত গোত্রের বসতবাড়িতে হামলা চালিয়েছে।

অন্যদিকে, আরএসএফ ড্রোন দিয়ে রাজধানী খার্তুমের বিমানবন্দরে হামলা চালিয়েছে। এতে তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বাঁধগুলোও তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

শান্তি প্রচেষ্টা সমন্বয়ের লক্ষ্যে জাতিসংঘ বর্তমানে জেনেভায় আন্তর্জাতিক সংস্থা এবং গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠক করছে।

এ ধরণের পরামর্শমূলক বৈঠক এটি ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তথাকথিত ‘কুইন্টেট’ বা পাঁচ পক্ষের জোট—জাতিসংঘ, আরব লিগ, আফ্রিকান ইউনিয়ন, পূর্ব আফ্রিকার আন্তসরকার উন্নয়ন কর্তৃপক্ষ (আইজিএডি) ও ইউরোপীয় ইউনিয়ন— বেসামরিক নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। উভয় পক্ষই যুদ্ধক্ষেত্রে অচলাবস্থায় রয়েছে।

সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে সুদানের পূর্ব, মধ্য ও উত্তরাঞ্চল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে নতুন গ্যাসক্ষেত্রে খননকাজের অনুমোদন, কর্মসংস্থান সুরক্ষার আশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


যুক্তরাজ্যে নতুন গ্যাসক্ষেত্রে খননকাজের অনুমোদন, কর্মসংস্থান সুরক্ষার আশা

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : যুক্তরাজ্য সরকার উত্তর সাগরের একটি বিতর্কিত নতুন গ্যাসক্ষেত্রে খননকাজ শুরু করার পরিকল্পনায় অনুমোদন প্রদান করেছে। বুধবার এই ঘোষণা প্রকাশিত হয়।

এটি কয়েক মাস ধরে চলা গ্যাসক্ষেত্রটির ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনার অবসান ঘটায়।

২০২৪ সালে ক্ষমতায় ফিরে আসা লেবার সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে, নতুন করে তেল ও গ্যাস উত্তোলনের জন্য কোনো অনুমোদন দেওয়া হবে না। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে এই প্রতিশ্রুতি রাখা হয়েছিল।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

তবে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম মন্তব্য করেছেন যে, অ্যাবারডিনের প্রায় ১৫০ মাইল পূর্বে অবস্থিত জ্যাকড’ গ্যাসক্ষেত্রে খননকাজের অনুমোদন দিলে ‘কয়েক শত মানুষের কর্মসংস্থান সুরক্ষিত হবে এবং এ শীতে কয়েক লাখ বাড়ি উষ্ণ রাখতে সহায়তা করবে।’

তিনি আরও বলেন, ‘মানুষ যখন সত্যিই নানা সংকটে হিমশিম খাচ্ছে, তখন ব্রিটেনে বিদ্যমান জ্বালানির মজুত সর্বোচ্চ কাজে লাগানোর বিষয়টি দায়িত্বশীলভাবে বিবেচনা করা উচিত। এই মজুত আমাদের সহায়তা করতে পারে।’

বার্নহাম আরও উল্লেখ করেন, ‘আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে ২০৫০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে জলবায়ু সুরক্ষায় আমাদের উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী কয়েক দশক তেল ও গ্যাসের প্রয়োজন হবে।’

তিনি বলেন, ‘এ কারণেই আমরা উত্তর সাগরের বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করছি।’

এর আগে, কনজারভেটিভ সরকার জ্যাকড এবং রোজব্যাংক গ্যাসক্ষেত্রে খননকাজের অনুমোদন দিয়েছিল।

রোজব্যাংকে মূলত তেলের মজুত রয়েছে এবং এটি শেটল্যান্ড দ্বীপপুঞ্জের পশ্চিমে অবস্থিত।

তবে পরিবেশবাদীদের আইনি চ্যালেঞ্জের পর উভয় ক্ষেত্রের অনুমোদন নিয়ে দীর্ঘ আইনি লড়াই শুরু হয়।

স্কটল্যান্ডের আদালত সেই চ্যালেঞ্জের পর খননকাজের অনুমোদন বাতিল করে।

দুটি ক্ষেত্রের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আদুরা জানিয়েছে, এই ক্ষেত্র দুটি থেকে উত্তর সাগরে যুক্তরাজ্যের মোট গ্যাস উৎপাদনের প্রায় ৬ শতাংশ পাওয়া যেতে পারে।

এছাড়া, এই ক্ষেত্র দুটি দেশের অর্থনীতিতে ২ হাজার ৮০০ কোটি পাউন্ডের বেশি (৩ হাজার ৮০০ কোটি ডলার) অবদান রাখতে পারে। এর মাধ্যমে সাড়ে ৩ হাজার জনেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে।

এমন একটি সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন উত্তর সাগরে জীবাশ্ম জ্বালানি উত্তোলন বাড়ানোর জন্য যুক্তরাজ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%