১২:৫৯ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ বাহিনীকে ধীরে ধীরে আরও জনবান্ধব করা হবে। তিনি উল্লেখ করেন, রাতারাতি পরিবর্তন আশা করা উচিত নয়। কাঠামোগত সংকট কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে এবং এজন্য দেশের সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের বর্তমান ভূমিকা এবং সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এমন কোনো ঘটনা ঘটেনি, যার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি।
আরও পড়ুন: দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ
এ সময় তিনি রংপুরের সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ দেন এবং জানান, ওই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ বাহিনীর চলমান সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী ধীরে ধীরে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। তারা জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন, তবে এ পরিবর্তনের জন্য কিছুটা সময় দিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা যে আইন-শৃঙ্খলা বাহিনী উত্তরাধিকার সূত্রে পেয়েছি, যে বিশৃঙ্খল পরিস্থিতিতে চব্বিশ-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমরা পেয়েছি, যে আকাশসম উচ্চতার জনপ্রত্যাশা আমাদের রয়েছে, সবকিছু আমাদেরকে একসঙ্গে বিবেচনায় নিতে হবে।
আরও পড়ুন: সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, মনোবল বৃদ্ধি করা এবং তাদেরকে জনগণের সেবক হিসেবে কাজ করতে অনুপ্রাণিত করা—এই কাজগুলো একসঙ্গে করতে হবে, যা আমরা করে যাচ্ছি।
মিলাদ ও দোয়া মাহফিলে দলের শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন